০৩:০৬ পি.এম
কিশোরগঞ্জের হাওরাঞ্চল নিকলীর ঐতিহ্যবাহী শুঁটকি উৎপাদন শিল্প বর্তমানে দেশি মাছের সংকট এবং আধুনিক সুবিধার অভাবের কারণে প্রায় বিলুপ্তির পথে রয়েছে। প্রাকৃতিক পরিবেশের অবনতি এবং বিভিন্ন সংকটের কারণে জেলেপল্লীর মানুষ বাপ-দাদার এই পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন। এক সময় এই অঞ্চলের শুঁটকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হতো।
খোঁজ নিয়ে জানা যায়, কার্তিক মাস এলেই নিকলীর রূপসী হাওর অঞ্চলের ডুবি, বরাটিয়া, সিংপুর, দামপাড়া, নিকলী সদর ও গুরুই গ্রামের জেলেপল্লীতে শুঁটকি শুকানোর আঞ্চলিক ভাষায় পরিচিত ‘ঢাংগি’র চারপাশ মুখরিত হয়ে উঠত। এক সময় এই এলাকায় ৫০ থেকে ৬০টির বেশি ঢাংগি ছিল, কিন্তু বর্তমানে তা কমে মাত্র ১০টিতে এসে দাঁড়িয়েছে। জেলা শহরের বড় বাজারের শুঁটকির হাটে প্রতিদিন কোটি টাকার শুঁটকি বিক্রি হলেও, তার একটি বড় অংশ নিকলী থেকে আসত। বর্তমানে তা নেমে এসেছে মাত্র দুই থেকে আড়াই হাজার মণে।
শুঁটকি ব্যবসায়ীরা জানান, জলমহাল ইজারা প্রথার কারণে ব্যবসায় ধস নেমেছে। ইজারাদারের কাছ থেকে চড়া দামে কাঁচা মাছ কিনতে হওয়ায় এবং বাজারে খরচ ও বিক্রয়মূল্যের হিসাব মেলাতে গিয়ে ব্যবসায় লাভের চেয়ে লোকসানের পরিমাণই বেশি হচ্ছে। উদাহরণস্বরূপ, ১ কেজি পুঁটি মাছ ৩০০ টাকা দিয়ে কিনে, শ্রমিকদের মজুরি ও লবণ খরচ বাদ দিলে শুঁটকি বিক্রির দাম উঠছে না। মাছের দাম বেশি হওয়ায় এবং হাওরে আগের মতো দেশি মাছ না পাওয়ায় অনেকে এই ব্যবসা ছেড়ে দিয়েছেন।
আরও পড়ুন: ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন
দামপাড়ার ঢাংগির মালিক মাসুদ মিয়া ও আড়তদার শিশির কুমার সরকার জানান, কাঁচা মাছের অপর্যাপ্ততা, মাছ সংগ্রহের উচ্চ ব্যয়, শ্রমিকের মজুরি এবং সংরক্ষণ খরচ বৃদ্ধির কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া, প্রাকৃতিক জলাশয়ের পরিবেশগত পরিবর্তন, মাছের প্রজননক্ষেত্র সংকোচন, অবৈধ জালের ব্যবহার এবং জমিতে কীটনাশকের প্রভাবে হাওরের মৎস্যসম্পদ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। স্থানীয় বিশিষ্টজনদের মতে, সহজ শর্তে ঋণ সুবিধা ও আধুনিক প্রক্রিয়াজাতকরণের অভাবও এই শিল্প টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় বাধা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম জানান, হাওরে দেশি মাছের উৎপাদন কমে যাওয়ায় এবং স্থানীয় মাছ ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় বাজারে চলে যাওয়ায় নিকলীতে আগের মতো বড় স্কেলে শুঁটকি উৎপাদন হচ্ছে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন