ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

আলাস্কার সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু, সন্দেহ ইউএফও


আলাস্কার সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু, সন্দেহ ইউএফও

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি সামরিক ঘাঁটির নিকটবর্তী আকাশে জেলিফিশের আকৃতির বিশাল রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেছে। বস্তুটি কয়েক মিনিট ধরে আকাশে ভেসে থাকার পর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার ভিডিও ধারণ করেছেন একজন নারী। ফলে ইউএফও বা অশনাক্ত উড়ন্ত বস্তু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে সাক্ষাৎকারে সারা জেন অসবর্ন জানান, গত ১৫ জুন রাত ১০টা ১৩ মিনিটের দিকে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের সিক্সথ অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় তিনি আকাশে রংধনু দেখতে পান। গাড়ির জানালা দিয়ে সেই দৃশ্যের ছবি তুলতে গিয়ে দূরে গাছপালার ওপর একটি কালো রঙের অদ্ভুত বস্তু দেখতে পান। তার ধারণা, বস্তুটি জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন (জেবিআর) সামরিক ঘাঁটির দিকে ছিল।

এই সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান রয়েছে। এখানে আকাশ প্রতিরক্ষা, নজরদারি ও সামরিক বিমান পরিবহনের কার্যক্রমও পরিচালিত হয়।

আরও পড়ুন: হরমুজে জাহাজ চলাচলে বীমা নিতে রাজি নয় কোনো প্রতিষ্ঠান

অসবর্নের বর্ণনা অনুযায়ী, বস্তুটির নিচের দিকে ঝুলন্ত কয়েকটি অংশ ছিল, যেগুলো আলাদাভাবে নড়াচড়া করছিল। এটি স্থিরভাবে ভেসে থাকার পাশাপাশি এক পাশ থেকে অন্য পাশে ঘুরতেও দেখা যায়। প্রায় তিন মিনিট দৃশ্যমান থাকার পর এটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়।

তিনি বলেন, প্রথমে বস্তুটিকে দেখে তার মনে হয়েছিল এটি হয়তো কোনো মশা। কিন্তু ফোনের পর্দার বাইরে তাকিয়ে বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তিনি স্বামী পিটকে সেটি দেখান। পরে তিনি কয়েকটি ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ করেন।

অসবর্ন জানান, একই সময়ে তিনি দ্রুত কয়েকটি ছবি তুলেছিলেন। ফলে বস্তুটির বিভিন্ন অবস্থানের একাধিক স্থিরচিত্রও তার কাছে রয়েছে।

বস্তুটির রং কালো ও রুপালি ছিল বলে তিনি জানান। এটি তার পরিচিত ঘুড়িগুলোর মতো উজ্জ্বল রঙের ছিল না। সেদিন বাতাস থাকলেও ঘুড়ি ওড়ানোর মতো জোরে বাতাস ছিল না বলে তিনি দাবি করেন। বস্তুটির নড়াচড়াও ঘুড়ির স্বাভাবিক গতির সঙ্গে মিলছিল না বলে মনে হয়েছে তার।

আরও পড়ুন: আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করল আইসিসি

ঘটনার পর অসবর্ন ও তার স্বামী আশপাশের একটি পার্কে যান। সেখানে কেউ ঘুড়ি নামাচ্ছেন কি না, তা খুঁজে দেখেন। কিন্তু তাদের চোখে কাউকে ঘুড়ি গুটিয়ে নিতে দেখা যায়নি। পরে তারা আর্টিক ভ্যালির দিকে যান। প্রায় ৩০ মিনিট ধরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও বস্তুটির কোনো সন্ধান পাননি।

অসবর্নের স্বামীর ধারণা, বস্তুটি তাদের অবস্থান থেকে প্রায় তিন মাইল দূরে থাকতে পারে। তবে দূরত্বটি নিশ্চিত করা সম্ভব হয়নি। কাছাকাছি পাহাড়ের দিকে একটি ছোট বিমানও দেখতে পেয়েছিলেন তারা। সেটির তুলনায় রহস্যময় বস্তুটিকে অনেক বড় মনে হয়েছিল।

তবে বস্তুটির প্রকৃত দূরত্ব ও আকার সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না থাকায় সেটি কতটা বড় ছিল, তা নির্ধারণ করা সম্ভব নয়। একইভাবে সামরিক ঘাঁটির কাছাকাছি দেখা গেলেও বস্তুটির সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর কোনো সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া যায়নি।

এটি ঘুড়ি, ড্রোন কিংবা অন্য কোনো উড়ন্ত বস্তু ছিল কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ভিনগ্রহের প্রাণীর সঙ্গে এর কোনো সম্পর্ক থাকারও প্রমাণ নেই।

আরও পড়ুন: বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষ পঁচিশের পরিচিতি প্রকাশ

অসবর্ন নিজেও ড্রোনজাতীয় কোনো যন্ত্র হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে বস্তুটির অস্বাভাবিক আকার ও চলাচল তাকে এখনো ভাবিয়ে তুলছে।

ঘটনার সময় আশপাশে অন্য কেউ বস্তুটি দেখেছেন কি না, তা খুঁজেও কোনো প্রত্যক্ষদর্শী পাননি বলে তিনি জানান। স্বামী পাশে থাকায় নিজের দেখা নিয়ে সন্দেহ হয়নি বলেও উল্লেখ করেন অসবর্ন।

তিনি বলেন, বস্তুটি সেখানে ছিল, আবার মুহূর্তেই উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবায় গুরুতর প্রভাব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা-২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


রংপুরে সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা-২০২৬ অনুষ্ঠিত

রংপুর, ১৪ নভেম্বর ২০২৬ (বাসস): ‘রংপুর সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা-২০২৬’ উপলক্ষে কবি ও সাহিত্যিকদের এক মিলনমেলা জেলায় অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবের আয়োজন করা হয় রংপুরের সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।

গতকাল শুক্রবার, দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডল। সাবেক অতিরিক্ত সচিব কবি কালী রঞ্জন বর্মন কলেজের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন।

উদ্বোধনী পর্বের পর একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে কলেজের অন্নদামোহন মিলনায়তনে সাহিত্য উৎসবের বিষয়ভিত্তিক বিভিন্ন পর্বে আলোচনায় কবি, সাহিত্যিক, লেখক, প্রকাশক ও সম্পাদকরা অংশগ্রহণ করেন।

ফিরেদেখা’র সভাপতি তাপস মাহমুদের সভাপতিত্বে এবং ফারহানা হাসান বীথির সঞ্চালনায় আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলাউদ্দীন মিঞা, আরআরএফ রংপুরের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আব্দুর রাজ্জাক, লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মতিয়ার রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক দিলারা রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিরেদেখা’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাকিল মাসুদ।

উৎসবে ফিরেদেখা’র বিশেষ প্রকাশনা ‘নগর ভাবনা: রংপুর’ গ্রন্থের আবরণ উন্মোচন করা হয়। নতুন এ প্রকাশনা নিয়ে আলোচনা করেন নগর পরিকল্পনাবিদ ও তিস্তা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহমুদ ইসলাম সেলিম।

তৃতীয় পর্বে ‘লিটলম্যাগ, সাহিত্যপত্র ও ওয়েবম্যাগ: কেমন হতে পারে সহাবস্থান’ শীর্ষক সেমিনারে আরিফুল ইসলামের সভাপতিত্বে ও আফরোজা রিকার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মননরেখা’র সম্পাদক ড. মিজানুর রহমান নাসিম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, লোক সম্পাদক অনীকেত শামীম, জলধি সম্পাদক নাহিদা আশরাফি, কবি ও যদিও উত্তরমেঘ সম্পাদক জিললুর রহমান, হারপুন সম্পাদক দিপংকর মারডুক এবং কবি ও লেখক নাফিউল হক নাফিউ।

‘কথাসাহিত্যে লেখকের দায়’ শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক ড. দীপু মাহমুদ। কারমাইকেল কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শেখ শাদী মো. সাজ্জাদ কায়সারের সভাপতিত্বে ও সম্পাদক মাহফুজ ফারুকের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন কথাসাহিত্যিক নূর কামরুন নাহার, সাদিয়া সুলতানা, নার্গিস আখতার বানু ঝরনা, রাজিক হাসান, কবি ও কথাসাহিত্যিক আদিল ফকির, এম রহমান সাগর এবং আনিফ রুবেদ।

দিনব্যাপী আয়োজনের বিভিন্ন পর্বে মনন পাঠ ও কবিতা পাঠে দেশের আট বিভাগের দেড় শতাধিক কবি-সাহিত্যিক ও লেখক অংশ নেন। এসব পর্বে আলোচক হিসেবে ছিলেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম, অর্ণব আশিক, প্রফেসর খৈয়াম কাদের, শিবলী মোকতাদির, হাসনাত আমজাদ, বাবুল আনোয়ার প্রমুখ।

এ ছাড়া বিভিন্ন পর্বে কবিতা পাঠ করেন আনিসুল হক, লতিফ জোয়ারদার, সোহেল মল্লিক, নজরুল মৃধা, তাহমিনা শিল্পী, গোলাম মুসতাফা আনসারী, আফরোজা রিকা, জাকির সোহান, দৃষ্টি নূত, মো. জাহিদুর রহমান, শহীদুল ইসলাম, সৌহার্দ্য সিরাজ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লার নাঙ্গলকোটে শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


কুমিল্লার নাঙ্গলকোটে শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডের সময় দায়িত্ব পালনকালে নিহত ফায়ার সার্ভিস কর্মী শহীদ মনিরুজ্জামানের স্মৃতিতে কুমিল্লার নাঙ্গলকোটে ৪০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

এটি অনুষ্ঠিত হয় শনিবার, নাইয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে, যেখানে নাইয়ারা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশন এই বৃত্তির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানউল্লাহ মামুন খান, জাহাঙ্গীর আলম, আবদুল আলি, অধ্যক্ষ ইমরান হোসেন, ইউপি সদস্য জামাল উদ্দিন, কাজী গোলাম রসুল, নুরুজ্জামান, ওসমান গনী এবং ওবায়দুল হক মোল্লা।

শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়, যা উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই বৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শহীদ মনিরুজ্জামানের ভাই লুৎফর রহমান ২০২৫ সালে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে শহীদ মনিরুজ্জামানের স্মৃতি সংরক্ষণ করা, তার আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা।

২০২২ সালের ৪ জুন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই অগ্নিকাণ্ডের সময়, মানুষের জীবন রক্ষার কাজে গিয়ে কুমিরা ফায়ার স্টেশনের নয়জন ফায়ার সার্ভিস কর্মী নিহত হন, যার মধ্যে মনিরুজ্জামান ছিলেন। তিনি ওই বছরের এপ্রিল মাসে ঢাকার প্রধান কার্যালয় থেকে কুমিরা ফায়ার স্টেশনে বদলি হয়েছিলেন। পরদিন ৫ জুন, তার মরদেহ গ্রামের বাড়ি নাইয়ারায় নিয়ে আসা হয় এবং ৬ জুন, চৌকুড়ি জিস পুকুরপাড়ে বীর মুক্তিযোদ্ধা বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

মনিরুজ্জামান ১৯৯২ সালের ১ জানুয়ারি নাঙ্গলকোটের নাইয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা সামছুল হক এবং মা শরিফা বেগম। তিনি ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। চৌকুড়ি সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ থেকে এইচএসসি ও উদ্ভিদবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন, পাশাপাশি চিকিৎসাসেবা বিষয়ে প্রশিক্ষণও নেন।

২০১৭ সালে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ সময় ধরে ঢাকার হাজারীবাগ ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের জানুয়ারিতে, ফায়ার সার্ভিসের একটি প্রতিযোগিতায় দলনেতা হিসেবে তিনি ব্যক্তিগতভাবে প্রথম স্থান অর্জন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, জানবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, জানবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, তা জানার জন্য সরাসরি কোনো উপায় নেই। কারণ, যখন কোনো ব্যবহারকারী ব্লক করে, তখন অ্যাপটি এ বিষয়ে আলাদা কোনো বিজ্ঞপ্তি প্রদান করে না। তবে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন বার্তা পাঠানো, প্রোফাইলের ছবি দেখা, সর্বশেষ সক্রিয় থাকার সময় এবং কল করার ক্ষেত্রে। এই লক্ষণগুলো মিলিয়ে বোঝা সম্ভব, কেউ আপনাকে ব্লক করেছে কি না।

১. বার্তার পাশে একটি ধূসর টিক দেখা যায়

হোয়াটসঅ্যাপে কাউকে বার্তা পাঠানোর পর সাধারণত একটি ধূসর টিকের অর্থ হলো বার্তা পাঠানো হয়েছে। দুটি ধূসর টিক দেখা গেলে বোঝা যায় বার্তাটি প্রাপকের ফোনে পৌঁছেছে। কিন্তু যদি দীর্ঘ সময় ধরে শুধুমাত্র একটি টিক দেখা যায়, তাহলে সেই ব্যক্তি আপনাকে ব্লক করে থাকতে পারেন। তবে ফোন বন্ধ থাকা, ইন্টারনেট সংযোগের অভাব অথবা অন্য কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটি হতে পারে।

২. বার্তা পৌঁছানোর দ্বিতীয় টিক দেখা যায় না

যদি কেউ আপনাকে ব্লক করে, তাহলে তার কাছে পাঠানো বার্তা সাধারণত পৌঁছায় না। ফলে বার্তার পাশে দ্বিতীয় ধূসর টিক দেখা যায় না। এ কারণে বার্তাটি পড়া হয়েছে কি না, সেটিও বোঝার সুযোগ থাকে না। তবে সংশ্লিষ্ট ব্যক্তি রিড রিসিপ্ট বা বার্তা পড়ার তথ্য বন্ধ করে রাখলেও একই ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে।

৩. প্রোফাইলের ছবি আর দেখা যায় না

আগে নিয়মিত দেখা কোনো ব্যক্তির প্রোফাইল ছবি যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তাহলে বিষয়টি খেয়াল করতে পারেন। হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করলে সাধারণত তার প্রোফাইলের ছবি আর দেখা যায় না। তবে ওই ব্যক্তি ছবি সরিয়ে ফেললে অথবা গোপনীয়তার সেটিংস পরিবর্তন করলেও এমনটি ঘটতে পারে।

৪. লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস দেখা যায় না

কোনো ব্যক্তি সর্বশেষ কখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছেন কিংবা বর্তমানে অনলাইনে আছেন কি না, তা দেখা না গেলে সেটিও ব্লক করার সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। তবে অনেক ব্যবহারকারী ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এসব তথ্য সবার কাছ থেকে লুকিয়ে রাখেন। তাই শুধুমাত্র এই লক্ষণ দেখে নিশ্চিত হওয়া যাবে না।

৫. হোয়াটসঅ্যাপ কল সংযোগ হয় না

সন্দেহভাজন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে কল করে বিষয়টি যাচাই করতে পারেন। ব্লক করা থাকলে সাধারণত ওই ব্যক্তির কাছে কল পৌঁছাবে না। তবে বারবার কল সংযোগে ব্যর্থ হলেও সেটিকে নিশ্চিত প্রমাণ হিসেবে ধরা যাবে না। ইন্টারনেটের দুর্বল সংযোগ কিংবা অ্যাপের প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটি হতে পারে।

৬. গ্রুপে যুক্ত করা সম্ভব হয় না

কাউকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে গিয়ে বারবার ব্যর্থ হলে সেটিও ব্লক করার একটি সম্ভাব্য লক্ষণ। বিশেষ করে অন্যদের গ্রুপে যুক্ত করতে পারলেও নির্দিষ্ট ব্যক্তিকে যুক্ত করতে না পারলে বিষয়টি খেয়াল করার মতো। তবে ওই ব্যক্তির গ্রুপ প্রাইভেসি সেটিংসের কারণেও এমন হতে পারে।

৭. একাধিক লক্ষণ একই সঙ্গে দেখা যায়

একটি লক্ষণ দেখে সিদ্ধান্তে পৌঁছানো সঠিক নয়। তবে যদি একই ব্যক্তির ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে বার্তার পাশে একটি টিক দেখা যায়, প্রোফাইলের ছবি ও লাস্ট সিন অদৃশ্য থাকে এবং হোয়াটসঅ্যাপ কলও সংযোগ না হয়, তাহলে ব্লক হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।

ব্লক হয়েছেন কি না, বুঝতে আরও যা করবেন

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছেন কি না, তা শতভাগ নিশ্চিত হওয়ার কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেই। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি বিষয় যাচাই করা যেতে পারে।

প্রথমেই দেখুন, শুধু নির্দিষ্ট ওই ব্যক্তির কাছেই বার্তা পৌঁছাচ্ছে না, নাকি অন্যদের কাছেও একই সমস্যা হচ্ছে। অন্য পরিচিতদের কাছে বার্তা পাঠিয়ে বিষয়টি যাচাই করতে পারেন। সবার কাছেই বার্তা পাঠাতে সমস্যা হলে আপনার ইন্টারনেট সংযোগ কিংবা হোয়াটসঅ্যাপের সেবায় ত্রুটি থাকতে পারে।

এ ছাড়া ওই ব্যক্তির প্রোফাইলের ছবি, পরিচিতি ও অনলাইন সংক্রান্ত তথ্য আগের তুলনায় পরিবর্তিত হয়েছে কি না, সেটিও খেয়াল করুন। তবে মনে রাখতে হবে, ব্যবহারকারীর গোপনীয়তার সেটিংস পরিবর্তনের কারণে এসব তথ্য আড়াল হতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একাধিক লক্ষণ একসঙ্গে মিলিয়ে দেখা। একটি লক্ষণকে ব্লক করার চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।

ব্লক শনাক্ত করার নামে ভুয়া অ্যাপ থেকে সাবধান

কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছেন কি না, তা জানিয়ে দেওয়ার দাবি করে বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাপ ও অনলাইন সেবা রয়েছে। তবে এসব সেবা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

বিশেষ করে কোনো অ্যাপ যদি আপনার ফোনের পরিচিতি তালিকা, হোয়াটসঅ্যাপের তথ্য কিংবা ব্যক্তিগত ডেটা ব্যবহারের অনুমতি চায়, তাহলে সেটি এড়িয়ে চলাই ভালো। এসব অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

মনে রাখতে হবে, কেউ আপনাকে ব্লক করেছেন কি না, তা নিশ্চিতভাবে জানানোর জন্য হোয়াটসঅ্যাপের কোনো অনুমোদিত আলাদা অ্যাপ বা থার্ড-পার্টি টুল নেই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্যান্ডপেপার কাণ্ডে তদন্তের নামে তথ্য গোপনের অভিযোগ, ওয়ার্নারের ক্রিকেট অস্ট্রেলিয়াকে তোপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


স্যান্ডপেপার কাণ্ডে তদন্তের নামে তথ্য গোপনের অভিযোগ, ওয়ার্নারের ক্রিকেট অস্ট্রেলিয়াকে তোপ

স্যান্ডপেপার কাণ্ডের বিতর্ক আট বছর পরেও শেষ হয়নি। বরং পুরনো ক্ষত নতুন করে সামনে আসার ফলে অস্ট্রেলিয়ার ক্রিকেটে বিভক্তি বৃদ্ধি পাচ্ছে। উসমান খাজার অভিযোগের পর, প্যাট কামিন্সের পাল্টা বক্তব্যের প্রেক্ষিতে এবার মুখ খুলেছেন ডেভিড ওয়ার্নার।

২০১৮ সালের বল টেম্পারিংয়ের তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছেন ওয়ার্নার। সাবেক ওপেনার হিসেবে তার দাবি, তদন্তের নামে নির্দিষ্ট কয়েকজনের ওপর দায় চাপানো হয়েছিল।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্নার লেখেন, “আমার জানা মতে, ২০১৮ সালের তদন্তে জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়নের সাক্ষাৎকার নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। যদি সেটি সত্যি হয়, তাহলে বোলাররা কিছুই জানতেন না—এমন ধারণা কিভাবে প্রতিষ্ঠা করতে পারে সিএ?”

এরপরেই কঠোর ভাষায় ক্রিকেট অস্ট্রেলিয়াকে আক্রমণ করেন ওয়ার্নার। ৪০ বছর বয়সী সাবেক ব্যাটারের ভাষায়, “শুরু থেকেই কাদের দায়ী করা হবে, তা ঠিক করে রেখেছিল তারা। সেই উদ্দেশ্য পূরণে দায়সারা তদন্ত চালিয়েছে। এখনো বোলাররা কিছু জানতেন না—এমন ভুল বয়ান ধরে রাখতে চায়। পুরো বিষয়টিতে ধামাচাপা দেওয়ার গন্ধ আছে।”

ওয়ার্নারের অভিযোগের জবাবে সিএ জানিয়েছে, প্রাথমিক তদন্তের সময় সব খেলোয়াড়কেই বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। গত আট বছরেও নতুন তথ্য জানানোর সুযোগ ছিল তাদের। তবে তিন বোলারের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল কি না, তা স্পষ্ট করেনি সংস্থাটি।

এর আগে খাজার পাশে দাঁড়িয়ে কামিন্সের সমালোচনা করেছিলেন ওয়ার্নার। তার অভিযোগ ছিল, সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স খাজাকে বিপদে ফেলে দিয়েছেন।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। খাজার বই ‘সবর’ প্রকাশিত হওয়ার পর সেই বিতর্কে আবারো উত্তপ্ত ক্রিকেট অস্ট্রেলিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%