ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে ফ্রান্সে ৫০০ স্কুল বন্ধ


শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে ফ্রান্সে ৫০০ স্কুল বন্ধ

শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে ফ্রান্সে ৪০০-৫০০টি স্কুল একদিনের জন্য আংশিক বা পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে এই তথ্য প্রদান করেছেন। খবর বিবিসির

মন্ত্রী উল্লেখ করেন, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সোমবার (৫ অক্টোবর) এসব স্কুলে পাঠদান ‘পুরোপুরি বা আংশিকভাবে স্থগিত’ থাকবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ২৪টি স্কুলে অগ্নিসংযোগ করা হয়েছে অথবা ব্যাপক ভাঙচুর ঘটেছে।

আরও পড়ুন: নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, সৌদি আরবে দুই ক্রু নিহত

গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভে হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার মান এবং স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া এই আন্দোলন রাজধানী প্যারিস ছাড়িয়ে মনপেলিয়ে, নঁত ও মার্সেইসহ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।

শিক্ষার্থী ও তাদের সমর্থকদের অভিযোগ, অনেক স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, শ্রেণিকক্ষগুলো অতিরিক্ত ভিড়পূর্ণ এবং বেশ কিছু স্কুল ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন শুক্রবার জানিয়েছিলেন, সহিংস বিক্ষোভের কারণে দেশটির ৩ হাজার ৭০০ স্কুলের মধ্যে ৭৩৫টি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, সোমবারও ক্ষতিগ্রস্ত বা বন্ধ থাকা স্কুলের সংখ্যা শুক্রবারের কাছাকাছি হতে পারে। তবে তিনি ধীরে ধীরে এবং আংশিকভাবে পাঠদান স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: ইউরোপের ৪ দেশে বিক্ষোভকারীরা, উত্তাল রাস্তায়

জেফ্রে অভিযোগ করেন, ‘উগ্র বামপন্থি কিছু কর্মী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়েছে। তারা শিক্ষার্থীদের আন্দোলনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চরম সহিংসতায় জড়িয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘এতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।’

শিক্ষামন্ত্রী আরও জানান, বিক্ষোভে শিক্ষা বিভাগের ৭৮ জন কর্মী আহত হয়েছেন। তার ভাষায়, এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, শুধু শুক্রবারই ১ হাজার ৭৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে নিহত ২, আহত ১০

এএফপির তথ্য অনুযায়ী, আন্দোলন শুরুর পর থেকে দেশজুড়ে মোট ৫ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৮৫ শতাংশই অপ্রাপ্তবয়স্ক।

এদিকে আন্দোলনের আয়োজকদের পক্ষ থেকে আগামীকাল মঙ্গলবারও বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে ‘কংক্রিট কোনো পদক্ষেপ’ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।

রোববার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু বলেন, উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষা বিভাগের কর্মীদের সমস্যার সমাধানে সরকার আরও পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, এর মধ্যে রয়েছে ক্লাস চালু রাখা, স্কুলের অবকাঠামো উন্নত করা, শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রম আরও ভালোভাবে সাজানো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্ল্যাটফর্মকে আরও স্বচ্ছ করা।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে, বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে

এ ছাড়া ভাঙচুরের ক্ষতিপূরণ সংক্রান্ত ‘ভ্যান্ডাল-পে’ বিলের পর্যালোচনাও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। এর মাধ্যমে যারা সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতি করবে, তাদেরই সেই ক্ষতির খরচ বহন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে ১২ লিটার মদসহ গ্রেপ্তার ১, পলাতক ১

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


দিরাইয়ে ১২ লিটার মদসহ গ্রেপ্তার ১, পলাতক ১

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের অভিযানে ১২ লিটার মদসহ পিকলু তালুকদার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেন্দ্র তালুকদার (৩৭) নামে আরও একজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় জনৈক সঞ্জয়ের টিনের ঘরের ভেতর চৌকির নিচ থেকে ১২ লিটার মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পিকলু তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় রাসেন্দ্র তালুকদার কৌশলে পালিয়ে যায়। তিনি রফিনগর ইউনিয়নের সমীপুর গ্রামের রমাকান্ত তালুকদারের ছেলে।
এ ঘটনায় দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৬, তারিখ ৫ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর-১৮৯।
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবিতে সময় যেখানে থেমে আছে ইতিহাসের মাঝে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


চবিতে সময় যেখানে থেমে আছে ইতিহাসের মাঝে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের দিকে গেলে পরিচিত ক্যাম্পাসের দৃশ্যটি বদলে যায়। চারপাশে সবুজ গাছপালা ও তুলনামূলক নিরিবিলি পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে একটি ভবন, যেখানে শত শত বছরের ইতিহাস সংরক্ষিত রয়েছে। প্রাগৈতিহাসিক জীবাশ্ম থেকে শুরু করে প্রাচীন মুদ্রা, পাথর ও ব্রোঞ্জের ভাস্কর্য, এমনকি মুঘল আমলের কামান, এখানে সময় যেন থমকে আছে নানা নিদর্শনের মধ্যে।

কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর কাছে জাদুঘরটি দীর্ঘদিন ধরে অজ্ঞাত রয়ে গেছে। কিন্তু একবার ভেতরে প্রবেশ করলে ইতিহাস, প্রত্নতত্ত্ব, শিল্পকলা ও লোকঐতিহ্যের ভিন্ন এক জগতের সঙ্গে পরিচিত হন দর্শনার্থীরা।

ক্লাসের ফাঁকে কিংবা অবসর সময়ে শিক্ষার্থীরা এখানে আসেন ইতিহাস জানতে, গবেষণার উপকরণ খুঁজতে, অথবা কৌতূহলবশত ঘুরে দেখতে। ফলে এটি কেবল পুরোনো নিদর্শন সংরক্ষণের স্থান নয়, বরং শিক্ষার্থীদের শেখা ও ঘুরে দেখার একটি আলাদা জায়গা হয়ে উঠেছে।

২৪টি প্রত্নসামগ্রীর প্রদর্শনী থেকে আজকের জাদুঘর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের ধারণার সূচনা বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্নেই ঘটে। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনের সময় ইতিহাস বিভাগের উদ্যোগে ২৪টি প্রত্নসামগ্রী নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ইতিহাসবিদ ড. এ আর মল্লিক জাদুঘর গড়ে তোলার বিষয়ে আগ্রহী ছিলেন।

পরবর্তীতে ইতিহাসবিদ ড. আবদুল করিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগে একটি প্রাতিষ্ঠানিক জাদুঘর প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি ও সিন্ডিকেটের অনুমোদনের ধারাবাহিকতায় ১৯৭৩ সালের ১৪ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর।

শুরুতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবনের ছোট একটি পরিসরে কার্যক্রম চললেও বিভিন্ন সময়ে স্থান পরিবর্তনের পর ১৯৯২ সালে জাদুঘরটি বর্তমান ভবনে স্থানান্তরিত হয়।

সময়ের সঙ্গে বেড়েছে এর সংগ্রহ, গবেষণা কার্যক্রম ও পরিধি। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরকে দেশের ইতিহাস, প্রত্নতত্ত্ব, শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংগ্রহশালাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

এক ছাদের নিচে পাঁচ গ্যালারির ইতিহাস

জাদুঘরের ওপরতলার প্রধান প্রদর্শনী অংশে পাঁচটি গ্যালারি রয়েছে- প্রাগৈতিহাসিক ও প্রত্নতত্ত্ব গ্যালারি, প্রাচীন ভাস্কর্য গ্যালারি, ইসলামিক শিল্পকলা গ্যালারি, লোকশিল্প গ্যালারি এবং সমকালীন শিল্পকলা গ্যালারি।

প্রতিটি গ্যালারির বিষয় ও সংগ্রহ আলাদা। কোথাও হাজার বছরের পুরোনো প্রত্ননিদর্শন, কোথাও বাংলার লোকজ জীবন, আবার কোথাও আধুনিক শিল্পীদের শিল্পকর্ম। ফলে এক গ্যালারি থেকে আরেক গ্যালারিতে যেতে যেতে দর্শনার্থীর সামনে খুলে যায় ইতিহাসের একেকটি অধ্যায়।

প্রাগৈতিহাসিক ও প্রত্নতত্ত্ব গ্যালারির উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে রয়েছে চট্টগ্রামের নাসিরাবাদ পাহাড় থেকে পাওয়া মাছের জীবাশ্ম। এছাড়া রয়েছে কাঠের জীবাশ্ম, বিভিন্ন প্রত্নস্থল থেকে সংগৃহীত টেরাকোটা ফলক, মাটির তৈরি প্রত্নবস্তু, সিলমোহর, পুঁতি ও প্রাচীন মুদ্রাসহ নানা নিদর্শন।

প্রাচীন ভাস্কর্য গ্যালারি আরও এক বিস্ময়ের জায়গা। জাদুঘরের সংগ্রহে ৫২টি পাথরের এবং ২৫টি ব্রোঞ্জের ভাস্কর্য রয়েছে। পাল ও সেন যুগসহ বিভিন্ন সময়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের সাক্ষ্য বহন করছে এসব প্রত্নবস্তু।

দর্শনার্থীদের নজর কাড়ে ‘সার জং’

জাদুঘরের সবচেয়ে আলোচিত নিদর্শনগুলোর একটি মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলের কামান ‘সার জং’। প্রায় ১৯৭ সেন্টিমিটার দৈর্ঘ্যের কারুকাজখচিত কামানটি সামনে দাঁড়ালে কয়েক শতাব্দী আগের এক সময় যেন মুহূর্তেই কাছে চলে আসে।

ইসলামিক শিল্পকলা গ্যালারিতে মুঘল ও সুলতানি আমলের বিভিন্ন নিদর্শনের পাশাপাশি রয়েছে প্রাচীন ও মধ্যযুগের মুদ্রা, হাতে লেখা পবিত্র কোরআন, পুঁথি, দলিল, ক্যালিগ্রাফি এবং ঐতিহাসিক মসজিদের ছবি। জাদুঘরের মুদ্রা সংগ্রহও বিশেষভাবে সমৃদ্ধ। প্রাচীন ও মধ্যযুগের প্রায় এক হাজার মুদ্রা রয়েছে এই সংগ্রহে।

অন্যদিকে লোকশিল্প গ্যালারিতে ধরা দিয়েছে বাংলার চিরচেনা গ্রামীণ জীবন। তাঁতের তৈরি সামগ্রী, চরকা, পালকি, পুরোনো অলংকার, ঢেঁকি, কাঠের নৌকা, মাটির পুতুল, তামা-পিতলের তৈজসপত্র, বেতের ঝুড়িসহ নানা উপকরণ মনে করিয়ে দেয় এক সময়ের জীবনযাত্রাকে।

সমকালীন শিল্পকলা গ্যালারিতে রয়েছে জয়নুল আবেদিন, কামরুল হাসান, মুর্তজা বশীর ও রশীদ চৌধুরীর মতো দেশের বরেণ্য শিল্পীদের কাজ। ফলে প্রাগৈতিহাসিক সময় থেকে আধুনিক শিল্প পর্যন্ত দীর্ঘ সময়ের এক বিস্তৃত যাত্রা একই ভবনে দেখতে পারেন দর্শনার্থীরা।

প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাসের পাশাপাশি সাম্প্রতিক সময়ের স্মৃতিও সংরক্ষণ করছে জাদুঘরটি। এখানে রয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান হল’। জুলাই আন্দোলনে শহীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দুই শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও মো. ফরহাদ হোসেনের বেশ কিছু স্মৃতিচিহ্ন এখানে সংরক্ষিত রয়েছে। এর মধ্যে হৃদয় তরুয়ার পরিহিত পোশাকও রয়েছে। এর মধ্য দিয়ে জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আত্মত্যাগের স্মৃতি তুলে ধরা হয়েছে।

জাদুঘরে ঘুরতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তারের কাছে সবচেয়ে বিস্ময়ের বিষয় ছিল নিজ বিশ্ববিদ্যালয়ে এমন একটি জাদুঘর থাকা।

তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জাদুঘর আছে, আগে জানতাম না। এখানে ইতিহাসের অনেক পুরোনো নিদর্শন স্বচক্ষে দেখতে পেরেছি। বিশেষ করে মুঘল আমলের বিভিন্ন নিদর্শন দেখেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এমন একটি জাদুঘর থাকা সত্যিই গর্বের বিষয়।"

তবে এমন সমৃদ্ধ সংগ্রহ থাকা সত্ত্বেও জাদুঘরটি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর কাছে সমান পরিচিত নয়।

বাংলা বিভাগের শিক্ষার্থী নাফিসা কারিমা বলেন, "বিশ্ববিদ্যালয়ে নিজস্ব এমন একটি জাদুঘর থাকা আমাদের জন্য বিশেষ ব্যাপার। কিন্তু এটি এখনো শিক্ষার্থীদের মধ্যে তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের দিকে হওয়ায় অনেক সময় চোখের আড়ালেই থেকে যায়। ভেতরে এসে এত সমৃদ্ধ সংগ্রহ দেখে আমি মুগ্ধ হয়েছি।"

শুধু প্রদর্শনী নয়, গবেষণারও জায়গা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের গুরুত্ব কেবল দর্শনীয় স্থান হিসেবে সীমাবদ্ধ নয়। গবেষকদের জন্যও এটি গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র।

জাদুঘরের নিচতলায় রয়েছে ‘আবদুল করিম সাহিত্যবিশারদ কোষ গ্রন্থাগার’। এখানে বাংলা, সংস্কৃত, ফারসি, আরবি, পালিসহ বিভিন্ন ভাষার দুর্লভ পাণ্ডুলিপি, বই ও ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। ইতিহাস, প্রত্নতত্ত্ব, শিল্পকলা, জাতিতত্ত্ব, প্রাচীন লিপি, লোকসংস্কৃতি ও বাংলাদেশের ঐতিহ্য নিয়ে কাজ করা গবেষকদের জন্য রয়েছে গবেষণার উপকরণ ও পাঠের সুযোগ।

এ ছাড়া জাদুঘরে রয়েছে প্রত্নতাত্ত্বিক সামগ্রী সংরক্ষণ গবেষণাগার। অর্থাৎ প্রদর্শনীতে রাখা নিদর্শন দেখানোর পাশাপাশি সেগুলো সংরক্ষণ এবং গবেষণার কাজও চলে একই প্রতিষ্ঠানে।

জাদুঘর সূত্রের তথ্য অনুযায়ী, এখানে দুই হাজারের বেশি প্রত্ন ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। প্রাগৈতিহাসিক জীবাশ্ম, প্রাচীন ও মধ্যযুগীয় মুদ্রা, পাথর ও ব্রোঞ্জের ভাস্কর্য, টেরাকোটা ফলক, লোকশিল্প, পাণ্ডুলিপি, দলিল ও মুক্তিযুদ্ধবিষয়ক উপকরণ বৈচিত্র্যে সমৃদ্ধ এর সংগ্রহ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সুপারভাইজার আলী হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন যুগের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে এবং শিক্ষার্থী ও গবেষকেরা নিয়মিত এগুলো দেখতে ও গবেষণার কাজে ব্যবহার করতে আসেন। ভবিষ্যতে জাদুঘরটিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনাও রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের নিরিবিলি জায়গাটিতে তাই শুধু একটি দোতলা ভবন দাঁড়িয়ে নেই; তার ভেতরে পাশাপাশি অবস্থান করছে বিভিন্ন সময়, সমাজ ও সংস্কৃতির অসংখ্য চিহ্ন।

কয়েক শতাব্দী আগের একটি মুদ্রা, পাথরে খোদাই করা ভাস্কর্য, হাতে লেখা একটি পাণ্ডুলিপি কিংবা মুঘল আমলের কামান প্রতিটি বস্তুই যেন নিজের সময়ের একটি গল্প বলে।

কোলাহলময় বিশ্ববিদ্যালয় জীবনের খুব কাছেই এই নীরব জায়গাটি তাই ইতিহাসকে শুধু পড়ার নয়, চোখের সামনে দেখারও সুযোগ করে দেয়। অনেক শিক্ষার্থীর কাছে এখনো কিছুটা আড়ালে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর সেই অর্থে ক্যাম্পাসের ভেতরেই লুকিয়ে থাকা ইতিহাস ও ঐতিহ্যের এক সমৃদ্ধ ঠিকানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপের টিকে থাকতে রুশ জ্বালানি অপরিহার্য: পুতিনের বিশেষ দূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


ইউরোপের টিকে থাকতে রুশ জ্বালানি অপরিহার্য: পুতিনের বিশেষ দূত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আসন্ন শীতে একটি চরম জ্বালানি সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। এই সংকট থেকে মুক্তি পেতে ইউরোপকে আবারও রাশিয়ার জ্বালানির ওপর নির্ভর করতে হবে, এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিভ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত একটি বার্তায় কিরিল দিমিত্রিভ উল্লেখ করেন, "শীত ঘনিয়ে আসছে। আমাদের পূর্বানুমান অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের একগুঁয়ে আদর্শিক জ্বালানি নীতির ভুল ইতোমধ্যেই তাদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। ইউরোপের টিকে থাকার জন্য রাশিয়ার জ্বালানি অপরিহার্য।"

মার্কিন প্রভাবশালী ব্লগার ও ক্রিপ্টো উদ্যোক্তা মারিও নফলের একটি পোস্টের প্রতিক্রিয়া হিসেবে তিনি এই মন্তব্য করেন। ওই পোস্টে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম দ্রুত বাড়ার চিত্র তুলে ধরা হয়েছিল।

আরডিআইএফ প্রধান আরও সতর্ক করে বলেন, ২০২২ সালের পর ইউরোপীয় ইউনিয়নের জন্য এটি হবে সবচেয়ে কঠিন শীতকাল। রাশিয়ার জ্বালানি সরবরাহ বর্জন করার ফলে ইউরোপকে যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, এই শীত আবারও তা মনে করিয়ে দেবে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো রুশ গ্যাস ও তেলের ওপর নির্ভরতা কমানোর ঘোষণা দিলেও বিকল্প সরবরাহ নিশ্চিত করতে গিয়ে সাধারণ ভোক্তা ও শিল্পখাতকে চড়া মূল্য পরিশোধ করতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরের ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


হাকিমপুরের ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

আজ বিশ্ব শিক্ষক দিবস। অথচ, দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টি বিদ্যালয় প্রধান শিক্ষক ছাড়াই চলছে। দীর্ঘ সময় ধরে এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে, একদিকে প্রশাসনিক দায়িত্বের চাপ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শিক্ষকদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদ্যালয়ের দাপ্তরিক কাজ, কাগজপত্র প্রস্তুত, বিভিন্ন প্রতিবেদন তৈরি ও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান করতে হচ্ছে। এর ফলে, একজন শিক্ষকের পক্ষে প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব সমানভাবে পালন করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া, কোনো শিক্ষক ছুটিতে গেলে অন্য শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে।

উপজেলার বিভিন্ন প্রধান শিক্ষক শূন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে দেখা গেছে, সহকারী শিক্ষকদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা একদিকে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন, অন্যদিকে নির্ধারিত শ্রেণিতে পাঠদানও করছেন। শিক্ষকরা জানান, দাপ্তরিক কাজের কারণে অনেক সময় শ্রেণিকক্ষে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না।

নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আলমাস বলেন, "প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান করতে হচ্ছে। একই সঙ্গে অফিসের বিভিন্ন কাজও সামলাতে হয়। সব দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি চাপ তৈরি হচ্ছে।"

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জানান, শুধু প্রধান শিক্ষক পদই নয়, কয়েকটি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। কোনো শিক্ষক ছুটিতে গেলে উপস্থিত অন্য শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে হয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে সব শ্রেণির পাঠদান পরিচালনা করতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. আইনুনাহার এলি বলেন, "যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, তাকে প্রশাসনিক কাজেও সময় দিতে হয়। ফলে শ্রেণিকক্ষে পাঠদানের সময় কিছুটা কমে যায়। প্রধান শিক্ষক নিয়োগ হলে এ চাপ অনেকটাই কমবে।"

একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. কাকুলি আক্তারও শিক্ষক সংকটের কারণে বাড়তি চাপের কথা জানান। তার মতে, শিক্ষক সংখ্যা পর্যাপ্ত থাকলে একজন শিক্ষক ছুটিতে থাকলেও পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখা সহজ হয়।

এদিকে শিক্ষার্থীরা জানায়, শিক্ষক সংকটের কারণে কখনো কখনো সব শ্রেণিতে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হয় না। এতে নির্ধারিত পাঠ শেষ করতে সমস্যা হচ্ছে এবং পড়াশোনায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করার জন্য নিয়মিত ও মানসম্মত পাঠদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদগুলো দ্রুত পূরণ করা প্রয়োজন।

হাকিমপুর উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. জামান আলী বলেন, "প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত শিক্ষকদের প্রশাসনিক কাজের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান করতে হচ্ছে। এতে তাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। শূন্য পদগুলো পূরণ করা হলে বিদ্যালয় পরিচালনা ও পাঠদান, দুই ক্ষেত্রেই স্বাভাবিকতা ফিরবে।"

তবে শিক্ষক সংকট থাকলেও শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের সমস্যা হচ্ছে না বলে দাবি করেছেন হাকিমপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু মোত্তালেব আলম। তিনি বলেন, "বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী দায়িত্ব বণ্টন করা হচ্ছে। শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।"

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় এসব বিদ্যালয়ে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বাড়তি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের একই সঙ্গে দাপ্তরিক কাজ ও পাঠদান করতে হওয়ায় তাদের কর্মব্যস্ততা বেড়েছে। দ্রুত শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের পাশাপাশি যেখানে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেসব পদও পূরণ করা হলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%