০৯:০০ পি.এম
সিলেট, ২ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, চাঁদাবাজি, মাস্তানি ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিএনপির অবস্থান হচ্ছে জিরো টলারেন্স।
তিনি উল্লেখ করেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি অপকর্মে জড়িত হন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার সিলেট নগরীর একটি স্থানীয় হোটেলের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: মৌলভীবাজারে ১৬ বছর বয়সী কিশোরীকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগে মানববন্ধন
রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে এক ব্যক্তি নানা ধরনের উস্কানি দিচ্ছেন। তবে তিনি বলেন, পরাজিত শক্তির সব ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকার এগিয়ে যাচ্ছে। শ্রমিকদের নানাভাবে উস্কানি দেওয়া হচ্ছে, এর পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
বিরোধী দলের সমালোচনা করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যে বিষয়টি সংসদে আলোচনা করে সমাধান করা সম্ভব ছিল, সেটি লংমার্চের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে।
জামায়াতের ভূমিকা নিয়ে তিনি মন্তব্য করেন, সবাই জামায়াতকে গুপ্ত বলে মনে করেন। তারা ছাত্রলীগের মধ্যে মিশে ছিলো। অনেক মানুষের জীবন উৎসর্গের মধ্য দিয়ে বিএনপি বিপ্লবকে চূড়ান্ত করেছে। জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় আসতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।
রুহুল কবির রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। এ ক্ষেত্রে যেসব প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, জেলা বিএনপির নেতারা তাদের সমর্থন দেবেন।
আরও পড়ুন: ১১ জেলায় ৮৭৯ জন গ্রেপ্তার, ৩০৩ কিশোর অভিভাবকের জিম্মায় মুক্ত
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন