০৭:০২ পি.এম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি এ বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকার চেষ্টা করছে, খুব দ্রুত এই ব্যবস্থাপনাটিকে কীভাবে সম্পন্ন করা যায়। বিশেষজ্ঞরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। পাশাপাশি ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে একটি রিপোর্ট দেবে আমাদের।
বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, স্বল্প সময়ের মধ্যে রিপোর্টের ভিত্তিতে আবার বসা হবে। প্রকৃতপক্ষে বলা যায় যে কাজটি অল্প কয়েক দিনের নয়, এজন্য কিছু সময় প্রয়োজন। এই সময়ই আমরা খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে চাই।
আরও পড়ুন: শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে: নুর
তিনি বলেন, প্রধানমন্ত্রীও তাগিদ দিয়েছেন এবং ইতোমধ্যে জানিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত সম্পন্ন করতে হবে। এখন বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকের মিটিংটি করা হয়েছে।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আমি তিস্তাপাড়ের সন্তান। তিস্তা নিয়ে অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছি। প্রধানমন্ত্রীও এসব বিষয় নিয়ে নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। আজকের আলোচনায় আমি ওই আন্তরিকতাটিকে লক্ষ্য করলাম। তিনি বলেছেন কাজ দ্রুত শুরু করতে। এটি ১০ বছরের পরিকল্পনা, সেখানে উল্লেখ করা হয়েছে যে ১২ থেকে ১৩ হাজার কোটি টাকা খরচ হবে। আমি এটাকে কোনও সমস্যা মনে করি না, তবে টেকনিক্যাল সাপোর্ট স্বয়ংক্রিয়ভাবে আনার দরকার হতে পারে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী যেভাবে অঙ্গীকার করেছেন, সেটির বাস্তবায়নের জন্য দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে তিস্তারপাড়ের মানুষ ও দেশের মানুষ দেখতে পাবে যে তিস্তা মহাপরিকল্পনা শুরু হয়েছে।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনায় আমরা কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়েছি। যেমন- আমাদের ব্যারেজ এবং নদীর পানি সংরক্ষণ করাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন
তিনি জানান, আমাদের কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে, সেগুলোর জন্য টিমগুলো গঠন করা হয়েছে এবং সেগুলো কাজ শুরু করছে। ইতোমধ্যে কেন্দ্র থেকেও মন্ত্রীসহ আমরা একটি টিম সেখানে ভিজিট করতে যাব। এর মধ্য দিয়ে আমরা দ্রুততার সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচনের ইশতেহার বাস্তবায়ন দেখতে পাব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন