০৬:৫৭ পি.এম
এনএফটি ট্রেজার (NFT Treasure) একটি ডিজিটালভিত্তিক বিনিয়োগ ও আয় করার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এই প্ল্যাটফর্মে ডলারের মাধ্যমে অর্থ জমা দিয়ে প্রতিদিন কার্টুনের মতো ডিজিটাল ছবি কেনাবেচার মাধ্যমে মুনাফা অর্জনের সুযোগ প্রদান করা হয়। একই সঙ্গে নতুন সদস্য যুক্ত করে একটি নেটওয়ার্ক বা চেইন তৈরি করার প্রক্রিয়াও রয়েছে। নির্দিষ্ট পরিমাণ অর্থ অ্যাকাউন্টে রাখা এবং নির্ধারিতসংখ্যক সদস্য যুক্ত করার শর্ত পূরণ হলে অধীনস্থ সদস্যদের কার্যক্রম থেকে কমিশন লাভের সুযোগও থাকে।
ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের দারুল ইফতায় এ ধরনের প্ল্যাটফর্মে বিনিয়োগ ও কমিশন গ্রহণের শরয়ি বিধান সম্পর্কে জানতে চাওয়া হলে, উভয় পদ্ধতিকে নাজায়েজ বলে ফতোয়া প্রদান করা হয়।
দারুল উলুম দেওবন্দের মুফতিরা ফতোয়ায় উল্লেখ করেছেন যে, কার্টুনের ছবি কেনাবেচা ও সদস্য যুক্ত করার মাধ্যমে আয় করার পদ্ধতিতে শরিয়াহর একাধিক আপত্তি বিদ্যমান।
আরও পড়ুন: ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
এনএফটি ট্রেজার (NFT Treasure) নামের ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ করে অর্থ উপার্জন এবং অন্য সদস্যদের যুক্ত করার মাধ্যমে কমিশন গ্রহণ শরিয়াহসম্মত নয় বলে জানানো হয়েছে।
এক ব্যক্তি প্রতিষ্ঠানটির দারুল ইফতায় প্রশ্ন করেছেন, এনএফটি ট্রেজারে ডলারের মাধ্যমে বিনিয়োগ করতে হয়। এরপর প্রতিদিন একটি কার্টুনের ছবি দেওয়া হয়, যা কিনে সঙ্গে সঙ্গে বিক্রি করতে হয়। এভাবে কিছু মুনাফা পাওয়া যায়। এ পদ্ধতিতে অর্থ উপার্জন বৈধ কি না, তা জানতে চেয়েছেন তিনি।
প্রশ্নে আরও উল্লেখ করা হয়েছে, প্ল্যাটফর্মটিতে সদস্য যুক্ত করার মাধ্যমে একটি চেইন তৈরি করতে হয়। নিজের অধীনে পাঁচ থেকে আটজন সদস্য যুক্ত করার পাশাপাশি অ্যাকাউন্টে ৫০০ ডলার থাকতে হয়। এ শর্ত পূরণ হলে অধীনস্থ সদস্যদের কার্যক্রম থেকে কমিশন পাওয়া যায়। কমিশন গ্রহণ বৈধ কি না, তা জানতে চেয়েছেন ওই ব্যক্তি। পাশাপাশি সদস্য যুক্ত না করে শুধুমাত্র ছবি কেনাবেচার মাধ্যমে আয় করার বিধানও জানতে চেয়েছেন তিনি।
দারুল উলুম দেওবন্দের দারুল ইফতা জানায়, এনএফটি ট্রেজারে উল্লিখিত উভয় পদ্ধতিতে শরিয়াহর একাধিক আপত্তি রয়েছে। এর মধ্যে রয়েছে চুক্তির স্বাভাবিক শর্তের পরিপন্থী শর্ত আরোপ, একাধিক লেনদেনকে পরস্পরের সঙ্গে মিশিয়ে ফেলা এবং কার্টুনের ছবি, যা শরিয়াহর বিধান অনুযায়ী নিষিদ্ধ ছবির অন্তর্ভুক্ত, তা কেনাবেচা করা।
আরও পড়ুন: নারীর নিরাপত্তায় পুরুষ বডিগার্ড: ইসলাম কী নির্দেশ করে?
ফতোয়ায় বলা হয়, এসব শরিয়াহগত আপত্তির কারণে এনএফটি ট্রেজারের কোনো পদ্ধতিতে যুক্ত হয়ে বিনিয়োগ করা কিংবা এর মাধ্যমে অর্থ উপার্জন করা বৈধ নয়।
গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত ফতোয়াটির নম্বর ৬৩৬২৯৮। এতে স্বাক্ষর করেছেন দারুল উলুম দেওবন্দের দারুল ইফতার মুফতিরা। সূত্র: দারুল উলুম দেওবন্দ, ফতোয়া নম্বর ৬৩৬২৯৮।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন