সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:১৪ পি.এম
ক্যাম্প ডেভিড থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ফিরে আসার ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে গলফার ব্রাইসন ডি শ্যামবো এবং তার প্রেমিকা মিকাইলা ডেমাইটারকে নিয়ে।
পরশু রাতে মেরিন ওয়ান হেলিকপ্টারে ট্রাম্পের সঙ্গে ডি শ্যামবো ও মিকাইলাকে দেখা গিয়েছিল। ২৬ বছর বয়সী মিকাইলাকে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী বা আকর্ষণীয় হকি খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়।
ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর মেরিন ওয়ান থেকে নামতে দেখা যায় ডি শ্যামবো এবং মিকাইলাকে। একটি ছবিতে দেখা যায়, হেলিকপ্টারের ভেতর ট্রাম্পের পাশে তারা অবস্থান করছিলেন।
হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে জানায়নি কেন ট্রাম্প ক্যাম্প ডেভিড সফর এক দিন আগে শেষ করেছেন। তবে একই সময়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে সম্ভাব্য পরিস্থিতির অবনতির বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। সেই সতর্কতায় ওই অঞ্চলে ভ্রমণের সময় বাড়তি সতর্কতা এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল বা আকাশসীমা বন্ধের প্রস্তুতি নিতে বলা হয়েছিল।
গলফার ডি শ্যামবোর সঙ্গে হকি খেলোয়াড় মিকাইলার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল গত মাসে। বিনোদন বিষয়ক মার্কিন সাময়িকী ইউএস উইকলি জানায়, তারা সম্পর্কে জড়িয়েছেন এবং যদিও এই সম্পর্ক নতুন, তবে তারা খুব সুখী।
মিকাইলা ডেমাইটার কানাডার সাবেক হকি গোলকিপার। ১৯ বছর বয়সে চোটের কারণে খেলা ছাড়ার পর তিনি মডেলিংয়ে প্রবেশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৩০ লাখ।
অন্যদিকে, দুইবারের ইউএস ওপেনজয়ী ডি শ্যামবো ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। ২০২৪ সালে ট্রাম্পের সঙ্গে তার গলফ খেলার একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রথম দিনটি বাংলাদেশের জন্য সুখকর হয়নি। তবে দ্বিতীয় দিনের সকালে একটি স্বস্তির খবর এসেছে। কাবাডি পুরুষ দল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয়লাভ করে তাদের যাত্রা শুরু করেছে।
আজ সকালে নাগোয়ার টোকাই সিটিজেন জিমনেসিয়ামে অনুষ্ঠিত গ্রুপ-এ'র প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে।
প্রথমার্ধে বাংলাদেশ ১৭-১৬ পয়েন্টে এগিয়ে ছিল।
বাংলাদেশ ৪টি লোনা পেয়েছে, অন্যদিকে দক্ষিণ কোরিয়া ২টি লোনা অর্জন করেছে। তবে প্রতিপক্ষের ৮টি বোনাস পয়েন্টের বিপরীতে বাংলাদেশ ৬টি বোনাস পয়েন্ট আদায় করতে সক্ষম হয়েছে।
আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিরুদ্ধে খেলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের কারণে চাচাতো ভাইদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা আহাদ আহমেদ (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ এবং পারিবারিক সূত্র থেকে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমির সীমানা থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করার সময় চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুমের সঙ্গে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এই হামলায় আহাদ আহমেদ এবং তাঁর বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ আহমেদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শেখ ফরিদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেছেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে ছেলে নিহত এবং বাবা গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : রোববার কলম্বিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত জনপ্রিয় পর্যটন শহর ভিলা দে লেইভার নিকটবর্তী একটি বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ তথ্য স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
এ শহরটি তার ঐতিহাসিক ঔপনিবেশিক স্থাপত্য ও পাথরে বাঁধানো রাস্তার জন্য পরিচিত। শহরের কেন্দ্রীয় চত্বর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল। প্রতিবছর শহরটিতে ১০ লাখেরও বেশি পর্যটক ভ্রমণ করেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, কলম্বিয়ার ভিলা দে লেইভা থেকে এই খবরটি এসেছে।
স্থানীয় কর্মকর্তা হোসে কাস্ত্রো এএফপিকে জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ২০০ হেক্টর বনভূমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার সকালে জানানো ক্ষয়ক্ষতির পরিমাণের তুলনায় এটি চার গুণেরও বেশি।
শনিবার কাছের একটি বনাঞ্চলে আগুন লাগার প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে প্রায় ২৫০ জন স্থানীয় দমকলকর্মী ও বাসিন্দা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন।
স্বেচ্ছাসেবকেরা দা ও গাছের ডাল ব্যবহার করে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা করেন। এ সময় একটি হেলিকপ্টার থেকে আগুনে পানি ছোড়া হয়।
গভর্নরের কার্যালয়ের দু’টি হেলিকপ্টার এবং সামরিক বাহিনীর দ’ুটি হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়। বোগোতার দমকলকর্মীরাও এতে অংশ নেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এক্সে লিখেছেন, ‘এই আগুন নিয়ন্ত্রণে এবং বাসিন্দাদের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা রাষ্ট্রের সব ধরনের সম্পদ কাজে লাগাব।’
দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা রোববার বিকেলে এক বিবৃতিতে জানায়, আগুনের ৫০ শতাংশ ‘নিয়ন্ত্রণে’ এসেছে।
নিরক্ষরেখার কাছাকাছি আন্দিজ অঞ্চলে শুষ্ক মৌসুমে বনাঞ্চলে আগুন লাগা একটি সাধারণ ঘটনা। তবে বর্তমানে বিরাজমান এল নিনো আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে খরা ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে।
সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, কলম্বিয়ায় বর্তমানে প্রায় ১৮টি বনাঞ্চলে সক্রিয় দাবানল রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টালিউডের জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলির প্রেম-বিচ্ছেদের কাহিনী একসময় টালিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। দীর্ঘ সময় পর তারা আবারও পর্দায় জুটি বেঁধেছেন। লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে রোমান্টিক গানে তাদের রসায়ন দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলোও পুরনো সম্পর্কের আলোচনা উসকে দিয়েছে।
সম্প্রতি দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’ মুক্তি পেয়েছে। লাদাখের মনোরম পাহাড় ও প্রকৃতির মাঝে ধারণ করা গানটিতে দেব ও শুভশ্রীর প্রেমময় উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। গানটির প্রকাশের পর থেকেই দুই তারকার রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
এদিকে, দেব-শুভশ্রীর বেশ কিছু রোমান্টিক ছবি প্রকাশ্যে এসেছে। কিছু ছবিতে তাদের একে অপরকে জড়িয়ে থাকতে দেখা গেছে, আবার কিছু ছবিতে তারা আরও ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছেন। ফলে পর্দার বাইরেও তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
তবে শুভশ্রীর একটি ক্যাপশন সবচেয়ে বেশি নজর কেড়েছে। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ এই ক্যাপশন প্রকাশের পর ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। যদিও ছবিগুলো সিনেমার প্রচারণা ও চরিত্রের প্রেক্ষাপটের অংশ হিসেবেই প্রকাশ করা হয়েছে।
একটি ছবিতে দেখা যায়, শুভশ্রীর সামনে বসে রয়েছেন দেব। পেছন থেকে তাকে জড়িয়ে রেখেছেন অভিনেত্রী। অন্য একটি ফ্রেমে দেবের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন শুভশ্রী। দেবের হাতও আলতোভাবে ছুঁয়ে আছে তার মুখ। ছবিগুলোতে তাদের ঘনিষ্ঠ রসায়ন নতুন করে আলোচনায় এনেছে এই পুরনো জুটিকে।
পর্দার জনপ্রিয় জুটির পাশাপাশি বাস্তব জীবনেও সম্পর্কে জড়িয়েছিলেন দেব ও শুভশ্রী। পরে সেই সম্পর্কের ইতি ঘটে এবং দুজনেই নিজেদের জীবনে এগিয়ে যান। তবে বহু বছর পর পর্দায় তাদের এই পুনর্মিলন দর্শকদের মনে ফিরিয়ে দিয়েছে পুরনো দিনের স্মৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়ায়ও স্পষ্ট সেই নস্টালজিয়ার ছাপ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ