ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনা প্রথা ভাঙল


ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনা প্রথা ভাঙল

আন্তর্জাতিক বিরতির পর লা লিগার ১৩তম রাউন্ডের ম্যাচে রাতের খেলায় মাঠে নামবে বার্সেলোনা। এর আগে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সেল্তার বিরুদ্ধে একটি কষ্টার্জিত জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকায় সমান পয়েন্ট নিয়ে কাতালানদের পেছনে রয়েছে। তাই ভিলারিয়ালের বিরুদ্ধে জয় নিশ্চিত করে শীর্ষস্থানকে সুসংহত করতে চায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

রবিবার (২২ নভেম্বর) ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামার পূর্বে বার্সেলোনা তাদের চিরাচরিত ম্যাচডে রুটিনে একটি বড় পরিবর্তন এনেছে। সাধারণত ম্যাচের দিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাথমিক স্কোয়াড বা ম্যাচডে স্কোয়াড প্রকাশ করা হলেও, কাতালান ক্লাবটি তা না করার সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় সময় দুপুরে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাওয়ার কারণে আলাদাভাবে স্কোয়াড তালিকা প্রকাশ না করে সরাসরি মূল একাদশ (স্টার্টিং লাইনআপ) ঘোষণা করবে বার্সেলোনা। বিষয়টি নিশ্চিত করেছেন বার্সেলোনা বিষয়ক বিশ্বস্ত সংবাদকর্মী আশরাফ বেন আয়াদ।

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ১০ সেরা ব্যাটার

এক প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, ভিলারিয়াল ম্যাচের জন্য ডাক পাওয়া খেলোয়াড়দের কোনো তালিকা প্রকাশের পরিকল্পনা নেই ক্লাবের; বরং তারা সরাসরি মূল একাদশই প্রকাশ করবে।

মূল একাদশ ঘোষণার মাধ্যমে বেশ কয়েকজন চোটাক্রান্ত খেলোয়াড়ের মাঠে ফেরার বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, চোট কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং এবং ফরোয়ার্ড রাফিনিয়া।

অন্যদিকে, চলতি সপ্তাহে অনুশীলনে নতুন করে চোটে পড়ায় ভিলারিয়ালের বিপক্ষে এই ম্যাচেও মাঠের বাইরে থাকতে হচ্ছে ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে।

আরও পড়ুন: মেসির হাতে ইতিহাস গড়া গোল্ডেন বুট পুরস্কার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিরুদ্ধ-কাব্যর বিয়ের সংবর্ধনায় তারার সমাগম, হাজির রজনীকান্ত, কমল ও বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


অনিরুদ্ধ-কাব্যর বিয়ের সংবর্ধনায় তারার সমাগম, হাজির রজনীকান্ত, কমল ও বিজয়

ভারতের সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারানের বিয়ের সংবর্ধনা উপলক্ষে তারকাদের একত্রিত হওয়ার একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র, ক্রিকেট এবং রাজনৈতিক অঙ্গনের বহু পরিচিত ব্যক্তিরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় রজনীকান্ত, কমল হাসান, মহেশ বাবু, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এবং নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনসহ আরও অনেকেই ছিলেন।

এই সংবর্ধনা গতকাল ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে অনুষ্ঠিত হয়। এর আগে ১১ নভেম্বর গ্রিসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনিরুদ্ধ এবং কাব্য বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ব্যক্তিগত পরিসরে বিয়ের আয়োজন হলেও সংবর্ধনায় চলচ্চিত্র, রাজনীতি, ব্যবসা এবং ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

অনুষ্ঠানে কালো স্যুট পরিহিত রজনীকান্ত উপস্থিত ছিলেন। অন্যদিকে, কমল হাসান পিচ রঙের সিল্কের শার্ট এবং ঐতিহ্যবাহী ধুতি পরে এসেছিলেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, তার পরনে ছিল নেভি ব্লু রঙের বিশেষ নকশার জ্যাকেট এবং কালো ট্রাউজার।

চেন্নাইয়ে সংবর্ধনায় যোগ দিতে তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু পৌঁছান। তাকে পরিবারের সদস্যদের সঙ্গে বিমানবন্দরে দেখা যায়। ক্রিকেট অঙ্গন থেকেও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন, ড্যানিয়েল ভেট্টোরি এবং দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডেল স্টেইন অনুষ্ঠানে যোগ দেন, ডেল স্টেইনও পরিবারের সদস্যদের সঙ্গে এসেছিলেন।

অনিরুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আগের আয়োজনের কিছু ছবি প্রকাশ করেছিলেন। সেসব ছবিতে রজনীকান্ত এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনসহ পরিবারের সদস্যদের দেখা যায়। ছবিগুলোর সঙ্গে দেওয়া বার্তায় অনিরুদ্ধ লেখেন, "তাদের হৃদয় ভালোবাসায় পূর্ণ। সবার ভালোবাসা ও আশীর্বাদ তাঁদের কাছে অনেক মূল্যবান। নতুন জীবনের শুরুটিকে বিশেষ করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।"

এদিকে, কাব্যর বাবা সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান এবং মা কাভেরী মারান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে সংবর্ধনার আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তারা সাক্ষাৎ করে আমন্ত্রণ পৌঁছে দেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর কাছেও আমন্ত্রণ পৌঁছানো হয়েছিল।

কালানিধি মারানের কন্যা কাব্য মারান বর্তমানে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, অনিরুদ্ধ রবিচন্দর ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় সংগীত পরিচালকদের একজন। তিনি তামিল, তেলুগুসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করে পরিচিতি পেয়েছেন। রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বেও রয়েছেন এই সংগীত পরিচালক।

চলচ্চিত্র ও ক্রিকেট অঙ্গনের তারকাদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনিরুদ্ধ-কাব্যর বিয়ের সংবর্ধনা দক্ষিণ ভারতের আলোচিত তারকাসমাবেশে পরিণত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের নারী প্রার্থীর ওপর হামলা, কার্যক্রম নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


জামায়াতের নারী প্রার্থীর ওপর হামলা, কার্যক্রম নিষিদ্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মহিলা জামায়াতের প্রার্থী সালমা খাতুন এবং তার স্বামী মইদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার দোড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। হামলার ফলে স্বামী-স্ত্রী দুজনই আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত সালমা খাতুন এবং তার স্বামী মইদুল ইসলামকে চিকিৎসা শেষে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী সালমা খাতুন এবং তার স্বামীর অভিযোগ, তাদের ক্ষেতের পেঁয়াজ এবং করলা চুরি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ করায় আওয়ামী লীগের কর্মী হান্নান, মাসুদ, জিসানসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে তারা রক্তাক্ত জখম হন বলে দাবি করেছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, "লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

তবে হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবকের ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


ফরিদপুরে ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ২৮ বছর বয়সী যুবক আশরাফুল উকিলকে আদালত ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন। আদালত একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ডও দিয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত যুবক আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১ অক্টোবর সকালে মধুখালীর চর লাউজানা গ্রামের আফরোজা বেগমের চার বছরের মেয়ে জামিলা তাবাসসুম বাড়িতে ছিল। শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকাকালীন প্রতিবেশী আশরাফুল উকিল তাদের বাড়িতে এসে শিশুটির খোঁজ করেন। এরপর তিনি ঘরে গিয়ে শিশুটির সঙ্গে খেলতে শুরু করেন।

একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা ঘরে গিয়ে দেখেন মেয়ে বমি করছে এবং কাঁদছে। পরে শিশুটি তার মাকে জানায় যে, আশরাফুল তাকে মুখ চেপে ধরে যৌন নিপীড়ন করে এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার পরদিন শিশুটির মা আফরোজা বেগম বাদী হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারে অভিযুক্ত যুবকের বাবার নাম মো. মজিবর খান উল্লেখ রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা, মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. নয়ন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করার পর আশরাফুল উকিলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪) (খ) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বিষয়টি নিশ্চিত করে জানান, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডও প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে নতুন ধান উঠানে, নবান্নের প্রস্তুতি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


ঠাকুরগাঁওয়ে নতুন ধান উঠানে, নবান্নের প্রস্তুতি শুরু

ষড়ঋতুর দেশে অগ্রহায়ণ আসলে নতুন ধানের ঘ্রাণ, কৃষকদের মুখে হাসি এবং গ্রামবাংলায় উৎসবের আবহ সৃষ্টি করে। মাঠজুড়ে আমনের সোনালি শীষ, কৃষকদের ব্যস্ততা এবং ঘরে ঘরে নতুন চালের আয়োজন চলছে।

নবান্নের আনন্দে উত্তরের কৃষিপ্রধান জেলা ঠাকুরগাঁও মেতে ওঠে। এই জেলার মানুষের জীবন-জীবিকা, গ্রামীণ অর্থনীতি ও সামাজিক বাস্তবতার সঙ্গে কৃষির সম্পর্ক অত্যন্ত গভীর। তাই নবান্ন এখানে নতুন ফসল ঘরে তোলার উৎসবই নয়, বরং হাজারো কৃষক পরিবারের সারা বছরের পরিশ্রমের ফল পাওয়ার উপলক্ষও।

নবান্ন পুরো ঠাকুরগাঁওয়ের স্থানীয় অর্থনীতিকে সচল করার একটি অনুঘটক। এই সময়টির দিকে জেলার সব শ্রেণি-পেশার মানুষ তাকিয়ে থাকে।

জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে বর্তমানে আমন ধান কাটার মৌসুম চলছে। কোথাও ধান কাটা হচ্ছে, কোথাও আঁটি বাঁধা হচ্ছে; আবার কোথাও মাড়াই ও নতুন ধান বাড়িতে তোলার প্রস্তুতি চলছে। কৃষকদের উঠানে নতুন ধান জমতে শুরু করেছে। সেই সঙ্গে তাদের ব্যস্ততা বেড়েছে ধান মাড়াই, শুকানো ও সংরক্ষণের কাজে।

নতুন চালের ভাত, পিঠা-পুলি, পায়েস এবং আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের প্রস্তুতিও চলছে।

ঠাকুরগাঁওয়ের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি কৃষি। জেলার অধিকাংশ গ্রামীণ পরিবারের প্রত্যক্ষ বা পরোক্ষ আয়ের সঙ্গে কৃষিকাজ জড়িত। ধান, গম, ভুট্টা, আলু, বিভিন্ন ধরনের সবজি ও অন্যান্য ফসল উৎপাদনের মাধ্যমে এখানকার অর্থনীতির চাকা সচল থাকে।

আমন ধান ঘরে উঠলে কৃষকের হাতে নগদ অর্থ আসে। বছরের বিভিন্ন সময়ে নেওয়া ঋণ পরিশোধ, পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা, সন্তানদের পড়াশোনার খরচ এবং পরের মৌসুমে চাষাবাদের প্রস্তুতিতে নতুন ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে প্রায় এক লাখ ৩৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ছয় লাখ ৪৪ হাজার ৫৭৪ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ধান থেকে চাল উৎপাদনের সম্ভাব্য পরিমাণ প্রায় চার লাখ ২৯ হাজার ৭১৬ মেট্রিক টন।

জেলা সদরের আকচা এলাকার কৃষক সোহেল রানা জানান, তিনি এবারে ছয় বিঘা জমিতে আমন আবাদ করেছিলেন। এখন হাতে টাকা এলেই পরিবারের জন্য কেনাকাটা করবেন, ঋণ শোধ করবেন এবং পরের ফসলের জন্য প্রস্তুতি নেবেন।

একই এলাকার কৃষক আবু সুফিয়ানের ভাষ্য অনুযায়ী, তার পরিবারে ছয় সদস্য। দীর্ঘদিন ধরে সবাই এই আমন কাটার মৌসুমের অপেক্ষায় থাকেন। ধান বিক্রির টাকা থেকে এরই মধ্যে তিনি সবার জন্য নতুন পোশাক কিনেছেন। বাসায় পিঠা বানানো হচ্ছে এবং আত্মীয়-স্বজনদেরও দাওয়াত দিয়েছেন।

ঠাকুরগাঁও রোড এলাকার কাপড় ব্যবসায়ী রিয়াদ তালুকদারের ভাষ্য, ‘আমরা আমন ধান কাটার সময়ের জন্য অপেক্ষায় থাকি। এ সময় বেচাকেনা কয়েকগুণ বাড়ে। মন্দার সময়ের ঘাটতি পূরণে এই সময়টা বিশেষ ভূমিকা রাখে।’

এদিকে, চলতি মৌসুমেও ঠাকুরগাঁওয়ে আমনের ভালো ফলনের খবর পাওয়া গেলেও ধানের ন্যায্য দাম নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

স্থানীয় কৃষক তানভীর হাসান বলেন, স্থানীয় বাজারে আশানুরূপ দাম না পাওয়ায় উৎপাদন খরচ তুলে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফলে নবান্নের উৎসবের আনন্দের পাশাপাশি কৃষকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফসলের সঠিক বাজারমূল্যের বিষয়টি।

নবান্নের দিকগুলো নিয়ে কথা হয় প্রবীণ কৃষক খোরশেদ আলমের সঙ্গে। এ বছর আমনের আবাদ নিয়ে তিনি খুশি। খোরশেদ জানান, নবান্নের আনন্দের একটি গুরুত্বপূর্ণ দিক হলো গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক বন্ধন। নতুন ধান ঘরে উঠলে অনেক পরিবারে প্রস্তুত হয় চিতই পিঠা, ভাপা পিঠা, পায়েসসহ নানা ধরনের খাবার।

তিনি জানান, একসময় নবান্ন উপলক্ষে গ্রামে গ্রামে আয়োজন হতো নানা উৎসব ও মিলনমেলার। আধুনিকতার প্রভাবে এসব আয়োজন কিছুটা কমলেও নতুন ধান ঘরে তোলার আনন্দ এখনো মানুষের আবেগের সঙ্গে মিশে আছে।

সুশাসনের জন্য নাগরিক সুজনের ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মনে করেন, ভালো ফলন হলেই যে কৃষকের মুখে হাসি থাকবে, বাস্তবতা সব সময় এমন নয়। উৎপাদন খরচ, সার-বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি মেটানোর পর ধানের ন্যায্য দাম পাওয়া কৃষকের জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, ফসল ঘরে তোলার পরপরই অনেক কৃষক ঋণ পরিশোধ কিংবা সংসারের প্রয়োজন মেটাতে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করেন। এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও প্রত্যাশিত আয় থেকে বঞ্চিত হন কৃষক। এ অবস্থায় কৃষি অর্থনীতিকে আরো শক্তিশালী করতে উৎপাদন ব্যবস্থা আধুনিক করা, কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা এবং বাজারজাত করার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ের কৃষি শুধু এ জেলার মানুষের খাদ্যের জোগান দেয় না, দেশের খাদ্য নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষির ওপর নির্ভরশীল এ জেলার অর্থনীতি আরো গতিশীল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%