ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং


দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং

দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের অ্যানটেলোপ রিফের কাছের একটি ক্ষুদ্র দ্বীপে নতুন স্থাপনা দৃশ্যমান হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা কৃত্রিম উপগ্রহের চিত্রে এমনটি ধরা পড়েছে। 

বিশ্লেষকদের মতে, চীন এখানে তাদের বৃহত্তম সামরিক ঘাঁটি নির্মাণ করছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইয়াগং দ্বীপে দৃশ্যমান এই ত্রিমুখী (তিন-শাখা বিশিষ্ট) কাঠামোর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন; তবে এটি অ্যানটেলোপ রিফে মূল স্থাপনাগুলোকে সহায়তা করার জন্য একটি ‌‘আর্লি ওয়ার্নিং রাডার’ (পূর্বাভাস প্রদানকারী রাডার) কেন্দ্র স্থাপনের প্রাথমিক পদক্ষেপ হতে পারে।

আরও পড়ুন: ইরানের দাবি, যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক নয়, পরমাণু অস্ত্রের অভিযোগ প্রত্যাখ্যান

স্যাটেলাইট ছবির বাণিজ্যিক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ভ্যান্টর’ জানিয়েছে, তারা ১৭ আগস্ট সর্বশেষ ছবিটি তুলেছে। অন্যান্য ছবিতে তারা লক্ষ্য করেছে, নির্মাণ কাজ শুরু হয়েছিল গত মার্চ ও এপ্রিলে।

ভবনগুলোর উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও ভ্যান্টরের এক মুখপাত্র জানান, ‘ইয়াগং রিফের বেশ কয়েকটি কাঠামোর সাথে দক্ষিণ চীন সাগরের অন্যত্র দেখা সামরিক রাডার বা আর্লি ওয়ার্নিং সুবিধার মিল রয়েছে। এগুলো সম্ভবত কাছাকাছি অবস্থিত অ্যানটেলোপ রিফের মূল সামরিক কার্যক্রমের সাথে সম্পর্কিত।’

গত সপ্তাহে রয়টার্স খবর প্রকাশ করেছিল, চীন অ্যানটেলোপ রিফে তাদের নির্মাণ কাজের প্রথম ধাপ সম্পন্ন করেছে। এটি ইঙ্গিত করে যে দক্ষিণ চীন সাগর চীন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মধ্যে একটি ক্রমবর্ধমান সামরিকীকৃত এলাকায় পরিণত হচ্ছে। যা তাইওয়ানকে কেন্দ্র করে ভবিষ্যৎ যেকোনো সংঘাতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

অ্যানটেলোপ রিফের উপগ্রহ চিত্রে প্রায় ৬ কিলোমিটার (৪ মাইল) দীর্ঘ একটি কৃত্রিম দ্বীপ দেখা গেছে, যার ৩ কিলোমিটারের (২ মাইল) বেশি দীর্ঘ সোজা উপকূলরেখা রয়েছে। কিছু বিশ্লেষক এটিকে সম্ভাব্য রানওয়ে হিসেবে দেখছেন। ইয়াগং দ্বীপটি আকারে অনেক ছোট এবং অ্যানটেলোপের ১৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। দু’টি দ্বীপই পশ্চিম প্যারাসেলসের ক্রিসেন্ট গ্রুপের অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: হুতিদের হামলা বন্ধের জন্য সৌদির ১ বিলিয়ন ডলারের প্রস্তাব

এ বিষয়ে প্রতিক্রিয়া চেয়ে রয়টার্সের করা অনুরোধে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

চীন নতুন কোনো সামরিক ঘাঁটি নির্মাণের কথা স্বীকার করেনি। তাদের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অ্যানটেলোপ বেসামরিক প্রয়োজন মেটাবে-যেমন আবহাওয়ার পূর্বাভাস, মৎস্য সম্পদ রক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা।

১৯৭৪ সালে তৎকালীন দক্ষিণ ভিয়েতনামের নৌবাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পর থেকে প্যারাসেল দ্বীপপুঞ্জ দখল করে রেখেছে চীন। পুরো দ্বীপপুঞ্জকে নিজস্ব দাবি করা ভিয়েতনাম সাম্প্রতিক বছরগুলোতে আরও দক্ষিণে অবস্থিত স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে তাদের নিজস্ব ঘাঁটির নেটওয়ার্ক সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে।

স্প্র্যাটলি এবং এর আশেপাশের পানিসীমা পুরোপুরি বা আংশিকভাবে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, তাইওয়ান এবং ব্রুনাই দাবি করে থাকে।

আরও পড়ুন: বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এফটিএ স্বাক্ষরের আলোচনা শুরু

রয়টার্সের মন্তব্যের অনুরোধে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক অ্যাটাশেদের মতে, এই নির্মাণ কার্যক্রম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথের উত্তরাঞ্চলে চীনের সামরিক নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করার সম্ভাবনাই বেশি।

ওপেন সোর্স ইন্টেলিজেন্স ট্র্যাকার ড্যামিয়েন সাইমন, যিনি প্যারাসেলের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। তিনি জানান, একটি রাডার সুবিধা গড়ে ওঠার সম্ভাবনা থাকলেও সুনির্দিষ্টভাবে কিছু বলার সময় এখনো আসেনি।

সিঙ্গাপুরভিত্তিক নিরাপত্তা গবেষক কলিন কো বলেন, সীমিত পরিধির কারণে এটি কোনো ধরনের একক পর্যবেক্ষণ কেন্দ্র হতে পারে। তবে তিনি যোগ করেন, ‘যদি আমাকে একটি অনুমাননির্ভর তথ্য দিতে হয়, তবে এটি সম্ভবত একটি রাডার স্টেশন হতে যাচ্ছে।’

আরও পড়ুন: রুহুল কবির রিজভী: যুবদল তারেক রহমানের নেতৃত্বে দেশের পুনর্গঠনে সহায়ক শক্তি হবে

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

বাগেরহাট, ২৬ আগস্ট, ২০২৬ : মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 

আজ বুধবার বেলা ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির ফাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি রোগীদের খোঁজ-খবর নেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। 
 
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘হঠাৎ করে এসে দেখেছি, সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।’ কোনো রোগী যেন সেবার ক্ষেত্রে অভিযোগ না করেন এবং সবাই যেন যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগ আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কার্স-কাণ্ডে রুটের বার্তা, ‘শতভাগ পৌঁছেছে’ বললেন টাং

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


কার্স-কাণ্ডে রুটের বার্তা, ‘শতভাগ পৌঁছেছে’ বললেন টাং

ইংলিশ ক্রিকেটারদের জন্য বিতর্ক যেন শেষ হতে চাইছে না। বেন স্টোকসের পর, নাইটক্লাবের ঘটনায় পেসার ব্রাইডন কার্স আবারও আলোচনায় এসেছেন।

গত সপ্তাহে অধিনায়ক হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রথম টেস্টের আগে, জো রুট সতীর্থদের ‘সত্যিকারের ভালো মানুষ এবং রোল মডেল’ হতে আহ্বান জানান।

সপ্তাহ না পেরোতেই প্রথম টেস্টের পর হতাশা লুকানোর চেষ্টা করেননি তিনি। তাই দ্বিতীয় টেস্টের আগে খেলোয়াড়দের উদ্দেশে একটি বিশেষ বার্তা প্রদান করেছেন। ইংলিশ পেসার জোশ টাং নিশ্চিত করেছেন যে, বার্তাটি শতভাগ সবার কাছে পৌঁছেছে।

 

জশ টাং মন্তব্য করেছেন, মাঠের বাইরের আচরণ নিয়ে অধিনায়ক জো রুটের দেওয়া বার্তা ইংল্যান্ডের খেলোয়াড়দের কাছে ‘শতভাগ’ মানা হয়েছে।

গত মঙ্গলবার রুট জানিয়েছেন, গভীর রাতে মদ্যপানের বিতর্কে জড়িয়ে ইংল্যান্ডের সর্বশেষ খেলোয়াড় হিসেবে ব্রাইডন কার্সের নাম আসায় তিনি ভীষণ বিরক্ত।

এদিকে, বৃহস্পতিবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে। ম্যাচের আগে প্রস্তুতিমূলক অনুশীলন শুরুর পূর্বে দলের উদ্দেশে বার্তা দিয়েছেন রুট।

 

রুটের বার্তার বিষয়ে বিবিসি স্পোর্টকে টাং বলেন, এই আলোচনা খুবই দরকারি ছিল এবং রুটের কাছ থেকে একটি খুব ভালো বার্তা পাওয়া গেছে।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইংল্যান্ডের ক্রিকেটাদের কেমন হওয়া উচিত। ইংল্যান্ডের জার্সি পরা আমাদের জন্য একটি বড় সৌভাগ্য এবং আমরা বেড়ে ওঠা শিশুদের দেখাতে চাই যে, হাজার হাজার মানুষের সামনে ইংল্যান্ডের হয়ে খেলতে পারার অনুভূতি কতটা দারুণ।

বার্তাটি সবার কাছে পৌঁছেছে কিনা জানতে চাইলে, নটিংহামশায়ারের এই তারকা পেসার টাং বলেন, ‘হ্যাঁ, শতভাগ। অতীতে যা ঘটেছে তা অতীত এবং আমাদের তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে কৃতী শিক্ষার্থীদের মায়েদের সম্মাননা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


জিয়ানগরে কৃতী শিক্ষার্থীদের মায়েদের সম্মাননা প্রদান

পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মায়েদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ওই কৃতী শিক্ষার্থীদের এবং ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার দুপুরে বিদ্যালয়টির মিলনায়তনে এ সম্মাননা ও সংবর্ধনা আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট কবির হোসেন। সভাপতিত্ব করেন পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাইক।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি জিয়ানগর উপজেলায় ফলাফলের দিক থেকে প্রথমস্থান অর্জন করেছে। এ বছর বিদ্যালয় থেকে ৫৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫১ জন কৃতকার্য হয়েছে। বিদ্যালয়ের পাসের হার ৯২ দশমিক ৭৩ শতাংশ।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী ও তাদের মায়েদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন ডেঙ্গু রোগী ৫৫০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


নতুন ডেঙ্গু রোগী ৫৫০

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৫৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ স্বা¯’্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০২ জন, খুলনা বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে আটজন, বরিশাল বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।

চলতি বছরের ২৬ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত মোট ২৯ হাজার ৬৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সু¯’ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ২ হাজার ৮০ জন চিকিৎসাধীন আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%