ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এফটিএ স্বাক্ষরের আলোচনা শুরু


বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এফটিএ স্বাক্ষরের আলোচনা শুরু

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।

উভয় দেশ ২০২৭ সালের মধ্যে একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থসম্মত চুক্তি চূড়ান্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী প্রথম দফার আলোচনা উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

বাণিজ্য মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার ৩১ সদস্যের প্রতিনিধিদলের প্রধান ও দেশটির চিফ নেগোশিয়েটর ড. রশিদি সাইদ এবং বাংলাদেশের চিফ নেগোশিয়েটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অধিবেশনে আলোচনার রূপরেখা ও কার্যপরিধি নির্ধারণে ‘টার্মস অব রেফারেন্স’ (টিওআর) স্বাক্ষরিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী উল্লেখ করেন, ঐতিহাসিক বন্ধুত্ব, অভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, দুই দেশের বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আশাব্যঞ্জক হলেও বিনিয়োগ ও বাণিজ্য বহুমুখীকরণের বিপুল সম্ভাবনা এখনো কাজে লাগানো সম্ভব হয়নি।

বাণিজ্য সচিব জানান, গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকালে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ২০২৭ সালের মধ্যে একটি টেকসই ও পারস্পরিক স্বার্থরক্ষাকারী মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে এফটিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে মালয়েশীয় বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময় বাজার। হালাল শিল্প, সেমিকন্ডাক্টর খাতে দক্ষতা উন্নয়ন, ডিজিটাল বাণিজ্য, লজিস্টিকস এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় আঞ্চলিক অর্থনৈতিক জোট ‘রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ’ (আরসিইপি)-এ বাংলাদেশের যোগদানের আকাঙ্ক্ষার প্রতি মালয়েশিয়ার সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

মালয়েশিয়ার চিফ নেগোশিয়েটর ড. রশিদি সাইদ বলেন, প্রস্তাবিত এফটিএ কেবল শুল্ক হ্রাসের চুক্তি নয়; বরং দুই দেশের দীর্ঘমেয়াদি ও সুষম অর্থনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার কৌশলগত উদ্যোগ। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার। চুক্তি কার্যকর হলে বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন ও বিনিয়োগে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

তিনি আশা প্রকাশ করেন যে, পারস্পরিক সমঝোতা, নমনীয়তা ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনার মাধ্যমে ২০২৭ সালের মধ্যে আলোচনা সম্পন্ন হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর এ প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলেও তিনি আশাবাদী।

বাংলাদেশের চিফ নেগোশিয়েটর খাদিজা নাজনীন মন্তব্য করেন, এফটিএ কার্যকর হলে উভয় দেশের বাজারে প্রবেশাধিকার সহজ হবে, বাণিজ্য বাধা কমবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাণিজ্য কার্যক্রম আরও স্বচ্ছ, সহজ ও পূর্বানুমানযোগ্য হবে।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তিনি জানান, আলোচনায় পণ্য ও সেবা বাণিজ্য, রুলস অব অরিজিন (পণ্যের উৎপত্তিবিধি) এবং শুল্ক প্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে ঐকমত্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উভয় দেশের প্রতিনিধিরা গঠনমূলক সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও নমনীয়তার ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম দফার আলোচনা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, ভোট ১২ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, ভোট ১২ নভেম্বর

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। একাধিক প্রার্থী না থাকায়, প্রত্যাহারের পর নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করবে।

‎

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খান বৈধ বলে জানান।

এর আগে, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।

বিএনপির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এই শূন্য আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টি চরম বিতর্কের মুখে আসেন। ওই ঘটনার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর মিষ্টি পদত্যাগ করলে সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

পরবর্তী সময়ে ওই আসনে নতুন প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমার পর ২৭ অক্টোবর তা যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করবে কমিশন। এরপর ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০০৩ সালে তিনি জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওই বছরই শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক অর্জন করেন। পরের বছর সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পান মাদার তেরেসা স্বর্ণপদক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের হামলা বন্ধের জন্য সৌদির ১ বিলিয়ন ডলারের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


হুতিদের হামলা বন্ধের জন্য সৌদির ১ বিলিয়ন ডলারের প্রস্তাব

ইরানের মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধবিরতি নিশ্চিত করার এবং হামলা বন্ধ করার চুক্তির অংশ হিসেবে সৌদি আরব ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ১ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। এই তথ্য ইসরাইলি গণমাধ্যমের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে আলোচনার জন্য তেহরান সফর করেছেন। প্রস্তাবিত ব্যবস্থার আওতায় ইরানের মাধ্যমে হুতিদের ১ বিলিয়ন মার্কিন ডলার হস্তান্তরের কথা রয়েছে।

একটি কূটনৈতিক সূত্র দাবি করেছে যে, সৌদি মন্ত্রী ‘হারকিউলিস’ সামরিক বিমানে করে তেহরানে গিয়েছিলেন এবং সেই বিমানে করেই তিনি অর্থ নিয়ে এসেছিলেন। তবে, সৌদি আরবের কোনো কর্মকর্তা নিশ্চিত করেননি যে, কোনো অর্থ হস্তান্তর করা হয়েছে কি না।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও অংশগ্রহণ করেন। এছাড়াও, এতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মহাসচিব মোহসেন রেজায়ি এবং আইআরজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোতে ক্রমবর্ধমান হামলার প্রেক্ষাপটে, ইরান সৌদি আরব এবং হুতিদের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে, যা দেশটির অর্থনীতিতে ব্যাপক ক্ষতি করেছে। হরমুজ প্রণালীতে ট্যাংকারের ওপর ইরানি হামলাও উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি ব্যাহত করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সফরের বিষয়টি উল্লেখ করে বলেছে, ‘প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যালায়েন্সের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের তেহরান সফরটি এই জোটের চলমান প্রচেষ্টারই একটি অংশ। এর লক্ষ্য হলো বর্তমান সংকটে জড়িত পক্ষগুলোর মধ্যে উত্তেজনা প্রশমন করা, সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথকে উৎসাহিত করা এবং কাতার ও পাকিস্তানের মাধ্যমে গৃহীত মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন জোগানো।’

যদিও আর্থিক লেনদেনের খবরটি নিশ্চিত করা হয়নি, সৌদি কর্মকর্তা ইসরাইলি গণমাধ্যমকে বলেছেন, হুতিদের সঙ্গে বিরোধের একটি অংশ তিন বছর আগে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়ন সম্পর্কিত।

সেই সমঝোতা অনুযায়ী, মীমাংসা প্রচেষ্টার অংশ হিসেবে হুতিদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল সৌদি আরবের। এই তহবিলের অন্যতম উদ্দেশ্য ছিল হুতি-নিয়ন্ত্রিত এলাকায় সরকারি খাতের বেতন পরিশোধ করা এবং বেসামরিক অবকাঠামো পুনর্নির্মাণ করা। প্রতিবেদনে বলা হয়েছে, এর বিনিময়ে গোষ্ঠীটি যুদ্ধবিরতি মেনে চলবে এবং সৌদি আরবের ওপর হামলা বন্ধ করবে বলে আশা করা হয়েছিল।

তবে সাম্প্রতিক মাসগুলোতে, সৌদি আরব পূর্বের বোঝাপড়া থেকে সরে এসেছে বলে অভিযোগ তুলে হুতিরা তাদের হামলাকে ‘ন্যায্যতা’ দিয়েছে।

সূত্র: ইকোনমিক টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক নয়, পরমাণু অস্ত্রের অভিযোগ প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


ইরানের দাবি, যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক নয়, পরমাণু অস্ত্রের অভিযোগ প্রত্যাখ্যান

তেহরান অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র আলোচনার নামে ইরানের ওপর শর্ত চাপিয়ে দিচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মিথ্যা অভিযোগ তুলে সামরিক আগ্রাসনের অজুহাত তৈরি করছে।

সোমবার (২৬ অক্টোবর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্র আলোচনার প্রতি আন্তরিক নয়। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের জুনে ইরানে হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার প্রশ্ন, আলোচনার কথা বলার পর হামলা চালানোকে কীভাবে সদিচ্ছা বলা যায়?

বাঘাই দাবি করেন, ইরান কখনও পরমাণু অস্ত্রের মালিক ছিল না এবং এমন অস্ত্র তৈরির চেষ্টা করেনি। তিনি বলেন, ২০১৫ সালে ইরান আন্তরিকভাবে আলোচনা করে পরমাণু চুক্তিতে সই করেছিল, কিন্তু তিন বছর পর যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে সরে যায়। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করা এবং ইরানে হামলার নিন্দা না করায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিরও সমালোচনা করেন তিনি।

তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে কাতারের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় নিখোঁজ তিন ইরানি বৈমানিকের ভাগ্য সম্পর্কে স্পষ্ট তথ্য চায় তেহরান। তাদের মৃত্যুর প্রমাণ বা বিস্তারিত নথি না পাওয়া পর্যন্ত কাতারকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে বলে মনে করে ইরান।

এদিকে, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সম্মেলনে যোগ দিতে সোমবার (২৬ অক্টোবর) রাতে রাশিয়া যাওয়ার কথা রয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। বাঘাই জানান, এ সফরে মস্কোর সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানো এবং অন্যান্য বড় উৎপাদক দেশের সঙ্গে আলোচনা করার সুযোগ তৈরি হবে।

ইসরায়েলের আসন্ন নির্বাচন ও ইরানে সামরিক হামলার হুমকি প্রসঙ্গে বাঘাই বলেন, ইসরায়েলি রাজনীতিকেরা কে বেশি অপরাধ করতে পারেন, তা নিয়ে প্রতিযোগিতা করছেন। তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিরও সমালোচনা করেন।

এছাড়া, বিক্ষোভ মোকাবিলায় অতিরিক্ত বলপ্রয়োগ ও প্রতিবাদের অধিকার সীমিত করার অভিযোগে ইতালির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। একই ধরনের আচরণের অভিযোগ তুলে তিনি ফ্রান্স, বেলজিয়াম ও ইতালির সমালোচনা করেন।

পাকিস্তানের সঙ্গে সীমান্তসংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেও জানান তিনি। ইরাকের বিষয়ে বাঘাই সতর্ক করে বলেন, বাগদাদের ওপর যুক্তরাষ্ট্রের চাপ দেশটির জনগণ ও ইরাক-ইরান সম্পর্কের ক্ষতি করতে পারে।

সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, এক দেশের অস্থিতিশীলতা অন্য দেশেও প্রভাব ফেলতে পারে। রিয়াদ ও সানার মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হওয়া উচিত। এ ক্ষেত্রে তেহরান সহযোগিতা করতে প্রস্তুত। তার মতে, সামরিক পদক্ষেপ সমস্যাকে আরও জটিল করে তোলে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এতে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ে এবং হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল ব্যাহত হয়। গত ১৮ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত বন্ধ এবং জলপথটি পুনরায় চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করেন। তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে কূটনৈতিক প্রচেষ্টা এখনও বাধার মুখে রয়েছে।

সূত্র: এইনি সাফাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
দাবি কংগ্রেস নেতার

অরুণাচলে ৫০ কিমি ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনা: অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


অরুণাচলে ৫০ কিমি ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনা: অভিযোগ

ভারতের অরুণাচল প্রদেশের ভেতরে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত চীনা সেনাবাহিনী ঢুকে পড়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যটির কংগ্রেস সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী বসিরাম সিরাম।

অন্যদিকে, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, সীমান্তে চীনের কোনো অনুপ্রবেশ ঘটছে বলে তার বিশ্বাস নেই।

সোমবার (২৬ অক্টোবর) বসিরাম সিরাম অভিযোগ করেন যে, অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার বিভিন্ন স্থানে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সদস্যরা অবস্থান নিয়েছে। তিনি এ পরিস্থিতিতে সীমান্তের প্রকৃত অবস্থা জানার জন্য একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।

সিরাম জানান, ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত তার নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধিদল সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছে। তারা ইটানগর থেকে নাচো হয়ে লাইমেকিং ও তাকসিং এলাকায় গিয়েছিল এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছেন।

সিরামের দাবি, চীনা সেনারা ভারতের ভূখণ্ডের ৪০ থেকে ৫০ কিলোমিটার ভেতরে অগ্রসর হয়েছে এবং পাহাড়ের উঁচু এলাকাগুলোতে তাদের অবস্থান রয়েছে। তিনি বলেন, “চীনা সেনারা ইতোমধ্যে ভারতের ভূখণ্ডের ৪০ থেকে ৫০ কিলোমিটার ভেতরে চলে এসেছে। বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। পাহাড়ের চূড়ায় তাদের দেখা যায়, আর আমরা রয়েছি নিচে।”

এর আগে, গত জুনে নাহ ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি স্থানীয় সংগঠন অভিযোগ করেছিল যে, তাকসিংয়ের কাছে চীনা সেনাবাহিনী তাদের উপস্থিতি বাড়িয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী ওই অভিযোগকে ‘ভুল ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। আগস্টে অরুণাচল প্রদেশের পিপলস পার্টির একটি প্রতিনিধিদলও দাবি করেছে, গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ভারতীয় টহল দলকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু চীনের ৬০ কিলোমিটার অনুপ্রবেশের অভিযোগ নাকচ করলেও, সীমান্তের উঁচু এলাকাগুলোতে চীনের তৎপরতা বেড়েছে বলে তিনি স্বীকার করেছেন।

সরকারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করার বিষয়ে প্রশ্ন তুলে সিরাম বলেন, সীমান্তে কোনো অনুপ্রবেশ বা আগ্রাসী তৎপরতা না ঘটলে কেন স্থানীয় বাসিন্দারা বারবার এমন অভিযোগ তুলছেন? এসব অভিযোগকে গুজব বলে উড়িয়ে না দিয়ে একটি নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন।

তিনি আরও দাবি করেন, আসাফিলাসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা চীনের নিয়ন্ত্রণে চলে গেছে এবং অনলাইন মানচিত্র থেকেও কিছু এলাকা অদৃশ্য হয়ে গেছে বলে অভিযোগ করেন। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%