রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৪৫ পি.এম
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : মিরপুরের ‘রাড্ডা’ স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নয়জনকে আটক করেছে।
ডিএমপির একটি সংক্ষিপ্ত বার্তায় আজ জানানো হয়েছে যে, পুলিশ স্বাস্থ্য কেন্দ্রটি থেকে লুট করা দুই ট্রাকভর্তি মালামালও উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার মধ্যরাতে স্বাস্থ্য কেন্দ্রটিতে হামলা চালানো হয়। এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার চার তিউনিসীয় কর্মীকে দীর্ঘদিন ধরে বিচার শুরুর আগে আটক রাখার কারণে তাদের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। আটক হওয়া ওয়ায়েল নাওয়ার ৩৮ দিন অনশনের পর তা স্থগিত করলেও, ঘাসসান হেনচিরি, ঘাসসান বুগদিরি ও নাবিল চেন্নুফি অনশন অব্যাহত রেখেছেন বলে তাদের পরিবার ও সমর্থকেরা জানিয়েছেন। একই সঙ্গে চারজনের মুক্তির দাবি জোরালো হয়েছে।
ওয়ায়েল নাওয়ারের পরিবার জানিয়েছে, বাবার আটক হওয়ার পর তার নয় বছর বয়সী ছেলে ইয়াসারের আচরণে পরিবর্তন দেখা দিয়েছে। রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠায় সে এখন মায়ের সঙ্গে ঘুমায়। স্কুলে তার ফলাফলও খারাপ হয়েছে বলে জানিয়েছেন তার দাদা হিশাম নাওয়ার। চার বছর বয়সী ছোট মেয়ে সুমুদও বুঝতে পারছে না কেন তার বাবা কারাগারে।
হিশাম বুধবার তিউনিসের আপিল আদালতের বাইরে এসব কথা বলেন। সেখানে তিনি ওয়ায়েলের আটকাদেশের বিরুদ্ধে করা সর্বশেষ আবেদনের শুনানি অনুসরণ করতে গিয়েছিলেন। ছেলের সঙ্গে কারাগারে সাক্ষাতের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, ওয়ায়েলের মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, পানি পান করলে বমি হওয়া এবং বাম পা নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে।
৪১ বছর বয়সী ওয়ায়েল ১৬ আগস্ট দীর্ঘদিনের আটকাদেশের প্রতিবাদে অনশন শুরু করেন। ৩৮ দিন পর আইনজীবী ও সমর্থকদের অনুরোধে তিনি অনশন স্থগিত করেন। তবে তিনি তার দাবিগুলো থেকে সরে আসেননি বলে জানিয়েছেন।
অন্য তিন আটক কর্মী ঘাসসান হেনচিরি, ঘাসসান বুগদিরি ও নাবিল চেন্নুফি ৯ সেপ্টেম্বর থেকে অনশন করছেন বলে তাদের পরিবার ও সমর্থকেরা জানিয়েছেন। দীর্ঘ অনশনের কারণে তাদের শারীরিক অবস্থার অবনতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
চারজনকেই মার্চে আটক করা হয়। তিউনিসিয়ার অর্থনৈতিক ও আর্থিক বিচার বিভাগীয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জন্য সংগৃহীত অর্থের ব্যবস্থাপনায় কথিত আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাপের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সংগৃহীত অর্থের উৎস ও ব্যবহার এবং এর কোনো অংশ অন্য কাজে সরিয়ে নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আটক চার কর্মী ও তাদের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের কেউই এখনো কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি। আইনজীবীদের প্রশ্ন, তদন্ত চলাকালে তাদের কেন দীর্ঘ সময় কারাগারে রাখা হচ্ছে।
১১ সেপ্টেম্বর চারজনের বিচার শুরুর আগের আটক আরও চার মাস বাড়ানো হয়। এর বিরুদ্ধে করা আবেদন ২৩ সেপ্টেম্বর তিউনিসের আপিল আদালত খারিজ করে দেয়। ফলে তদন্ত চলাকালে আরও চার মাস তাদের কারাগারে থাকতে হবে।
আইনজীবী ঘাসসান ঘরিবি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, তদন্তের ছয় মাসে জিজ্ঞাসাবাদ ছাড়া উল্লেখযোগ্য কোনো তদন্তমূলক কাজ করা হয়নি। তার দাবি, আটকাদেশ বাড়ানোর জন্য স্পষ্ট ও আইনসম্মত কারণ থাকা প্রয়োজন।
তবে তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে, মামলাটি ফ্লোটিলার রাজনৈতিক বা ফিলিস্তিনপন্থী কর্মকাণ্ড নিয়ে নয়। বরং সংগৃহীত অর্থের ব্যবস্থাপনা নিয়ে আর্থিক তদন্তের অংশ হিসেবে এই মামলা হয়েছে। সরকার বিচার বিভাগকে স্বাধীন এবং আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও দাবি করেছে।
এদিকে চার কর্মীর মুক্তির দাবিতে ১৯ সেপ্টেম্বর তিউনিসে বিক্ষোভের পর আরও ১৪ জনকে বিচার শুরুর আগে আটক করা হয়েছে বলে আইনজীবী রাফেদ রাব্বেহ জানিয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ১৭ বছর বয়সী একজনও রয়েছে, যাকে কিশোর আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে জনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে সমাবেশে অংশ নেওয়া এবং সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ ছাড়া বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ তোলাসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।
ঘাসসান হেনচিরির পরিবারও তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। তার বাবা সেবতি জানিয়েছেন, ৯ সেপ্টেম্বর থেকে অনশনে থাকা ছেলে দৃশ্যত দুর্বল হয়ে পড়েছে। আটক হওয়ার সময় মাথায় পাওয়া আঘাতেরও এখনো প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা হয়নি বলে পরিবারের অভিযোগ। ঘাসসানের একটি কিডনি এবং পিঠের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে বলেও তার পরিবার জানিয়েছে।
তিউনিসিয়ার নাগরিক সমাজের ওপর চাপ বাড়ার বিষয়েও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ দেশটিতে নাগরিক সমাজের কর্মীদের বিরুদ্ধে আর্থিক ও অর্থপাচারবিরোধী তদন্ত ব্যবহারের বিষয়ে প্রশ্ন তুলেছে। তবে তিউনিসিয়ার সরকার বিচারব্যবস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এই মামলার প্রভাব আটক কর্মীদের পরিবারের জীবনেও পড়েছে। কারাগারে সাক্ষাৎ, স্বজনদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এবং বাবারা কবে বাড়ি ফিরবেন, তা নিয়ে শিশুদের প্রশ্ন এখন পরিবারগুলোর দৈনন্দিন বাস্তবতার অংশ হয়ে উঠেছে। ওয়ায়েলের ছেলে ইয়াসার এখনো বাবার ফেরার অপেক্ষায় আছে। তথ্যসূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে, যা একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শুরু হয়।
এই সংঘর্ষটি রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাবের কাছে গ্রিন রোডের মুখে সংঘটিত হয়। সংঘর্ষের ফলে সাইন্সল্যাব মোড় সংলগ্ন সকল সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
বিস্তারিত আসছে ....
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ হাওরে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। দিগন্তজোড়া সবুজ ধানক্ষেত যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। হালকা বাতাসে ধানের ছড়াগুলো হেলেদুলে দুলছে, আর সেই দৃশ্য কৃষকদের মনে এনে দিয়েছে আনন্দ ও নতুন স্বপ্ন।
স্থানীয় কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া ও সময়মতো চাষাবাদের ফলে ধানের গাছ সুস্থ ও সবল হয়েছে। মাঠজুড়ে সবুজের সমারোহ দেখে তারা আশাবাদী—এবার ঘরে উঠবে ভালো ফলন, পূরণ হবে বছরের কষ্টের প্রতিদান।
হাওরের বুকজুড়ে দুলতে থাকা ধানের ছড়া শুধু একটি ফসলের নয়, এটি কৃষকের পরিশ্রম, আশা ও জীবিকার প্রতীক। এখন সবার একটাই প্রার্থনা—মৌসুমের শেষ পর্যন্ত যেন কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে এবং কৃষক যেন তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সোহান খান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোহান উপজেলার গোপালপুর দক্ষিণপাড়া গ্রামের মনিরুল ইসলাম বিটুল খানের ছেলে এবং কামারগ্রাম কাঞ্চন একাডেমির ষষ্ঠ শ্রেণির ‘ক’ শাখার শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার হঠাৎ জ্বরে আক্রান্ত হয় সোহান। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
সোহানের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কামারগ্রাম কাঞ্চন একাডেমির সহকারী শিক্ষক মহাসীন আলম বলেন, সোহান অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে শিশুটির মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। মশক নিধন ও জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ