শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
০১:১২ পি.এম
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং তার ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো শুক্রবার দ্বিতীয় ও শেষবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন।
রোববারের চূড়ান্ত দফার ভোটের আগে সিদ্ধান্তহীন ভোটারদের সমর্থন অর্জনের লক্ষ্যে দুই প্রার্থীই শেষ মুহূর্তের প্রচেষ্টা চালাচ্ছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো লুলার চেয়ে দুই শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছিলেন। তিনি মোট ভোটের ৪৭ শতাংশ অর্জন করেছিলেন।
ফ্লাভিওর এই অপ্রত্যাশিত অগ্রগতি ব্রাজিলের বামপন্থিদের সক্রিয় করে তুলেছে। রোববারের রান-অফ বা দ্বিতীয় দফার ভোটের আগে দেশজুড়ে বড় বড় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ৮১ বছর বয়সের কাছাকাছি পৌঁছানো বর্তমান প্রেসিডেন্ট লুলাও শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার জোরদার করেছেন। তিনি নিজের হাতে মোবাইল ধরে ভিডিও প্রকাশ করছেন।
এমনকি জীবনে প্রথমবারের মতো একটি মুঠোফোনও কিনেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ডেটাফোলহা ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, দুই প্রার্থীরই ভোটারদের সমর্থন ৫০ শতাংশ করে। অথচ দুই সপ্তাহ আগে প্রকাশিত জরিপে ফ্লাভিও বলসোনারো চার শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন।
রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ডোমিনিয়ামের পরিচালক ও রাজনৈতিক বিশ্লেষক লিয়ান্দ্রো গাবিয়াতি এএফপিকে বলেন, ‘লুলার জনপ্রিয়তা বাড়ছে। তবে প্রতিদ্বন্দ্বিতার গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে—এমন কোনো নির্ণায়ক আঘাত তিনি এখনো হানতে পারেননি। এই বিতর্কই হতে পারে তার শেষ সুযোগ।’
শুক্রবার রাতে রিও ডি জেনেইরোতে দেশটির বৃহত্তম টেলিভিশন নেটওয়ার্ক টিভি গ্লোবো আয়োজিত বিতর্কের দিকে তাকিয়ে আছেন ব্রাজিলের ভোটাররা।
রোববার অনুষ্ঠিত প্রথম বিতর্ক দ্রুতই পাল্টাপাল্টি অপমান ও কটাক্ষে রূপ নেয়। ফলে সেখানে নীতিগত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ খুব কম ছিল।
রিওর দন্তচিকিৎসক লিজি মোরেইরা এএফপিকে বলেন, ‘বিতর্কগুলো আবারও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মতো পর্যায়ে নেমে গেছে, যা একেবারেই অযৌক্তিক।’
৬০ বছর বয়সী মোরেইরা বলসোনারোকে ভোট দেবেন। তার মতে, লুলার নীতিগুলো ‘জনতুষ্টিবাদী’।
‘ভুয়া খবর’ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
বিতর্কে দুই প্রার্থীর বক্তব্য তাৎক্ষণিকভাবে যাচাই করার ব্যবস্থা চালুর দাবিতে অনলাইনে একটি আবেদন করা হয়েছে। এতে ১০ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আবেদনকারীরা টিভি গ্লোবোকে সরাসরি তথ্য যাচাইয়ের ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন।
নির্বাচনী প্রচারে ব্যাপক হারে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে তুলেছে।
বুধবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ফোর্তালেজায় এক নির্বাচনী সমাবেশে ফ্লাভিও বলসোনারো বলেন, তাকে ‘অনেক ভুয়া খবরের’ জবাব দিতে হয়েছে। বিশেষ করে ব্যয় কমানোর জন্য তিনি সামাজিক কল্যাণ কর্মসূচি বন্ধ করে দেবেন—এমন অভিযোগের প্রতিবাদ জানান তিনি।
লাতিন আমেরিকার অন্যান্য ডানপন্থি নেতার মতো ফ্লাভিওও কঠোর নিরাপত্তানীতির পক্ষে অবস্থান নিয়েছেন।
তিনি জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং লুলাকে রাজনীতি থেকে ‘অবসর নেওয়ার’ আহ্বান জানিয়েছেন।
জবাবে লুলা বলেছেন, ‘পরিবর্তন মানে মানুষের অধিকার কেড়ে নেওয়া নয়।’
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তেতে এক বামপন্থি সমাবেশে ২২ বছর বয়সী গ্যাব্রিয়েলা ফেরেইরা বলেন, ‘লুলা আমার সবকিছুর প্রতিনিধিত্ব করেন। আমি দরিদ্র। আমি একজন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করতে আমি বৃত্তির ওপর নির্ভরশীল।’
সাবেক শ্রমিকনেতা লুলা নিজেকে গণতন্ত্রের রক্ষক হিসেবে তুলে ধরছেন। বলসোনারো পরিবারের আবার ক্ষমতায় ফেরার বিরোধিতার ওপরও তিনি অনেকাংশে নির্ভর করছেন।
২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজয়ের পর অভ্যুত্থানের চেষ্টা করার দায়ে জাইর বলসোনারো ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা বিএনপি। শুক্রবার সকালে হাসপাতালের নতুন ভবনের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এই কার্যক্রম শুরু হয়।
অভিযান চলাকালে দলের নেতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। বিশেষভাবে ডেঙ্গু প্রতিরোধের জন্য হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনাসহ জেলা, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন।
বিএনপির নেতাকর্মীরা জানান, দূর-দূরান্ত থেকে আসা রোগীরা হাসপাতালে এসে দালালদের দৌরাত্ম্যের কারণে সঠিকভাবে চিকিৎসা সেবা পান না। এই দালালদের দৌরাত্ম্য কমাতে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, হাসপাতাল হচ্ছে মানুষের সেবার জায়গা। এই হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। হাসপাতালের সার্বিক পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে জেলা বিএনপির পক্ষ থেকে স্থায়ীভাবে দুজন পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) নিয়োগ দেওয়া হবে। হাসপাতালে এসে রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখা হবে।
এখানে কোনো অনিয়ম সহ্য করা হবে না। ভবিষ্যতে হাসপাতালে নিয়মিতভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি নতুন করে গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে, এবং আখতার হোসেনকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টার থেকে দলের অস্থায়ী কার্যালয়ে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং হাসনাত আব্দুল্লাহ। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন- অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন এবং মাওলানা আশরাফ মাহাদী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউড অভিনেতা আমির খান দীর্ঘ ক্যারিয়ারে একাধিক সিনেমায় অভিনয় করে সাফল্য অর্জন করেছেন। তবে কাজের জন্য ছুটতে গিয়ে তিনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিবারের পাশে থাকতে পারেননি। তিন দশকের ক্যারিয়ারের দিকে ফিরে তাকিয়ে এই আক্ষেপের কথা জানালেন তিনি। কথার সময় আবেগপ্রবণ হয়ে কেঁদেও ফেলেন আমির।
বৃহস্পতিবার সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমির নিজের ক্যারিয়ারের কঠিন সময় ও ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। এ আয়োজনে তাকে ‘স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্যারিয়ারের দুর্বল মুহূর্তগুলো নিয়ে প্রশ্ন করা হলে তিনি কাজের প্রতি অতিরিক্ত মনোযোগের কারণে পরিবারকে সময় দিতে না পারার বিষয়টি তুলে ধরেন।
আমির জানান, করোনাভাইরাস মহামারির সময় তিনি নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। তখনই উপলব্ধি করেন, কাজ করতে গিয়ে জীবনের অনেকটা সময় তিনি পার করে ফেলেছেন।
তিনি বলেন, ‘এক বছর, দুই বছর কিংবা পাঁচ বছর কোনো কাজে পাগলের মতো ডুবে থাকা যায়। কিন্তু এভাবে যদি ৩০ বছর কেটে যায়, তাহলে সম্পর্কগুলো হারিয়ে যায়। আপনার সন্তানেরা বড় হয়ে যায়, তারা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। তখন আমার মনে হয়েছে, আমি জীবনের অনেক কিছু হারিয়েছি।’
কথা বলতে গিয়ে আবেগ সামলাতে পারছিলেন না আমির। একপর্যায়ে তিনি চোখের পানি মুছে উপস্থিত দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন। এ সময় দর্শকেরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান।
এই উপলব্ধির পর তিনি জীবনের অগ্রাধিকারে পরিবর্তন এনেছেন বলে জানান। গত চার বছর ধরে তিনি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের জন্য বেশি সময় রাখার চেষ্টা করছেন।
আমির বলেন, ‘আমি কৃতজ্ঞ যে ৫৬ বছর বয়সে এই উপলব্ধি হয়েছে, ৮৬ বছর বয়সে নয়। তখন হয়তো কিছু করার জন্য সত্যিই অনেক দেরি হয়ে যেত।’
অনুষ্ঠানে আমির ক্যারিয়ারের শুরুর দিকে কঠিন সময়ের কথাও স্মরণ করেন। ১৯৮৮ সালে কেয়ামাত সে কেয়ামত তাক সিনেমার সাফল্যের পর মাত্র ছয় মাসের মধ্যে নয়টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। পরে বুঝতে পারেন, একসঙ্গে অনেকগুলো সিনেমার দায়িত্ব নিয়ে ফেলেছেন। এর মধ্যে একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হতে শুরু করে।
আমির জানান, তখন বাড়ি ফিরে কাঁদতেন এবং তৎকালীন স্ত্রী রিনা দত্তের সঙ্গে নিজের কষ্টের কথা ভাগ করে নিতেন। পরপর সিনেমা ব্যর্থ হওয়ায় তাকে ‘ওয়ান-ফিল্ম ওয়ান্ডার’ বা একটি সিনেমার সাফল্যে পরিচিত পাওয়া অভিনেতা বলেও আখ্যা দেওয়া হয়েছিল।
সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে আমির বলেন, ‘মানসিক ও আবেগের দিক থেকে মনে হতো, আমি যেন চোরাবালিতে আটকে গেছি। বেরিয়ে আসার জন্য যত চেষ্টা করতাম, ততই আরো গভীরে ডুবে যাচ্ছিলাম।’
এদিকে বহুল আলোচিত থ্রি ইডিয়টস সিনেমার সিক্যুয়েল নিয়েও কথা বলেছেন আমির। ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে আমিরের সঙ্গে অভিনয় করেছিলেন আর মাধবান, শারমান জোশি ও কারিনা কাপুর খান।
আমির জানান, সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালক রাজকুমার হিরানি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার দেশে ফেরার পর চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণ শোনার আশা করছেন তিনি।
এ প্রসঙ্গে আমির বলেন, ‘এতটুকু বলতে পারি, হ্যাঁ, রাজু চিত্রনাট্য নিয়ে কাজ করছে। আশা করছি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমি ফিরে এলে সে আমাকে চূড়ান্ত চিত্রনাট্য শোনাবে। এখন শুধু ভালো কিছুর আশায় আছি।’
সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসবে সম্মাননা
সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড’ পেয়েছেন আমির খান। হংকংভিত্তিক চলচ্চিত্র নির্মাতা পিটার চ্যান হো-সান তার হাতে এ সম্মাননা তুলে দেন।
পুরস্কার পেয়ে আমির বলেন, চলচ্চিত্র নির্মাণ একটি সম্মিলিত শিল্পমাধ্যম, যেখানে অনেক মানুষ একে অন্যের কাজে অবদান রাখেন। পিটার চ্যানের হাত থেকে সম্মাননা পাওয়ায় এটি তার কাছে বিশেষ তাৎপর্য বহন করছে বলেও জানান তিনি।
এর আগে ২০১৭ সালে সিক্রেট সুপারস্টার সিনেমা নিয়ে এ উৎসবে অংশ নিয়েছিলেন আমির। এবারের উৎসবে তার প্রযোজিত ও অভিনীত ২০০১ সালের সিনেমা লাগান-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।
দীর্ঘ ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনে কাজের জন্য করা ত্যাগের কথাও এ অনুষ্ঠানে তুলে ধরেন আমির। তার বক্তব্যে উঠে আসে, জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে সময় দেওয়ার বিষয়টি নতুন করে উপলব্ধি করে কীভাবে নিজের অগ্রাধিকার বদলেছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৮ নং সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম মনির।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার সেহাঙ্গল বাজারে বিএনপির কার্যালয়ে সমর্থকদের নিয়ে তিনি এ ঘোষণা দেন।
মো. জহিরুল ইসলাম মনির ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। তিনি সমুদয়কাঠী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, কাউখালী কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেছারাবাদ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি এর আগে সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ছিলেন।
প্রার্থী হওয়ার বিষয়ে মো. জহিরুল ইসলাম মনির বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছি। অতীতেও জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার উন্নয়নে কাজ করব। পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। এলাকার উন্নয়ন, নাগরিক সেবা, যোগাযোগব্যবস্থা এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়গুলো বিবেচনা করে ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে চান। তবে নির্বাচনে কে কতটা জনসমর্থন পাবেন, তা সময়ই বলে দেবে।
উল্লেখ্য, সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে নিজের নির্বাচনী অবস্থান জানান দিলেন মো. জহিরুল ইসলাম মনির। তবে নির্বাচনে তাঁর দলীয় মনোনয়ন এবং অন্যান্য একাধিক সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে মৌখিক গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত প্রার্থীদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এমনকি ইউপি নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কেহ প্রার্থিতা ঘোষণা করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ