ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনর্নির্ধারণের সময়সূচি প্রকাশ


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনর্নির্ধারণের সময়সূচি প্রকাশ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা এবং বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (১২ অক্টোবর) ভোর ৩টা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানা গেছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৩৯ এবং বিজি৩৪০ অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকা-রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৩৯ ফ্লাইটটি ১১ অক্টোবর রাত ২টা ৫ মিনিটে ঢাকা ছাড়ার পরিকল্পনা ছিল। ফ্লাইট এবং সময়সূচি সম্পর্কে সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টায় সকলকে অবহিত করা হবে।

আরও পড়ুন: কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতের ঘটনায় জামায়াতের শোক

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুঃখ প্রকাশ করেছেন। এ বিষয়ে তারা যাত্রীদের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদস্থ বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।

আরও পড়ুন: সাংবাদিক তারিকুল ইসলামের মা মুগদা হাসপাতালে ইন্তেকাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলবে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


মতলবে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) স্থানীয় আলেম-ওলামাদের উদ্যোগে এই কর্মসূচিটি পালন করা হয়।

উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের জামালপুর গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম-ওলামাসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি মতলব উত্তর থানার সামনে থেকে শুরু হয়ে ছেংগারচর স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে মুনাজাত অনুষ্ঠিত হয়।

মাওলানা ইমরান হোসেনের পরিচালনায় এই কর্মসূচিতে বক্তব্য দেন ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা আফজাল খান, মাওলানা আব্দুল ফরাজি, মাওলানা হারুন রশীদ, মাওলানা আবু সালেহ, মাওলানা কাউসার হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা তাজুল ইসলামসহ স্থানীয় আলেম-ওলামারা।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রচলিত আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাঁরা একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গত শুক্রবার (৯ অক্টোবর) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে আবুল হাসেম নামের এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় নৌবাহিনী ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


চাঁদপুরে মা ইলিশ রক্ষায় নৌবাহিনী ৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

চাঁদপুরে মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে, বিশেষ অভিযানে ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল এবং অন্যান্য ২২টি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।

রোববার জেলার বিভিন্ন নদ-নদীতে পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করা হয়।

নৌবাহিনী জানায়, চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লাঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে, স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাঁদপুর নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফায়িজ কাফী জানান, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে নৌবাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

তিনি আরও জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন এবং মৎস্যসম্পদ রক্ষায় নৌবাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। নির্ধারিত এই প্রজনন সময়ে নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে নৌবাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হালিশহরে ‘কাটা বাবুল’ গ্যাংয়ের তাণ্ডব: ব্যবসায়ীকে অপহরণ, ছিনতাই ও হত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

​চট্টগ্রাম প্রতিনিধি

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


হালিশহরে ‘কাটা বাবুল’ গ্যাংয়ের তাণ্ডব: ব্যবসায়ীকে অপহরণ, ছিনতাই ও হত্যার চেষ্টা

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোরগ্যাং ‘কাটা বাবুল’ বাহিনী। চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি চাঁদা না দেওয়ায় আলী মর্তুজা অভি নামে এক স্থানীয় ব্যবসায়ীকে অপহরণ, বর্বর নির্যাতন ও টাকা-পয়সা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার (৮ নম্বর রোড, চৌধুরী ভবন) বাসিন্দা মো. আলী আকবরের ছেলে ব্যবসায়ী আলী মর্তুজা অভির কাছে দীর্ঘদিন ধরে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল 'কাটা বাবুল' গ্যাংয়ের সদস্যরা। অভি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে একটি পরিত্যক্ত গুদামে আটকে রেখে জোরপূর্বক চাঁদা আদায় করে।
এ ঘটনায় ভুক্তভোগী অভি হালিশহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ১৫ সেপ্টেম্বর (২০২৬) রাত আনুমানিক ১১:৩০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ‘শাহজাহান স্টোর’-এ সন্তানের জন্য দুধ কিনতে যান অভি। এসময় ২টি সিএনজি অটোরিকশা ও ১টি ব্যাটারিচালিত রিকশায় এসে ১০-১২ জনের একটি সশস্ত্র দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা অভির মুখে চেতনানাশক স্প্রে ছিটিয়ে বেধড়ক মারধর শুরু করে এবং অপহরণের চেষ্টা চালায়। এসময় তার সাথে থাকা নগদ ৩২ হাজার টাকা, ভোটার আইডি কার্ড, ব্যাংকের ডেবিট কার্ড ও ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
ঘটনার আকস্মিকতায় সাকিব নামে এক স্থানীয় যুবক ও কয়েকজন পথচারী এগিয়ে এসে অভিকে উদ্ধার করেন। পরবর্তীতে এ ঘটনায় হালিশহর থানায় দ্বিতীয়বারের মতো অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
দায়ের করা অভিযোগে আসামি করা হয়েছে—
১. মো. কুদ্দুস,
২. শাহেদ (২৫) (৭ নং মেয়র রোড),
৩. মো. রানা (৩৫) (ফইল্যাতলী বাজার),
৪. মো. নাদিম (২৭) (হাজারদিঘীর পাড়, ধোপাপাড়া),
৫. মো. রাজিব (২৪) (গোপাল খাঁ চৌধুরী বাড়ি, ধোপাপাড়া),
৬. রাকিব (২৩) (হাজারদিঘীর পাড়),
৭. আজাদ (৪০) (চীনা বাড়ি, ধোপাপাড়া) এবং
৮. মো. মামুন (৩৫) (কাজী মসজিদ এলাকা, সাগরিকা, পাহাড়তলী)।
এছাড়াও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
হামলার নৃশংসতার বিবরণ দিয়ে আহত অভি জানান, ২ নম্বর আসামি তার হাতে এবং ৩ নম্বর আসামি লাঠি দিয়ে নাকে সজোরে আঘাত করে। ৪, ৫ ও ৬ নম্বর আসামি লাঠি দিয়ে তার হাত, পা ও শরীরে অনবরত পেটাতে থাকে। ৭ ও ২ নম্বর আসামি তার পা ধরে উল্টো করে ঝুলিয়ে রাখে এবং ৮ নম্বর আসামি সজোরে কানে আঘাত করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে 'চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে' ভর্তি করান (পেশেন্ট আইডি: PT261011858)।
ভুক্তভোগী ব্যবসায়ী আলী মর্তুজা অভি জানান, সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা, অপহরণ ও ছিনতাইয়ের উদ্দেশ্যে পরপর দুইবার হামলা চালিয়েছে। তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে পুলিশি পদক্ষেপ এবং সন্ত্রাসী ‘কাটা বাবুল’ গ্যাংয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ' মেয়ের বিচার চাইতে গিয়ে উল্টো মামলার মুখে মা-বাবা

আন্তর্জাতিক ডেস্ক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃমোঃআসাদুজ্জামান

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


মাদারীপুরে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ

মাদারীপুরে পাঁচ বছরের শিশুকন্যার প্রতি যৌন নিপীড়নচেষ্টার অভিযোগের বিচার পাওয়ার আকুতি, অন্যদিকে পাল্টা মামলার চাপ ও নিরাপত্তাহীনতার শঙ্কা। সন্তানের জন্য ন্যায়বিচার চাইতে গিয়ে উল্টো আইনি জটিলতায় পড়ার অভিযোগ তুলেছেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার এক দম্পতি। তাঁদের অভিযোগ, চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে নিপীড়নের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দেওয়ার পর তাঁদের বিরুদ্ধে জমিসংক্রান্ত মামলা করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

শিশুটির পরিবারের অভিযোগ, একই এলাকার হাবিবুর রহমান সিকদার ওরফে হাবুল সিকদার এ ঘটনার সঙ্গে জড়িত। গত ৬ অক্টোবর শিশুটির মা কালকিনি থানায় লিখিত এজাহার দেন। তবে এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি বলে অভিযোগ করেছে পরিবারটি।
চকলেটের প্রলোভনে ঘরে নেওয়ার অভিযোগ
শিশুটির মায়ের দেওয়া এজাহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সকাল ১১টার দিকে কালকিনি উপজেলার মধ্য সাহেবরামপুর এলাকায় বাড়ির সামনের পাকা রাস্তা থেকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে অভিযুক্তের বসতঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে ঘরের সামনের কক্ষে একটি খাটের ওপর শিশুটিকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ করা হয়েছে।
মেয়েকে খুঁজতে খুঁজতে অভিযুক্তের বাড়ির কাছে গিয়ে ঘরের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পান শিশুটির মা। পরে ঘরের বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে শিশুটিকে অভিযুক্তের সঙ্গে দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সেখান থেকে চলে যান। ঘটনার পর পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে প্রতিকার চান। সেখানে সমাধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেন শিশুটির মা।
বিচার চাইতে গিয়ে পাল্টা মামলার অভিযোগ
শিশুটির পরিবারের দাবি, যৌন নিপীড়নচেষ্টার অভিযোগে এজাহার দেওয়ার পর তাঁদের বিরুদ্ধে জমিসংক্রান্ত মামলা করা হয়েছে। আগে ওই জমি নিয়ে অভিযুক্ত পক্ষের সঙ্গে তাঁদের কোনো বিরোধ ছিল না বলেও দাবি তাঁদের। বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মামলা তুলে নিতে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে পরিবারটি।
স্থানীয় বাসিন্দা আকলিমা, সোনিয়া, তানিয়া ও রুমকির অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি এর আগেও শিশুদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।স্থানীয় বাসিন্দা সালাম হাওলাদার, রুবেল সিকদার, আলমার শিকদার, আলমগীর শিকদার ও বেলায়েত মাতুব্বরসহ কয়েকজনের দাবি, পরিবারটিকে নিরাপত্তা দিতে হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।
শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার নিষ্পাপ বাচ্চাকে চকলেটের প্রলোভন দেখিয়ে এভাবে খারাপ কাজ করার চেষ্টা করবে, কখনো ভাবতে পারিনি। আমি আমার মেয়ের ঘটনার বিচার চাই। এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুর সঙ্গে কেউ এমন করার সাহস না পায়।”
শিশুটির বাবা বলেন, “আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই। মামলা করার কয়েক দিন পার হয়ে গেলেও পুলিশ আসামিকে ধরতে পারেনি বলে আমাদের অভিযোগ। উল্টো অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় আমাকেও আসামি করা হয়েছে।”
বিক্ষোভের পর বাড়িতে অগ্নিসংযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর সন্ধ্যায় অভিযুক্তের বিচারের দাবিতে সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযুক্তের স্ত্রী দেলোয়ারা বেগম তাঁদের বিরুদ্ধে পাল্টা জমিসংক্রান্ত মামলা করার কথা স্বীকার করেছেন। তিনি জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করার পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর তাঁরাও বাদীপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। মামলার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শিশুটির পরিবারের প্রত্যাশা, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, ন্যায়বিচার এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%