মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:০১ পি.এম
দেশের কারা ব্যবস্থাপনার স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়া গতিশীল রাখতে কারা অধিদপ্তরের আইন শাখার (ডেপুটি জেলার-আইন) দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং বন্দীদের আইনি অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এই শাখার কার্যক্রম নিবিড়ভাবে তদারকির ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রশাসনিক মহল। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে দলীয় বিবেচনা বা কোটায় নিয়োগের কোনো অনিয়ম হয়েছিল কি না, তা খতিয়ে দেখে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিও উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র ও প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, কারা অধিদপ্তরের আইন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজের পরিধি অত্যন্ত ব্যাপক। দাপ্তরিক বিধিবিধান অনুযায়ী, এই শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতার অভাব ঘটলে প্রশাসনিক জটিলতা ও ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
সংশ্লিষ্ট মহলের মতে, প্রশাসনিক তদারকির আওতায় থাকা গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো হলো:
* নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা যাচাই: জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রভাব বা অনিয়মের অভিযোগ বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। কারা অধিদপ্তরের মতো সংবেদনশীল সংস্থার আইন শাখায় দায়িত্বরত কর্মকর্তাদের নিয়োগে কোনো ধরনের দলীয় আনুগত্য বা পক্ষপাতিত্বের প্রভাব ছিল কি না, তা বিধি অনুযায়ী পর্যালোচনা করা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, দায়িত্ব পালনের ক্ষেত্রে যেকোনো রাজনৈতিক পক্ষপাত পরিহার করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা জরুরি।
* মামলা ও নথিপত্র ব্যবস্থাপনা: কারা অধিদপ্তরের বিভিন্ন প্রশাসনিক বা বিভাগীয় মামলার নথি যথাযথভাবে উপস্থাপন, তথ্য সংরক্ষণ এবং মামলা নিষ্পত্তিতে অহেতুক দীর্ঘসূত্রিতা পরিহার করা।
* আইনি মতামত ও সুপারিশ: কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, বদলি কিংবা শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক প্রভাব ছাড়াই সম্পূর্ণ নিরপেক্ষ ও বিধি অনুযায়ী আইনি মতামত প্রদান নিশ্চিত করা।
* বন্দীদের আইনি সহায়তা ও জামিন প্রক্রিয়া: কারাবন্দীদের মামলার নথিপত্র, আপিল কিংবা জামিন সংক্রান্ত জরুরি কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে আদালতে পাঠানো এবং এ প্রক্রিয়ায় যেকোনো ধরনের হয়রানি বা অনিয়ম রোধ করা।
* ক্রয় ও ঠিকাদারি সংক্রান্ত আইনি যাচাই: কারাগারের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, কেনাকাটা বা ঠিকাদারি চুক্তির আইনি বৈধতা যাচাইয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) কঠোরভাবে অনুসরণ করা।
প্রশাসন ও আইন বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ সংস্থায় যেকোনো ধরনের প্রশাসনিক অনিয়ম, পক্ষপাতিত্ব বা ক্ষমতার অপব্যবহার রোধে অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়মিত তদারকি ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
এ বিষয়ে কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে জানানো হয়, দাপ্তরিক প্রতিটি শাখায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে নিয়মিত তদারকি করা হয় এবং নিয়োগ বা দাপ্তরিক কাজে সুনির্দিষ্ট কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে প্রচলিত সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ও প্রাসঙ্গিক আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় অর্থের বিনিময়ে তাঁদের সীমান্ত পার হতে সহায়তার অভিযোগে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তবে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আটক দুজনের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।
আটক কিশোররা হলেন হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কর্ণজোড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই দুই কিশোরকে আটক করেন বিজিবি সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোররা জানান, ভারতে বসবাসরত তাঁদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে তাঁরা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। এ কাজে অর্থের বিনিময়ে তাঁদের সহায়তা করছিলেন স্থানীয় তিন ব্যক্তি বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
অভিযুক্ত ওই তিন ব্যক্তি হলেন শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের নেহালের ছেলে মো. মামুন (২২), একই গ্রামের জয়নালের ছেলে মো. কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (২৫)।
পরে আটক দুই কিশোরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। পাশাপাশি অভিযুক্ত তিনজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। এসব অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে মাদক, কসমেটিকস এবং গরু চোরাচালান নিয়ে আলোচনা হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায়। সভার অধিকাংশ সময় সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবি, থানা পুলিশের প্রতিনিধিরা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
সভা সূত্রে জানা যায়, বিজিবি প্রতিনিধির কাছে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, সীমান্তের পরিস্থিতি ভালো এবং চোরাচালান অনেকটাই কমেছে। ধানুয়া কামালপুর বিজিবির কোম্পানি কমান্ডার আবদুল হালিম এই তথ্য দেন।
এরপর ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা চোরাচালান বিষয়ে তাদের মতামত প্রকাশ করেন।
সভায় উল্লেখ করা হয়, প্রতিদিন বকশীগঞ্জ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাচালান হচ্ছে। বিশেষ করে বৈষ্ণব পাড়া ও দিগলা কোনা দিয়ে প্রতি রাতে মাদক বাংলাদেশে প্রবেশ করছে। এছাড়া ভারতীয় কসমেটিকস ও গরু নিয়মিতভাবে নামানো হচ্ছে।
ভারতীয় গরু পাচারের পর কর্ণঝোড়া বাজারের ইজারাদারের রসিদ ব্যবহার করে অবৈধ গরুকে বৈধ করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় বলেন, সীমান্ত থেকে গরু উদ্ধার হলেও একটি চক্র দ্রুত কাগজ তৈরি করে তা বৈধ করার চেষ্টা করে। তাই এই প্রক্রিয়া বন্ধ করার দাবি জানানো হয়।
একজন স্থানীয় সাংবাদিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত এবং তাদের শেল্টারদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
সভায় সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কৃষকদের নিয়ে সচেতনতামূলক সভা করার জন্য বলা হয়, যাতে সীমান্ত এলাকায় ভুট্টা চাষ নিরুৎসাহিত করা যায়।
সম্প্রতি বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণব পাড়ায় ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং সাতানীপাড়া বিজিবি কর্তৃক ১ হাজার ৮৫ বোতল উদ্ধারের বিষয়টি নিয়েও আলোচনা হয়।
মাদক, গরু এবং কসমেটিকস চোরাচালান বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির জন্য ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করেছে। একইসাথে, পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী প্রতিনিধি থাকতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির জন্য সাধারণ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস বা সমমান হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে, শিক্ষা বিস্তার ও উন্নয়নে ব্যক্তির বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনায় সরকার এ শর্ত শিথিল করতে পারবে।
গভর্নিং বডির সভাপতি মনোনয়নের প্রক্রিয়ায়, প্রতিষ্ঠানপ্রধানকে তিনজন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠানোর প্রস্তাব দিতে হবে। মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার এবং অন্যান্য এলাকায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে এ প্রস্তাব পাঠাতে হবে। প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে শিক্ষা বোর্ড।
সভাপতি হিসেবে প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অন্তর্ভুক্ত হতে পারবেন।
অন্যদিকে, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের বিধান রাখা হয়েছে। তাদের মধ্য থেকে অথবা পরিপত্রে উল্লেখিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে। তবে নির্বাচিত ব্যক্তিকে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন নিশ্চিত করতে হবে। তাদের মধ্যে একজন নারী প্রতিনিধি থাকবেন। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এ মনোনয়ন দেবেন।
ঢাকা শিক্ষা বোর্ডসহ দেশের নয়টি শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে ২০২৪ সালের প্রবিধানমালার ৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী অনুসরণের কথাও উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কুশবু বেগম নামের এক তরুণীকে বিয়ে করেছেন জাংলং নামের এক যুবক, যিনি চীনের নাগরিক।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের ফলস্বরূপ, রোববার (২২ নভেম্বর) ঢাকায় তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) ওই চীনা যুবক তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছেন।
কুশবু বেগম ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া এবং হেনা আক্তারের কন্যা। তার স্বামী জাংলং, চীনের আনহুই প্রদেশের চিন আন হুই সুসং কাউন্টির পুলিয়াং টাউনের ফ্রহিং ঝেন ক্সিং কমিউনিটির বাসিন্দা ঝং ইউং গেল এবং হি ইউ ইয়িংয়ের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের পর কুশবু বেগম ও জাংলংয়ের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২২ নভেম্বর ঢাকায় এসে এফিডেভিটের মাধ্যমে কুশবু বেগমকে বিয়ে করেন জাংলং।
দুই ভিন্ন দেশের নাগরিকের এই বিয়ের খবর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিয়ের অনুষ্ঠানটি গত রোববার ঢাকায় সম্পন্ন হলেও সোমবার রাতে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হয়। এরপর থেকেই এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়। মঙ্গলবার, স্ত্রী কুশবু বেগমকে সঙ্গে নিয়ে চীনা যুবক জাংলং তার শ্বশুরবাড়িতে যান।
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সঙ্গে এক চীনা নাগরিকের বিয়ে হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ