০৫:২৮ পি.এম
মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত ও প্রাণহানি ঘটাতে সক্ষম মারণাত্মক স্বয়ংক্রিয় অস্ত্র বা ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে আগামী দুই বছরের মধ্যে একটি আন্তর্জাতিক রূপরেখা বা নীতিমালা তৈরির উদ্যোগে সম্মত হয়েছে ১২৮টি দেশ।
জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের ‘কনভেনশন অন সার্টেইন কনভেনশনাল উইপন্স’ (সিসিডব্লিউ)-এর পর্যালোচনা সম্মেলনের শেষ দিনে শনিবার এই সিদ্ধান্তটি গৃহীত হয়। তবে মানবাধিকার ও প্রচারণা সংস্থাগুলো দ্রুত আইনি বাধ্যবাধকতাযুক্ত চুক্তি না হওয়ার কারণে এই অগ্রগতিকে দুর্বল ও ধীরগতির বলে হতাশা প্রকাশ করেছে।
সম্মেলনে প্রায় ১০০টি দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এসব স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর দ্রুত আইনি বাধ্যবাধকতাযুক্ত নিয়ম চালুর পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো বড় অস্ত্র উৎপাদনকারী ও এআই সামরিক প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশগুলোর বিরোধিতার কারণে শেষ পর্যন্ত দ্রুত চুক্তির প্রস্তাবটি টেকেনি। ভবিষ্যতের এই পদক্ষেপ আইনিভাবে বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়টিও আপাতত অমীমাংসিত রাখা হয়েছে।
আরও পড়ুন: গাজায় গণহত্যা সত্ত্বেও ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী
পাঁচ দিনব্যাপী এই আলোচনা নির্ধারিত সময়ের গণ্ডি পেরিয়ে শনিবার ভোরে শেষ হয়। সম্মেলনের সভাপতি জুলিয়েন থনি সাংবাদিকদের জানান, সদস্য দেশগুলো আগামী দুই বছরের মধ্যে মারণাত্মক স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা সংক্রান্ত একটি আন্তর্জাতিক দলিল তৈরির প্রক্রিয়া শুরু করতে একমত হয়েছে। তাঁর মতে, এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় কোন ধরনের অস্ত্র নিষিদ্ধ করা যায় এবং কোনগুলো নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়, তা খতিয়ে দেখা হবে। আলোচনার সময় কিছু দেশ ‘নেগোসিয়েট’ (আলোচনা করে চুক্তি করা) শব্দের বদলে ‘ইলাবোরেট’ (বিস্তৃত রূপরেখা তৈরি) শব্দ ব্যবহারের ওপর জোর দেওয়ায় শেষ পর্যন্ত সেই শব্দটিই গৃহীত হয়।
ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারসহ অস্ট্রিয়া, বেলজিয়াম, আয়ারল্যান্ড, মেক্সিকো, নিউজিল্যান্ড ও পানামা দ্রুত আলোচনার প্রস্তাব তুলেছিল। তবে কূটনৈতিক অগ্রগতির ধীরগতি নিয়ে উদ্বেগ জানিয়ে মেয়ার মন্তব্য করেন, কূটনীতির চেয়ে প্রযুক্তির অগ্রগতি অনেক বেশি দ্রুতগতিতে এগোচ্ছে এবং কূটনীতিকদের গতি বেশ ধীর। সিসিডব্লিউতে সর্বসম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম থাকায় যেকোনো একটি দেশের আপত্তিও বড় চুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়।
ইউক্রেন, সুদান ও মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয় ও এআই-নির্ভর অস্ত্রব্যবস্থার ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, পোপ চতুর্দশ লিও এবং রেড ক্রসসহ বিভিন্ন মানবিক সংস্থা দীর্ঘদিন ধরেই প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের লাগাম টানতে কঠোর ও বাধ্যবাধকতামূলক নিয়মের আহ্বান জানিয়ে আসছিল।
সিদ্ধান্ত ঘোষণার পর হিউম্যান রাইটস ওয়াচের অস্ত্রবিষয়ক উপপরিচালক ভেরিটি কয়েল এই ফলাফলকে ‘হতাশাজনক’ আখ্যা দেন। তাঁর মতে, প্রযুক্তি যখন দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন নতুন নিয়ম তৈরিতে যে জরুরি পদক্ষেপ প্রয়োজন ছিল, এই সিদ্ধান্তে তা অনুপস্থিত। সূত্র: আল জাজিরা।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা, উদ্বেগ বেড়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন