মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০৩:৫০ এম
রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ষষ্ঠ তলার সমস্ত দোকান পুড়ে গেছে, এমন তথ্য প্রদান করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মাহমুদুল হাসান।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ভবনটির আগুন নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে একটি প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
ফায়ার সার্ভিসের এই পরিচালক উল্লেখ করেন, "বিকেল ৫টার পর খবর পেয়ে ৫ টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করেছে।"
তিনি আরও জানান, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। "তবে কাজ শেষের দিকে। আগুন নিয়ন্ত্রণে প্রচুর বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। কোনো হতাহতের খবর মেলেনি। তবে ৬ তলার সব দোকান পুড়ে গেছে।"
মাহমুদুল হাসান জানান, ভবনের ভেতর ধোঁয়ায় দুজন ফায়ার ফাইটার অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, "তারা হাসপাতালে চিকিৎসাধীন।"
দোকানিরা জানিয়েছেন, ভবনটিতে ব্যাগ কসমেটিকস, ছাতা ও গ্যাস ম্যাচসহ বিভিন্ন মালামালের গোডাউন ছিলো বলে জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে উদ্ধার হওয়া ১৫ বছর বয়সী স্কুলছাত্রী জান্নাতুল তাজমীন হত্যা মামলায় আলোচনায় আসা কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে একদিনের ব্যবধানে একাধিক ঘটনা ঘটেছে।
গত রোববার (১১ অক্টোবর) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে আটক হওয়ার পর সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে আবার কক্সবাজার সদর মডেল থানায় ফেরত দেয়া হয়। পরে তাকে আদালতে সোপর্দ করে থানা-পুলিশ।
পুলিশ জানিয়েছে, তাজমীনের সঙ্গে রাজুর পূর্বপরিচয়, তাদের যোগাযোগ এবং হত্যাকাণ্ডের আগে কক্সবাজারে একসঙ্গে অবস্থানের তথ্য যাচাই করতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে রাজুর সরাসরি সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত নয়।
একদিনের মধ্যে আটকের পর জিজ্ঞাসাবাদ, ফেরত ও আদালতে সোপর্দ
পুলিশ জানায়, রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের আদালতে দেয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমে তাজমীন হত্যা ঘটনায় রাজুর নাম আসার পর স্থানীয় লোকজন তাকে আটক করে রেখেছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, তখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা এজাহার না থাকায় এবং ঘটনাকে কেন্দ্র করে আমলযোগ্য অপরাধ সংঘটনের আশঙ্কা থাকায় রাজুকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এরপর সোমবার সকালে তাজমীন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) পবিত্র সরকার কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি অধিযাচনপত্র দেন। এতে রাজুকে তদন্তের স্বার্থে গ্রেফতার করে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
অধিযাচনপত্রে বলা হয়, জান্নাতুল তাজমীনের ব্যবহৃত মোবাইলফোন নম্বরের কললিস্ট ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার আনুমানিক দুই দিন আগে তার কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থানের তথ্য পাওয়া গেছে। এ সময় রাজুর সঙ্গে তার দেখা-সাক্ষাৎ এবং হত্যাকাণ্ডের আগে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের তথ্যও পাওয়া যায়।
তাজমীনের সঙ্গে রাজুর পূর্বপরিচয় ও সম্পর্কের ধরন, যোগাযোগের কারণ, ডিজিটাল মাধ্যমে তাদের কথোপকথন এবং হত্যা মামলার বিষয়ে রাজুর কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য রয়েছে কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে অধিযাচনপত্রে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার কুমিল্লা ডিবির একটি দল কক্সবাজারে গিয়ে রাজুকে নিয়ে তদন্তের বিভিন্ন বিষয় যাচাই করে। প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বিকেল ৫টার দিকে তাকে কক্সবাজার সদর মডেল থানার ডিউটি কর্মকর্তার কাছে ফেরত দেয়া হয়। পরে ডিবির দলটি সেখান থেকে চলে যায়।
এ বিষয়ে জানতে তদন্তকারী কর্মকর্তা পবিত্র সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘রাজুকে নিতে কুমিল্লার পুলিশ যায়নি, তাকে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল। হোটেল-সংক্রান্ত কিছু বিষয়ও তদন্তের আওতায় ছিল। সেসব যাচাই করে তাকে আবার কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাজমীনের বাবা-মা রাজুর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে চাইলে কক্সবাজার জেলা পুলিশের কাছে দিতে পারবেন।’
অন্যদিকে, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, অধিযাচনপত্রের ভিত্তিতে রাজুকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে তাকে আবার ফেরত দেয়ায় কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ আদালতে সোপর্দ করে।
হোটেল মালিকের ছেলে ও স্নাতক পাসের পরিচয় দেয়ার অভিযোগ
রাজুর বিরুদ্ধে নিজেকে হোটেল মালিকের ছেলে ও স্নাতক পাস বলে পরিচয় দিয়ে জান্নাতুল তাজমীনের বিশ্বাস অর্জনের অভিযোগ উঠেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রকৃতপক্ষে রাজু একটি গেস্টহাউসের কর্মচারী এবং তিনি এসএসসি পরীক্ষাও পাস করেননি।
পুলিশের দাবি, নিজের প্রকৃত পরিচয় গোপন করে তাজমীনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রাজু। পরে প্রেমের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে কক্সবাজারে নিয়ে আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। অন্য মেয়েদের সঙ্গেও একই ধরনের প্রতারণার অভিযোগের ইঙ্গিত পেয়েছে পুলিশ। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, ‘তাজমীন হত্যা মামলার তদন্তের স্বার্থে রাজুকে জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডে তাঁর সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
তিনি আরও জানান, ‘রাজুর সঙ্গে তাজমীনের সম্পর্ক এবং হত্যাকাণ্ডের আগে তাঁর কর্মকাণ্ডের সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
গত ৪ অক্টোবর নিখোঁজ হয় জান্নাতুল তাজমীন। চার দিন পর কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশে একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার সিএনজিচালক সুমন ধর্ষণের পর তাজমীনকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষার্থীরা জানিয়েছেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা, যতক্ষণ না তিনি পদত্যাগ করছেন।
সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে প্রশাসনিক ভবন-২-এর সামনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে এ অবস্থান প্রকাশ করেন শিক্ষার্থীরা।
এক বিবৃতিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, উপাচার্য মদুনাঘাট ও বহদ্দারহাট টার্মিনালে শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা করিয়েছেন, যা তার পদ টিকিয়ে রাখার চেষ্টা হিসেবে তারা দেখছেন। তারা দাবি করেন, বহিরাগতদের সঙ্গে নিয়ে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এসব ঘটনার পর শিক্ষার্থীরা অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে আর মেনে নিতে চান না।
তারা জানান, সোমবার দুপুর ১২টার মধ্যে উপাচার্য ও তার সহযোগীদের ভবন ত্যাগের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তারা বেরিয়ে না যাওয়ায়, শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা লাগিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
শিক্ষার্থীরা আরও বলেন, উপাচার্য যদি নিজ হাতে পদত্যাগপত্র লিখে দেন অথবা সাংবাদিকদের সামনে পদত্যাগের ঘোষণা দেন, তবে ভবনের তালা খুলে দেয়া হবে। এরপর তাকে ও তার সহযোগীদের নিরাপদে ক্যাম্পাস ত্যাগের সুযোগ দেয়া হবে। অন্যথায়, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তারা তালা বন্ধ রাখার সিদ্ধান্তে অটল থাকবেন।
এদিকে, বিদ্যুৎ সংযোগ চালুর অনুরোধ নিয়ে রাউজানের সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা রাতে ক্যাম্পাসে যান। রাত ১০টার দিকে তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
অংছিং মারমা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "আমরা আপনাদের দাবি-দাওয়ার বিপক্ষে নই। আমাকে জেলা প্রশাসক বিষয়টি দেখতে বলেছেন। তিনি বিষয়টি জানেন। উপাচার্য মানবিক সংকটে আছেন শুনে আমি এসেছি। আমি শুনে এসেছি তিনি খাবার, পানি ও বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন। কিন্তু এখানে এসে জেনেছি, আপনারা খাবার ও পানির ব্যবস্থা রেখেছেন। সরকারের পক্ষ থেকে অনুরোধ, মানবিক সংকট থেকে উত্তরণের জন্য বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করবেন। শিক্ষার্থীদের কোনো কার্যক্রমের বিরোধিতা করতে আসিনি।"
এ সময় যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, "দীর্ঘ ২১ দিনের আন্দোলনে কোনোদিন চুয়েটের বাসে হামলা হয়নি। অথচ তিনি আসার পরপরই বাসে হামলা হয়েছে। এ ঘটনার পর আমরা কেউ তাকে উপাচার্য হিসেবে চাই না।"
তিনি আরও বলেন, "তাকে উপাচার্য ভবন ত্যাগের আলটিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু তিনি নিজ উদ্যোগে নিজেকে অবরুদ্ধ করেছেন। যতক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন, ততক্ষণ উপাচার্য ভবনের তালা খুলবে না। একজন উপাচার্য যখন তার সন্তানতুল্য শিক্ষার্থীদের ওপর হামলা চালান, তখন আমরা আর কোনো মানবিকতা প্রদর্শনের মতো অবস্থায় নেই।"
শিক্ষার্থীরা এ সময় ‘সন্ত্রাস, শিক্ষা একসঙ্গে চলে না’ এবং ‘যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি আমার না’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে, সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা উপাচার্য ভবনের ভেতরে থাকা অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সঙ্গে সরাসরি কথা বলতে চান। কিন্তু শিক্ষার্থীরা আলোচনাটি প্রকাশ্যে করার শর্ত দেন। এতে নবনিযুক্ত উপাচার্য সম্মত হননি। ফলে তার সঙ্গে দেখা না করেই ক্যাম্পাস থেকে ফিরে যান এসি ল্যান্ড।
উল্লেখ্য, নিয়োগ পাওয়ার প্রায় তিন সপ্তাহ পর সোমবার সকালে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে নিজের কার্যালয়ে প্রবেশ করেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এরপর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, পুরান ঢাকার চকবাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রমে লোকজনের ভিড় বিঘ্ন সৃষ্টি করছে।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে লোকজনকে সরে গিয়ে উদ্ধার ও পরবর্তী কার্যক্রমে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
আব্দুস সালাম উল্লেখ করেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তার সঙ্গে তার আলোচনা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস পানি দিয়ে প্রয়োজনীয় কাজ করেছে। এখন লোকজন যদি সরে যায়, তাহলে তারা কাজ করার সুযোগ পাবে। আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব, লোকজন যেন তাদের কাজ করার সুযোগ দেয়, যাতে তারা জায়গাটি পরিষ্কার করে রাস্তাটি চলাচলের উপযোগী করতে পারে।’
ডিএসসিসি প্রশাসক আগুন লাগার কারণ সম্পর্কে বলেন, সেখানে একটি ব্যাগের কারখানা বা গোডাউন ছিল। আশপাশে কাপড়ের গোডাউনও রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যাগের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এর আগে, বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মনজুর খান প্লাজার মার্কেটে আগুন লাগে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়লে ইউনিটের সংখ্যা বাড়িয়ে দশটি করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছেন দুই দেশের ব্যবসায়ী এবং সরকারি প্রতিনিধিরা। বিশেষভাবে কৃষি, মৎস্য, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হালাল খাদ্য, পর্যটন, স্বাস্থ্যসেবা এবং উৎপাদনশিল্পে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ব্যাংককের একটি বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী থাইল্যান্ডের চেম্বার অব কমার্স ও বোর্ড অব ট্রেডের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন থাই চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ড. পোজ আরামওয়াত্তানন্ট।
বৈঠকে থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে জোরদার করা এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির লক্ষ্যে সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ মিশন, ব্যাংকক থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার ঘানি, অর্থসচিব ড. খায়রুজ্জামান মজুমদার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াসও বৈঠকে অংশ নেন।
থাই প্রতিনিধিদলে ছিলেন দেশটির বোর্ড অব ট্রেডের উপদেষ্টা ভিবেকে লিস্যান্ড লেইরভাগ ও সংস্যাং পাতাভানিচ, বোর্ড অব ট্রেডের উপমহাসচিব এবং দক্ষিণ এশিয়াবিষয়ক ওয়ার্কিং কমিটির প্রধান প্রিম জিতচারুংফর্ন, কমিটির উপপ্রধান পোজ্জানা পানিয়াংভাইত এবং থাইল্যান্ড-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান ইয়ংইয়োস ফলতানাওয়াত।
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, স্বাস্থ্যসেবা এবং উৎপাদনশিল্পকে সম্ভাবনাময় খাত হিসেবে দেখা হচ্ছে। থাইল্যান্ডের অভিজ্ঞতা এবং বিনিয়োগ কাজে লাগিয়ে এসব খাতে যৌথ উদ্যোগের সুযোগ রয়েছে। একই সঙ্গে, থাই বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বৃদ্ধি পেলে রপ্তানি বহুমুখীকরণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তবে বৈঠকে নির্দিষ্ট কোনো বিনিয়োগের পরিমাণ, প্রকল্প বা চুক্তির বিষয়ে সিদ্ধান্তের তথ্য জানানো হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ