০৫:০০ পি.এম
কসোভোয় যেখানে দক্ষ কর্মীর অভাব রয়েছে, সেখানে সরকারি সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের দক্ষ পেশাজীবীদের কর্মসংস্থান তৈরির প্রস্তাব করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনাবিষয়ক মন্ত্রী ফিতোরে প্যাকোলি-দালিপির সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই প্রস্তাব দেন। কসোভোর মন্ত্রী বাংলাদেশের এই প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কপ-৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে গতকাল এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখছেন ডা. আশরাফুল আমিন চৌধুরী
বৈঠকে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে উভয় দেশের জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ, অভিজ্ঞতা এবং সর্বোত্তম অনুশীলন বিনিময়ের মাধ্যমে সমস্যাগুলো মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হয়। কসোভোর মন্ত্রী তার দেশের বন্যা, পানিসম্পদ ব্যবস্থাপনা ও বায়ুর মান নিয়ন্ত্রণের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বর্জ্য পুনর্ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান।
বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। উভয় পক্ষ একমত হয় যে বহুপক্ষীয় ফোরামে নিয়মিত উচ্চপর্যায়ের আলোচনা, রাজনৈতিক সফর বিনিময় এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করবে। এর ফলে বর্জ্য পুনর্ব্যবহার, প্রযুক্তি হস্তান্তর, বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্যোগের আগাম সতর্কবার্তা ব্যবস্থাসহ বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।
বৈঠকে কসোভোর মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন এবং শামা ওবায়েদ ইসলাম তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য উষ্ণ আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: রডের বদলে বাঁশ দিয়ে দুর্নীতি করলে যত গভীরে যেতে হয় যাব: হুইপ গউছ
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কসোভোর মন্ত্রীকে পাটের তৈরি বিভিন্ন হস্তশিল্প উপহার দেন। তিনি প্লাস্টিকের পরিবেশবান্ধব ও পচনশীল বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহার ও বৈশিষ্ট্য তুলে ধরেন। ফিতোরে প্যাকোলি-দালিপি পাটজাত পণ্যের মান ও নান্দনিকতায় মুগ্ধতা প্রকাশ করেন। এছাড়া কপ-৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য কসোভোর মন্ত্রীকে আমন্ত্রণ জানান শামা ওবায়েদ ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন