বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৩১ পি.এম
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার হওয়া তিন জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই তিন জনের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন।
অন্য দুই গ্রেফতারকৃত হলেন সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মোহাম্মদ আল মামুন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি-২৭ এলাকা থেকে তাদের আটক করা হয় এবং পরে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। ফিফা নিশ্চিত করেছে যে, এই হামলায় তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিভিন্ন তথ্য চুরি হয়েছে। তবে আলোচিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাব সংক্রান্ত কোনো নথি এই তথ্য চুরির ঘটনায় ফাঁস হয়নি।
বিবিসি স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার কর্মীদের পরিচয় ব্যবহার করে অপরাধীরা প্রতারণার মাধ্যমে সংস্থাটির নথিতে প্রবেশ করেছে। এটি ফিফার প্রযুক্তিগত বা সিস্টেমগত কোনো ত্রুটি ছিল না বলে জানা গেছে।
একটি বিবৃতিতে ফিফা জানিয়েছে, সীমিতসংখ্যক ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা কাজ করছে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য চুরি ও প্রকাশের ঘটনায় তারা তীব্র নিন্দা জানিয়েছে।
‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, তারা ফিফার প্রায় ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে। তবে বিশ্লেষণে দেখা গেছে, এই পরিমাণ তথ্য ফিফার কাছে থাকা মোট তথ্যের ০.১ শতাংশেরও কম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের উদ্যোগে করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউসসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
বক্তারা এ সময় আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরে, কলেজ মাঠ থেকে অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মিছিলটি উপজেলা পরিষদ, করিমগঞ্জ বাজার হয়ে পৌরসভার আনন্দ বাজারে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, কিশোরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীও বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক। এ সময় জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল থেকে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে জামায়াতের ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন এবং জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম উল্লেখযোগ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : পাকিস্তানে সফররত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছে।
জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে যে, বৈঠকে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরাইল ঘোষণা করেছে যে, তারা যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক উপদেষ্টার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, ওয়াশিংটন ইসরাইলের আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন চায়। যুক্তরাষ্ট্র যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে।
এমন প্রেক্ষাপটে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠক আহ্বান করার পরিকল্পনা করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকটি ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি এবং তেহরানের সম্ভাব্য আকস্মিক হামলার আশঙ্কার মধ্যে অনুষ্ঠিত হবে।
নয় মাস ধরে চলা সংঘাত ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে, সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে সংঘাতে জড়িয়ে ফেলেছে।
এ পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন উঠেছে, যখন নেতানিয়াহু নতুন সামরিক পদক্ষেপের জন্য চাপ দিচ্ছেন, তখন কি ওয়াশিংটন কূটনীতির মাধ্যমে ইসরাইলকে ফিরিয়ে আনতে পারবে?
বৃহস্পতিবার ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানান, ইরানের বিরুদ্ধে এককভাবে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে ইসরাইল।
তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং যেকোনো মুহূর্তে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত রয়েছি। এমনকি যুক্তরাষ্ট্র ছাড়াই এককভাবে অভিযান চালানোর প্রস্তুতি আমাদের আছে।’
ডেফরিনের দাবি, ইরান এখনও ইসরাইলকে ধ্বংস করার লক্ষ্য থেকে সরে আসেনি। তবে ইসরাইলি জনগণের জন্য জারি করা সামরিক নির্দেশনায় নতুন কোনো পরিবর্তন আনা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের সমর্থন আদায়ের চেষ্টা করছেন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর জন্য। এ লক্ষ্যে চলতি মাসের শুরুতে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যানকে ওয়াশিংটনে পাঠানো হয়।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির মধ্যে বৃহস্পতিবার নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। তবে নতুন হামলা শুরুর বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
এ পরিস্থিতিতে ইসরাইলের আঞ্চলিক নীতির বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার খোলামেলা মূল্যায়ন তুলে ধরেছেন।
বুধবার জার্মান ব্যবসায়ী ম্যাথিয়াস ডপফনারের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে কুশনার বলেন, ‘ইসরাইলের উচিত সার্বক্ষণিক যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতির দিকে মনোযোগ দেওয়া।’
এর দুই দিন আগে নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি সতর্ক করে বলেছিলেন, গাজা নিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন না করলে ইসরাইল বিশ্বজুড়ে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ