ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা: গোলাম পরওয়ার


ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারকে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসীদের দমনে ব্যর্থতার জন্য নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এবং বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা এসব সন্ত্রাসী কার্যক্রম দমনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, "সরকারের পক্ষ থেকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী বাহিনীকে মোকাবিলা করতে না পারা এবং সব সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

আরও পড়ুন: আওয়ামী লীগ প্রশ্নে সরকার ব্যর্থ: স্বেচ্ছাসেবক শক্তির অভিযোগ

তিনি আরও বলেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট, আদালতের সামনেসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহন এবং সিআইড কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগজনক। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু ঘটেছে, যা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের নারকীয়কাণ্ডের স্মৃতি মনে করিয়ে দেয়।

গোলাম পরওয়ার আরও বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এমন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, "সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের বিস্ময়কর নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারাদেশে এ ধরনের তাণ্ডব চালানো ফ্যাসিস্টদের পক্ষে সম্ভব নয়।" এজন্য বিএনপি সরকার এসব সন্ত্রাসী কার্যক্রমের দায় এড়াতে পারে না।

তিনি উল্লেখ করেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দায়িত্বশীল বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্নভাবে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও বিএনপি সরকার তাতে কর্ণপাত করছে না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে। তিনি বলেন, "জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকট বিরোধীদলের উপর চাপানোর অপকৌশল নিয়ে এগোচ্ছে।" তিনি বলেন, দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধীদলের উপর চাপানোর সরকারের দুরভিসন্ধিমূলক মনোবাসনা পূরণ হবে না। তিনি মনে করেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা, বিস্ফোরণ সরকারকে কঠোর হাতে দমন করতে হবে। তা না হলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের প্রতিরোধে সরকারকে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করে সংবিধান ও রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন করতে হবে। যাতে, আর কোনো ফ্যাসিস্টের উত্থান এবং সন্ত্রাসবাদ বাংলাদেশে চলতে না পারে। নতুবা জনগণের ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে, যা সরকারের জন্য উভয় সংকট তৈরি করবে। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: আইন ও বিধিমালার পরিপন্থী কোনো কাজ সহ্য করা হবে না: ডিএনসিসি প্রশাসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: মিয়া গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: মিয়া গোলাম পরওয়ার

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

১০ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১০ নভেম্বর ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন উৎসর্গ করেন অকুতোভয় যুবক নূর হোসেন। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।

তিনি উল্লেখ করেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগ দেশের গণতন্ত্রকামী মানুষের মধ্যে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন প্রেরণা সৃষ্টি করেছিল। তাঁর রক্তের বিনিময়ে সৃষ্ট গণজাগরণ পরবর্তী সময়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের পরও দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়নি। গণতন্ত্রের নামে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক আধিপত্য, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং নাগরিক অধিকার হরণের প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

২০২৬ সালে দাঁড়িয়ে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের তাৎপর্য নতুন করে উপলব্ধি করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র কেবল ক্ষমতার পালাবদল নয়; এর প্রকৃত অর্থ হলো জনগণের ভোটাধিকার, রাজনৈতিক স্বাধীনতা, আইনের শাসন, জবাবদিহিমূলক সরকার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র ও রাজনীতিতে স্বৈরতান্ত্রিক মানসিকতা, দলীয়করণ এবং আধিপত্যবাদী প্রবণতার কোনো স্থান থাকতে পারে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, শহীদ নূর হোসেনের রক্ত যেন বৃথা না যায়। তাঁর আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রবিরোধী যেকোনো অপশক্তি ও স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ, সচেতন ও সোচ্চার হতে হবে।

বিবৃতিতে তিনি শহীদ নূর হোসেনের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ২০ লাখ টাকার ঋণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ২০ লাখ টাকার ঋণ

বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোগ কর্মসূচির মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কাজ শুরু করেছে। তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণের পাশাপাশি অনুদানও প্রদান করা হবে। নির্বাচিত একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। আজ থেকে গোদাগাড়ীতে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ীতে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বিষয়ক প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আশরাফ আলী, যিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ জোন ইসলামী ব্যাংক রাজশাহী জোন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। রিসোর্স পারসন হিসেবে ছিলেন মামুনুর রশিদ, অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক রাজশাহী, জিয়াউল হক, এফএভিপি ও শাখা প্রধান ইসলামী ব্যাংক শাখা প্রধান ব্যবস্থাপক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ প্রমুখ।

বক্তারা আলোচনা করেন যে, চাকরির বাজারে প্রতিদিনই প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের চ্যালেঞ্জও বাড়ছে। এ পরিস্থিতিতে চাকরিপ্রার্থী নয়, বরং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, যার নাম ‘উদ্যোগ’।

এই উদ্যোগের আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন পাবেন। উল্লেখযোগ্য সুবিধা হলো, ঋণের বিপরীতে কোনো জামানত দিতে হবে না। গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ম. মামুনুর রশিদ জানান, ‘উদ্যোগ’ একটি প্রচলিত প্রতিযোগিতামূলক কর্মসূচি নয়। তফসিলি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা হবে। তাদের ব্যবসায়িক ধারণা, সম্ভাব্যতা ও প্রকৃত অর্থের প্রয়োজন যাচাই করে অর্থায়ন করা হবে। ঋণের সঙ্গে অনুদানও থাকবে, যেখানে নির্বাচিত প্রত্যেক তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে।

তবে নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থও সুদবিহীন ঋণে পরিণত হবে। সেই ঋণ প্রচলিত নিয়মে শ্রেণিকরণ করা হবে। ফলে সংশ্লিষ্ট উদ্যোক্তা খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন।

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। কর্মসূচিতে আবেদন করতে হলে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে এবং আবেদনের শেষ তারিখে বয়স ২৮ বছরের বেশি হওয়া যাবে না। আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।

এ ক্ষেত্রে আগে থেকেই ব্যবসা পরিচালনা করা বাধ্যতামূলক নয়। সম্ভাবনাময় ও বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেও আবেদন করা যাবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, হস্তশিল্প, পর্যটন, সেবা ও প্রযুক্তিসহ সব ধরনের বৈধ উদ্যোগকে কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে।

আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেওয়া যাবে।

প্রথম ধাপে বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, ও চুয়াডাঙ্গায় সাতটি জেলায় ৪৩ উপজেলা থেকে ১০ জন করে তরুণ উদ্যোক্তা নির্বাচিত হবেন।

প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় ১০ জন তরুণ উদ্যোক্তাকে প্রথম ধাপে নির্বাচন করা হবে। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে এই কর্মসূচির আওতায় অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

অর্থের পাশাপাশি প্রশিক্ষণ ও পরামর্শও প্রদান করা হবে। তরুণদের শুধু অর্থায়ন দেওয়ার মধ্যেই কর্মসূচির কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরিতে সহায়তা করা হবে।

বাংলাদেশ ব্যাংকের ধারণা, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তিন থেকে পাঁচজনের কর্মসংস্থান তৈরি করতে পারেন। ফলে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতেও এই কর্মসূচি ভূমিকা রাখবে।

১ নভেম্বর শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন যোগ্য তরুণরা।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধের প্রভাবে কমছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, কার্বন নিঃসরণ স্থিতিশীল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


ইরান যুদ্ধের প্রভাবে কমছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, কার্বন নিঃসরণ স্থিতিশীল

বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধির ফলে মানুষ জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজতে শুরু করেছে। এর ফলে চলতি বছরে জলবায়ুর জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ হ্রাস পাচ্ছে।

বিজ্ঞানীদের একটি বিস্তৃত মূল্যায়ন অনুযায়ী, চলতি বছরে তেল, গ্যাস ও কয়লা পোড়ানোর ফলে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ গত বছরের তুলনায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিশেষ করে, তেল পোড়ানোর কারণে কার্বন নিঃসরণ ২ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে। গাড়ির ব্যবহার কমানোর ফলে এবং বৈদ্যুতিক গাড়ির প্রতি মানুষের আগ্রহ বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় আয়োজিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বিজ্ঞানীরা এই প্রতিবেদনটি প্রকাশ করেন। এতে ইরান যুদ্ধের প্রভাবের পাশাপাশি বিশ্বজুড়ে সস্তা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে সৌর ও বায়ুবিদ্যুতের সম্প্রসারণ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সহায়তা করছে।

তবে, বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমার প্রবণতা শুরু হয়েছে, এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো ঠিক হবে না বলে সতর্ক করেছেন প্রতিবেদনটির লেখক ও অন্যান্য বিশ্লেষকেরা। তাদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণ গত বছরের তুলনায় মাত্র ০.৪ শতাংশ কমতে পারে।

এদিকে, জীবাশ্ম জ্বালানি থেকে নিঃসরণ সামান্য কমলেও বন উজাড় ও ভূমির ব্যবহার পরিবর্তনের কারণে কার্বন নিঃসরণ বেড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বড় ধরনের দাবানল এবং কৃষিকাজের জন্য নতুন করে বনভূমি ও প্রাকৃতিক জমি ব্যবহার করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি থেকে নিঃসরণ কমার এ প্রবণতা যেকোনো সময় বাধাগ্রস্ত হতে পারে। ভারতে কয়লার ব্যবহার বৃদ্ধি, বিশ্ববাজারে তেলের দাম হ্রাস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবাশ্ম জ্বালানির প্রতি আগ্রহ এ ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠতে পারে।

প্রতিবেদনটির লেখকদের মতে, কার্বন নিঃসরণে স্থায়ীভাবে কমানোর জন্য নবায়নযোগ্য জ্বালানি এবং বৈদ্যুতিক গাড়ির মতো কম কার্বন নিঃসরণকারী প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন। শুধুমাত্র জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে সাময়িকভাবে ব্যবহার কমলেই জলবায়ু পরিবর্তন মোকাবিলা সম্ভব হবে না।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেল হত্যা মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


ঢাকা আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেল হত্যা মামলার আসামি

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে গেছেন মো. কাউসার মিয়া, যিনি রাজধানীর দক্ষিণ খান থানার একটি হত্যা মামলার আসামি। মঙ্গলবার, ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে তিনি কৌশলে পালিয়ে যান।

আদালত সূত্রে জানা গেছে, ওই দিন হত্যার মামলায় সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। এ কারণে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামি কাউসার মিয়াকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানির সময় তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে নিয়ে আসা হয়। তবে, ওই দিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত নতুন সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।

এরপর, আসামি কাউসারকে আবারও এজলাস থেকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতির সময়, দায়িত্বরত পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।

আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন জানিয়েছেন, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া। তাকে আদালতের হাজতখানা থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। ওই পুলিশ সদস্য আসামিকে কাঠগড়ায় হাতকড়া পরা অবস্থায় রেখে কাস্টডি আনতে আদালতের সামনে যাওয়ার সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%