মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫৯ পি.এম
যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ থাকা সত্ত্বেও, কুখ্যাত মাদক সম্রাট ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস, যিনি ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত, তার বিচার মেক্সিকোতেই করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ তথ্য নিশ্চিত করেছেন মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আর্নেস্টিনা গোদোয় সোমবার।
সাম্প্রতিক সময়ে মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যে একটি বড় সামরিক অভিযানের সময় মেজা ফ্লোরেসকে আটক করা হয়। অভিযানের সময় বন্দুকধারীদের হামলায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে প্রাণহানির ঘটনাও ঘটে। আটক হওয়ার পর, মেজা ফ্লোরেসকে মেক্সিকো সিটির একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে কড়া নিরাপত্তার মধ্যে স্থানান্তর করা হয়েছে।
এর আগে, মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র মাদক পাচার এবং নার্কো-টেররিজমসহ একাধিক অভিযোগে মেজা ফ্লোরেসের প্রত্যর্পণ চেয়েছে। তিনি এফবিআইয়ের শীর্ষ ১০ পলাতক আসামির তালিকায় ছিলেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে হেরোইন, মেথামফেটামিন, কোকেন ও মারিজুয়ানা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে, প্রত্যর্পণ হবে কি না—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আর্নেস্টিনা গোদোয় স্পষ্টভাবে জানান, তারা তার বিচার নিজ দেশে করবেন।
সংগঠিত অপরাধ ও মাদক কার্টেল দমনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামের প্রশাসনের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ বাড়ার মধ্যে এই অভিযান ও বিচারের সিদ্ধান্ত এসেছে। শেইনবাম জানিয়েছেন, অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করলেও সরাসরি কোনো মার্কিন বাহিনী অংশ নেয়নি। বর্তমানে, মেজা ফ্লোরেসের বিরুদ্ধে মেক্সিকোতে মাদক পাচার ও অস্ত্রসংশ্লিষ্ট অভিযোগে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’র সেটে পরিচয়ের মাধ্যমে প্রেমের সূচনা ঘটে। কিন্তু তিন বছরের বেশি সময় একসঙ্গে থাকার পর, অভিনেতা লি দো হিউন এবং অভিনেত্রী লিম জি ইওন তাদের সম্পর্কের ইতি টেনেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুই তারকার পক্ষ থেকে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করা হয়েছে।
কোরীয় সংবাদমাধ্যম সোয়ম্পির বরাতে জানা গেছে, সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে। লি দো হিউনের এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে এবং জানায় যে, খবরটি সত্য। বিচ্ছেদের পরেও তারা একে অপরকে ভালো সহকর্মী হিসেবে সমর্থন করবেন।
অন্যদিকে, লিম জি ইওনের এজেন্সি আর্টিস্ট কোম্পানিও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। তবে অভিনেত্রীর ব্যক্তিগত বিষয় উল্লেখ করে বিচ্ছেদের কারণ বা সময় সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তার আগামী কাজের জন্য ভক্তদের আগ্রহ ও শুভকামনা চেয়েছে।
দুই পক্ষের কেউই সম্পর্ক ভাঙার কারণ বা ঠিক কবে বিচ্ছেদ হয়েছে, তা প্রকাশ করেনি।
‘দ্য গ্লোরি’ থেকে প্রেমের শুরু
নেটফ্লিক্সের জনপ্রিয় প্রতিশোধমূলক সিরিজ ‘দ্য গ্লোরি’র সেটে লিম জি ইওন এবং লি দো হিউনের পরিচয় ঘটে। কিম উন সুকের লেখা সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন সং হে কিয়ো। এতে লিম জি ইওনকে পার্ক ইয়েন জিন চরিত্রে দেখা যায়, যে স্কুলজীবনে নির্যাতনকারী দলের নেতৃত্ব দিয়েছিল। অন্যদিকে, লি দো হিউন অভিনয় করেন জু ইয়ো জং চরিত্রে, যিনি প্রতিশোধের পরিকল্পনায় মূল চরিত্রের সহযোগী হয়ে ওঠেন।
পর্দায় তাদের চরিত্রের অবস্থান আলাদা হলেও বাস্তব জীবনে তারা ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ২০২৩ সালের এপ্রিলে তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসে এবং পরে দুই তারকার পক্ষ থেকে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করা হয়। সিরিজটির ভক্তদের মধ্যেও তাদের বাস্তব জীবনের প্রেম নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।
ব্যস্ত ছিলেন দুজনই
সম্পর্কের সময়টিতে অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন দুই তারকা। লি দো হিউন ‘হোটেল ডেল লুনা’, ‘১৮ এগেইন’ ও ‘সুইট হোম’-এর মতো সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে, ২০১৪ সালের চলচ্চিত্র ‘অবসেসড’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া লিম জি ইওনও বেশ কয়েকটি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তিন বছরের বেশি সময়ের সম্পর্কের পর তাদের বিচ্ছেদের খবরে ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে দুই তারকার পক্ষ থেকে ব্যক্তিগত জীবনকে সম্মান করার অনুরোধ জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মালয়েশিয়া ৬ হাজার ৫০০ জনের বেশি রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার নতুন একটি ধাপ।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মাত্র পাঁচ দিন আগে রায় দিয়েছেন যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এমন একটি সময়ে এ ঘোষণা এসেছে। মালয়েশিয়া দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। তবে দেশটিতে বিপুলসংখ্যক শরণার্থীর কারণে ক্রমাগত অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে।
মালয়েশিয়া সরকারের দাবি, শরণার্থীদের আশ্রয় দেওয়া এখন তাদের জন্য একটি আর্থিক বোঝা এবং নিরাপত্তার ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল। তবে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকায় মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় বলেছেন, আগামী ৬ থেকে ৭ ডিসেম্বর তিনটি নৌবাহিনীর জাহাজে করে ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০। তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক।
গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষকে দেশের ভেতরে ও বিদেশে বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদার সঙ্গে দেশে ফেরার সুযোগ করে দিতে হবে। গত মাসে মালয়েশিয়ার সাবেক জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংকে আতিথ্য দেওয়া হয়েছিল।
এই পদক্ষেপের জন্য মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করেছে এবং বলেছে, এটি মিয়ানমারের সরকারকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি, দেশে ফেরত পাঠানো শরণার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।
আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মিয়ানমারের সাবেক নেতার সঙ্গে তার আলোচনা ছিল মালয়েশিয়ার জাতীয় স্বার্থ রক্ষার প্রচেষ্টার অংশ। এই আলোচনা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ওই রায়ে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে যাওয়া মানুষদের নিরাপদ ও মর্যাদার সঙ্গে দেশে ফেরার সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া অনেক মানুষই মিয়ানমার সরকারের চালানো নৃশংসতার শিকার। তবে তিনি বলেন, মালয়েশিয়ার পক্ষে আর শরণার্থীদের আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে না। তাদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের চেষ্টা সফল হয়নি।
গত মাসের শেষ দিকে মালয়েশিয়া জানিয়েছিল, সম্প্রতি মিয়ানমারে ফেরত যাওয়া শত শত অভিবাসীকে দেশটির সামরিক বাহিনী আটক করে রেখেছে, এমন খবরের বিষয়ে তারা মিয়ানমার সরকারের কাছে ব্যাখ্যা চাইবে।
আনোয়ার এ বিষয়ে ব্যাখ্যা চাওয়ার কথা সরাসরি উল্লেখ না করলেও জানান, রোহিঙ্গাসহ মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর বিষয়ে মালয়েশিয়া তাদের আগের অবস্থানেই রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়েও এ বিষয়ে উদ্বেগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। মুসলিম এই জনগোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে বেশি নিপীড়িত সংখ্যালঘুদের একটি হিসেবে বিবেচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাল্যবিবাহ কেবল কন্যাশিশুর জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এটি দারিদ্র্য ও অসমতার চক্রকেও দীর্ঘস্থায়ী করে তোলে। ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারার বিশেষ বিধান বাল্যবিবাহ প্রতিরোধের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক, এমন মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি উল্লেখ করেন যে, এই ধারার অপব্যবহারের ফলে বাল্যবিবাহ বৈধতা পাচ্ছে এবং এর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ কার্যালয় আয়োজিত বাল্যবিবাহ আইন সংস্কারবিষয়ক গণমাধ্যম সংলাপে তিনি এসব কথা বলেন।
হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারায় যুক্তিসংগত কারণ দেখিয়ে মা-বাবা কিংবা আদালতের সম্মতিতে ১৬ বছর বয়সে কোনো মেয়ের বিয়ের সুযোগ রাখা হয়েছে। এই বিশেষ বিধানটি বাল্যবিবাহ প্রতিরোধের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। আইনের এই দুর্বলতার সুযোগ নিয়ে বাল্যবিবাহ বৈধতা পাচ্ছে এবং বিধানটির অপব্যবহার হচ্ছে। তাই ১৯ ধারা সংশোধন করা জরুরি।
তিনি অভিযোগ করেন, বিগত শাসনামলে বাল্যবিবাহের হার নিয়ে তথ্য গোপন ও বিভ্রান্তি তৈরি করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া বাল্যবিবাহের তথ্যও সঠিক ছিল না বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ওই সময়ে জন্ম ও মৃত্যুহার সম্পর্কিত তথ্যেও বিবিএস ভুল তথ্য দিয়েছে।
২০২২ সালের জনশুমারিতে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ উল্লেখ করার তথ্য নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, সরকারি প্রকাশনায় দেওয়া জনসংখ্যার এই তথ্য নিয়ে মানুষের মধ্যে হাসাহাসি হয়েছিল। এখনো দেশের প্রকৃত জনসংখ্যা এবং বাল্যবিবাহের হার কত, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং। আরও বক্তব্য দেন সংস্থাটির যুব ইউনিটের প্রধান ইলিজা আজেই, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন এবং যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম।
তৌহিদুল ইসলাম বলেন, রাজশাহী ও সিলেট বিভাগের মধ্যে বাল্যবিবাহের হারের পার্থক্য ৩০০ শতাংশ, যা প্রশ্নের জন্ম দেয়। তবে দেশে বাল্যবিবাহের ঘটনা ঘটছে, এটি বাস্তবতা। বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে থাকা সিলেট বিভাগের অভিজ্ঞতা পিছিয়ে থাকা রাজশাহী ও খুলনা বিভাগে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, বাল্যবিবাহের জন্য নাবালকদের দায়ী করার বিধান বাতিল করা উচিত। একই সঙ্গে বৈষম্যমূলক ১৯ ধারা সংশোধনের উদ্যোগ নিতে হবে।
সংলাপের অন্যান্য বক্তারা জানান, বাংলাদেশের প্রায় অর্ধেক মেয়ে এখনো বাল্যবিবাহের শিকার হচ্ছে। এর ফলে কিশোরী গর্ভধারণ বাড়ছে এবং তাদের জীবনের সম্ভাবনা ও সুযোগ সীমিত হয়ে পড়ছে। এ পরিস্থিতির পরিবর্তনে জনসচেতনতা সৃষ্টি এবং বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ