ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯, চূড়ান্ত তালিকা প্রকাশ ইসির


দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯, চূড়ান্ত তালিকা প্রকাশ ইসির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপটে ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদের পর বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।

বুধবার, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য প্রকাশ করেন।

আখতার আহমেদ জানান, মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯। এই তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ তারিখে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার বৈধ পথ নেই: শিশির মনির

তিনি আরও বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন। এই ভোটার তালিকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত হবে।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জানুয়ারি পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য তহবিল রয়েছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


জানুয়ারি পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য তহবিল রয়েছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চালানোর জন্য পর্যাপ্ত তহবিল ওয়াশিংটনের কাছে রয়েছে এবং আগামী জানুয়ারির শেষ পর্যন্ত এই সামরিক অভিযান চালানো সম্ভব। তিনি এও জানান যে, যুক্তরাষ্ট্রের কাছে এই যুদ্ধের ইতি টানার ক্ষমতা রয়েছে যখনই তারা চাইবে।

মঙ্গলবার ‘নিউ ইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী জানুয়ারিতে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে যুদ্ধের বিষয়ে তাঁর সামরিক পদক্ষেপগুলো সীমিত হয়ে পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে, “আসলে জানুয়ারির শেষ পর্যন্ত মোটামুটি আমাদের তহবিল রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা যখনই চাই, তখনই এই যুদ্ধের অবসান ঘটাতে পারি।”

সাক্ষাৎকারে ট্রাম্প কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের কড়া সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন যে, যুদ্ধ সীমিত করার সম্ভাব্য উদ্যোগগুলো যুক্তরাষ্ট্রের অর্জনকে নস্যাৎ করতে পারে। তিনি বলেন, “তারা একটি পূর্ণাঙ্গ বিজয়কে পরাজয়ে রূপ দেবে।” ট্রাম্পের দাবি, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং দেশটির নেতৃত্বও নির্মূল করা হয়েছে।

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ট্রাম্প মন্তব্য করেন যে, এটি “সম্ভবত করা সম্ভব” হলেও তা তাঁর মূল লক্ষ্য নয়। তিনি বলেন, “আমি শুধু চাই না তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক। শাসনব্যবস্থা পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে আমি কখনোই ছিলাম না, এটি আমার কাছে কখনোই কোনো মানদণ্ড ছিল না।” সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর ওসির যুবলীগ নেত্রীকে রাত দেড়টায় বাসায় আসতে বলার ফোনালাপ ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


ফেনীর ওসির যুবলীগ নেত্রীকে রাত দেড়টায় বাসায় আসতে বলার ফোনালাপ ফাঁস

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির মধ্যে গোপন ফোনালাপের একটি অডিও রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই অডিও রেকর্ডটি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

অডিওতে দেখা যায়, মাইগ্রেনের ব্যথা সারানোর কথা উল্লেখ করে ওসি ফয়জুল যুবলীগ নেত্রীকে দ্রুত তার বাংলোতে আসার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করতে বলেন। তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

যুবলীগ নেত্রীর প্রশ্নের জবাবে, ‘কোনো সমস্যা হবে কি না’ জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ যুবলীগ নেত্রী যখন ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করেন, তখন তিনি মনঃক্ষুণ্ন হন। এছাড়া, অডিওতে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও ওই যুব মহিলা লীগ নেত্রীকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়ে তাদের কথোপকথন শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে পুলিশ গ্রেপ্তার করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তাদের কথোপকথনের এই অডিও ফাঁস হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ার পর তাসকিরা তানিন সনি এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, ‘গ্রেপ্তারের পর থানা-হাজতে ওসি আমাকে আলিঙ্গন করারও অনুরোধ করেছেন।’

দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে জানান, আসামিকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। তিনি মন্তব্য করেন, পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! দুধরচকী ছাহেব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! দুধরচকী ছাহেব

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, সপ্তাহের সেরা দিন শুক্রবার তথা জুমার দিন। এটি পৃথিবীর অন্যতম তাৎপর্যবহ দিবস। জুমা নামে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা এরশাদ করেন, ‘অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর ও আল্লাহকে অধিকরূপে স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও।’ (সূরা: জুমুআ, আয়াত : ১০)।

জুমার নামাজ বা ‘শুক্রবারের নামাজ’ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নামাজ। (জুমু’আহ) শব্দটি আরবি। এর অর্থ একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া।

যেহেতু, সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুমিন-মুসলমান একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামাতের সঙ্গে সে দিনের যোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজরূপে আদায় করে, সে জন্য এই নামাজকে ‘জুমার নামাজ’বলা হয়।

আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার ওপর সূর্য উদিত হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে স্থান দেয়া হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে।’ (সহিহ মুসলিম : ১৪১০)।

জুমা দিনের গুরুত্ব: জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তায়ালা জগৎ সৃষ্টির পূর্ণতা দান করেছিলেন এই দিনে। এই দিনেই হজরত আদম (আ.) ও হাওয়া (আ.)-কে জান্নাতে একত্র করেছিলেন এবং এই দিনে মুসলিম উম্মাহ সাপ্তাহিক ঈদ ও ইবাদত উপলক্ষে মসজিদে একত্র হয় বলে দিনটাকে ইয়াওমুল জুমাআ বা জুমার দিন বলা হয়।

জুমার নামাজ ফরজ হয় প্রথম হিজরিতে। রাসূলুল্লাহ (সা.) হিজরতকালে কুবাতে অবস্থান শেষে শুক্রবার দিনে মদিনা পৌঁছেন এবং বনি সালেম গোত্রের উপত্যকায় পৌঁছে জোহরের ওয়াক্ত হলে সেখানেই তিনি জুমার নামাজ আদায় করেন। এটাই ইতিহাসের প্রথম জুমার নামাজ।

জুমার দিনের ফজিলত: আবু হুরায়রা (রা.) বর্ণিত এক হাদিসে রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মত গোসল করে প্রথম দিকে মসজিদে হাজির হয়, সে যেন একটি উট কোরবানি করল, দ্বিতীয় সময়ে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি গরু কোরবানি করল, তৃতীয় সময়ে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ছাগল কোরবানি করল। অতঃপর চতুর্থ সময়ে যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি মুরগি কোরবানি করল। আর পঞ্চম সময়ে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে যেন একটি ডিম কোরবানি করল। অতঃপর ইমাম যখন বেরিয়ে এসে মিম্বরে বসে গেলেন খুৎবার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুৎবা শুনতে বসে যায়।’ (বুখারি: ৮৮১, ইফা ৮৩৭, আধুনিক ৮৩০)।

দশ দিনের গুনাহ মাফ হয়: জুমার দিনের আদব যারা রক্ষা করে তাদের দশ দিনের গুনাহ মাফ করে দেয়া হয়।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ভালভাবে পবিত্র হলো অতঃপর মসজিদে এলো, মনোযোগ দিয়ে খুৎবা শুনতে চুপচাপ বসে রইল, তার জন্য দুই জুমার মধ্যবর্তী এ সাত দিনের সঙ্গে আরো তিনদিন যোগ করে মোট দশ দিনের গুনাহ মাফ করে দেয়া হয়। পক্ষান্তরে খুতবার সময় যে ব্যক্তি পাথর, নুড়িকণা বা অন্য কিছু নাড়াচাড়া করল সে যেন অনর্থক কাজ করল।’ (মুসলিম: ৮৫৭)।

জুমার আদব রক্ষাকারীর দশ দিনের গুনাহ মুছে যায়: রাসূলুল্লাহ (সা.) বলেছেন, জুমার সালাতে তিন ধরনের লোক হাজির হয়। (ক) এক ধরনের লোক আছে যারা মসজিদে প্রবেশের পর তামাশা করে, তারা বিনিময়ে তামাশা ছাড়া কিছুই পাবে না। (খ) দ্বিতীয় আরেক ধরনের লোক আছে যারা জুমা’য় হাজির হয় সেখানে দোয়া মুনাজাত করে, ফলে আল্লাহ যাকে চান তাকে কিছু দেন আর যাকে ইচ্ছা দেন না। (গ) তৃতীয় প্রকার লোক হলো যারা জুমা’য় হাজির হয়, চুপচাপ থাকে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, কারো ঘাড় ডিঙ্গিয়ে সামনে আগায় না, কাউকে কষ্ট দেয় না, তার দুই জুমা’র মধ্যবর্তী ৭ দিনসহ আরো তিনদিন যোগ করে মোট দশ দিনের গুনাহ খাতা আল্লাহ তায়ালা মাফ করে দেন।’ (আবু দাউদ: ১১১৩)।

প্রতি পদক্ষেপে এক বছরের নফল রোজা ও এক বছরের সারারাত তাহাজ্জুদ পড়ার সওয়াব অর্জিত হয়: যে ব্যক্তি আদব রক্ষা করে জুমার সালাত আদায় করে তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য পুরো এক বছরের রোজা পালন এবং রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব লিখা হয়।

আউস বিন আউস আস সাকাফী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিন যে ব্যক্তি গোসল করায় (অর্থাৎ সহবাস করে, ফলে স্ত্রী ফরজ গোসল করে এবং) নিজেও ফরজ গোসল করে, পূর্বাহ্ণে মসজিদে আগমন করে এবং নিজেও প্রথম ভাগে মসজিদে গমন করে, পায়ে হেঁটে মসজিদে যায় (অর্থাৎ কোনো কিছুতে আরোহণ করে নয়), ইমামের কাছাকাছি গিয়ে বসে, মনোযোগ দিয়ে খুৎবা শোনে, কোনো কিছু নিয়ে খেল তামাশা করে না; সে ব্যক্তির প্রতিটি পদক্ষেপের জন্য রয়েছে বছরব্যাপী রোজা পালন ও সারা বছর রাত জেগে ইবাদত করার সমতুল্য সওয়াব।’ (মুসনাদে আহমাদঃ ৬৯৫৪, ১৬২১৮)।

দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা: জুমার সালাত আদায়কারীদের জন্য দুই জুমার মধ্যবর্তী গুনাহের কাফফারা স্বরূপ।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘পাঁচ বেলা সালাত আদায়, এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তী সময়ে হয়ে যাওয়া সব (সগিরা) গুনাহের কাফফারা স্বরূপ, এই শর্তে যে, বান্দা কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে।’ (মুসলিম; ২৩৩)।

জুমার দিনে দোয়া কবুল: জুমার ফজিলতের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো, এই দিনে এমন একটা সময় আছে, যখন মুমিন বান্দা কোনো দোয়া করলে মহান আল্লাহ তার দোয়া কবুল করেন।

আবু হুরায়রা (রা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনে একটা এমন সময় আছে, যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে, অবশ্যই আল্লাহ তাঁকে তা দান করবেন। (সহিহ মুসলিম : ৮৫২, মুসনাদে আহমাদ : ৭১৫১, আস্-সুনানুল কুবরা : ১০২৩৪)।

হজরত আনাস (রা.) থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনের কাঙ্ক্ষিত সময়টা হলো আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। (মুসনাদে ইবনে আবি শাইবা : ৫৪৬০ , তিরমিজি : ৪৮৯)।

জুমার দিনে হাদিসে বর্ণিত গুরুত্বপূর্ণ আমল: গোসল করা। ফজরের ফরজ নামাজে সূরা সাজদা ও সূরা দাহর/ইনসান তেলাওয়াত করা। উত্তম পোশাক পরিধান করা। সুগন্ধি ব্যবহার করা। আগেভাগে মসজিদে যাওয়া। সূরা কাহফ তেলাওয়াত করা। মসজিদে গিয়ে কমপক্ষে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করা। ইমামের কাছাকাছি গিয়ে বসা। মনযোগ দিয়ে খুৎবা শোনা। খুৎবা চলাকালে কোনো কথা না বলা। দুই খুৎবার মাঝের সময়ে বেশি বেশি দোয়া করা। অন্য সময়ে দোয়া করা। কারণ এদিন দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ (সা.) এর ওপর সারাদিন যথাসম্ভব বেশি দরূদ পাঠ করা।

জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করা আবশ্যিক এবং তা একাকী আদায় করার নিয়ম নেই। কোরআনে জুমার নামাজের সময় হলে কাজ বন্ধ করে নামাজের জন্য মসজিদে যাওয়ার প্রতি তাগিদ দেয়া হয়েছে। তবে কোনো ব্যক্তি যদি কারণবশত (যেমন খুব অসুস্থ ব্যক্তি) জুমা আদায় করতে না পারে তবে তার ক্ষেত্রে যুহরের নামাজ আদায় করা নিয়ম। তাছাড়া কিছু ক্ষেত্রে সুস্থ ব্যক্তির ওপর, যেমন মুসাফির অবস্থায় জুমার আবশ্যকতা থাকে না এবং সেক্ষেত্রে যুহরের নামাজ আদায় করলে তা গ্রহণীয় হয়। তবে মুসাফির চাইলে জুমা আদায় করতে পারে।

খুতবা: জুমার দুই রাকাত ফরজ নামাজ ও ইমামের খুতবাকে জোহরের চার রাকাত ফরজ নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে।

জুমার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো খুতবা। এতে ইমাম সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও কোরআন-হাদিসের আলোকে দিকনির্দেশনা দেন। যে ইমাম খুতবা দেন তাকে বলা হয় খতিব। এসময় দুইটি খুতবা দেয়া হয়। দুই খুতবার মাঝখানে অল্প কিছু সময়ের বিরতি নেয়া হয়। মসজিদের প্রতিদিনের ইমাম খুতবা দিতে পারেন বা জুমার দিন বিশেষ কেউ খুতবা দিতে পারেন। খুতবা সাধারণত আরবি ভাষায় দেয়া হয়। তবে কিছু স্থানে স্থানীয় ভাষায় খুতবা দেয়ার প্রথা দেখা যায়।

আর শুক্রবারের দিন যোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজকে ফরজ করা হয়েছে। যা আমাদের জন্য আল্লাহ এক অন্যতম রহমত। কোরআন-হাদিসে এ ব্যাপারে প্রমাণ পাওয়া যায়। তাই আমাদের মুসলমান হিসাবে জুমার নামাজ পড়া জরুরি। যারা জুমার নামাজ হতে বিমুখ থেকে অন্য কাজ-কর্মে নিজেকে ব্যস্ত রাখে। আল্লাহ তায়ালা তার দিক থেকে বিমুখ থাকেন।

জুমার নামাজ না পড়লে যে শাস্তি: রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরপর তিনটি জুমা বিনা ওজরে ও ইচ্ছা করে ছেড়ে দেবে, আল্লাহ তায়ালা ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেবেন। (তিরমিযী,আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ

অপর এক হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, জুমা ত্যাগকারী লোকেরা হয় নিজেদের এই খারাপ কাজ হতে বিরত থাকুক। (অর্থাৎ জুমার নামাজ আদায় করুক), নতুবা আল্লাহ তায়ালা তাদের এই গোনাহের শাস্তিতে তাদের অন্তরের ওপর মোহর করে দেবেন। পরে তারা আত্মভোলা হয়ে যাবে। অতঃপর সংশোধন লাভের সুযোগ থেকেও বঞ্চিত হয়ে যাবে। (মুসলিম)।

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পর পর তিনটি জুমা পরিত্যাগ করবে, সে ইসলামকে পেছনের দিকে নিক্ষেপ করল। (মুসলিম)।

তবে আবার রাসূলুল্লাহ (সা.) বলেছেন, চার শ্রেণির লোক ব্যতীত জুমার নামাজ ত্যাগ করা কবিরা গোনাহ। চার শ্রেণির লোক হলো- ক্রীতদাস, স্ত্রীলোক, অপ্রাপ্তবয়স্ক বালক, মুসাফির ও রোগাক্রান্ত ব্যক্তি। (আবু দাউদ)।

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নিয়মিত জুমার নামাজ আদায় করার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন ছুম্মা আমিন।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী: প্রতিষ্ঠাতা সভাপতি: জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট। সাবেক ইমাম ও খতীব: আধ্যাত্মিক নগরী সিলেটের কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট। সাবেক প্রিন্সিপাল: হযরত শাহজালাল রহ. ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেট। সাবেক প্রধান শিক্ষক: তৈয়ব কামাল হযরত শাহজালাল রহ. লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিলেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান

বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি কমানোর উদ্দেশ্যে, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি দেশে কারখানা স্থাপন এবং উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য চীনা ব্যবসায়ীদের উৎসাহিত করেছেন।

ঢাকায় বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ঢাকায় চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চীন রিলেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতির চিত্র তুলে ধরে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পশ্চিমা বাজারে গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ১৮ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে, চীনে বাংলাদেশের রপ্তানির পরিমাণ মাত্র ১ দশমিক ৭১ শতাংশ।

তিনি উল্লেখ করেন, এ পরিস্থিতি পরিবর্তনের জন্য দ্বিপক্ষীয় বাণিজ্যকে শুধু পণ্য আমদানি-রপ্তানির মধ্যে সীমাবদ্ধ না রেখে, যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, সাংস্কৃতিক বিনিময় ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া উচিত। চীনা উদ্যোক্তারা বাংলাদেশে কারখানা স্থাপন করলে, দেশের ভৌগোলিক অবস্থান, দক্ষ জনশক্তি ও বাজার সুবিধা কাজে লাগিয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে পণ্য রপ্তানি করতে সক্ষম হবেন বলেও মন্তব্য করেন তিনি।

দুই দেশের সম্পর্কের উন্নতি তুলে ধরে, জনপ্রশাসন উপদেষ্টা বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ বেড়েছে। ২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে ঘোষিত ‘অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি’ গঠনের অঙ্গীকার দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে গড়ে ওঠা এ সম্পর্ককে এখন বাস্তবভিত্তিক অর্থনৈতিক সহযোগিতায় রূপ দিতে হবে।

ইসমাইল জবিউল্লাহ চীনের সহযোগিতা চেয়েছেন বন্দর ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে। তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে আধুনিক ও পরিবেশবান্ধব লজিস্টিকস হাবে পরিণত করতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো আরো একটি বড় বন্দর অবকাঠামো নির্মাণে চীনের সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়া, চাঁদপুরকে সম্ভাবনাময় বন্দর ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে সম্ভাব্যতা যাচাই, চাঁদপুর-শরীয়তপুর সেতু বা টানেল নির্মাণ এবং আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান মারস্কের আদলে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে শিপিং ও লজিস্টিকস কোম্পানি প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।

জনপ্রশাসন উপদেষ্টা মন্তব্য করেন, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তিনি বলেন, চীনের কুনমিং থেকে মিয়ানমারের কিয়াউকফিউ পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নের পাশাপাশি সমুদ্রপথে কিয়াউকফিউ বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সংযোগ স্থাপন করা গেলে কার্যকর আঞ্চলিক অর্থনৈতিক করিডোর গড়ে তোলা সম্ভব।

তবে, তিনি উল্লেখ করেন যে, এ ধরনের প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তার মতে, করিডোরটিকে শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন প্রকল্প হিসেবে দেখা উচিত নয়; বরং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ হিসেবে বিবেচনা করা উচিত। এ জন্য রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়ে গবেষণা, সম্ভাব্যতা সমীক্ষা এবং নীতিগত সংলাপ জোরদার করা প্রয়োজন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বলেন, টেকসই বাণিজ্য ও বিনিয়োগের জন্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের গঠনমূলক ও জোরালো কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও উচ্চতায় নেওয়া সম্ভব। চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে তিনি আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। বক্তব্য দেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) জ্যেষ্ঠ গবেষক ও সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক ড. লিউ জংই এবং এসআইআইএস-ডিইউ সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা দূতাবাসের কর্মকর্তা, সাবেক কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%