ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমেছে তেলের দাম


বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমেছে তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজারে তেলের সরবরাহ বাড়ার লক্ষণ এবং চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ার আশঙ্কার কারণে দাম কমছে। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ এখনও বিদ্যমান রয়েছে।

সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮৮ ডলার ৭১ সেন্টে নেমে আসে। এর আগের দিন ৩১ আগস্টের পর সর্বনিম্ন দামে লেনদেন শেষ হয় ব্রেন্টের।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৭৯ ডলার ৫৭ সেন্টে দাঁড়ায়। এর আগে দিনের লেনদেনে ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল এ তেলের দাম।

আরও পড়ুন: পেনসিলভানিয়ায় হামের সংক্রমণে এক বছরে ৯ জনের মৃত্যু

ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুব্রো সরকার মন্তব্য করেছেন, গত কয়েক দিনে ব্রেন্ট তেলের দাম বাড়ার গতি অনেকটাই কমেছে। হরমুজ প্রণালি বন্ধ থাকলেও তেলের সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও জাহাজ চলাচলে বাধার আশঙ্কার পাশাপাশি ভবিষ্যতে বাজারে চাহিদার তুলনায় বেশি তেল সরবরাহ হতে পারে কি না, তা নিয়ে বিনিয়োগকারীরা হিসাব করছেন।

তবে তেলের দাম আবার বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে তিনি জানান। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। যেকোনো সময় দুই দেশ হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে নিজেদের অবস্থান যাচাই করতে নতুন পদক্ষেপ নিতে পারে।

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। জাহাজগুলো নিয়ম লঙ্ঘন করছিল বলে দাবি করেছে বাহিনীটি।

আরও পড়ুন: ২০২৫ সালে প্রতি ঘণ্টায় পরিবারের হাতে প্রাণ গেছে পাঁচ নারীর: জাতিসংঘ

এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তদন্ত করে দেখছেন, ইরান ৫০টি পর্যন্ত জ্বালানিবাহী ট্যাংকারে সাইবার হামলার সঙ্গে জড়িত কি না। বিষয়টি সম্পর্কে জানেন এমন কয়েকজন ব্যক্তি ও মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। অন্যদিকে লিবিয়ার শারারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে। একটি অবৈধ গোষ্ঠী পাইপলাইনের ভালভ বন্ধ করে দেওয়ায় এটি বন্ধ হয়ে গিয়েছিল।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান লিবিয়ার জাতীয় তেল করপোরেশনের চেয়ারপারসন। তিনি বলেন, জাওইয়ায় আকাকুস স্থাপনায় থাকা তেলের সংরক্ষণ ট্যাংকে আবার তেল প্রবেশ করতে শুরু করেছে।

বিশ্ববাজারে তেলের সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় দাম কমছে। তবে বিশ্লেষকদের মতে, তেলের বাজার এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। এএনজেড ব্যাংকের জ্যেষ্ঠ পণ্যবাজার বিশ্লেষক ড্যানিয়েল হাইনস এক প্রতিবেদনে বলেন, তেলের মজুত ও পরিশোধিত জ্বালানির সরবরাহ কিছুটা বাড়লেও বাজারের ওপর চাপ এখনো অনেক বেশি।

তিনি বলেন, তেলের দাম, সরবরাহমূল্যের পার্থক্য, তেল শোধনের মুনাফা এবং বিনিয়োগকারীদের অবস্থান—সবকিছুতেই বাজার স্বাভাবিক হওয়ার আশা দেখা যাচ্ছে। তবে পরিবহন ও সরবরাহব্যবস্থায় এখনো নানা বাধা রয়েছে। তেলের মজুতও পর্যাপ্ত নয়।

আরও পড়ুন: জর্দান-উজবেকিস্তানের সহযোগিতা বাড়াতে বৈঠক

তার মতে, তেলের বাজার চরম সংকট থেকে কিছুটা বেরিয়ে এলেও এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। বরং দীর্ঘ সময় ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারে। ডয়চে ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মজুত ৫ কোটি ২০ লাখ ব্যারেল বেড়েছে। অর্থাৎ, ওই মাসে প্রতিদিন চাহিদার তুলনায় গড়ে প্রায় ১৭ লাখ ব্যারেল বেশি তেল সরবরাহ হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, বিশ্ববাজারে তেলের সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য ফিরছে। একই সঙ্গে বাজারে অতিরিক্ত তেল জমার প্রমাণও বাড়ছে। তবে নতুন কোনো বাধা তৈরি হলে এ প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। এদিকে রয়টার্সের করা একটি প্রাথমিক জরিপে দেখা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি পণ্যের মজুত বেড়ে থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে গুম-হত্যার নৃশংস বর্ণনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে গুম-হত্যার নৃশংস বর্ণনা

আজ সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। মামলার যুক্তিতর্কে বলা হয়েছে, গুলি চালানোর পর পেট কেটে বের করা হতো নাড়িভুঁড়ি। এরপর মরদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। এই নৃশংস বর্ণনা মামলার যুক্তিতর্কে উঠে এসেছে জিয়াউল আহসানের বিরুদ্ধে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় করা এই মামলায় প্রসিকিউশনের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক মঙ্গলবার (২৪ নভেম্বর) শুরু হয়।

আজ বেলা সোয়া ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

চিফ প্রসিকিউটর মামলার ঘটনাবলি তুলে ধরার পর জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য পড়ে শোনান। এরপর ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি বর্ণনা করেন তিনি।

হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে ট্রাইব্যুনালে আমিনুল ইসলাম বলেন, "মানুষকে হত্যা করার সময় রক্ত যেন নিজের গায়ে না লাগে, সেজন্য বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান।" নৌকায় মানুষকে গুলি করার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়ার নৃশংসতাও সামনে আনেন তিনি। এ সময় একজন গুলি করতেন, আরেকজন পেট কাটতেন বলে জানান চিফ প্রসিকিউটর।

বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, "মাই লর্ড এসব বর্ণনা দিতে গেলে আমার গা শিউরে ওঠে। কতটা নৃশংসতা ছিল এসব। এদের কি মানুষ বলা যায়? এরা দানব, হিংস্র। জিয়াউল আহসান কতটা হিংস্র ছিলেন, এসব বর্ণনা থেকে তা ধারণা করা যাবে।"

জিয়াউল আহসানের বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেন ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। তিনি র‍্যাবের দায়িত্ব পালনকালে ২০১০ সালের মে থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন। এসব হত্যাকাণ্ডে তৎকালীন র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্ব ও নির্দেশনার কথাও উল্লেখ করেন এই কর্মকর্তা।

জবানবন্দিতে সাব্বির রহমান ওসমানী বলেন, ২০১০ সালের জানুয়ারির দিকে এক রাতে অফিস চলাকালে সরকারি গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে বরিশাল ব্যাটালিয়ন সদরে উপস্থিত হন জিয়াউল আহসান। পরে তাকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে যান। সেখানে আগে থেকেই র‍্যাবের ইন্ট উইংয়ের সদস্যরা একটি ট্রলার প্রস্তুত করে রেখেছিলেন। ঢাকা থেকে আসা ইন্ট উইংয়ের সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে ট্রলারে ওঠেন। এ সময় হাত বাঁধা ও মাথায় কালো টুপি পরা একজন ব্যক্তিকেও ট্রলারে তুলে খোলের মধ্যে রাখা হয়।

জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশে ট্রলারটি চরদুয়ানী খাল থেকে মোহনার দিকে যায়। প্রায় তিন ঘণ্টা চলার পর ট্রলারের খোল থেকে হাত বাঁধা ব্যক্তিকে বের করে আনতে বলেন জিয়াউল আহসান। এরপর ওই ব্যক্তির গলা ও পায়ের কাছে দুটি সিমেন্টভর্তি বস্তা বেঁধে দেন র‍্যাবের চার সদস্য। তার মাথা ও কান বরাবর একটি ছোট বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করা হয়। এরপর তার পেট কেটে ফেলা হয়।

সাক্ষ্যে সাব্বির রহমান আরও বলেন, নিজের হাত ঢুকিয়ে গুলিবিদ্ধ ব্যক্তির পেট কাটার সঠিকতা নিশ্চিত করতেন একজন র‍্যাব সদস্য। পরে নদীতে জোয়ার-ভাটার কারণে পানির গভীরতা মেপে ট্রলারের গতি কমাতে বলতেন জিয়াউল আহসান। এরপর ইন্ট উইংয়ের চার সদস্যকে গুলিবিদ্ধ দেহটি সিমেন্টভর্তি বস্তাসহ পানিতে ফেলে দিতে বলতেন। ঘটনার পর চরদুয়ানী থেকে জিপ ও মাইক্রোবাসে বরিশালের উদ্দেশে রওনা হন তারা। পথে পরিবেশ স্বাভাবিক করার জন্য জিয়াউল আহসান নিজেই বলেন, "এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এদের না থাকাই ভালো। এভাবেই এদেরকে গলফ করতে হবে।"

২০১০ সালের মে মাসের দিকে একই ধরনের আরেকটি ঘটনার বর্ণনা দেন সাবেক এই সেনা কর্মকর্তা। ওই ঘটনায় চারজনকে হত্যার কথা উল্লেখ করেন তিনি। তার জবানবন্দি অনুযায়ী, ঘটনার দুই থেকে তিন মাস পর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন, পেট কাটা মরদেহটির ডিএনএ পরীক্ষা করে ব্যক্তিকে সাবেক বিজিবি সদস্য নজরুল ইসলাম হিসেবে শনাক্ত করা হয়েছিল।

ভুক্তভোগীদের নিয়ে যাওয়াসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রলারের মাঝি আলকাছের প্রসঙ্গও উঠে আসে জবানবন্দিতে। সাব্বির জানান, ২০১১ সালের জুনে তাকে ফোন করে জিয়াউল জানান, আলকাছ মাঝি গলফ অপারেশনসংক্রান্ত বিভিন্ন তথ্য চরদুয়ানী বাজারে বলে বেড়াচ্ছেন। এতে র‍্যাবের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। এরপর তাকে আলকাছ মাঝিকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দেন তিনি।

শুধু চরদুয়ানীতেই নয়, সুন্দরবনেও এ ধরনের কার্যক্রম চালানো হয় বলে নিজের সাক্ষ্যে জানিয়েছেন সাব্বির রহমান। জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় তিনটি সুন্দরবনকেন্দ্রিক তথাকথিত এনকাউন্টার অভিযান পরিচালনা প্রত্যক্ষ করেন এই সাক্ষী। র‍্যাবে দায়িত্ব পালনকালে এসব ঘটনায় মানসিক যন্ত্রণার কোনো প্রতিকার না পেয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন করেন বলে জবানবন্দিতে জানান তিনি। চাকরির ১৮ বছর পূর্ণ হলে র‍্যাব থেকে নিজ বাহিনীতে ফিরে আসেন বলেও জানান তিনি।

প্রথম দিনের যুক্তিতর্কে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটররা। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তার পক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চাননি’ : ডা. জাহেদ উর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চাননি’ : ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেছেন, ভাগ্যিস, শেখ হাসিনা বলছেন না যে, আসার পর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বক্তব্য প্রদান করেন।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস, তিনি বলছেন না যে, তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে হবে। যদিও ভারতের কিছু লোকজন বলেন, তিনি নাকি এখনও প্রধানমন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে তাকে চাই, সেভাবেই চাই। এখন সেটা বাংলাদেশ বিমানে আসা হোক বা অন্য কিছু, সেটি পরবর্তী বিষয়। আমরা তাকে চাই, তাকে প্রত্যর্পণ করা হবে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেই রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। তিনি যে রাষ্ট্রে পালিয়ে আছেন, সেই রাষ্ট্রের কাছে তাকে বাংলাদেশের হাতে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যদি হস্তান্তর করা হয়, তাহলে সেটা বাংলাদেশ বিমানে আমরা আনব, নাকি তিনি তাদের বিমানে আসবেন, সেটি পরবর্তী সময়ে নির্ধারিত হবে। এ বিষয়ে আমাদের বক্তব্য এইটুকুই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশাসককেই উল্টো দেশত্যাগে নিষেধাজ্ঞা, ‘নগদ’র দুই মামলার আসামিরা অধরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


প্রশাসককেই উল্টো দেশত্যাগে নিষেধাজ্ঞা, ‘নগদ’র দুই মামলার আসামিরা অধরা

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি মোবাইল আর্থিক সেবাদাতা (এমএসএফ) প্রতিষ্ঠান ‘নগদ লি:’ এর বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে। এর ১৫ দিন পর, ২৭ ফেব্রুয়ারি, ‘নগদ’ এ প্রশাসক হিসেবে মো: মোতাছিম বিল্লাহকে নিয়োগ দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক হিসেবে এই কর্মকর্তা প্রতিষ্ঠানটিতে যোগদানের পর থেকেই দুদকের অনুসন্ধানে সহযোগিতা করতে শুরু করেন। তিনি তথ্য-উপাত্ত সরবরাহ করেন, যাতে জানা যায় আওয়ামী শাসনামলে ‘নগদ’ অর্থ কিভাবে লোপাট হয়েছে এবং কারা এর সাথে জড়িত। লুটেরাদের দায়-দায়িত্ব সুনির্দিষ্টকরণে তিনি অনুসন্ধানে সর্বান্তকরণে সহযোগিতা করেন। কিন্তু দায়িত্ব গ্রহণের ৬৩৪ দিন পর, প্রশাসক মো: মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। অর্থাৎ, যে ঘটনার জন্য তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তা তার দায়িত্ব গ্রহণের বহু আগে সংঘটিত হয়েছে। এই ধরনের অদ্ভুত অনুসন্ধান পরিচালনা করছে ‘দুর্নীতি দমন কমিশন’ নামের সংস্থাটি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘নগদ লি:’ এর তহবিলের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ‘খতিয়ে দেখা’র পর্যায়ে গত ২৩ নভেম্বর দুদকের আবেদনের প্রেক্ষিতে মো: মোতাছিম বিল্লাহর দেশত্যাগের নিষেধাজ্ঞা দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। সংস্থাটির আবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত ও ব্যহত হতে পারে। তাই অনুসন্ধানের স্বার্থে তার বিদেশযাত্রা বন্ধের জন্য প্রয়োজনীয় আদেশ চাওয়া হয়।

সংস্থাটির একাধিক সূত্র জানায়, ২০২১ সালের মার্চ/এপ্রিল থেকে ২০২৪ সালের নভেম্বর/ডিসেম্বর পর্যন্ত সময়ে নগদের মাধ্যমে বিতরণ করা সরকারি ভাতার অব্যবহৃত অর্থ সফটওয়্যার জালিয়াতি ও ভুয়া উদ্যোক্তা-ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আত্মসাৎ, অতিরিক্ত ‘ই-মানি’ তৈরি এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের বিষয়বস্তু। এই অপরাধের সাথে সংশ্লিষ্ট ৭ ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন, ‘নগদ লি:’র তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তানভীর আহমেদ মিশুক, সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, তৎকালীন নির্বাহী পরিচালক মো: শাফায়েত আলম, তৎকালীন পরিচালক মারুফুল ইসলাম ঝলক, আমিনুল ইসলাম, নিয়াজ মোর্শেদ এবং ফয়সাল আহসান চৌধুরী। এর মধ্যে তানভীর আহমেদ মিশুক এবং সংশ্লিষ্টদের অন্তত ৭৮৬ কোটি টাকার শেয়ার আদালতের নির্দেশনা নিয়ে অবরুদ্ধ করেছে দুদক।

সূত্রটি জানায়, বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত প্রশাসক মোতাছিম বিল্লাহর পরিদর্শন ও দুদকের প্রাথমিক অনুসন্ধানে নগদের অন্তত ২ হাজার ৩শ’ কোটি টাকা থেকে ২ হাজার ৩৫৬ কোটি টাকার গরমিল ও দুর্নীতির তথ্য উঠে এসেছে। এর মধ্যে ৬৪৫ কোটি টাকার অবৈধ ‘ই-মানি’ (নগদ অর্থ ছাড়াই তৈরিকৃত ইলেকট্রনিক অর্থ) সৃষ্টি এবং প্রায় ১ হাজার ৭শ’ কোটি টাকার বেশি পাচারের তথ্য রয়েছে।

২০২১ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নগদের মাধ্যমে ২৪ হাজার ১৫৯টি ভুয়া ডিএসও এবং ৩৪টি অননুমোদিত ডিস্ট্রিবিউটরের অ্যাকাউন্টের মাধ্যমে তানভীর মিশুক গং পরস্পর যোগসাজশে সরিয়ে নেন এই অর্থ। বিপুল এই অর্থ সরিয়ে ফ্যাসিস্ট হাসিনার এই লুটেরাচক্র এখন পলাতক। তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক এবং দুদক পৃথক মামলা করেছে।

গত বছর ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় পেমেন্ট সিস্টেম বিভাগের যুগ্ম পরিচালক সরকার আমির খসরু বাদী হয়ে এ মামলা করেন। এতে তানভীর আহমেদ মিশুকসহ ২৪ জনকে আসামি করা হয়। এর মধ্যে ৯ জন ডাক বিভাগের কর্মকর্তা। এ মামলায় ৬৪৫ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগ আনা হয়। এজাহারে বলা হয়, রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কারও অর্থ ইস্যু করার ক্ষমতা নেই। অথচ মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) নগদ লিমিটেড ব্যাংকে জমা অর্থের অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ইলেকট্রনিক মানি অর্থ সৃষ্টি করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। এতে অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি অনাকাঙ্ক্ষিত মুদ্রাস্ফীতিও তৈরি হয়েছে।

এজাহারভুক্ত আসামিরা হলেন, ‘নগদ লি:’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, সাবেক সিইও তানভীর আহমেদ মিশুক, বিদেশী পরিচালক গিলস অলস্টেয়ার জেমস ফার্লে, তৎকালীন পরিচালক শাফায়েত আলম, মারুফুল ইসলাম ঝলক, আমিনুল হক, নিয়াজ মোর্শেদ, ফয়সাল আহসান চৌধুরী, এম তামজিদ রহমান, সৈয়দ আরশাদ রেজা, মিজানুর রহমান, রাহেল আহমেদ ও রেজাউল হোসেন।

এছাড়া নগদের কর্মকর্তা রাকিবুল ইসলাম, আবু রায়হান ও আশীস চক্রবর্তীকেও আসামি করা হয়েছে। ডাক বিভাগের তৎকালীন মহাপরিচালক (ডিজি) সুশান্ত কুমার মন্ডল, সুধাংশু শেখর ভদ্র, বাহিজা আক্তার, সিরাজউদ্দিন, ফয়জুল আজিম, হারুনুর রশীদ, তরুণকান্তি সিকদার এবং এস.এম. শাহাবুদ্দিনকেও আসামি করা হয়েছে।

এর চার মাস পর, গত বছর ৪ জুন দুদকের সহকারী পরিচালক মো: শাহজাহান মিরাজ বাদী হয়ে আরেকটি মামলা করেন। এ মামলায়ও ৬শ’৪৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগ আনা হয়। আসামি করা হয় ৯ জনকে।

এরা হলেন, নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক, তৎকালীন নির্বাহী পরিচালক মো: শাফায়েত আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক, সিনিয়র ম্যানেজার মারুফুল ইসলাম ঝলক, চীফ টেকনোলজি অফিসার মো: আবু রায়হান, হেড অব ফিন্যান্স (অপারেশন) মো: রাকিবুল ইসলাম, চীফ ফিন্যান্স অফিসার আফজাল আহমেদ, চীফ কমার্শিয়াল অফিসার শিহাব উদ্দিন চৌধুরী ও হেড অব বিজনেস ইন্টেলিজেন্স গোলাম মর্তুজা চৌধুরী।

দুদকের এজাহারে বলা হয়, নগদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ৯ জন কর্মকর্তা পরস্পর যোগসাজশে ২০২১ সালের ১ মার্চ থেকে ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত ট্রান্সকাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে জমা থাকা প্রকৃত অর্থের তুলনায় ৬৪৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৭৫৮ টাকা ৯০ পয়সা বেশি ই-মানি ইস্যু করেন। পরে এই ‘ই-মানি’ অনুমোদনবিহীন ৪১টি পরিবেশকের মাধ্যমে ‘রিফান্ড’ দেখিয়ে আত্মসাৎ করা হয়। এ সময়ে হিসাবপত্রে মিথ্যা বর্ণনা, জাল প্রতিবেদন উপস্থাপন এবং প্রোডাকশন ডাটাবেজ থেকে কাস্টমাইজড রিপোর্ট তৈরি করে জালিয়াতির ঘটনা আড়াল করার চেষ্টা চালানো হয়। এ মামলার ভিত্তিতে দুদক গত ১৩ সেপ্টেম্বর নগদে থাকা তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করেছেন আদালত।

দুদক সূত্র জানায়, দু’টি মামলা তদন্তাধীন থাকলেও এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি সংস্থাটি। আসামিদের অনেকেই দেশের ভেতর আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাদের গ্রেফতারের বিন্দুমাত্র প্রচেষ্টা নেই। নেই আদালতের মাধ্যমে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদানেরও। দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থার রহস্যজনক ‘উদাসীনতা’য় উপরন্তু এজাহারভুক্ত আসামি তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টরা ‘পলাতক’ অবস্থায়ই জব্দকৃত অর্থ ও শেয়ার ছাড়ানোর চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারত পালিয়ে গেলে কিছুদিন আত্মগোপনে থেকে তানভীর আহমেদ মিশুকসহ কয়েকজন দেশ ছেড়ে পালিয়ে গেছেন-মর্মে প্রচারণা রয়েছে। এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্টদের কাছে হালনাগাদ কোনো তথ্যও নেই।

সূত্রটি জানায়, শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সংশ্লিষ্ট তানভীর আহমেদ মিশুক নেতৃত্বাধীন এই লুটেরাচক্র এখন জব্দকৃত শেয়ার-অর্থ ছাড় করাতে মরিয়া হয়ে উঠেছে। এ লক্ষ্যে ক্ষমতাসীনদের প্রভাবশালী একটি সিন্ডিকেট মিশুকদের হাতে শেয়ার ফিরিয়ে দিতে কিংবা ‘নগদ লিমিটেড’ নামক প্রতিষ্ঠানটি তাদেরই হাতে ফিরিয়ে দিতে উঠেপড়ে লেগেছে। এ প্রক্রিয়ারই অংশ হিসেবে লুটেরাদের দায়-দায়িত্ব চিহ্নিতকারী প্রশাসক মো: মোতাছিম বিল্লাহকে সরিয়ে দিতে মরিয়া। ঘটনার অনেক পরে নিয়োগ পাওয়া এই প্রশাসকের ওপর চাপ সৃষ্টি করতেই অদৃশ্য ইশারায় এখন উল্টো তাকেই অনুসন্ধান-তদন্তের আওতাভুক্ত করার চেষ্টা চলছে। আর এ লক্ষ্যে গতকাল সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


নলডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার

নাটোরের নলডাঙ্গা এলাকায় পুলিশের একটি অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিঠুন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল দশটায় নাটোর সদর উপজেলার বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া মিঠুন সরকার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত ভুট্টু সরকারের পুত্র। তিনি মামলা নং ৯৩৪/২০, জিআর নম্বর ১২৪/২০ (নল) অনুযায়ী ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী হিসেবে চিহ্নিত। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এএসআই (নিঃ) মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান এ বিষয়ে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য, আসামী মিঠুন সরকারের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় প্রায় ১২/১৪ টি মাদক মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%