ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এভারেস্ট জয় ও প্রিয়জন হারানোর বেদনা নিয়ে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’


এভারেস্ট জয় ও প্রিয়জন হারানোর বেদনা নিয়ে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : অস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রামাণ্যচিত্র ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ পাহাড়ের সৌন্দর্য, বিশালতা ও মুগ্ধতা দিয়ে শুরু হয়েছে। এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে সেইসব মানুষের কাহিনী, যারা পাহাড়ের চূড়ায় পৌঁছানোর চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে নিজেদের শারীরিক ও মানসিক সক্ষমতার শেষ সীমা পর্যন্ত পরীক্ষা করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে, প্রামাণ্যচিত্রের অন্যতম প্রধান চরিত্রের মৃত্যুর পর গল্পটি ভিন্ন দিকে মোড় নেয়। পাহাড়ের দুর্গম পরিবেশে গড়ে ওঠা গভীর সম্পর্ক, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা এবং সেই শোক কাটিয়ে ওঠার সংগ্রাম হয়ে ওঠে এর মূল বিষয়বস্তু।

আরও পড়ুন: এক কাপ কফি নিয়ে ক্যাফেতে কতক্ষণ থাকা উচিত?

পরিচালক এলিজাবেথ চাই ভাসারহেলি ও জিমি চিনের নতুন এই প্রামাণ্যচিত্রে মানুষের সহনশীলতার সীমা তুলে ধরা হয়েছে। পাশাপাশি এতে যুক্তরাষ্ট্রের দুই খ্যাতনামা স্কিয়ার হিলারি নেলসন ও জিম মরিসনের ভালোবাসার গল্পও স্থান পেয়েছে।

জিমি চিন বলেন, ‘মানুষের জীবন ও অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রতি আমার সব সময়ই আগ্রহ ছিল।’

তার মতে, যেসব মানুষ জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থানে থাকা বিপজ্জনক অভিযানে অংশ নেন, তাদের গল্পের মধ্য দিয়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত জীবনে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রিয়জনকে হারানোর শোক কীভাবে সামলাতে হয়? মানুষ কীভাবে ভালোবাসে? কোন বিষয়গুলো তাকে ভয় পাইয়ে দেয়? অর্থবহ জীবন যাপন করতে কিংবা নিজের কাক্সিক্ষত মানুষ হয়ে উঠতে আমরা কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?’

আরও পড়ুন: এক দিনের ভ্রমণে পর্যটকদের নতুন পছন্দ: নির্জন অবকাশ

দুঃসাহসিক অভিযানের গল্প

দুঃসাহসিক ক্রীড়াবিদদের অসাধারণ সব অভিযান ও সাফল্য নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে পরিচালক জিমি চিন ও এলিজাবেথ চাই ভাসারহেলি ইতোমধ্যে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছেন।

২০১৯ সালে পর্বতারোহী অ্যালেক্স হনল্ডকে নিয়ে নির্মিত তাদের প্রামাণ্যচিত্র ‘ফ্রি সোলো’ অস্কার জেতে। তবে, এই দুই নির্মাতার কাছে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ ছিল আরও বড় পরিসরের একটি কাজ।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এবারের পুরস্কার মৌসুমে আলোচনায় থাকা আরেকটি চলচ্চিত্র ‘তেনজিং’-এও উঠে এসেছে এভারেস্ট অভিযানের ইতিহাস। ১৯৫৩ সালে পর্বতটির দক্ষিণ দিক দিয়ে প্রথম সফলভাবে চূড়ায় ওঠার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি।

আরও পড়ুন: ওয়াটার হিটার কেনার আগে খেয়াল রাখবেন যেসব বিষয়

‘এভারেস্ট: দ্য আদার সাইড’-এর গল্পের কেন্দ্রে রয়েছেন খ্যাতনামা স্কিয়ার জিম মরিসন। তিনি বিমান দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারানোর বেদনাদায়ক স্মৃতি বয়ে বেড়াচ্ছিলেন।

এবার তার লক্ষ্য ছিল এভারেস্টের উত্তর দিক দিয়ে চূড়ায় পৌঁছানো। এ পথে খুব কম মানুষই সফল হয়েছেন। একই সঙ্গে তিনি হতে চেয়েছিলেন প্রথম ব্যক্তি, যিনি এভারেস্টের ওই দিক থেকে স্কি করে নিচে নেমে আসবেন।

এই অভিযানে তার সঙ্গী হওয়ার কথা ছিল হিলারি নেলসনের। স্বামীকে হারানোর কয়েক বছর পর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অভিযানের প্রস্তুতির সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তুষারধসে প্রাণ হারান ৪৯ বছর বয়সী পর্বতারোহী নেলসন।

পরিচালক এলিজাবেথ চাই ভাসারহেলি বলেন, ‘শুরুতে হিলারি নেলসন ও জিম মরিসনকে ঘিরেই চলচ্চিত্রটির পরিকল্পনা করা হয়েছিল। এটি ছিল তাদের ভালোবাসা, যৌথ স্বপ্ন এবং এভারেস্টের উত্তর দিক দিয়ে সরাসরি চূড়ায় পৌঁছে সেখান থেকে স্কি করে নামার প্রথম প্রচেষ্টার গল্প।’

আরও পড়ুন: গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দিতে চায় সরকার

তিনি আরও বলেন, ‘হিলারির মৃত্যুর পর চলচ্চিত্রটির বিষয়বস্তু বদলে যায়। তখন এতে একদিকে যেমন এমন দুঃসাহসিক অভিযানের পেছনের উচ্চাকাক্সক্ষা উঠে আসে, অন্যদিকে এসব অভিযানের বাস্তব জীবনে কী ধরনের মূল্য দিতে হয়, সেটিও তুলে ধরা হয়।’

চলচ্চিত্রটি নির্মাণের অভিজ্ঞতা নিজের জীবন নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করেছে বলে জানান চাই ভাসারহেলি। এর আগে তিনি জিমি চিনকে বিয়ে করেছিলেন। ঝুঁকিপূর্ণ বিভিন্ন অভিযানের দৃশ্য ধারণের কাজেও যুক্ত থাকেন চিন। তাঁদের দুই সন্তান রয়েছে।

চাই ভাসারহেলি বলেন, ‘আমি কখনো বিশ্বাস করিনি যে জিমি মারা যেতে পারে। কিন্তু হঠাৎ করেই বুঝতে পারলাম, আমার পেশাগত উচ্চাকাক্ষা ও ব্যক্তিগত জীবনের স্বার্থ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে।’

অন্যদিকে হিলারি নেলসনের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জিম মরিসন।

আরও পড়ুন: চোখের সামনে থাকা জিনিস কেন খুঁজে পান না অনেকে?

এএফপিকে তিনি বলেন, ‘আমি যেন এক জায়গায় থমকে গিয়েছিলাম। পুরোপুরি ভেঙে পড়েছিলাম এবং গভীরভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম।’

তার জীবনের এই কঠিন মুহূর্ত থেকেই চলচ্চিত্রটির গল্প নতুন দিকে মোড় নেয়।

মরিসন বলেন, ‘এই পুরো অভিযান তখন আমার কাছে শোক আর হারানোর বেদনার মধ্য দিয়ে এগিয়ে চলার এক যাত্রায় পরিণত হয়। হিলারিকে হারানোর পাশাপাশি নিজের পরিবারকে হারানোর কষ্টও আমাকে বয়ে বেড়াতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আবার এভারেস্টে ফিরে গিয়ে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করার ইচ্ছা তৈরি হয়। কারণ, আমি হিলারির স্মৃতির প্রতি সম্মান জানাতে চেয়েছিলাম।’

আরও পড়ুন: শীতে ঘুরতে যাওয়ার সেরা ১০ পর্যটন কেন্দ্র প্রকাশ

এই পর্যায়ে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ কেবল পর্বতারোহণ কিংবা দুঃসাহসিক অভিযানের গল্পে সীমাবদ্ধ থাকে না; বরং হয়ে ওঠে মানুষের জীবন, ভালোবাসা, শোক ও ঘুরে দাঁড়ানোর এক অনন্য গল্প।

মরিসনের মতে, এই গল্পের শিক্ষা সবার জীবনেই প্রাসঙ্গিক।

তিনি বলেন, ‘আপনি যদি হাল না ছেড়ে সামনে এগিয়ে যান, নিজের সর্বোচ্চ চেষ্টা করেন এবং এক পা এক পা করে এগোতে থাকেন, তাহলে অসাধারণ সব অর্জন সম্ভব।’

‘এভারেস্ট: দ্য আদার সাইড’ যুক্তরাষ্ট্রের নির্বাচিত কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাক্টওয়াচ: পুরোনো ভিডিওকে আ. লীগের বিক্ষোভ মিছিল হিসেবে অপপ্রচার শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


ফ্যাক্টওয়াচ: পুরোনো ভিডিওকে আ. লীগের বিক্ষোভ মিছিল হিসেবে অপপ্রচার শনাক্ত

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : ফ্যাক্টওয়াচ একটি ঘটনা শনাক্ত করেছে, যেখানে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হিসেবে অপপ্রচার করা হচ্ছে।

ফ্যাক্টওয়াচের তথ্য অনুযায়ী, মিরপুর-১০ নম্বরে ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযানের একটি ভিডিওকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বলে প্রচার করা হয়েছে।

এটি স্পষ্ট যে, ভিডিওটি সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিলের চিত্র নয়। বরং, এটি মিরপুর-১০ নম্বরে ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযানের সময় ধারণ করা হয়েছে।

দেশে গুজব ও ভুয়া তথ্যের বিস্তার রোধ করতে ফ্যাক্টওয়াচ কাজ করে যাচ্ছে। এটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) দ্বারা অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন তথ্য যাচাইকারী সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফ্যাক্টওয়াচ নিয়মিতভাবে এসব তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনসিলভানিয়ায় হামের সংক্রমণে এক বছরে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


পেনসিলভানিয়ায় হামের সংক্রমণে এক বছরে ৯ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামের কারণে এ বছর নবম ব্যক্তির মৃত্যু ঘটেছে। একই সঙ্গে, হামে আক্রান্তের সংখ্যা অঙ্গরাজ্যটিতে ১ হাজার ৬০০-এর বেশি হয়ে গেছে। গত ৩৫ বছরের মধ্যে এটি প্রথমবারের মতো পেনসিলভানিয়ায় হামে মৃত্যুর ঘটনা ঘটল।

সোমবার (২৩ নভেম্বর) এই তথ্যটি দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ প্রকাশ করেছে।

পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ সোমবার (২৩ নভেম্বর) নবম মৃত্যুর তথ্য প্রকাশ করে। এর আগে ভার্জিনিয়ায় হামে আক্রান্ত হয়ে পাঁচ বছরের কম বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছিল।

যুক্তরাষ্ট্রে এ বছর এখন পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৩৮ জনে পৌঁছেছে। ২০০০ সালে হাম নির্মূলের ঘোষণা দেওয়া হয়েছিল দেশটিতে। তবে সম্প্রতি সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে যুক্তরাষ্ট্র সেই স্বীকৃতি হারিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, টিকা সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর ফলে অনেকের মধ্যে টিকা গ্রহণের প্রতি অনীহা তৈরি হয়েছে। শিশুদের হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী টিকা দেওয়ার হারও কমে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ প্রতিরোধে টিকাকেই সবচেয়ে কার্যকর উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে: ডব্লিউএফপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


বিশ্বে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে: ডব্লিউএফপি

বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ বর্তমানে তীব্র খাদ্যসংকটে ভুগছেন। সুদান, দক্ষিণ সুদান এবং সোমালিয়ার কিছু অঞ্চলে দুর্ভিক্ষের ঝুঁকি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে, বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে সংঘাত ও যুদ্ধের কারণে খাদ্য ও কৃষি উপকরণের সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে খাদ্য ও মানবিক সহায়তার খরচ বৃদ্ধি পাচ্ছে। যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে, তবে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে ৭৩ লাখ মানুষের জন্য খাদ্য সহায়তা ঝুঁকির সম্মুখীন হতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে সংস্থাটির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ এই সতর্কবার্তা প্রদান করেন। লিন্ডবার্গ উল্লেখ করেন, হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব প্রণালি এবং কৃষ্ণসাগর—এই তিনটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে খাদ্য রপ্তানি এবং কৃষিকাজের জন্য প্রয়োজনীয় উপকরণের সরবরাহ মারাত্মকভাবে সংকুচিত হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে সংঘাতের বৃদ্ধি এবং এল নিনোর মতো জলবায়ুগত বিপর্যয়ের কারণে খাদ্য উৎপাদন ও দামের ওপর এর বাস্তব প্রভাব পড়ছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে, ডব্লিউএফপির অতিরিক্ত ৭২ কোটি ৭০ লাখ ডলার ব্যয় হতে পারে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত। এতে ৭৩ লাখ মানুষের জন্য সহায়তা কার্যক্রম ঝুঁকিতে পড়বে।

লিন্ডবার্গ জানান, বাড়তি ব্যয়ের কারণে ডব্লিউএফপির কার্যক্রমের জন্য বরাদ্দ অর্থ সরাসরি কমে যাচ্ছে। ফলে কমসংখ্যক পরিবারকে কম পরিমাণ খাদ্য সহায়তা দেওয়া সম্ভব হবে।

তিন নৌপথে সংকট, ব্যাহত খাদ্য সরবরাহ

বিশ্বের মোট সার সরবরাহের প্রায় ৩০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তাই এই নৌপথে অচলাবস্থা তৈরি হলে কৃষিকাজের গুরুত্বপূর্ণ উপকরণের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়বে। অন্যদিকে, কৃষ্ণসাগর বিভিন্ন দেশের জন্য শস্য সরবরাহের একটি গুরুত্বপূর্ণ উৎস। সোমালিয়া ও ইয়েমেনের মতো দেশগুলো এই অঞ্চলের শস্যের ওপর নির্ভরশীল। ইয়েমেন তার মোট খাদ্য চাহিদার ৯০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করে।

এছাড়াও, বাব আল-মান্দেব প্রণালিতে অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্য ও খাদ্য পরিবহনে বাধা সৃষ্টি করছে। এই তিনটি গুরুত্বপূর্ণ নৌপথে সংকটের কারণে খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর খরচ বেড়ে যাচ্ছে। সুদানে খাদ্যসংকটের পরিস্থিতিও উদ্বেগজনক। সেখানে একটি সাধারণ খাদ্যতালিকার ব্যয় গত ফেব্রুয়ারি থেকে ১৩০ শতাংশ বেড়ে গেছে।

তিন বিষয়ে অঙ্গীকারের আহ্বান

বক্তব্যে জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতি তিনটি বিষয়ে স্পষ্ট অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ। তিনি বলেন, "বিশ্বে আর কোনো দুর্ভিক্ষ হতে দেওয়া যাবে না, খাদ্যকে কখনোই যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না এবং মানবিক সহায়তাকর্মীদের ওপর কোনো হামলা চালানো যাবে না।" লিন্ডবার্গ এসব বিষয়কে তিনটি ‘লাল রেখা’ হিসেবে উল্লেখ করেন। তিনি সদস্যদেশগুলোকে এই তিন বিষয়ে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে মাঠে কাটা আমন ধান নিমজ্জিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে মাঠে কাটা আমন ধান নিমজ্জিত

রাজশাহী, ২৪ নভেম্বর, ২০২৬ : টানা বৃষ্টির কারণে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মাঠে কেটে রাখা আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

কৃষক এবং কৃষি কর্মকর্তাদের মতে, টানা চার দিনের মাঝারি বৃষ্টির ফলে বরেন্দ্র অঞ্চল এবং উত্তরাঞ্চলের বিভিন্ন বিল এলাকার মাঠে কাটা আমন ধান পানিতে ডুবে গেছে।

কৃষকদের মধ্যে আশঙ্কা রয়েছে যে, বৃষ্টির পানিতে নিমজ্জিত ধানের শিষ থেকে দানা ঝরে পড়তে পারে এবং ধানের স্বাভাবিক রং নষ্ট হতে পারে। দেশের বিভিন্ন জেলা থেকেও কৃষকদের দুর্ভোগের খবর এসেছে, যা উদ্বেগজনক।

আমন ধান কাটার পর মাড়াইয়ের আগে চার থেকে পাঁচ দিন মাঠে শুকানোর প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় ধানের রং অক্ষুণ্ন থাকে এবং আর্দ্রতা কমে আসে। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে কৃষকরা কাটা ধান শুকানোর সুযোগ পাননি।

শনিবার সন্ধ্যা পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে একটানা বৃষ্টিপাত অব্যাহত ছিল। এর ফলে অধিকাংশ কৃষক মাঠ থেকে কাটা আমন ধান মাড়াইয়ের খলায় তুলতে সক্ষম হননি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে, উত্তরাঞ্চলে এ পর্যন্ত মাত্র ১২ শতাংশ জমির আমন ধান কাটা ও মাড়াই সম্পন্ন হয়েছে। বাকি ৮৮ শতাংশ জমির মধ্যে অর্ধেকের ধান কেটে মাঠে রাখা হয়েছে। অবশিষ্ট ৪৪ শতাংশ জমির ধানগাছ বৃষ্টি ও বাতাসে হেলে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় ১৯ লাখ ৯২ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং নিবিড় সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় এবারের ফলনের জন্য আশা ছিল। এসব জমি থেকে ৫৬ লাখ ৮৭ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

উত্তরাঞ্চলের কৃষি অঞ্চলগুলোর মধ্যে রংপুরের পাঁচ জেলায় সবচেয়ে বেশি ৬ লাখ ২২ হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এ অঞ্চলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৫ লাখ ৯৬ হাজার টন।

দিনাজপুরের বৃহত্তর তিন জেলায় ৪ লাখ ৯৮ হাজার হেক্টর জমি থেকে ১৪ লাখ ৫৭ হাজার টন, রাজশাহীর চার জেলায় ৪ লাখ ১৩ হাজার হেক্টর জমি থেকে ১৩ লাখ ৩৯ হাজার টন এবং বগুড়া কৃষি অঞ্চলের চার জেলায় ৩ লাখ ৮৯ হাজার হেক্টর জমি থেকে ১২ লাখ ৮০ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

কৃষি বিভাগ জানাচ্ছে, উত্তরাঞ্চলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ভালো আমন উৎপাদনের আশা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবারের উৎপাদনে কিছুটা তারতম্য হতে পারে।

কৃষি বিভাগের সূত্র জানাচ্ছে, উত্তরাঞ্চলের মধ্যে নওগাঁ জেলায় সবচেয়ে বেশি ১ লাখ ৯৬ হাজার হেক্টর জমি থেকে ৬ লাখ ১৮ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের আবাদ ভালো হওয়ায় প্রতি হেক্টরে ৩ দশমিক ৪২ টন আমন ধান উৎপাদনের আশা করা হয়েছিল। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সম্ভাব্য উৎপাদনের কত শতাংশ কমতে পারে, তা নিরূপণে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে।

এদিকে সোমবার রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর এবং নওগাঁর নিয়ামতপুর সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মাঠের পর মাঠে কৃষকদের কেটে আঁটি বেঁধে রাখা আমন ধান পড়ে রয়েছে।

কিছু কিছু স্থানে ধানক্ষেতে হাঁটুপানি জমেছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের হোগলা বিলে কেটে রাখা আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। অন্যদিকে যেসব জমির ধান এখনো কাটা হয়নি, সেসব জমির ধানগাছও দমকা বাতাসে মাটিতে নুয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%