ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির বার্ষিক পারিবারিক মিলনমেলা


সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির বার্ষিক পারিবারিক মিলনমেলা

সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি মেরিনার এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য বার্ষিক পারিবারিক মিলনমেলার আয়োজন করেছে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটি সিঙ্গাপুর (বিএমসিএস)। এই আয়োজন গত ১৪ নভেম্বর সিঙ্গাপুরের টেমাসেক কান্ট্রি ক্লাবের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৪০০ অতিথি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স লুৎফুন্নাহার। এছাড়া চট্টগ্রাম মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ.বি.এম. শামীম, সিঙ্গাপুর মেরিটাইম অফিসার্স ইউনিয়নের (এসএমওইউ) প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক শিপিং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মেরিটাইম খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএমসিএসের সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার শাকাওয়াত হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। প্রধান অতিথি লুৎফুন্নাহার, ক্যাপ্টেন কাজী এ.বি.এম. শামীম এবং সংগঠনের সহসভাপতি ক্যাপ্টেন এমদাদ হোসেন বক্তব্য রাখেন। তাঁরা আন্তর্জাতিক মেরিটাইম খাতে বাংলাদেশি মেরিনারদের অবদান, পেশাগত দক্ষতা এবং প্রবাসে তাঁদের মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন কাঠামো কার্যকর হবে বছরের শেষে

বাংলাদেশি মেরিনার কমিউনিটিতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহিরুল হক ও ইঞ্জিনিয়ার শাহ মকবুল হুদা জুয়েলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিএমসিএস ক্যাপ্টেন রেমন্ড পিটারকে ‘এক্সিলেন্স ইন মেরিটাইম লিডারশিপ’ সম্মাননা প্রদান করে, যিনি বার্নহার্ড শুল্টে শিপম্যানেজমেন্টের (বিএসএম) ব্যবস্থাপনা পরিচালক।

সম্মাননা গ্রহণের পর ক্যাপ্টেন রেমন্ড পিটার তাঁর প্রতিষ্ঠানে আরও বেশি বাংলাদেশি নাবিক ও মেরিটাইম ক্যাডেট নিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক শিপিং খাতে বাংলাদেশি মেরিনারদের কর্মসংস্থানের সম্ভাবনাকে সামনে নিয়ে আসে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যেখানে সংগঠনের সদস্য ও তাঁদের সন্তানরা অংশগ্রহণ করেন। সংগীত ও নৃত্যের পরিবেশনায় মিলনমেলা মুখর হয়ে ওঠে। এতে প্রবাসী মেরিনারদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

সমাপনী পর্বে বিএমসিএসের সাধারণ সম্পাদক শাহরিয়ার আলী গওহর অতিথি, শিপিং কোম্পানির প্রতিনিধি, পৃষ্ঠপোষক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন: ইয়েমেনে হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা

আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসে বসবাসরত বাংলাদেশি মেরিনারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবেলজয়ী হয়েও ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার মুসলিম পদার্থবিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


নোবেলজয়ী হয়েও ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার মুসলিম পদার্থবিজ্ঞানী

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাবওয়া শহরের একটি কবরস্থানে শায়িত আছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী পদার্থবিজ্ঞানী অধ্যাপক আব্দুস সালাম। তার কবরের ফলকে একসময় লেখা ছিল, ‘প্রথম মুসলিম নোবেলজয়ী’। কিন্তু পরবর্তীতে ফলক থেকে ‘মুসলিম’ শব্দটি মুছে ফেলা হয়। বর্তমানে সেখানে লেখা আছে শুধু ‘প্রথম নোবেলজয়ী’। এই একটি শব্দ মুছে ফেলার ঘটনা যেন বিজ্ঞানীর জীবন এবং উত্তরাধিকার ঘিরে থাকা ধর্মীয় ও রাজনৈতিক বৈষম্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্ত আব্দুস সালাম পাকিস্তানের প্রথম নোবেলজয়ী এবং বিজ্ঞানে নোবেল পাওয়া প্রথম মুসলিম বিজ্ঞানী হিসেবে পরিচিত। প্রকৃতির দুটি মৌলিক শক্তি—তড়িৎ-চৌম্বকীয় ও দুর্বল নিউক্লীয় শক্তির ঐক্যবদ্ধ তত্ত্ব প্রতিষ্ঠায় তার অবদান আধুনিক পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে রয়েছে। অথচ নিজ দেশে ধর্মীয় পরিচয়ের কারণে তাকে দীর্ঘদিন নানা বাধা ও উপেক্ষার মুখে পড়তে হয়েছে। নোবেল পুরস্কার কর্তৃপক্ষ এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের তথ্যেও তার বৈজ্ঞানিক অবদান ও পরিচয়ের স্বীকৃতি রয়েছে।

১৯২৬ সালের ২৯ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের ঝাং শহরে জন্মগ্রহণ করেন আব্দুস সালাম। তার বাবা শিক্ষা বিভাগের কর্মকর্তা ছিলেন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় অসাধারণ মেধার পরিচয় দেন। মাত্র ১৪ বছর বয়সে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তৎকালীন সর্বোচ্চ নম্বর অর্জন করেন। লাহোর থেকে সাইকেলে বাড়ি ফেরার সময় শহরের মানুষ তাকে সংবর্ধনা জানাতে রাস্তায় নেমে এসেছিলেন।

এই ফলের সুবাদে বৃত্তি নিয়ে ভর্তি হন লাহোরের গভর্নমেন্ট কলেজে। ১৯৪৬ সালে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর একই বছর বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজে যান। সেখানে গণিত ও পদার্থবিজ্ঞানে অসাধারণ ফল করেন। ১৯৫০ সালে পদার্থবিজ্ঞানে গবেষণার জন্য পান কেমব্রিজের মর্যাদাপূর্ণ স্মিথস প্রাইজ। ১৯৫২ সালে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেন তিনি। নোবেল পুরস্কারের জীবনীতে তার শিক্ষাজীবন ও শুরুর দিকের কর্মজীবনের এসব তথ্য তুলে ধরা হয়েছে।

পড়াশোনা শেষে দেশে ফিরে গবেষণার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেন সালাম। লাহোরের গভর্নমেন্ট কলেজে শিক্ষকতা করেন এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধানের দায়িত্ব নেন। কিন্তু উন্নত গবেষণার জন্য প্রয়োজনীয় বই, সাময়িকী ও সহকর্মীর অভাবে হতাশ হন। দেশে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের গবেষণা এগিয়ে নেওয়ার মতো পরিবেশ না থাকায় শেষ পর্যন্ত তাকে আবার যুক্তরাজ্যে ফিরে যেতে হয়।

১৯৫৭ সালে ইম্পেরিয়াল কলেজ লন্ডনে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। ১৯৫৯ সালে মাত্র ৩৩ বছর বয়সে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। পরবর্তী সময়ে বিশ্বের অন্যতম প্রভাবশালী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠা পান সালাম। দেশে গবেষণার সুযোগের অভাবই তাকে বিদেশে কাজ করতে বাধ্য করেছিল।

পদার্থবিজ্ঞানে যুগান্তকারী অবদান

প্রকৃতিতে চারটি মৌলিক বল বা শক্তি রয়েছে। এর মধ্যে তড়িৎ-চৌম্বকীয় শক্তি এবং দুর্বল নিউক্লীয় শক্তিকে একীভূত করার তত্ত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন আব্দুস সালাম। মার্কিন পদার্থবিজ্ঞানী শেলডন গ্ল্যাশো ও স্টিভেন ওয়াইনবার্গের সঙ্গে তার কাজের মধ্য দিয়ে গড়ে ওঠে ইলেকট্রোউইক তত্ত্ব।

এই তত্ত্ব অনুযায়ী, আপাতদৃষ্টিতে আলাদা মনে হওয়া তড়িৎ-চৌম্বকীয় ও দুর্বল নিউক্লীয় শক্তি আসলে একই মৌলিক শক্তির দুটি প্রকাশ। তত্ত্বটি দুর্বল নিরপেক্ষ স্রোতের অস্তিত্বের পূর্বাভাস দেয়, যা পরবর্তী সময়ে পরীক্ষায় প্রমাণিত হয়। এই গবেষণার স্বীকৃতি হিসেবে ১৯৭৯ সালে সালাম, গ্ল্যাশো ও ওয়াইনবার্গ যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। মৌলিক কণার মধ্যে দুর্বল ও তড়িৎ-চৌম্বকীয় মিথস্ক্রিয়ার ঐক্যবদ্ধ তত্ত্বে অবদানের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

নোবেল পুরস্কার পাওয়ার পরও বিজ্ঞানের সঙ্গে নিজের বিশ্বাসের সম্পর্ক আড়াল করেননি সালাম। ১৯৭৯ সালের ১০ ডিসেম্বর নোবেল ভোজসভায় দেওয়া বক্তব্যে তিনি পবিত্র কোরআনের সূরা মুলকের আয়াত উদ্ধৃত করেন। সৃষ্টিজগতে কোনো ত্রুটি আছে কি না, তা বারবার পর্যবেক্ষণ করার আহ্বান জানানো হয়েছে ওই আয়াতে। তার বক্তব্যের মূল ভাবনা ছিল, প্রকৃতির নিয়ম অনুসন্ধানের মধ্যেও বিস্ময় ও স্রষ্টার সৃষ্টির সৌন্দর্য উপলব্ধির সুযোগ রয়েছে।

নোবেল বক্তৃতায় তিনি বিজ্ঞানের জ্ঞানকে মানবজাতির যৌথ উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, ‘বৈজ্ঞানিক চিন্তা ও তার সৃষ্টি সমগ্র মানবজাতির সাধারণ ও অভিন্ন ঐতিহ্য।’ উন্নয়নশীল দেশগুলোর বিজ্ঞানীদের জন্য সমান সুযোগ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

উন্নয়নশীল দেশের বিজ্ঞানীদের জন্য প্রতিষ্ঠান

নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই উন্নয়নশীল দেশের বিজ্ঞানীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন সালাম। ১৯৬৪ সালে ইতালির ত্রিয়েস্তে প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স (আইসিটিপি)। উন্নয়নশীল দেশের গবেষকেরা যাতে নিজ দেশে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্বের অগ্রসর বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ ও গবেষণার সুযোগ পান, সেটিই ছিল প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

তিনি ১৯৬৪ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির পরিচালক ছিলেন। তার উদ্যোগে গড়ে ওঠা এই কেন্দ্র পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণাকেন্দ্রে পরিণত হয়। ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করেন থার্ড ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্সেস, যা বর্তমানে টিডব্লিউএএস নামে পরিচিত। আইসিটিপি এবং ইম্পেরিয়াল কলেজের তথ্য তার এই প্রাতিষ্ঠানিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেছে।

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি খাতেও তার অবদান ছিল। ১৯৬১ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাকিস্তান পরমাণু শক্তি কমিশন এবং মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়েও তার ভূমিকা ছিল। পাকিস্তানের বিজ্ঞাননীতি ও গবেষণায় তার সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য।

ধর্মীয় পরিচয় ঘিরে বিতর্ক ও দেশত্যাগ

আব্দুস সালাম ছিলেন আহমদিয়া সম্প্রদায়ের অনুসারী। ১৯৭৪ সালে পাকিস্তানের সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে আহমদিয়া সম্প্রদায়ের সদস্যদের সংবিধান ও আইনের দৃষ্টিতে অমুসলিম ঘোষণা করা হয়। এ ঘটনার প্রতিবাদে প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান সালাম। তার ডায়েরিতে লেখা ছিল, ‘ডিক্লেয়ার্ড নন-মুসলিম। ক্যান নট কোপ’—অর্থাৎ, ‘অমুসলিম ঘোষণা করা হয়েছে। মেনে নিতে পারছি না।’

পাকিস্তানের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে আহমদিয়া সম্প্রদায়কে আইনি সংজ্ঞায় অমুসলিম হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের প্রকাশিত সংশোধনী আইন এ বিষয়ে প্রামাণ্য দলিল।

১৯৯৬ সালের ২১ নভেম্বর দীর্ঘ অসুস্থতার পর যুক্তরাজ্যের অক্সফোর্ডে মারা যান আব্দুস সালাম। তার ইচ্ছা অনুযায়ী পাকিস্তানের রাবওয়া শহরের বেহেশতি মাকবারা কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়। কিন্তু মৃত্যুর পরও তার ধর্মীয় পরিচয় ঘিরে বিতর্ক থামেনি। কবরের ফলকে তার নোবেলজয়ী হওয়ার পরিচয়ের আগে লেখা ‘মুসলিম’ শব্দটি পরে সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়। এ ঘটনা নিয়ে একাধিক সংবাদমাধ্যম ও প্রামাণ্যচিত্রে আলোচনা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয় প্রামাণ্যচিত্র সালাম: দ্য ফার্স্ট ****** নোবেল লরিয়েট। নামের মাঝখানে ছয়টি তারকা চিহ্ন ব্যবহার করা হয়েছে ‘মুসলিম’ শব্দটি মুছে ফেলার প্রতীক হিসেবে। চলচ্চিত্রটি নির্মাণে ১৪ বছর সময় লেগেছিল। এতে সালামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, সাক্ষাৎকার, পুরোনো ভিডিওচিত্র ও সংবাদপত্রের সংরক্ষিত উপাদান ব্যবহার করা হয়েছে।

শতবর্ষে নতুন করে স্মরণ

২০২৬ সালের ২৯ জানুয়ারি আব্দুস সালামের জন্মের ১০০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে তার প্রতিষ্ঠিত আইসিটিপি বছরজুড়ে নানা আয়োজনের মাধ্যমে তাকে স্মরণ করছে। শতবর্ষের বিশেষ অনুষ্ঠানে ২০২৬ সালের ‘স্পিরিট অব আব্দুস সালাম অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হবে। এ বছর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার এবং প্রয়াত ভূ-পদার্থবিজ্ঞানী করিম আউদিয়া। পিছিয়ে থাকা অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর সালামের জন্মদিনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

সালামের স্মৃতি ধরে রাখতে তার দীর্ঘ কর্মজীবনের সঙ্গে যুক্ত ইম্পেরিয়াল কলেজ লন্ডনও নানা উদ্যোগ নিয়েছে। ২০২৩ সালে কলেজটির কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তন করে রাখা হয় ‘আব্দুস সালাম লাইব্রেরি’। ২০২৪ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করা হবে। এ ছাড়া সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে আব্দুস সালাম সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স। তার জন্মশতবর্ষ উপলক্ষেও কলেজটি বিশেষ আয়োজন করেছে।

বিজ্ঞানের জগতে আব্দুস সালামের অবদান কোনো একটি দেশের সীমানায় আটকে নেই। যে গবেষণার পরিবেশের অভাবে একসময় তাকে দেশ ছাড়তে হয়েছিল, সেই অভিজ্ঞতাই তাকে বিশ্বের পিছিয়ে থাকা দেশের বিজ্ঞানীদের জন্য প্রতিষ্ঠান গড়ে তুলতে অনুপ্রাণিত করেছিল। আজ ত্রিয়েস্তের আইসিটিপিতে বিশ্বের নানা প্রান্ত থেকে গবেষকেরা আসেন, কাজ করেন, জ্ঞান বিনিময় করেন। তাদের অনেকের গবেষণার সুযোগ তৈরির পেছনে রয়েছে এক বিজ্ঞানীর দীর্ঘদিনের স্বপ্ন ও উদ্যোগ।

কবরের ফলক থেকে একটি শব্দ মুছে ফেলা সম্ভব হয়েছে। কিন্তু পদার্থবিজ্ঞানে তার অবদান, বিজ্ঞানের আন্তর্জাতিক সহযোগিতায় তার ভূমিকা কিংবা উন্নয়নশীল বিশ্বের বিজ্ঞানীদের জন্য তার রেখে যাওয়া প্রতিষ্ঠান মুছে ফেলা যায়নি। আব্দুস সালামের শতবর্ষে তার জীবন ও উত্তরাধিকার সেই কথাই আবার মনে করিয়ে দিচ্ছে।

সূত্র: ডন, নোবেল পুরস্কারপ্রাপ্তদের জীবনী ও গবেষণার বিবরণ, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, আইসিটিপি, পাকিস্তানের জাতীয় পরিষদের আইনগত নথি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইনস্টিটিউট অব ফিজিকস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিএনপি সারা দেশে মাঠে থাকবে—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান।

রিজভী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপনে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে নাশকতা চালাচ্ছে। গাড়িতে আগুন দিচ্ছে, গার্মেন্টস খাতে অস্থিরতা করছে। তাদের মালিকানাধীন গার্মেন্টসে তারা শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এটা সফল হবে না, প্রতিদিন তারা গ্রেপ্তার হচ্ছে।’

ভারপ্রাপ্ত মহাসচিব উল্লেখ করেন, ‘আজকে পতিত হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফিরে এলে তার দণ্ড কার্যকর করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবাবগঞ্জের কৃষকরা আগাম আলু চাষে ব্যস্ত, লাভের আশায় বাড়ছে উৎপাদন খরচ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


নবাবগঞ্জের কৃষকরা আগাম আলু চাষে ব্যস্ত, লাভের আশায় বাড়ছে উৎপাদন খরচ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কৃষকেরা আগাম আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাঁরা মৌসুমের শুরুতেই জমি প্রস্তুত করে আলু রোপণে নেমেছেন, বাজারে ভালো দাম পাওয়ার আশায়। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ১৭০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ সম্পন্ন হয়েছে। কিন্তু কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে উৎপাদন খরচ নিয়ে, কারণ বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরির দাম বেড়ে গেছে। একদিকে তাঁরা আগাম আলু বিক্রি করে বাড়তি লাভের স্বপ্ন দেখছেন, অন্যদিকে বাজারদর কমে যাওয়ার আশঙ্কায় রয়েছেন।

উপজেলার বিভিন্ন মাঠে ঘুরে দেখা গেছে, কৃষকেরা এখন আলু রোপণের পর পরিচর্যায় ব্যস্ত। কোথাও জমিতে সেচ দেওয়া হচ্ছে, কোথাও সার প্রয়োগ ও আগাছা পরিষ্কারের কাজ চলছে। আলুর গাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কৃষকেরা ভালো ফলনের প্রত্যাশা করছেন। তাঁদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাইয়ের আক্রমণ কম হলে মৌসুমের শুরুতেই নতুন আলু বাজারে তুলে ভালো দাম পাওয়া সম্ভব হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নবাবগঞ্জ উপজেলায় প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে ৩৪ হাজার ৬০৪ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৭০ হেক্টর জমিতে আগাম জাতের আলু আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং ইতোমধ্যে ওই জমিতে আলু রোপণ সম্পন্ন হয়েছে।

নীলকন্ঠপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানান, আগাম আলু চাষে খরচ অনেক বেশি। বীজ, সার, কীটনাশক ও জমি প্রস্তুত করতে শুরুতেই মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়। মৌসুমের শুরুতে দাম ভালো পাওয়া গেলে লাভের মুখ দেখা সম্ভব। তবে বাজারদর কমে গেলে লোকসান গুনতে হবে। তবুও লাভের আশায় আলু চাষ করছেন।

বোয়ালমারী গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, আগাম আলু বাজারে তুলতে পারলে সাধারণত ভালো দাম পাওয়ার আশা থাকে। তবে আবহাওয়া ও বাজার পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে। চাষাবাদের খরচ দিন দিন বাড়ছে। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকেরা কিছুটা স্বস্তি পাবেন।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, প্রতি বছরের মতো এবারও উপজেলায় আগাম আলুর চাষ শুরু হয়েছে। এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ১৭০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ সম্পন্ন হয়েছে। সবকিছু অনুকূলে থাকলে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই নতুন আলু বাজারজাত করা সম্ভব হবে। এতে কৃষকেরা ভালো দাম পাবেন বলে আশা করছেন। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। ভালো ফলনের ব্যাপারেও তাঁরা আশাবাদী।

কৃষকদের প্রত্যাশা, অনুকূল আবহাওয়া, রোগবালাইয়ের প্রকোপ নিয়ন্ত্রণ এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হলে আগাম আলু চাষ তাঁদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে। তবে উৎপাদন খরচের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় নিয়ে আলুর বাজার স্থিতিশীল রাখা এবং কৃষকের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহবাগে ১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


শাহবাগে ১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ৯ হাজার ৮৪২ জন প্রার্থী নিয়োগের সুপারিশ পাননি। তারা দ্রুত নিয়োগের দাবিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) শাহাবাগে অবস্থান কর্মসূচিতে সুপারিশবঞ্চিত প্রার্থীরা তাদের দাবি জানান।

প্রার্থীদের বক্তব্য অনুযায়ী, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০১৫ সালের বিধি ৯-এর উপবিধি ২(খ) অনুসারে, ১৮তম শিক্ষক নিবন্ধনে ৬০ হাজার ৬৩৪ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়েছিল। এই পরীক্ষার পাসের হার ছিল ৩ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, ১৭তমসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে মোট ৫৩ হাজার ৩৪০ জন প্রার্থী নিয়োগের সুপারিশ পেয়েছেন। তবে একই যোগ্যতা থাকা সত্ত্বেও ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জন এখনো সুপারিশবঞ্চিত রয়েছেন।

প্রার্থীদের অভিযোগ, তিন ধাপের কঠিন প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার পরও গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শতভাগ শূন্যপদ যুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বারবার আবেদনের সুযোগ দেওয়ার কারণে তারা দুইবার নিয়োগের সুপারিশ থেকে বঞ্চিত হয়েছেন।

তারা দাবি করেন, ২০২৪ সালের ২৫ জানুয়ারির পরিপত্রের ৪.১ ধারা অনুযায়ী প্রতি তিন মাস অন্তর গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ রয়েছে। কিন্তু চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ না পাওয়ায় তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং ব্যক্তিজীবনে দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।

আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে প্রার্থীরা জানান, দাবি আদায়ে তারা এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন আন্দোলন করেছেন।

সবশেষ গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাত্রিযাপনসহ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় এনসিটিবি ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন, দাবিকে যৌক্তিক বলে স্বীকার করেন এবং তাৎক্ষণিকভাবে মুঠোফোনে এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে প্রার্থীদের আশ্বস্ত করেন।

এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনটি মূল দাবি তুলে ধরেছেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। দাবিগুলো হলো—

১. ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা।

২. বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা এবং প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা সংগ্রহ করা।

৩. সনদের মেয়াদ ও বয়সের সময়সীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%