ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল


হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

চট্টগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৬ : ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য রোল মডেল হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি সকল ধর্ম ও বর্ণের মানুষের সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, "যেকোনো ধরনের অবিচার ও অবহেলা দূর করে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

গতকাল চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর বৌদ্ধ বিহারে পবিত্র কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ভাঙ্গায় প্রাইভেটকার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত

তিনি আরও উল্লেখ করেন, "জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে।" একই সঙ্গে তিনি সমাজের সুবিধাবঞ্চিত জনগণের জীবনমান উন্নয়নের বিষয়েও অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, "সমাজে শান্তি-শৃঙ্খলা, সাম্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ ধর্মের শান্তির বাণী প্রচার করতে হবে।" এছাড়া, তিনি সকলকে উস্কানিদাতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, "প্রধানমন্ত্রী জনগণের সেবা করার জন্য আমাকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।" তিনি উল্লেখ করেন যে, এলাকার মানুষের ভালোবাসা ও অধিকার অর্জনের সব কৃতিত্ব জনগণের।

প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই হাটহাজারীতে এসে স্থানীয় মানুষের প্রয়োজন ও সমস্যার কথা শুনেছেন এবং ইতোমধ্যে অনেক দাবি পূরণ করেছেন।"

আরও পড়ুন: শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাতেন না: শফিকুর রহমান

তিনি সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, "দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।" নির্ধারিত হার অনুযায়ী এসব প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ প্রদান অব্যাহত রয়েছে বলেও জানান।

নিজের মাতৃভূমি হাটহাজারীর উন্নয়ন প্রসঙ্গে মীর হেলাল বলেন, "এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং সার্বিক উন্নয়নের বিষয়টি আমি সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।" উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে দেশের কল্যাণে এগিয়ে যেতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বৌদ্ধ বিহারের ভান্তেগণ, বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা এবং সেবক-সেবিকারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঝিকরগাছায় রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে আ. লীগ নেতা মুছা মাহমুদ আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪২ বছর বয়সে প্রথমবার মা হলেন অ্যাভ্রিল ল্যাভিন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


৪২ বছর বয়সে প্রথমবার মা হলেন অ্যাভ্রিল ল্যাভিন

কানাডীয় সংগীতশিল্পী অ্যাভ্রিল ল্যাভিন ৪২ বছর বয়সে প্রথম সন্তানের মা হয়েছেন। তিনি কন্যাসন্তানের জন্মের সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করে মা হওয়ার খবরটি জানান ‘কমপ্লিকেটেড’খ্যাত এই গায়িকা।

অ্যাভ্রিল ছবিগুলোর সঙ্গে লিখেছেন, ‘আমাদের ছোট্ট রাজকন্যা এসেছে।’ তার এই ঘোষণার পর ভক্ত ও অনুসারীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন।

অ্যাভ্রিলের পোস্টে সাদাকালো কয়েকটি ছবি ছিল। একটিতে নবজাতকের ছোট্ট হাত ধরে থাকতে দেখা যায় তাকে ও তার সঙ্গীকে। অন্য একটি ছবিতে গায়িকাকে মেয়েকে কোলে নিয়ে আদর করতে দেখা যায়। শিশুটির পরনে ছিল চিতাবাঘের ছাপের পোশাক।

শেষ ছবিতে দেখা যায়, স্কেটবোর্ডের ওপর রাখা তিন জোড়া ভ্যান্সের জুতা। দুটি বড়দের এবং একটি নবজাতকের জন্য। ছবিটি দেখে অনেকে অ্যাভ্রিলের ২০০২ সালের জনপ্রিয় গান ‘স্কেটার বয়’-এর কথা মনে করেছেন।

তবে এখনো মেয়ের নাম প্রকাশ করেননি অ্যাভ্রিল। সন্তানের বাবার পরিচয়ও জানাননি তিনি।

অ্যাভ্রিলের এক প্রতিনিধি পিপল সাময়িকীকে জানিয়েছেন, নতুন পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজের নতুন অ্যালবামের কাজও করছেন গায়িকা। ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

কে এই রহস্যময় সঙ্গী?

অ্যাভ্রিলের বর্তমান সঙ্গীর পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি। তবে টিএমজেড-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি কোনো তারকা নন এবং ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কয়েক বছর ধরে তাদের সম্পর্ক রয়েছে।

এর আগে ২০০৬ সালে ‘সাম ৪১’ ব্যান্ডের সংগীতশিল্পী ডেরিক হুইবলিকে বিয়ে করেছিলেন অ্যাভ্রিল। ২০১০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০১৩ সালে নিকেলব্যাক ব্যান্ডের গায়ক চ্যাড ক্রোয়েগারকে বিয়ে করেন তিনি। ২০১৫ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা আসে।

২০২২ সালে সংগীতশিল্পী মড সানের সঙ্গে বাগ্‌দান হয় অ্যাভ্রিলের। তবে পরের বছর সেই বাগ্‌দান ভেঙে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি শাহরুখ ভক্তদের জন্য সুখবর: ‘কিং’ সিনেমা ২৪ ডিসেম্বর মুক্তির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


বাংলাদেশি শাহরুখ ভক্তদের জন্য সুখবর: ‘কিং’ সিনেমা ২৪ ডিসেম্বর মুক্তির সম্ভাবনা

বলিউডের বাদশাহ শাহরুখ খানের ভক্তদের জন্য একটি দারুণ সুখবর আসছে। চলতি বছরের বড়দিন বা ক্রিসমাস উপলক্ষে বিশ্বব্যাপী মুক্তির তালিকায় যুক্ত হতে যাচ্ছে তার অপেক্ষিত সিনেমা ‘কিং’। এটি পুরনো খবর হলেও নতুন তথ্য হলো, এই গ্লোবাল রিলিজের স্রোতে পিছিয়ে নেই বাংলাদেশও।

বাংলাদেশে শাহরুখ খানের ভক্তদের জন্য সুখবর হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সমন্বিতভাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে সিনেমাটি।

এখন পর্যন্ত সিনেমাটি বাংলাদেশে আমদানির জন্য প্রস্তুতি নিচ্ছে শীর্ষস্থানীয় পরিবেশনা প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিনেমাটির বাংলাদেশে মুক্তির জন্য আনুষ্ঠানিক অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন বর্তমানে দেশের বাইরে থাকলেও মুঠোফোনে গণমাধ্যমকে জানান, ‘আমি এখন দেশের বাইরে আছি। ‘কিং’ বাংলাদেশে মুক্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সিনেমাটি মুক্তির জন্য আবেদনপত্র জমা দিয়েছি। এখন পর্যন্ত ইতিবাচক অবস্থা দেখছি, বাকিটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসার পর।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, দুদেশের চলচ্চিত্রের আদান-প্রদান নিশ্চিত করতে সাফটা চুক্তির আওতায় এই আমদানি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। জানা গেছে, শাহরুখ খানের ‘কিং’-এর বিপরীতে ভারতে মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে এম এ রাহিম পরিচালিত আলোচিত বাংলাদেশি সিনেমা ‘জংলি’।

ডিসেম্বরের শেষ সপ্তাহে শীতের আমেজে বড়দিনের উৎসবকে রঙিন করে তুলতে বড় পর্দায় ‘কিং’-এর মতো বিগ বাজেটের অ্যাকশন থ্রিলার দেখার সম্ভাবনা ঢাকাই সিনেমার দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে। এখন শুধু অপেক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সবুজ সংকেতের—যা নিশ্চিত হলে ক্রিসমাসের বক্স অফিসে দেখা যাবে কিং খানের রাজত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের অবদান চোখে পড়ছে না: মঞ্জু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের অবদান চোখে পড়ছে না: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মন্তব্য করেছেন যে, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় থাকা জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর ও ববি হাজ্জাজের উল্লেখযোগ্য অবদান চোখে পড়ছে না।

তিনি শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এসব কথা জানান।

মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন পূর্ববর্তী সময়ে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে ফেলার (এক বাক্স নীতি) উদ্যোগটি বেশ আলোচনা ও আগ্রহের সূচনা করেছিল। তিনি ব্যক্তিগতভাবে এই উদ্যোগকে উৎসাহিত এবং জোর সমর্থন করেছিলেন। তাদের চাওয়া ছিল বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে একটি জোট গঠন করুক। ইসলামপন্থী দলগুলোর একটি জোট গঠনের পাশাপাশি, যারা অধিকার ভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের চিন্তা নিয়ে দল করেছেন (মধ্যমপন্থী) তারা একটি এলায়েন্স গঠন করবে।

এ জন্য এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চভুক্ত ৬টি দলসহ (নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি) তারা এই ৯টি দলের মধ্যে বেশ কয়েকটি মিটিংও করেছেন।

জোট গঠন করতে না পারার কারণ ব্যাখ্যা করে মঞ্জু বলেন, তাদের এই ৯ দলীয় একটি জোট গড়ে উঠতে পারেনি মূলত: মান্না ভাইয়ের দুর্বল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব, জোনায়েদ সাকির জীবনের শেষ চান্স কাজে লাগানোর মনোভাব, নুরুল হক নুর ও রাশেদের অতি চতুর আচরণের কারণে। তিনি জানান, দিন রাত দৌড়ঝাঁপ দিয়ে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। নাহিদ ইসলাম, শ্রদ্ধেয় হাসনাত কাইয়ুম ভাই ও জেএসডির স্বপন ভাই তাকে সর্বাত্মক সমর্থন দিয়েছিলেন, কিন্তু সত্যিকার অর্থে তারা সফল হননি।

অবশেষে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির সমন্বয়ে যে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠিত হয়েছিল সেটাও তারা টিকিয়ে রাখতে পারেননি। হাসনাত কাইয়ুম ভাই এজন্য তাদের ওপর খুব ক্ষুব্ধ হয়েছেন। পরিস্থিতির শিকার হয়ে তারা নিদারুণ ক্ষতি মেনে নিয়েছেন, মনের কষ্ট বুকে চেপে রেখে।

ইসলামিক দলগুলোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার দাবি করে তিনি বলেন, ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নেয়ার উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে দীর্ঘ বিরোধ মোচনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল, তা সিট ভাগাভাগির জেরে নষ্ট হয়ে গেছে।

মধ্যপন্থী জোটের স্বপ্নও ভেস্তে গেছে। বিএনপি ঠিকই গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলামসহ আরও কিছু দলকে সাথে নিয়ে এক ধরনের মিশ্র জোট তৈরি করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু এই মিশ্র জোট না করলে তারা কি দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে ক্ষমতায় যেতো না? তিনি মনে করেন, অবশ্যই যেতো। এই দলগুলো তাদের জোটে অন্তর্ভুক্ত হওয়ায় বিএনপির তেমন কোনো রাজনৈতিক ফায়দা হয়নি। সংসদ সদস্য বা মন্ত্রী হিসেবে জোনায়েদ সাকি, আন্দালিব পার্থ, নুরুল হক নুর বা ববি হাজ্জাজের উল্লেখযোগ্য অবদানও চোখে পড়ছে না।

বিভিন্ন জোটের কথা উল্লেখ করে মঞ্জু বলেন, তার ধারণা ১২ দল ও জাতীয়তাবাদী সমমনা জোটসহ ‘বিএনপির পুরোনো সঙ্গীদের জোট’, ‘ইসলামী এক বাক্স জোট’, আমাদের ‘মধ্যপন্থী জোট’ এবং তার পাশাপাশি বামপন্থীদের ‘বাম গণতান্ত্রিক জোট’ অর্থাৎ এই চার ধারায় যদি জুলাই পরবর্তী রাজনৈতিক সমীকরণ তৈরি হতো, তাহলে সেটি বাংলাদেশের জন্য খুবই কল্যাণকর হতো।

বাংলাদেশের রাজনীতির নতুন সংস্কৃতিতে প্রবেশের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গুম, খুন, লুটপাট ও গণহত্যার যথাযথ বিচার ও জুলাই সংস্কার সম্পন্ন করে তারা যদি রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারেও ঐক্যবদ্ধ একটি সিদ্ধান্ত নিতে পারতেন, তাহলে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের ও সংস্কৃতিতে প্রবেশ করতে পারত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীতার চরিত্রে সাইকে দেখে প্রশিক্ষকের পায়ে হাত দিয়ে প্রণাম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


সীতার চরিত্রে সাইকে দেখে প্রশিক্ষকের পায়ে হাত দিয়ে প্রণাম

দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী সীতার চরিত্রে অভিনয় করতে গিয়ে একটি আবেগঘন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ‘রামায়ণ’ সিনেমায়। সিনেমার একটি দৃশ্যের পর তার উচ্চারণ প্রশিক্ষক পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এই ঘটনায় অভিনেত্রী বিস্মিত হয়ে কেঁদে ফেলেন।

সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর পল্লবী রাজের সঙ্গে কথোপকথনে সাই পল্লবী ঘটনাটি উল্লেখ করেন। তিনি জানান, সীতার মতো কোটি মানুষের পূজনীয় একটি চরিত্রে অভিনয় করা তার কাছে শুধুমাত্র অভিনয়ের কাজ ছিল না। চরিত্রটির সঙ্গে মানুষের গভীর আবেগ ও বিশ্বাস জড়িয়ে আছে, যা তিনি সেটে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছেন।

অভিনেত্রী বলেন, তার উচ্চারণ প্রশিক্ষক তাকে প্রস্তুতি নিতে এবং চরিত্রটির জন্য কাজ করতে দেখেছেন। তবুও, একটি দৃশ্যের পর তিনি সাই পল্লবীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এই ঘটনায় বিস্মিত হয়ে সাই পল্লবী প্রশিক্ষককে প্রশ্ন করেন, কেন তিনি এমন করছেন।

সাই পল্লবী বলেন, প্রশিক্ষককে আবেগাপ্লুত হতে দেখে তিনি নিজেও কান্না ধরে রাখতে পারেননি। ওই মুহূর্তটি তাকে বুঝিয়েছে, সীতার চরিত্রটি মানুষের কাছে কতটা অর্থবহ। দর্শকের কাছ থেকে পাওয়া ভালোবাসায় তিনি কৃতজ্ঞ ও অভিভূত।

‘রামায়ণ’ সিনেমাটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। সাই পল্লবীর সীতার চরিত্রে অভিনয় তার জন্য বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%