০৫:৪৩ পি.এম
এক সংসদ সদস্য এবং তিন পুলিশ সদস্যের হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর গুয়াতেমালার পূর্বাঞ্চলের দুই প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে সরকার। শনিবার জারি করা এই আদেশের অধীনে সভা-সমাবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জরুরি অবস্থার আওতায় জাকাপা ও ইজাবাল প্রদেশে খোলা স্থানে জমায়েত সীমিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনীকে বলপ্রয়োগের মাধ্যমে লোকজনের জমায়েত ছত্রভঙ্গ করার, গ্রেপ্তার করার এবং আদালতের পরোয়ানা ছাড়াই বাসভবনে প্রবেশ করার ক্ষমতা দেওয়া হয়েছে।
এই জরুরি অবস্থা অবিলম্বে কার্যকর হবে এবং ৩০ দিন পর্যন্ত বহাল থাকবে। প্রতিবেশী দুই প্রদেশের সম্মিলিত আয়তন প্রায় কাতারের সমান।
আরও পড়ুন: রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী
গত ৬ নভেম্বর জাকাপা প্রদেশের রিও হোন্দো এলাকায় বন্দুকধারীদের হামলায় সংসদ সদস্য হুলিও সেসার পোর্তিয়ো গুলিবিদ্ধ হন। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই হামলায় তিন পুলিশ সদস্যও নিহত হন, এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো।
তবে কর্তৃপক্ষ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারেনি। সংগঠিত অপরাধী চক্রগুলোর প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যেই এই হামলার ঘটনা ঘটে।
এই সপ্তাহে যুক্তরাষ্ট্র জাকাপা অঞ্চলে সক্রিয় কয়েকটি অপরাধী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এসব গোষ্ঠীর সঙ্গে মেক্সিকোর মাদক পাচারকারী কার্টেলগুলোর যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেছে ওয়াশিংটন।
গুয়াতেমালা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পরিবারগুলোর জীবন, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় জনগণের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: রুমিন ফারহানা সংসদে হাসিনাকে নিয়ে সরকারের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন