ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী


রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রাখার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এ কথা তিনি আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৩২-এর সরকারি দলের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের একটি সম্পূরক প্রশ্নের জবাবে বলেন।

মন্ত্রী জানান, আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ গত বছরের তুলনায় উন্নত হবে বলে সরকারের প্রত্যাশা। এর ফলে বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

আরও পড়ুন: রুমিন ফারহানা সংসদে হাসিনাকে নিয়ে সরকারের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরলেন

তিনি উল্লেখ করেন, ‘এ বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ গত বছরের তুলনায় ভালো থাকবে। বর্তমানে আমরা যে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তাতে পণ্যের দাম সহনীয় থাকবে, এমনকি গত বছরের তুলনায় আরও ভালো অবস্থায় থাকতে পারে। তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন না হলে এই পরিস্থিতি বজায় থাকবে বলে আমরা আশা করছি।’

মন্ত্রী আরও বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

বাজার মনিটরিং, আগাম পণ্যের মূল্য নির্ধারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রী দেশের বাজার ব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, বাজার ব্যবস্থায় বিভিন্ন ধরনের অসামঞ্জস্য থাকায় সব জায়গায় পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে থাকে না। বিশেষ করে উৎপাদন এলাকা এবং খুচরা বাজারের মধ্যে ভৌগোলিক দূরত্ব ও ভারসাম্যহীনতা এর অন্যতম কারণ।

আরও পড়ুন: শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি বলেন, দেশের সরবরাহ ব্যবস্থায়ও দুর্বলতা বিদ্যমান। গত ৫৫ বছরে সারা বছর কৃষিপণ্যের পর্যাপ্ত সরবরাহ এবং তুলনামূলক স্থিতিশীল মূল্য নিশ্চিত করার মতো সমন্বিত সরবরাহব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি।

মন্ত্রী জানান, মৌসুমি সবজি উৎপাদনের সময় বাজারে সহজলভ্য থাকলেও বছরের অন্যান্য সময়ে এসব পণ্যের সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায়।

তিনি বলেন, ‘মৌসুমি পণ্যের দাম সারা বছর একই পর্যায়ে রাখতে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হলে আমাদের সরবরাহব্যবস্থাকে সেভাবেই নতুন করে সাজাতে হবে।’

মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। সারা বছর ফলমূল ও শাকসবজিসহ কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন: জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী

কৃষিমন্ত্রীকে একজন দক্ষ ও পরিশ্রমী সহকর্মী হিসেবে উল্লেখ করে মুক্তাদির বলেন, দুই মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে একটি বিস্তৃত সরবরাহব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করা হবে।

তিনি বলেন, ‘আমরা অন্তত বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছি। এখন এ বিষয়ে কাজ শুরু করব। একটি সমন্বিত সরবরাহব্যবস্থা গড়ে তুলতে বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে।’

আন্তর্জাতিক অভিজ্ঞতার উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বের কয়েকটি দেশ বাজারের এ ধরনের অসামঞ্জস্য দূর করতে সমন্বিত সরবরাহব্যবস্থা গড়ে তুলেছে। বাংলাদেশও একই ধরনের উদ্যোগ গ্রহণ করবে।

সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদার করা সম্ভব হলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতা সুরক্ষায় ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার প্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%