০৩:৩০ পি.এম
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি সংসদ-সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আইনপ্রণেতাদের অন্যতম প্রধান কর্তব্য হলো সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ বিষয়ক এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার উল্লেখ করেন, একটি শক্তিশালী ও কার্যকর সংসদই প্রকৃত গণতন্ত্রের প্রাণকেন্দ্র।
অনুষ্ঠানে স্পিকার আরও বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বর্তমানে ব্যাপকভাবে বেড়েছে, এবং প্রকল্পগুলো বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে, একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে সরকারি সম্পদের সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংসদ-সদস্যদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন যে, এই ওরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে সংসদ-সদস্যদের অর্জিত জ্ঞান দেশে সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে ইউসুফ হত্যার ২০ দিন পরেও গ্রেফতার হয়নি আসামীরা
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান জাতীয় সংসদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। তাই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দেশের সাধারণ জনগণ আজ বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে। পাশাপাশি, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্ভরযোগ্য সহযোগী হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, সেজন্য তিনি সংস্থাটিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আনুষ্ঠানিকভাবে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ। এ ছাড়াও উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে জাতীয় সংসদের অন্যান্য হুইপবৃন্দ, সংসদ-সদস্যগণ, ইউএনডিপির উচ্চপদস্থ প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন