রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৪৮ পি.এম
বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন সংগঠনটির সহ-সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ।
আগামী ২০তম এশিয়ান গেমস-২০২৬ উপলক্ষে, বাংলাদেশ আর্চারী ফেডারেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে ০৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সভাপতির বিদেশে থাকার সময়, নাজিম উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
আর্চারী ফেডারেশন সূত্রে জানা গেছে, সভাপতি দেশে ফিরে আসার পর নাজিম উদ্দিন আহমেদ পুনরায় সহ-সভাপতি হিসেবে তার স্ব-স্ব দায়িত্বে বহাল থাকবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আলেকজান্ডার ইসাকের অসাধারণ ফর্ম অব্যাহত রয়েছে। তাঁর গোলে লিভারপুল বোর্নমাউথকে ১-০ ব্যবধানে পরাজিত করে প্রিমিয়ার লিগে জয় লাভ করে। উল্লেখ্য, এই ম্যাচটি ছিল বোর্নমাউথের কোচ আন্দোনি ইরাওলার পুরোনো ক্লাবের মাঠে ফেরার উপলক্ষ।
ভাইটালিটি স্টেডিয়ামে প্রথমার্ধে উভয় দলই গোলের সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। দশম মিনিটে দোমিনিক সোবোস্লাই ফ্রি-কিক থেকে গোলের চেষ্টা করেন, কিন্তু তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর বোর্নমাউথের এভানিলসনের দুর্দান্ত ব্যাকহিল ফ্লিক ঠেকিয়ে লিভারপুলকে রক্ষা করেন গোলরক্ষক অ্যালিসন বেকার।
বিরতির আগে লিভারপুলের ব্র্যাডলি বারকোলা গোলের কাছাকাছি পৌঁছান। বাঁ দিক থেকে ভেতরে ঢুকে তাঁর নিচু শট ডিফ্লেক্ট হয়ে গেলেও বোর্নমাউথের গোলরক্ষক জর্জে পেত্রোভিচ দারুণ সেভে তা আটকান।
দ্বিতীয়ার্ধে ম্যাচের পার্থক্য গড়ে দেন ইসাক। ডান দিক থেকে কোডি গাকপোর তৈরি করা আক্রমণে ফ্লোরিয়ান ভিরৎসের সামনে বলটি ঠিকমতো না এলেও তা ইসাকের সামনে চলে আসে। ৫৭ মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে লিভারপুলকে এগিয়ে দেন সুইডিশ ফরোয়ার্ড।
এরপর ইসাকের দ্বিতীয় গোলের সুযোগও আসে। গাকপোর পাসে একা পেয়ে শট নিলেও বোর্নমাউথের ডিফেন্ডার জেমস হিল ঝাঁপিয়ে পড়ে গোল ঠেকিয়ে দেন। শেষ দিকে স্বাগতিকরা চাপ বাড়ালেও লিভারপুলের রক্ষণ ভাঙতে পারেনি।
এই মৌসুমে পাঁচ ম্যাচে ইসাকের গোল হলো চারটি। ফলে গত মৌসুমের পুরো প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে করা তিন গোলের সংখ্যাও ইতোমধ্যে ছাড়িয়ে গেলেন তিনি।
জয়ের পেছনে গাকপোর অবদানও ছিল গুরুত্বপূর্ণ। তিনি দুটি শট নিয়েছেন এবং তিনটি গোলের সুযোগ তৈরি করেছেন, পাশাপাশি ১৬টি দ্বৈতের মধ্যে নয়টিতে জয়ী হয়েছেন। অন্যদিকে, লিভারপুল টানা তৃতীয় প্রিমিয়ার লিগ ম্যাচে গোল হজম করেনি।
এদিকে, বোর্নমাউথের কোচ মার্কো রোজের অধীনে লিগে জয়হীন থাকার ধারা অব্যাহত রইল। প্রিমিয়ার লিগে এর চেয়ে দীর্ঘ সময় জয়হীন শুরুর নজির তাদের আছে শুধু ইরাওলার অধীনে ২০২৩-২৪ মৌসুমে—সেবার প্রথম নয় ম্যাচে জয় পায়নি তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চলমান কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রশাসন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টুর সঙ্গে বৈঠকের পর তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে ধর্মঘটের খবর পেয়ে দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। সেখানে তিনি আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো শোনেন।
বৈঠকে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও মিডলেভেল চিকিৎসক পদায়ন, দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপদ কর্মস্থলের জন্য আনসারদের ডিউটি রোস্টারসহ পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা হয়। দাবিগুলো সমাধানের আশ্বাসের পর ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন।
আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশে আব্দুস সালাম পিন্টু বলেন, ‘আমার বাবা একজন চিকিৎসক ছিলেন, আমার মেয়েও একজন চিকিৎসক। এত প্রতিকূলতার মধ্যেও চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চিকিৎসকরা হামলার শিকার হন। এখানে যে ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত দুঃখজনক। এটি শুধু এখানে নয়, বাংলাদেশের কোথাও না ঘটুক- আমি সেটি কামনা করি।’
তিনি বলেন, ‘আমার ছোট ভাই, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বর্তমানে সরকারি কাজে বিদেশ রয়েছেন। তিনি এই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। আমি আজই ডিসি ও এসপির সঙ্গে কথা বলব, যাতে এ ঘটনায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। আপনারা কাজে ফিরে যান। যেকোনো সমস্যায় আমি আপনাদের পাশে থাকব।’
পিন্টু আরও বলেন, ‘আমি কথা দিচ্ছি, আপনাদের অন্য সমস্যাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং জাতীয় সংসদে উপস্থাপন করব। আপনারা চেষ্টা করুন, আমরাও চেষ্টা করি- সমন্বিতভাবে চেষ্টা করলে হাসপাতালসহ টাঙ্গাইল এগিয়ে যাবে।’
এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডা. মো. আল-আমিন সিদ্দিকীর ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুছ টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে মোছাদ্দেক আলী খানসুর তুহিন, পলি খানসুর ও খন্দকার বদরুল রহমান বাবুলসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এ দায়িত্ব কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্ব পাওয়ার আগে ড. মো. হারুন-আল-রশীদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর হলের আবাসিক শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, আবাসিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ড. মো. হারুন-আল-রশীদ বলেন, মেধাবী এবং যারা হলের আবাসিক শিক্ষার্থী তাদের আবাসন যেন উপযুক্ত ভাবে হয় সে বিষয়ে আমি নজর রাখবো।বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব আবাসিক পরিবেশ নিশ্চিত করাই আমার অন্যতম লক্ষ্য থাকবে। হলের সার্বিক উন্নয়নে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করছি।আমি আশা রাখবো
এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, “নতুন প্রভোস্ট স্যার দায়িত্ব নেওয়ায় আমরা আশাবাদী। হলের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, আবাসিক সুযোগ-সুবিধা ও পড়াশোনার পরিবেশ উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি।”
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. মো. হারুন-আল-রশীদ বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনায় জেলা পুলিশের উদ্যোগে কর্মরত সব পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা)।
পবিত্র কোরআন তিলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে উন্মুক্ত আলোচনা পর্বে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তাঁদের কর্মক্ষেত্রের সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। রেঞ্জ ডিআইজি তাঁদের বক্তব্য শোনেন এবং পুলিশ সদস্যদের কল্যাণে কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেন।
সভায় মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, জনগণের সঙ্গে পুলিশের আচরণ হতে হবে মার্জিত ও মানবিক। একই সঙ্গে অপরাধ দমন ও আইনের প্রয়োগে দৃঢ়তা বজায় রাখতে হবে। ভালো আচরণের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার অন্যতম উপায়।
তিনি পুলিশ সদস্যদের ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, পেশাগত শৃঙ্খলা, স্বাস্থ্যসচেতনতা এবং পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সদস্যদের মনোবল চাঙা রাখা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সভায় নেত্রকোনা আইটিসির কমান্ড্যান্ট কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ পিপিএম, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির স্টাফ অফিসার এএসপি মো. পারভেজ আলম এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মায়িশা ফান্নানা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত), তদন্তকেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা সভায় অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ