১২:৫৬ পি.এম
ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে হুথিদের অবস্থান লক্ষ্য করে ১ হাজার ৩০০টিরও বেশি বিমান হামলা পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে। এই হামলায় হুথিদের ৪৪০ জন কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ নামে পরিচিত অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। হামলাগুলো হুথিদের কমান্ড সেন্টার, সেনাসমাবেশ এবং রসদ সরবরাহের পথ লক্ষ্য করে পরিচালিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এসব হামলায় হুথিদের ৪৪০ জন কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন। পাশাপাশি ১৪৬টি যানবাহন, ভারি অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস বা অকার্যকর করা হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনে পরাজিত হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলসোনারো
এদিকে, তাইজ অঞ্চলে সরকারি বাহিনী জানিয়েছে, পূর্ববর্তী লড়াইয়ে হারানো অবস্থান পুনর্দখলে হুথিদের প্রচেষ্টা তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলে আরও অগ্রগতি অর্জন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান ও পাহাড়ি এলাকার ওপর নিয়ন্ত্রণ জোরদার করার দাবি করেছে বাহিনীটি।
অন্যদিকে, বাব আল-মান্দেব, ধুবাব ও আল-মুদারাবাহ ফ্রন্টে নিয়োজিত বাহিনীগুলো জানিয়েছে, তারা হুথিদের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করেছে এবং বিদ্রোহীদের শক্তিবৃদ্ধির জন্য পাঠানো সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তবে ইয়েমেনি সেনাবাহিনীর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন: মিডিয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে নতুন মামলায় বিচারের মুখোমুখি মেটা ও স্ন্যাপ
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন