০২:৫১ পি.এম
রাজধানীর ধানমন্ডি এলাকায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সীমার বাইরে না যাওয়ার এবং ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসতে না দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাবে উচ্ছেদ অভিযান শুরুর পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নির্দেশনার কথা উল্লেখ করেন। পরবর্তীতে সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান ধানমন্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়।
আব্দুস সালাম বলেন, "ধানমন্ডি একটি আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানকে তাদের নির্ধারিত সীমানার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাতে চলে এসে হকার বা অন্য কাউকে বসানো যাবে না।"
আরও পড়ুন: গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ
ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে তিনি মন্তব্য করেন, জরিপে যেসব এলাকাকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে ধানমন্ডিও রয়েছে। এই কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, "সাধারণ মানুষের ওপর যেন কোনো ধরনের চাপ সৃষ্টি করা না হয়। ককটেল ফোটানো বা গাড়িতে আগুন দেওয়ার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে হবে। জনগণের সমর্থন পেতে হলে আগামী পাঁচ বছর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সরকারকে কাজ করার সময় দিতে হবে।"
তিনি আরও বলেন, "কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন জনকল্যাণমূলক কিংবা পরিচ্ছন্নতাসংক্রান্ত কর্মসূচি গ্রহণ করলে সিটি কর্পোরেশন তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।"
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আরও পড়ুন: বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে তরুণ শাহরিয়ার রহমান শুভ্রের মৃত্যু
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একাধিক ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন