০৭:৩৭ পি.এম
রাজশাহী মহানগরজুড়ে ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজা। একই সঙ্গে মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত এবং মাদক ও অন্যান্য মামলায় আরও ২৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: মঠবাড়ীয়ায় শিক্ষক নিয়োগে জাল সনদ ও লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ, প্রশ্নের মুখে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: খোরশেদ আলম ওরফে সুজন (৪৬), আসারুল শেখ (৪০) ও আল রাফি (২০), যাদের সবাই রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের পাশে রেললাইনের ধার এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
দামকুড়া থানার দবির মোল্লাপাড়া এলাকার সুমন আলী (২৫) গ্রেফতার হন, তার কাছে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ঘোষমহল এলাকার আতাউর রহমান (৪২) গ্রেফতার হয়, তার কাছে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এয়ারপোর্ট থানার বারইপাড়া মোড় এলাকার রাহুল (২২) গ্রেফতার হন, তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার শিহাব ওরফে আবির (২৩) গ্রেফতার হন, তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে তার সহযোগী মাবুদ (৫০) পালিয়ে যায়।
শুক্রবার বিকালে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানালেন, গ্রেফতার সুমনের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা এবং বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এছাড়া পলাতক মাবুদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানায় মোট ১০টি মাদক মামলার রেকর্ড রয়েছে।
আরও পড়ুন: রাঙামাটির সাজেকে দশম দিনে অবরোধ, আতঙ্কে বাসিন্দারা এলাকা ছাড়ছেন
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মহানগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলার সাতজন এবং অন্যান্য মামলার আটজনসহ মোট ২৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, মহানগরীতে মাদক কারবার, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন