১১:৩৩ এম
চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে দুর্বৃত্তদের ছোড়াগুলিতে নিহত হয়েছেন তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবদলকর্মী। এই ঘটনার ফলে গুরুতর আহত হয়েছেন তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবদলকর্মী।
গতকাল শুক্রবার রাত পৌনে ১২টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকার সাদ্দামের অফিসের সামনে এই হামলা সংঘটিত হয়।
নিহত বাপ্পি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের সন্তান। আহত শাওন একই এলাকার ইউসুফের ছেলে।
আরও পড়ুন: বনপাড়া শহর প্রেসক্লাবের নবগঠিত কমিটি গঠন: সভাপতি হযরত আলী,সাধারণ সম্পাদক রেজাউল করিম
সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন দুর্বৃত্ত যুবদল নেতা সাদ্দামের অফিসের সামনে তার অনুসারী যুবদল কর্মী তারেক ও শাওনকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় তারা নিজেদের রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করেন। হামলার শেষ পর্যায়ে হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
নিহত বাপ্পির ভাই রহিম খান বাবু জানিয়েছেন, দুর্বৃত্তরা তার ভাই বাপ্পি ও শাওনের ওপর আকস্মিকভাবে হামলা চালানোর পর তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনার পর গুলিবিদ্ধ গুরুতর আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার ভাই বাপ্পীকে মৃত ঘোষণা করেন। হামলায় গুলিবিদ্ধ শাওন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নুরুল আলম আশেক জানান, গভীর রাতে হাসপাতালে জরুরি বিভাগে গুলিবিদ্ধ দুই যুবককে নিয়ে আসেন তাদের স্বজনরা। তাদের মধ্যে বাপ্পি নামে এক যুবককে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। গুলিবিদ্ধ অপর যুবক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মধ্যরাতে দুর্বৃত্তের ছোড়াগুলিতে দুই যুবক হতাহতের বিষয়টি তারা জানতে পেরেছেন। ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় সাপের কামড়ে ১৪ বছরের স্কুলছাত্রীর মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন