০৪:১০ এম
ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করার আইন অনুমোদন করেছে।
এই আইনের মাধ্যমে ইউরোপে প্রথম দেশ হিসেবে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করল ফ্রান্স। জাতীয় পরিষদ এবং সিনেটে বিলটি ২১ জুলাই পাস হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের ফলে এই আইন আনা হয়েছে।
ভোটাভুটির পর কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক জুনিয়র মন্ত্রী অ্যান লে হেনাফ মন্তব্য করে বলেন, 'ডিজিটাল প্রাপ্তবয়স্কতার ধারণা গ্রহণ করে ইউরোপে প্রথম দেশ হিসেবে পথ দেখাল ফ্রান্স।'
আরও পড়ুন: মাদ্রাসায় বলাৎকার-অশালীন ঘটনা লজ্জাজনক: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
নতুন আইন অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে চার মাসের মধ্যে বিদ্যমান অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট অপসারণ করতে হবে। এই আইনে প্ল্যাটফর্মগুলোকে ফ্রান্সের গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দীর্ঘদিন ধরেই শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তিনি চান, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই আইনটি কার্যকর করা হোক।
গত এপ্রিলের এক অনুষ্ঠানে ম্যাক্রোঁ তরুণদের স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে কম সময় ব্যয় করার আহ্বান জানান। তিনি বলেন, 'আমরা তোমাদের এমন এক ডিজিটাল জঙ্গলে ছেড়ে দিয়েছি, যা তোমাদের মনোযোগ কেড়ে নিয়েছে। এখন আমাদের গতি কমাতে হবে এবং তোমাদের দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে হবে।'
অন্যদিকে, সামাজিক মাধ্যম কোম্পানিগুলো সাধারণত বয়সভিত্তিক নিষেধাজ্ঞার বিরোধিতা করে থাকে। তারা দাবি করে, তারা ইতোমধ্যে ন্যূনতম বয়সসীমা কার্যকর করছে এবং কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। তবে সরকার আইন করলে তা মানতে প্রস্তুত রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
আরও পড়ুন: লন্ডনের বাংলাদেশ হাইকমিশন বিভ্রান্তিকর তথ্য প্রচারে সতর্কতা জারি করেছে
এদিকে ইউরোপীয় কমিশন শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে বৃহত্তর নীতিমালা নিয়ে কাজ করছে। ফ্রান্সের নতুন আইনটি ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা পর্যালোচনা করা হবে। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সিদের জন্য দেশব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা কার্যকর করে বিশ্বের প্রথম দেশ হিসেবে নজির গড়েছিল অস্ট্রেলিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন