০৯:৪০ পি.এম
সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : মহেশখালী-কুতুবদিয়ায় তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন করা হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি করবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বড় আকারের এলএনজি কার্গো আমদানিতে দীর্ঘমেয়াদে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।
প্রতিমন্ত্রী বলেন, নতুন এফএসআরইউটির সংরক্ষণ ক্ষমতা বিদ্যমান দুটি টার্মিনালের তুলনায় বেশি। এর ফলে জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত এলএনজি মজুত রাখা, গ্যাস সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো এবং বড় জাহাজে বেশি পরিমাণ এলএনজি আমদানির সুযোগ সৃষ্টি হবে।
আজ জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, এলএনজি হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যা মাইনাস ১৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল করা হয়। এতে গ্যাসের আয়তন প্রায় ৬০০ গুণ কমে যায় এবং সহজে পরিবহন করা সম্ভব হয়। এফএসআরইউ হলো ভাসমান সংরক্ষণ ও পুনরায় গ্যাসে রূপান্তরের ব্যবস্থা।
আরও পড়ুন: বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি রিসার্চ সোসাইটির নেতৃত্বে রেদওয়ান-ইয়ামিন
বর্তমানে দেশে দুটি এফএসআরইউ চালু রয়েছে, প্রতিটির এলএনজি সংরক্ষণ ক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার। নতুন যে এফএসআরইউ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটির সংরক্ষণ ক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার, যা বিদ্যমান প্রতিটি টার্মিনালের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।
প্রতিমন্ত্রী জানান, নতুন এফএসআরইউটি ২০১৬ সালে নির্মিত। অন্যদিকে, বর্তমানে দেশে থাকা দুটি টার্মিনাল ২০০৫ ও ২০০৬ সালে নির্মিত। ২০০৮ সালে নির্মিত একটি জাহাজ সংগ্রহের সুযোগ থাকলেও আগের একটি এফএসআরইউ বিকল হওয়ার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে তুলনামূলক নতুন জাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগের এফএসআরইউ বিকল হওয়ার কারণে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালি গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে নতুন টার্মিনাল সংগ্রহের ক্ষেত্রে জাহাজটির বয়স ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন এফএসআরইউতে চারটি রিগ্যাসিফিকেশন ইউনিট রয়েছে। এগুলোর সম্মিলিত সক্ষমতা দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসে রূপান্তরের উপযোগী। তবে এর মধ্যে কিছু ইউনিট স্ট্যান্ডবাই রেখে দৈনিক ৬০০ থেকে ৭৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করা হবে। বর্তমানে দেশে থাকা দুটি এফএসআরইউর প্রতিটির রিগ্যাসিফিকেশন সক্ষমতা দৈনিক ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট।
আরও পড়ুন: সদরপুরে যুবদলের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশের কাছে সোপর্দ
বাংলাদেশের এখনো স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নেই। এ অবস্থায় ভাসমান সংরক্ষণাগারই দেশের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প। নতুন টার্মিনালের বেশি সংরক্ষণক্ষমতা সংকটকালীন গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে সহায়ক হবে।
নতুন টার্মিনালে মস টাইপ ও মেমব্রেন টাইপ—উভয় ধরনের এলএনজি জাহাজ ভেড়ানোর সুযোগ থাকবে। পাশাপাশি বড় আকারের জাহাজে বেশি পরিমাণ এলএনজি আমদানি করা সম্ভব হবে। এতে প্রতি ইউনিট এলএনজিতে ৫ থেকে ১০ সেন্ট মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে। প্রতি কার্গোতে প্রায় ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
বছরে ৫০টি কার্গো এবং ২০ বছর মেয়াদি চুক্তির হিসাব বিবেচনায় বড় পরিমাণে এলএনজি কেনার মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে।
বর্তমানে দুটি এফএসআরইউ দিয়ে বছরে প্রায় ১১৫টি এলএনজি কার্গো গ্রহণ করা যায়। নতুন টার্মিনাল চালু হলে জাহাজের মধ্যে বিরতি বাড়বে এবং কার্গো গ্রহণের ব্যবস্থাপনা সহজ হবে। বর্তমানে একটি জাহাজ থেকে এলএনজি খালাসের পর তিন থেকে চার দিনের মধ্যে আরেকটি জাহাজ আসতে হয়। নির্ধারিত সময়ের বাইরে জাহাজ অপেক্ষা করলে অতিরিক্ত চার্জ দিতে হয়। নতুন টার্মিনাল এ চাপ কমাতে সহায়তা করবে।
আরও পড়ুন: ২০০ সন্ত্রাসী প্রস্তুত, অমিতাভ ও অভিষেক বচ্চনকে হত্যার হুমকি
প্রতিমন্ত্রী বলেন, কোনো কারণে এলএনজি সরবরাহ বা এফএসআরইউর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হলে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এ কারণে বাড়তি সংরক্ষণ ক্ষমতা দেশের গ্যাস সরবরাহব্যবস্থার নির্ভরযোগ্যতা বাড়াবে।
বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে বিভিন্ন দেশ নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এফএসআরইউ সংগ্রহে গুরুত্ব দিচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে এ ধরনের জাহাজের চাহিদা ও মূল্য বেড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় রেখেই সরকার নতুন এফএসআরইউ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত এ সরকার জনগণের প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করতে চায়। কোনো অর্থের অপচয় না করে জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন: ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি ঋণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: আমির খসরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন