ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার


রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ  ৩ জন গ্রেফতার
 
রাজবাড়ীর গোয়ালন্দে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১২ টন ধারণক্ষমতার ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা।
 
সোমবার (১২ অক্টোবর) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাঁদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), দিঘীরপাড় এলাকার মৃত কওসার আলীর ছেলে ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী এলাকার মো. মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার মো. আরিফ হোসেন (৩২)। পুলিশের ভাষ্য অনুযায়ী, রমজান আলী এই চালানের মূল মাদক কারবারি।
 
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক পাটুরিয়া ফেরিঘাট হয়ে যশোরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
 
পরে ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক থামানো হয়। ট্রাকের চালক, হেলপার ও চালকের পেছনের বক্সে শুয়ে থাকা এক ব্যক্তির কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁরা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাঁদের আটক করেন।
 
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে চালকের পেছনের বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, উদ্ধার করা মাদকের আনুমানিক ওজন তিন কেজি এবং বাজারমূল্য ৯০ লাখ টাকা।
 
এ ছাড়া ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের টাটা কার্গো ট্রাকটি জব্দ করা হয়। একই সঙ্গে দুটি স্মার্টফোন—Redmi 12 5G ও TECNO KM5 এবং একটি বাটন ফোন—Winstar W500MID উদ্ধার করা হয়েছে।
 
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ট্রাকচালক ও হেলপারের সহায়তায় যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৯(গ)/১০(গ) ধারায় গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
 
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে ব্যবসায়ী দুরুদ মিয়া হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


মৌলভীবাজারে ব্যবসায়ী দুরুদ মিয়া হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে ব্যবসায়ী দুরুদ মিয়া হত্যা মামলায় আদালত এক আসামির জন্য মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন। একই সঙ্গে সাতজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত সোমবার (১২ অক্টোবর) দুপুরে এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৮ সালের ১২ জুন সকালে মৌলভীবাজারের নাজিরাবাদের নারাইন পাশা গ্রামের ব্যবসায়ী দুরুদ মিয়া তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের সাদিক মিয়া সেখানে উপস্থিত হলে দুরুদ মিয়া তার পাওনা টাকা দাবি করেন। সাদিক মিয়া এতে ক্ষিপ্ত হয়ে দোকান থেকে বের হয়ে যান। পরে তিনি দলবদ্ধভাবে দোকানে ফিরে এসে ধারালো ছুরি দিয়ে দুরুদ মিয়াকে আঘাত করে পালিয়ে যান।

দুরুদ মিয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় তার ছেলে মকবুল মিয়া সাদিক মিয়া ও অন্য সাতজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে জেলা ও দায়রা জজ আদালত সাদিক মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং অপর সাতজনকে বেকসুর খালাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন দুই মার্কিন অধ্যাপক, রবার্ট ই. হল এবং মাইকেল উডফোর্ড। তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে ক্ষুদ্র অর্থনীতির ভিত্তিতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা অর্জনের জন্য তাদের গবেষণার স্বীকৃতি হিসেবে।

আজ সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই পুরস্কারের ঘোষণা দেয়। পুরস্কারটির আনুষ্ঠানিক নাম হলো ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনৈতিক বিজ্ঞানে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংকের পুরস্কার’। সাধারণভাবে এটি অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবেই পরিচিত।

হল এবং উডফোর্ডের গবেষণার কেন্দ্রীয় বিষয় হলো, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো কীভাবে সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা এবং অর্থনৈতিক নীতির কার্যকারিতাকে প্রভাবিত করে। এই ধরনের গবেষণা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার নির্ধারণ এবং অর্থনৈতিক ওঠানামা মোকাবিলায় নীতিনির্ধারকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বছর অর্থনীতিতে পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা বিজয়ীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। উল্লেখযোগ্য যে, অর্থনীতির এই পুরস্কারটি ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা চালু করা হয়। যদিও এটি আলফ্রেড নোবেলের স্মরণে দেওয়া হয়, এটি নোবেলের মূল উইলে উল্লিখিত পাঁচটি পুরস্কারের অন্তর্ভুক্ত নয়।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃদ্ধা মায়ের দায়িত্ব নিলেন ছেলে সাগর, চাইলেন ক্ষমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


বৃদ্ধা মায়ের দায়িত্ব নিলেন ছেলে সাগর, চাইলেন ক্ষমা

মায়ের সঙ্গে থাকার ইচ্ছা নেই, এমনকি যদি তাকে সঙ্গে রাখা হয় তবে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন পাবনার সাঁথিয়ার গ্রাম পুলিশ সাগর হোসেন। কিন্তু এখন সেই সাগর মাকে কাছে পেয়ে আনন্দিত। বৃদ্ধ মা মুন্নি খাতুনও ছেলের সঙ্গে থাকতে পেরে খুশি।

রোববার (১১ অক্টোবর) পাবনার বিজ্ঞ আদালতের হস্তক্ষেপের মাধ্যমে মা-ছেলের মধ্যে বিরোধের সমাধান হয়। আদালতে সাগর তার মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর থেকে তিনি মাকে নিজের সঙ্গেই রেখেছেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সাগর মাকে নিয়ে সাঁথিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হন। তার সঙ্গে ছিলেন মামা ও খালু। ইউএনও, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সামনে সাগর মাকে সারা জীবন নিজের কাছে রাখার প্রতিশ্রুতি দেন। এ সময় মা-ছেলে একে অপরকে মিষ্টিমুখ করান।

সাগর হোসেন বলেন, ‘রাগের মাথায় মাকে সঙ্গে না রাখার কথা বলেছিলাম। এরপর থেকে অনুশোচনায় তিন দিন ঘুমাতে পারিনি। এখন বুঝতে পেরেছি, জীবনের বাকি সময় মাকে নিজের কাছেই রাখব।’

মা মুন্নি খাতুন জানান, ছেলের প্রতি তার কোনো রাগ-অভিমান নেই। ছেলে ও পুত্রবধূ তাকে যত্ন করছেন। তিনি ছেলের জন্য সবার কাছে দোয়া চান।

ইউএনও সেলিম আহমেদ বলেন, ‘মা-ছেলের বিরোধ মেটাতে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছিল। পরে আদালতের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়। মা-ছেলেকে একসঙ্গে দেখে আমি আনন্দিত।’

দীর্ঘদিনের অভিমান ও বিরোধ পেছনে ফেলে মা-ছেলে এখন একই ছাদের নিচে। মুন্নি খাতুনের চাওয়া ছিল সামান্য, ছেলের কাছে একটু আশ্রয়। অবশেষে সেই চাওয়াই পূরণ হলো।

উল্লেখ্য, বৃদ্ধ ও অসুস্থ মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি ছিলেন না পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সাগর হোসেন। তাই ছেলের কাছ থেকে ভরণপোষণ ও আশ্রয় পাওয়ার আশায় গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মা মুন্নি খাতুন।

মায়ের করা অভিযোগের শুনানিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের সামনে সাগর বলেন, ‘মাকে আমার সঙ্গে দিলে আমি সুইসাইড করব। আমি মাকে সঙ্গে রাখতে পারব না। স্যার, আপনি বলে দেন, আমি মাকে মাসে কত টাকা দেব।’

অন্যদিকে, হৃদ্‌রোগে আক্রান্ত অসহায় মা মুন্নি খাতুনের আকুতি, জীবনের শেষ সময়ে ছেলের সঙ্গে থেকে নুন-পান্তা খেয়েও বাকি জীবনটা কাটাতে চান তিনি।

অভিযুক্ত সাগর হোসেন পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের মৃত সিরাজুল ইসলাম ও মুন্নি খাতুন দম্পতির ছেলে। তিনি উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।

পরিবার সূত্রে জানা যায়, মুন্নি খাতুনের স্বামী সিরাজুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। তার দুই সন্তানের মধ্যে ছেলে সাগর ও এক মেয়ে রয়েছেন। মেয়েটিরও বিয়ে হয়ে গেছে। ফলে বৃদ্ধ বয়সে মায়ের প্রধান অবলম্বন এখন একমাত্র ছেলে সাগর।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর হোসেনের বিয়ের পর থেকেই মায়ের সঙ্গে তার পারিবারিক বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ছেলে মাকে নিয়মিত ভরণপোষণ দেয়া বন্ধ করে দেন এবং নিজের সঙ্গে রাখতেও অনীহা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় বাংলাদেশির বিরুদ্ধে স্থানীয় তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


মালয়েশিয়ায় বাংলাদেশির বিরুদ্ধে স্থানীয় তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ

মালয়েশিয়ার একটি বিপণিবিতানে এক স্থানীয় তরুণীকে ধর্ষণের একটি গুরুতর অভিযোগের মুখোমুখি হয়েছেন এক বাংলাদেশি।

গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সংঘটিত এই ঘটনাটি নিয়ে পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত সন্দেহভাজন প্রবাসীর সন্ধানে ব্যাপক তল্লাশি ও চিরুনি অভিযান শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার দিন আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ২০ বছর বয়সি ওই তরুণী তার প্রেমিকের সাথে শপিংমলের একটি নির্জন স্থানে অবস্থান করছিলেন। অভিযোগ করা হয়েছে যে, সে সময় এক বাংলাদেশি গোপনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন।

পরবর্তীতে, উক্ত ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীর প্রেমিককে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হয় এবং এরপর ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী তরুণী পুলিশকে জানান যে, অভিযুক্ত ব্যক্তির সাথে তার পূর্বপরিচয় ছিল না। চাঞ্চল্যকর এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরদার তদন্ত শুরু করেছে এবং পলাতক সন্দেহভাজনকে দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%