০৩:৫৬ পি.এম
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট এবং প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীরা আগামী রোববার (১ নভেম্বর) থেকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন করতে হবে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের নিয়ম
আরও পড়ুন: শিক্ষার্থীদের নিরাপত্তায় বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের দুই দিন অনলাইন ক্লাসের দাবি
পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ড্রপডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করে একটি সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরেই এসএমএস পাঠানো হবে।
পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। শিক্ষার্থী যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত পদ্ধতি আবেদন পোর্টালের ‘হেল্প’ বাটনে পাওয়া যাবে। শেষ ধাপে ফি পরিশোধের পর ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।
বিষয় যুক্ত ও বাতিলের নিয়ম
আরও পড়ুন: যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে আব্দুল্লাহ আল ফাহিম ও আব্দুল্লাহ আল হাসিব
আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফি পরিশোধ করে একবার আবেদন জমা দেয়ার পরেও নতুন বিষয় যুক্ত করা যাবে। এই ক্ষেত্রে একই প্রক্রিয়ায় আবেদন করতে হবে, তবে নতুন করে মোবাইল নম্বর দেয়ার প্রয়োজন হবে না।
ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জন করতে চাইলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে বিষয় পরিবর্তন করা যাবে। তবে একবার ফি পরিশোধ করা হলে আবেদন করা বিষয় বাতিল করা যাবে না এবং পরিশোধিত ফি কোনো অবস্থাতেই ফেরত দেয়া হবে না।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া প্রত্যাশিত ফল না পাওয়ায় বিশালসংখ্যক শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করবেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: জাবিতে পরিচালক নিয়োগের প্রতিবাদে রেজিস্ট্রার ভবনে তালা, উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন