০৮:০৭ পি.এম
রাজশাহী নগরীতে পুলিশের পৃথক অভিযানে ৩ জন অনলাইন জুয়াড়ী এবং ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত, মাদক ও অন্যান্য মামলায় আরও ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শনিবার (২৫ জুলাই) দিনগত রাত সোয়া ৩টার দিকে নগরীর মতিহার থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন: আব্দুল্লাহ আল মামুন ওরফে জীবন (৩৫), সে নগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকার আব্দুল আওয়ালের ছেলে; দেলোয়ার হোসেন ওরফে রোকন (৩৪), সে মৃত টিপু সুলতানের ছেলে; এবং হাসিবুল হাসান শান্ত (২৬), খোঁজাপুর মধ্যপাড়া গ্রামের শামীম আলীর ছেলে। এই সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরও পড়ুন: ব্যবসায়ীদের ওপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে চার গুণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদ
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে রাত পৌনে ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী উত্তরপাড়া বিলপাড়া এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো: চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা বর্তমানে বামন শিকর গ্রামের আরিফ মোল্লা (৩৭), মেহেরচণ্ডী উত্তরপাড়ার জাহিদ হাসান (৩০), আলিফ ওরফে আলামিন (২৬), নওগাঁর আত্রাই উপজেলার উত্তরবিল গ্রামের বাসিন্দা বর্তমানে মেহেরচণ্ডী স্কুল মোড় এলাকার আরিফুল ইসলাম (৩০), এবং মেহেরচণ্ডী উত্তরপাড়ার শান্ত (২০)।
এ ঘটনায় চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, আরএমপির বিভিন্ন থানার এবং ডিবি পুলিশের নিয়মিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলার ৭ জন, এবং অন্যান্য মামলার ১২ জনসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে সকল আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন