ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে ভারত


প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে ভারত

ভারতের রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে এক অস্বাভাবিক পদক্ষেপ গ্রহণ করেছে। রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশের পর মাত্র এক ঘণ্টার মধ্যে সেটি প্রত্যাহার করেছে।

শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে প্রকাশিত ভারতের রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে আগামী শনিবার রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

আরও পড়ুন: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড দুঃখজনক, পর্যালোচনা চলবে : আইনমন্ত্রী

‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শীর্ষক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে এই শনিবার (২২ আগস্ট ২০২৬) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।’

তবে, এই সফর নিয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসায় পরবর্তীতে বিজ্ঞপ্তিটি তুলে নেওয়া হয়। বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি দপ্তর থেকে পাঠানো নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামে ২১ আগস্টে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।

এ বিষয়ে উল্লেখযোগ্য যে, ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিকদের সম্মান জানানোর জন্য দেশটির রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের ঐতিহ্য রয়েছে। ভবনের ফোরকোর্টে আয়োজিত ওই অনুষ্ঠানে তিন বাহিনীর সমন্বয়ে ‘গার্ড অব অনার’, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

মূল অনুষ্ঠানের আগের দিন এর একটি পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া, সফররত শীর্ষ নেতার সম্মানে পরবর্তীতে রাষ্ট্রপতির ভবনে নৈশভোজেরও আয়োজন করা হয়।

আরও পড়ুন: হরমুজে নৌ-মাইনের বিস্ফোরণে দুই তেল ট্যাংকারে আগুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামিমের বিষয়ে সিদ্ধান্ত শেষ মুহূর্তে, ম্যাকাইয়েতে ভালো খেলাই লক্ষ্য: শান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


তামিমের বিষয়ে সিদ্ধান্ত শেষ মুহূর্তে, ম্যাকাইয়েতে ভালো খেলাই লক্ষ্য: শান্ত

ইতিহাস গড়া সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল (২২ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাঠে নামার আগে আজ টাইগাররা শেষ অনুশীলন করেছে। এর আগে গণমাধ্যমে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি আলোচনা করেন প্রস্তুতি, কম্বিনেশন এবং লক্ষ্য নিয়ে।

প্রস্তুতি নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। আবহাওয়া একটু আলাদা, একটু ঠাণ্ডা। বাতাসটাও একটু বেশি। আমার মনে হয় ২ দিন প্রস্তুতিতে মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছে, সো প্রিপারেশন ভালো হয়েছে।’

গতকাল অনুশীলনে চোট পেয়েছিলেন তানজিদ হাসান তামিম এবং মুশফিকুর রহিম। তাদের শারীরিক অবস্থা নিয়ে অধিনায়ক বলেন, ‘মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে। তামিমও আজকে ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমার মনে হয় যে কালকে সকালে আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারব।’

তানজিদ আগামীকাল দলে থাকবেন কি না, সে বিষয়ে শান্ত বলেন, ‘কালকে সকালে আরেকবার দেখব। তামিম আজকে ব্যাটিং করেছে, এটা একটা পজিটিভ দিক। বাট মেডিকেল টার্মস অনুযায়ী কালকে সকাল পর্যন্ত আরেকটু আমরা দেখতে চাই। আমার ধারণা, সে ঠিক হয়ে যাবে। কিন্তু সব ধরনের বিকল্প আছে। মনে হয় না খুব সমস্যা হবে।’

কন্ডিশনের দিক দিয়ে ডারউইনের চেয়ে বেশ আলাদা ম্যাকাই। এখানকার উইকেটে পেস এবং বাউন্স বেশি থাকায় সাধারণত পেস সহায়ক হয়ে থাকে। সেক্ষেত্রে দলের কম্বিনেশন কেমন হতে পারে, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘উইকেটটা দেখে ভালো মনে হয়েছে। আমরা যেই উইকেটে অনুশীলন করেছি, অবশ্যই একটু বাউন্স বেশি ছিল। আমাদের পাঁচটা পেস বোলার স্কোয়াডে, সবাই রেডি আছে। পজিটিভ দিক হলো যে দুইটা স্পিনার আছে, যেকোনো কন্ডিশনে ভালো বল করে। আমার মনে হয়, যেহেতু আরও একটু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেটটা দেখে দলের জন্য যেই সিদ্ধান্তটা নিলে ভালো হবে সেটাই আমরা নিব ইনশাআল্লাহ।’

প্রথম ম্যাচে জয় ক্রিকেটারদের ওপর বাড়তি আত্মবিশ্বাস ভর করেছে কি না, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘এরকম একটা জয় তো অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু পেশাদার খেলোয়াড় হিসেবে খুব তাড়াতাড়ি ওইখান থেকে ফেরত আসাটা খুবই জরুরি। আমার মনে হয় এই দুই দিনের অনুশীলনে খেলোয়াড়রা খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে। ওটা অতীত হয়ে গেছে আসলে।’

‘উন্নতির জায়গা সবসময় থাকে। আমার মনে হয় ওই টেস্ট ম্যাচটা আমরা খুব ভালো খেলেছি। ক্যাচ মিস কেউই ইচ্ছা করে করে না। এটা খেলার অংশ। কিন্তু যত কম হবে তত ভালো। তবে আমরা ওই ম্যাচটা খুব ভালো ক্রিকেট খেলেছি। ছোট ছোট উন্নতির জায়গা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমার ধারণা, একটা ভালো ম্যাচ খেলতে পারব।’

ম্যাকাই টেস্টকে ভালো করার জন্য আরও বড় সুযোগ হিসেবে দেখছেন বলে জানিয়ে অধিনায়ক বলেন, ‘চ্যালেঞ্জ তো থাকবেই। কিন্তু একটা অনেক বড় সুযোগ। এরকম একটা দলের বিপক্ষে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, সেটাকে একটা সুযোগ হিসেবে দেখা উচিত এবং একটা ম্যাচ ভালো খেলার কারণে বাড়তি একটা আত্মবিশ্বাস থাকবে। আমার মনে হয়, এই কন্ডিশনটা খেলোয়াড়রা উপভোগ করবে।’

ম্যাকাই টেস্টে লক্ষ্যের কথা জানিয়ে শান্ত বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। ইচ্ছা থাকবে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলার। একেকটা দিন গুরুত্বপূর্ণ, এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি, সেটাই লক্ষ্য থাকবে। যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, ফলাফল অবশ্যই আসবে। রেজাল্ট নিয়ে চিন্তা না করে...। আমার মনে হয় এটা অনেক চ্যালেঞ্জ, অনেক কঠিন হবে আমাদের জন্য। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ভালো ক্রিকেট খেলাটা জরুরি, প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলা জরুরি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুল স্বীকার করে বাবার ঘোষণা, ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেবেন না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


ভুল স্বীকার করে বাবার ঘোষণা, ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেবেন না

নরসিংদীর মনোহরদীতে এক কিশোরীকে (১৫) বাল্যবিবাহ থেকে রক্ষা করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন বাল্যবিবাহটি বন্ধ করে।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া গ্রামে নবম শ্রেণির পড়ুয়া ১৫ বছরের এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল, যা একই উপজেলার চরমান্দালিয়া গ্রামের এক ছেলের সঙ্গে ছিল। বিষয়টি যখন উপজেলা প্রশাসনের নজরে আসে, তখন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া পুলিশ নিয়ে ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পান।

পরে, বাল্যবিবাহের কুফল এবং আইনবিরোধী বিষয়গুলো বুঝিয়ে বলার পর কিশোরীর মা লিখিতভাবে অঙ্গীকার করেন যে, ১৮ বছরের আগে তিনি তার মেয়েকে বিয়ে দেবেন না। এসময় কিশোরীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য পরামর্শও দেওয়া হয়েছে।

কিশোরীর মা বলেন, ‘আমরা ভুল করে ফেলেছি। এ জন্য আমরা অনুতপ্ত। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা তাকে বিবাহ দেব না।’

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া জানান, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে। বাল্যবিবাহ রোধে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রিসভায় রদবদলের আভাস, আলোচনায় যেসব নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


মন্ত্রিসভায় রদবদলের আভাস, আলোচনায় যেসব নেতা

সরকারের ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করার পর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ও সম্প্রসারণ নিয়ে আলোচনা জোরালো হয়েছে। সরকারের চলমান কার্যক্রম সামনে রেখে, কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা ছাড়াও নতুন কিছু শরিক নেতাদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে আলোচনা চলছে। সম্ভাব্য তালিকায় বিএনপির একাধিক নেতা ও জোট শরিক দলের নেতাদের নাম রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণসহ ৬ থেকে ৭ জনের জায়গা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র সুত্রে জানা যায়, বিএনপির সিনিয়র নেতাদের এবং জোটের নেতাদের মধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মন্ত্রিসভায় বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সারের নাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির আলোচনা চলছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৫ থেকে ৬টি গাড়ি, শপথের ফোল্ডার, দাওয়াতপত্রসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পর নতুন সদস্যদের শপথগ্রহণের সম্ভাবনা রয়েছে।

এদিকে, সরকারি যানবাহন অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫ থেকে ৬টি গাড়ি প্রস্তুত করতে বলা হয়েছে। প্রস্তুতির মধ্যে পতাকার স্ট্যান্ডবাহী গাড়ি, নির্ধারিত চালক এবং প্রয়োজনীয় অন্য প্রস্তুতিও রয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায়, তার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন হবে। আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টি প্রধানমন্ত্রী বিবেচনায় রেখেছেন।

এছাড়া শোনা যাচ্ছে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। মাহমুদুর রহমান মান্নাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী করার বিষয়ে আলোচনা চলছে।

বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল মন্ত্রিসভায় অন্তভুক্ত হওয়ার বিষয়ে আলোচনা রয়েছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় সালাহউদ্দিন আহমদকে দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে শহীদ উদ্দিন চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। এই দুই মন্ত্রণালয়ের পাশাপাশি আরও কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু

দিনাজপুর, ২১ আগস্ট ২০২৬ : জেলার ঘোড়াঘাট উপজেলার মধ্যে আজ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী শম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুছাইফা আক্তার (৯) মারা গেছেন।

আজ শুক্রবার দুপুর আড়াইটার সময়ে জেলার ঘোড়াঘাট পৌর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সর্দার ফিলিং স্টেশনের পাশে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শম্পা বেগম গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ গ্রামের সেলিম সরকারের স্ত্রী এবং তাদের মেয়ে নুছাইফা আক্তার।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শম্পা বেগম ও তার মেয়ে নুছাইফা আক্তারকে নিয়ে মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জ উপজেলার চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন সেলিম সরকার।

পথিমধ্যে যখন তারা দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সর্দার ফিলিং স্টেশনের কাছে পৌঁছান, তখন গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি ট্রাক সেলিম সরকারের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।

এর ফলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা শম্পা বেগম ও মেয়ে নুছাইফা আক্তারের মৃত্যু ঘটে।

খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। নিহত দু'জনের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এই ঘটনায় আহত মোটরসাইকেল চালক সেলিম সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানালেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত দু’জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%