ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শিক্ষার্থীদের হাত ধরে বেরোবিতে প্রোডাকশন হাউস ‘চারমিনার’, দুই দিনে ‘শেষ ফ্রেমে’ ২ লাখ ভিউ


শিক্ষার্থীদের হাত ধরে বেরোবিতে প্রোডাকশন হাউস ‘চারমিনার’, দুই দিনে ‘শেষ ফ্রেমে’ ২ লাখ ভিউ

বিশ্ববিদ্যালয়জীবন শুধু পড়াশোনা কিংবা একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। সৃজনশীল কাজের মধ্য দিয়েও নিজেদের প্রতিভা ও দক্ষতার পরিচয় দিচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একদল শিক্ষার্থী। চলচ্চিত্র নির্মাণ ও সৃজনশীল কাজের প্রতি আগ্রহ থেকে তাঁরা গড়ে তুলেছেন ‘চারমিনার’ নামে একটি প্রোডাকশন হাউস। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নির্মিত চলচ্চিত্রগুলো দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি চারমিনারের ব্যানারে প্রকাশিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শেষ ফ্রেম’ মাত্র দুই দিনে ফেসবুকে প্রায় দুই লাখ ভিউ অর্জন করেছে।

‘শেষ ফ্রেম’-এর আগে চারমিনার নির্মাণ করে ‘ফেরা’ ও ‘দীপান্বিতা’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে ‘ফেরা’ ছিল প্রোডাকশন হাউসটির প্রথম চলচ্চিত্র, যা পূজার সময় প্রকাশিত হয়ে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে প্রকাশিত ‘দীপান্বিতা’ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। তবে কারিগরি সমস্যার কারণে চলচ্চিত্রটি পরবর্তী সময়ে সরিয়ে নেওয়া হয়। চারমিনারের এক সদস্য জানান, খুব শিগগিরই ‘দীপান্বিতা’ আবারও প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা চারমিনার প্রোডাকশন হাউস থেকে ভবিষ্যতে বিভিন্ন ধরনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সিনেমা ও সৃজনশীল ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে। নিজেদের চিন্তাভাবনা, গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকদের কাছে ভিন্নধর্মী কাজ উপস্থাপন করাই তাঁদের লক্ষ্য।

আরও পড়ুন: গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী আটক

সম্প্রতি প্রকাশিত ‘শেষ ফ্রেম’ চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নীলাদ্র মোহাইমিন। চিত্রগ্রহণ, সম্পাদনা ও রঙের বিন্যাসের কাজ করেছেন মো. আবুল খায়ের জায়েদ। শিল্প নির্দেশনা ও প্রযোজনা ব্যবস্থাপনায় ছিলেন মাসফিকুল হাসান। দলীয় সহযোগিতায় ছিলেন সৌরভ শেখ ও আরফিন সাকিব।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে রয়েছেন ইলমুন ইসলাম আলভী, সাদিয়া সিদ্দিকী নির্যাস, মো. আলিফ সরকার, আরফিন সাকিব, নওশিন তাবাসসুম পুষ্পিতা, সম্পা রায়, আবিদা সুলতানা রাখি, মুবাশশির কায়সার, তাসিবুল হাবিব নিশাদ, আবুবক্কর সিদ্দিক হৃদয় ও মো. রাতুল হাসান। চলচ্চিত্রটির পোস্টার ডিজাইন করেছেন ইউনুস রাতুল।

এ ছাড়া চলচ্চিত্রটির নির্মাণদলে কাজ করেছেন মারুফ জামান রাতুল, হাফিজ আল হিমু, তাসবিন শাকিব, আল শাহরিয়া ও সজল কুমার পরামানিক। বিশেষ সহযোগিতায় ছিলেন সায়মা আফিফা তামান্না ও মুনতাসির পেরভেজ অঙ্কুর। চলচ্চিত্রটিতে ‘চন্দ্রপীঠ’ ব্যান্ডের ‘পুনর্জন্ম’ গানের সংগীত ব্যবহারের স্বত্ব নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাদিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পড়াশোনার পাশাপাশি তাঁরা নিজেদের প্রতিভা ও চিন্তাভাবনাকে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরছেন। বিশেষ করে ‘শেষ ফ্রেম’ দেখে মনে হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও ভালো মানের চলচ্চিত্র নির্মাণের সক্ষমতা রয়েছে। এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসে সাংস্কৃতিক ও সৃজনশীল চর্চাকে আরও এগিয়ে নেবে।”

আরও পড়ুন: ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ

চারমিনার প্রোডাকশন হাউসের সদস্য ইউনুস রাতুল জানান, নিজেদের আগ্রহ ও সৃজনশীল চিন্তা থেকেই তাঁদের এই যাত্রা শুরু। শুরুতে সীমিত সামর্থ্য নিয়ে কাজ করলেও দলগত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তাঁরা চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছেন। ভবিষ্যতে আরও মানসম্মত ও বৈচিত্র্যপূর্ণ কাজ উপহার দেওয়ার পাশাপাশি ক্যাম্পাসের নতুন প্রতিভাবান শিক্ষার্থীদেরও কাজের সুযোগ করে দিতে চান তাঁরা।

তাঁদের প্রত্যাশা, চারমিনারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ বাড়বে। একই সঙ্গে ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে তাঁদের কাজ জাতীয় পর্যায়েও পরিচিতি পাবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্লপ: ইনফান্তিনো ব্ল্যাটারের চেয়ে খারাপ, পদত্যাগের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


ক্লপ: ইনফান্তিনো ব্ল্যাটারের চেয়ে খারাপ, পদত্যাগের দাবি

জার্মানির প্রধান কোচ ইউর্গেন ক্লপ মন্তব্য করেছেন, "সেপ ব্ল্যাটারের পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আমি ভাবিনি, কিন্তু কেউ একজন সেটা করেও দেখিয়েছে।" তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের দাবি করেছেন এবং নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

২০১৫ সালে দুর্নীতির কারণে সেপ ব্ল্যাটার ফিফার সভাপতির পদ থেকে সরে দাঁড়ান। এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ইনফান্তিনো তার স্থলাভিষিক্ত হন।

আগামী মার্চে ফিফা সভাপতির নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে ইনফান্তিনোর। তবে তার প্রস্তাবিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প বাতিল হওয়ার পর তিনি চাপের মধ্যে রয়েছেন। এই প্রস্তাবে বিশ্বকাপ ও ফিফার অন্যান্য প্রতিযোগিতার অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল।

ইনফান্তিনো ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চাইলেও সমালোচকরা বলছেন, সংশ্লিষ্ট সব নথি প্রকাশ না করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জবাব না দিলে তিনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নন।

লিভারপুলের সাবেক কোচ ক্লপ উল্লেখ করেন, “আমি বহু বছর ধরে ফুটবল অনুসরণ করছি। আমার চেয়ে এ বিষয়ে অনেক বেশি জানেন এমন মানুষ আছেন। তবে এখন অধিকাংশই একমত হবেন যে পরিবর্তন আনা খুবই যৌক্তিক হবে।

“সেপ ব্ল্যাটারের পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আমি ভাবিনি, কিন্তু কেউ একজন সেটাই করে দেখিয়েছে।”

তিনি আরও বলেন, “জিয়ান্নি ইনফান্তিনোর পর যেই আসুক না কেন, সে আরও ভালো কাজ করতে পারবে বলেই আমার বিশ্বাস।”

ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উয়েফার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ ডিয়ালো।

ডিয়ালো উয়েফার নির্বাহী কমিটির সর্বসম্মত সমর্থন পেয়েছেন। মঙ্গলবার তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ার কথা রয়েছে।

উয়েফা জানিয়েছে, বৈশ্বিক ফুটবলে “ঐক্য ও আস্থা পুনঃপ্রতিষ্ঠার” লক্ষ্যে ডিয়ালো সর্বোচ্চ প্রশাসনিক মান বজায় রাখবেন বলে তাদের পূর্ণ আস্থা রয়েছে।

উয়েফা দীর্ঘদিন ধরেই ইনফান্তিনোর অন্যতম কড়া সমালোচক। তারা বারবার তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে।

এছাড়া, উয়েফা ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নিয়েছে এবং এফএফই-সংক্রান্ত সব নথি প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রের তিনটি আদালতে মামলা করেছে।

ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করার শেষ সময় বুধবার।

ফিফার বৈশ্বিক উন্নয়নবিষয়ক প্রধান ও সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও এই পদে লড়ার কথা ভাবছিলেন। তবে বিবিসি স্পোর্টকে সূত্র জানিয়েছে, তিনি শেষ পর্যন্ত নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

সাবেক টটেনহাম ডিফেন্ডার রামন ভেগা অক্টোবরে প্রথম ব্যক্তি হিসেবে প্রার্থিতা ঘোষণা করেন। এছাড়া, জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কোজো তাশিমাও নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

ক্লপ বলেন, “এমন অনেক মানুষ আছেন যারা সত্যিই ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, যারা আর্থিক স্বার্থ দ্বারা পরিচালিত হন না।

“এ ধরনের কেউ যদি সামনে আসেন, যদি তিনি সভাপতি হন, তাহলে সেটা অবশ্যই বড় ধরনের ইতিবাচক পরিবর্তন হবে।

“ফুটবলের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবেন এবং ব্যক্তিগত আর্থিক স্বার্থ নেই, এমন মানুষের অভাব নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প

চলতি সপ্তাহে চীন সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ট্রাম্প উল্লেখ করেন, বৈঠকটি চীনে অনুষ্ঠিত হবে। তবে কিমের উপস্থিতি নির্ভর করছে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সিদ্ধান্তের ওপর।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এসব বৈঠকে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি করানো সম্ভব হয়নি। বর্তমান মেয়াদেও কিমের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে উত্তর কোরিয়া জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রয়োজন তারা অনুভব করছে না।

কিমের সঙ্গে বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, "তিনি আসবেন কি না, তা নিশ্চিত নয়।" তিনি আরও জানান, বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ওপর নির্ভর করছে। উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশনের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, চীনে এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প, পুতিন ও শি চিনপিংয়ের বৈঠক বৈশ্বিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ট্রাম্প জানিয়েছেন, তিনি শি ও পুতিনের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইরান, ইউক্রেন, বাণিজ্য ও অর্থনীতি নিয়ে আলোচনা করবেন। তবে মার্কিন কর্মকর্তাদের মতে, এসব আলোচনায় কার্যকর কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা কম।

রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কিম চীনে গেলে পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে।

ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে প্রায় ১৪ থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাদের বেশির ভাগকেই রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। সেখানে তারা ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছেন।

ওয়াশিংটনের গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) কোরিয়া কর্মসূচির প্রধান ভিক্টর চা বলেন, ট্রাম্পের বক্তব্য থেকে বোঝা যায়, তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে কিম জং উনকে বৈঠকের জন্য চীনে আনার অনুরোধ করেছেন।

ভিক্টর চা বলেন, ট্রাম্পের পাশাপাশি চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত হতে পারলে কিমের জন্য এটি বড় কূটনৈতিক সাফল্য হবে। তিনি উল্লেখ করেন, এপেক সম্মেলনের আয়োজক হিসেবে শি চিনপিং হয়তো অন্য কোনো বিষয় দিয়ে সম্মেলনের মনোযোগ সরাতে চাইবেন না। তবে সব নেতাকে এক বৈঠকে আনতে পারলে তা তার বৈশ্বিক কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে।

এদিকে কিমের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে ট্রাম্পের আগ্রহ এমন সময়ে দেখা যাচ্ছে, যখন তাদের সর্বশেষ শীর্ষ বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। ওই বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কোনো সমঝোতা হয়নি।

এরপর উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাও বাড়িয়েছে। পাশাপাশি রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প উত্তর কোরিয়াকে বড় ধরনের ছাড় দিলে আঞ্চলিক মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতবিরোধ তৈরি হতে পারে।

ট্রাম্প উত্তর কোরিয়াকে ‘পারমাণবিক শক্তিধর রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞদের মতে, দেশটি ইতিমধ্যে কয়েক ডজন পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং এ অঞ্চলের মিত্ররা উত্তর কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা দিতে রাজি নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন—প্রশ্নে জামায়াতের বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন—প্রশ্নে জামায়াতের বক্তব্য

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সহিংসতা ও নাশকতা চালানোর অভিযোগ উঠেছে। গোপালগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অফিস, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের মারধরের অভিযোগও প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, জুলাই আন্দোলনের সম্মুখসারির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা নিয়মিত হত্যার এবং হামলার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পাশাপাশি বিএনপি ও এনসিপি রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে। বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করছে, অন্যদিকে এনসিপি প্রতিরোধের ডাক দিয়েছে। তবে জামায়াতে ইসলামীর সহিংসতা ও নাশকতার অভিযোগের বিষয়ে দৃশ্যমান কোনো রাজনৈতিক পদক্ষেপ না থাকায় দলটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

জামায়াতের নীরবতার কারণ জানতে চাইলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেছেন, “দৃশ্যমান কিছু করব, সরকার তো সে সুযোগটা দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বিচার দৃশ্যমান হলে ঐক্যের ভিত্তি তৈরি হতো।”

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারের দায়িত্ব উল্লেখ করে বলেন, সরকার সহযোগিতা চাইলে কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জাতীয় স্বার্থে জামায়াত মাঠে থাকবে। হামিদুর রহমান আযাদ আরও বলেন, শুরু থেকেই বিষয়গুলো কঠোর হাতে দমন করা হয়নি। এখানে সরকারের চরম ব্যর্থতা রয়েছে। সেই ব্যর্থতার দায় এখন পুরো জাতিকে বহন করতে হচ্ছে। সরকার এ ক্ষেত্রে অনেকটা নীরব ভূমিকা পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তা যথেষ্ট পরিমাণে নেওয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন।

বিএনপির অনেক নেতা অভিযোগ করেছেন যে, জামায়াতের অবস্থান আওয়ামী লীগের প্রশ্নে অস্পষ্ট। কেউ কেউ বলছেন, দলটির সঙ্গে জামায়াতের গোপন আঁতাত রয়েছে। তবে জামায়াতের দাবি, আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ ভিত্তিহীন; বরং সরকারই পতিত শক্তির সঙ্গে সমঝোতা করেছে।

হামিদুর রহমান আযাদ বলেন, সরকার দায় এড়াতে উল্টো জামায়াতের দিকে আঙুল তুলছে। তিনি বলেন, “এই আওয়ামী লীগের হাতে আমাদের পাঁচজন নেতার ফাঁসি হয়েছে, অসংখ্য নেতা জেলবন্দী হয়ে মারা গেছে। হামলা-মামলার শিকার হয়েছে। আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে। সেই দল আওয়ামী লীগের সঙ্গে জামায়াত আঁতাত করবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।”

ঢাকা মহানগর জামায়াতের নেতা-কর্মীদের প্রস্তুতি ও নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে উত্তর ও দক্ষিণ শাখার নেতারা জানিয়েছেন, যেকোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে ওয়ার্ড ও শাখা কমিটিগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ঢাকা মহানগর জামায়াতের উত্তর শাখার নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “আমাদের সকল শাখাকে বলা আছে, কোথাও যদি কোনো ফ্যাসিবাদী চক্র রাষ্ট্র, আইনি কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে, তাকে আমরা মোটেও কোনো ছাড় দেব না। সরকার ব্যর্থ হলে জনগণের নিরাপত্তার প্রশ্নে জামায়াত কোনো আপস করবে না।”

ঢাকা মহানগর জামায়াতের দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “যখন আমরা দেখব যে সরকারের আর কোনো গতি-উপায় নাই বা তারা পারছেন না; তখন আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান যে কথা বলেছেন, প্রয়োজনে সে কর্মসূচি নেব।”

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সহিংসতা ও নাশকতা মোকাবিলায় ঐকমত্যের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জাতীয় ঐক্যের প্রশ্নে জামায়াতের অবস্থান এখনো শর্তসাপেক্ষ। দলটি চায়, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করা হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটকের গানে দীর্ঘ বিরতির পর ফিরে এলেন এস আই টুটুল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


নাটকের গানে দীর্ঘ বিরতির পর ফিরে এলেন এস আই টুটুল

জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল দীর্ঘ সময় পর আবারও নাটকের গানে কণ্ঠ দিয়েছেন। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’র জন্য তিনি ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি গেয়েছেন। গানটির কথা লিখেছেন কবির বকুল, এবং সুর ও সংগীতায়োজন করেছেন সজিব দাস।

নাটকের গানে ফিরে আসার প্রসঙ্গে এস আই টুটুল মন্তব্য করেন, ‘অনেকদিন পর নাটকের জন্য গান গাইলাম। এর কথা ও সুর আমার ভালো লেগেছে। কবির বকুলের লেখা বরাবরই আলাদা আবেদন তৈরি করে। সজিব দাস সুন্দর সংগীতায়োজন করেছেন। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

নির্মাতা গানটির জন্য এস আই টুটুলকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, ‘নাটকের গল্প ও আবহের সঙ্গে গানটির বিশেষ সম্পর্ক রয়েছে। গানের জন্য এমন একজন কণ্ঠশিল্পী চেয়েছিলাম, যার কণ্ঠে আবেগ ও দরদ ফুটে উঠবে। এস আই টুটুলের কণ্ঠ আমার কাছে সেই জায়গা থেকে উপযুক্ত মনে হয়েছে। তার গায়কিতে গানটি আরো প্রাণবন্ত হয়েছে।’

নির্মাতা জানিয়েছেন, ‘তুমি ছাড়া’ গানটি নাটকের গল্প ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

এদিকে, ‘প্রাণ সখিয়া’ নাটকে কারা অভিনয় করছেন, তা নির্মাতা এখনই প্রকাশ করতে চান না। তিনি অভিনয়শিল্পীদের নাম আপাতত গোপন রাখলেও নাটকটির গান দিয়ে দর্শক-শ্রোতাদের আগ্রহ তৈরি করতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%