০৫:২১ পি.এম
ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে চোটগ্রস্ত ব্লেয়ার টিকনারের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের পেসার ক্রিস্টিয়ান ক্লার্ক।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় বলের আঘাতে টিকনার আঘাত পান।
যদিও টিকনারের কনকাশন হয়নি বলে জানানো হয়েছে, তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে ঘটনার দিন থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাধ্যতামূলক সাত দিনের বিরতি শেষ করতে হবে। ম্যাচ চলাকালে তাঁর পরিবর্তে একাদশে খেলেছেন ম্যাট ফিশার।
আরও পড়ুন: শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী তদন্তের নির্দেশ দিলেন
এদিকে, রোববার ফোর্ড ট্রফির সর্বশেষ রাউন্ডের ম্যাচে নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে খেলেছেন ক্লার্ক। এর আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে চার দিনের সিরিজে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে চার ইনিংসে চার উইকেট নিয়েছেন তিনি।
ব্যাটিংয়ে তার অবদানও উল্লেখযোগ্য। সিরিজের প্রথম ম্যাচে ৪২ এবং দ্বিতীয় ম্যাচে ৪১ রান করেন ক্লার্ক। নিউজিল্যান্ডের হয়ে তিনি এখন পর্যন্ত চারটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন।
অন্যদিকে, পুনর্বাসন প্রক্রিয়ার কারণে ভারতের বিপক্ষে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে থেকে ছিটকে গেছেন লোকি ফার্গুসন। ৫০ ওভারের সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে তিনি ডান পায়ের পেশীতে চোট পান।
অকল্যান্ডে ওয়ানডে সিরিজ শুরুর আগে অনুশীলন সেশনে ডেভন কনওয়ের সঙ্গে সংঘর্ষের পর ম্যাট হেনরিকে প্রাথমিকভাবে কনকাশনমুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে ওয়েলিংটনে তাঁর আরও একটি স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন: মাদকবিরোধী সমাজ গঠনে খেলাধুলায় বিপ্লবের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী
এনজেডসি জানিয়েছে, চতুর্থ ওয়ানডে দিয়ে মাঠে ফেরার লক্ষ্য নির্ধারণ করতে হেনরিকে পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘তৃতীয় ওয়ানডের পর টেস্ট দলের ক্যাম্পে যোগ দিতে ওয়েলিংটনে যাওয়ার কথা ছিল হেনরি ও কাইল জেমিসনের। তবে তাঁরা এখন চতুর্থ ম্যাচের জন্য দলের সঙ্গেই থাকবেন।’
এনজেডসি আরও নিশ্চিত করেছে, চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য দলে দুজন খেলোয়াড় যুক্ত করা হবে। টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস ও নাথান স্মিথ বুধবার ওয়েলিংটনে টেস্ট দলের সাথে যোগ দেবেন। আগামী কয়েক দিনের মধ্যে টেস্ট দল ঘোষণা করা হবে।
বর্তমানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ভারত ৩-২ ব্যবধানে জিতেছে।
আরও পড়ুন: মালয়েশিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৫২ রানে নতুন রেকর্ড গড়লেন মুমিন
ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দল :
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ ও উইল ইয়ং।
ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দল :
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, মিচেল হে (উইকেটরক্ষক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটরক্ষক) ও উইল ইয়ং।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন