০৩:৫৬ পি.এম
শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান চার নতুন ক্রিকেটারকে অভিষেকের সুযোগ প্রদান করেছে। এই টেস্টটি সোমবার (৯ নভেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে, যেখানে প্রথমবারের মতো সাদা পোশাকে মাঠে নামছেন তাইয়াব আরিফ, মোহাম্মদ তাহা, সাকিব খান ও আরাফাত মিনহাস।
এই চার তরুণের জন্য জাতীয় দলের দরজা খুলেছে ঘরোয়া ক্রিকেটে তাদের নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে। সাম্প্রতিক সময়ে ব্যাট ও বল হাতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন তারা।
অভিষেকের তালিকায় থাকা ওপেনার তাইয়াব আরিফ ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত সময় কাটিয়েছেন। ডিপার্টমেন্টাল ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে কিংসমেন একাডেমির হয়ে নিজের প্রথম মৌসুমেই ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতা দেখান ডানহাতি এই ব্যাটার। সাত ম্যাচে ৬৬.০৯ গড়ে তার সংগ্রহ ৭২৭ রান। এই সময়ে তিনটি শতকের দেখাও পেয়েছেন তিনি।
আরও পড়ুন: মালয়েশিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৫২ রানে নতুন রেকর্ড গড়লেন মুমিন
পাকিস্তানের পেস আক্রমণে নতুন সংযোজন সাকিব খান। কায়েদে আজম ট্রফির ২০২৫-২৬ মৌসুমে করাচি ব্লুজের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। নয় ম্যাচে মাত্র ২০.৬০ গড়ে ৪৭ উইকেট নিয়েছেন এই পেসার। এক ইনিংসে ৩৪ রানের বিনিময়ে সাত উইকেট শিকারও রয়েছে তার নামের পাশে।
ব্যাটিংয়ে নিজের সামর্থ্য দেখিয়েছেন ২৬ বছর বয়সি মোহাম্মদ তাহা। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর সাত ম্যাচে ৭৩০ রান করে আসরটির তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। তিনটি সেঞ্চুরি করা এই ব্যাটারের সর্বোচ্চ ইনিংস ২২৫ রানের।
অন্যদিকে, ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অবদান রাখার সামর্থ্য রয়েছে আরাফাত মিনহাসের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচ খেলে ৩২.৪৪ গড়ে ৯৪১ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। তার ঝুলিতে রয়েছে একটি শতক ও চারটি অর্ধশতক। সর্বোচ্চ ইনিংস ১৫২ রানের। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২২ উইকেট।
এদিকে, টেস্ট ক্রিকেটে পাকিস্তান ও শ্রীলংকা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫৯ বার। দুই দলের লড়াইয়ে পরিসংখ্যানের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। ২৩টি জয়ের বিপরীতে শ্রীলংকার জয় ১৭ ম্যাচে। বাকি ১৯টি টেস্ট ড্র হয়েছে।
আরও পড়ুন: স্যান্ডপেপার-কাণ্ডে খাজার পাশে ওয়ার্নার, সিএর তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে
শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান একাদশ:
আজান আওয়াইস, তাইয়াব আরিফ, মোহাম্মদ তাহা, বাবর আজম (অধিনায়ক), সৌদ শাকিল, সালমান আলী আগা, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), আরাফাত মিনহাস, রাজাউল্লাহ, মোহাম্মদ আব্বাস ও সাকিব খান।
সূত্র: জিও সুপার
আরও পড়ুন: হৃদয়ের ফিফটি, মুশফিকের টেস্টে ৭ হাজার রান পূর্ণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন