সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:২২ পি.এম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন যে, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে, এসব বিষয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত।
তিনি সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশে এই বক্তব্য প্রদান করেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী ব্যক্তিরা কখনোই চাঁদাবাজি বা দখলদারির সঙ্গে জড়িত হতে পারে না।
তিনি উল্লেখ করেন, ‘সরকারকে সফল হওয়ার পথে বাধা দেওয়া হচ্ছে। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও সরকারকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। গণতন্ত্র ও উন্নয়নের বিরুদ্ধে থাকা অপশক্তিগুলো নানা ষড়যন্ত্র শুরু করেছে। এদের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জানান, দেশের শান্তির ধারাকে অব্যাহত রাখতে সকলের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’ এই কথাগুলো বলতে বলতে বরিশালের উজিরপুরের বামরাইলের আলোচিত শিশুকন্যা তুবা বিনতে অরণি এখনও হাউমাউ করে কাঁদছে।
বাবার সঙ্গে অন্যায় কিছু না হোক, বাবা ভালো হয়ে ফিরে আসুন, এই কামনায় সোমবার দুপুরে ছোট্ট তুবা বাবাকে তিন মাসের জন্য বিদায় জানিয়েছে।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চুরির অপবাদ দিয়ে তুবার বাবা অনিক সরদারকে বেঁধে রেখে মারধর করার অভিযোগ স্থানীয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে ওঠে। ওই ঘটনায় আহত বাবাকে বেঁধে রাখা অবস্থায় চা ও রুটি খাওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এরপর স্থানীয় প্রশাসন তৎপর হয়ে ওঠে এবং তুবা ও তার পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়ায়। বামরাইলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় তুবার বাবা অনিক সরদারকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে (রিহ্যাব বা পুনর্বাসন কেন্দ্র) পাঠানো হয়েছে।
এর কিছুক্ষণ আগে বাংলানিউজের সঙ্গে কথা হয় চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী তুবা বিনতে অরণির। সে জানায়, ভোররাতে একটি ছেলে বাবাকে আটকে মারধর করার খবর বাড়িতে দেয়। তখন সে, তার মা ও ছোট বোন ঘটনাস্থলে যায়।
তুবা বলে, ‘আমি গিয়ে দেখি বাবাকে বেঁধে রেখে মারছে সবাই, লাঠি দিয়া বাড়ি দিচ্ছে, লাত্থি দিচ্ছে। তখন আমি তাদের বলেছি, আমার বাবাকে আর মাইরো না, আমার বাবাকে তোমরা ছাইড়া দেও, আমার বাবাকে তোমরা বেঁধে রেখ না।’
‘…দেখতে পাই বাবার খুব খুধা লাগছে। তখন একজন চা আর রুটি দিলে তা বাবাকে খাওয়াইয়া দেই। পরে অনেক বলতে বলতে বাবারে ছাড়ছে। আর বাবারে বাসায় আনার পর আমি অনেক খুশি, এখন। যা বইলা বুঝাইতে পারব না। এখন বাবারে একটা কর্মের কিছু করে দিলে আমরা সবাই মিলে ভালো থাকতে পারব।’
তুবা আরো বলে, ‘ভোররাত সাড়ে ৪টা থেকে বেলা ১২টা পর্যন্ত আমি আর আমার মা বাবারে ছাইড়া দিতে বলছি। কিন্তু ওই জায়গার কিছু লোকে আমাদের খালি ঘুরাইছে। তারা একবারও ভাবে নাই, বাবার সঙ্গে আমি, আমার মা ও আমার ছোট বোন যে না খাওয়া। খুধা লাগলেও আমি বাবার কাছে বসেছিলাম। মা পাশেই ছিল।’
‘প্রথমে যারা বাবা-মায়ের সাইন নিছে, তারা আমাদের ওইদিনই বাড়ি ছাইড়া যাইতে বলছে। গতকালও অনেকে আসছে গ্রাম ছাড়া করতে, কিন্তু বাবা অসুস্থ থাকায় চলে গেছে। পরে ইউএনও স্যার আর বড়ো এক পুলিশ অফিসার আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আজ আর কেউ আমাদের বাড়ি ছাড়তে বলেনি। আর এখন তো প্রত্যাশা বাবা ভালো হয়ে ফিরে আসুক, তার অপেক্ষায় থাকব। ফিরে এসে বাবা যদি কর্ম পায়, তাহলে আর আমাদের কষ্ট থাকবে না।’
তুবার মা জান্নাত বলেন, ‘ওই রাতে খবর পেয়ে আমরা সবাই দৌড়ে ঘটনাস্থলে যাই। তুবা তো স্যান্ডেল পরারও সময় নেয়নি, সোজা দৌড়ে বাবার কাছে গেছে। ওর সামনে ওর বাবারে যখন মারতে ছিলে, তখন তুবা খালি জোরে জোরে চিৎকার দিয়ে কানছে আর বাবারে মারতে নিষেধ করছে। কেউ ওর কথা প্রথমে শোনেনি, অনেকে তো ভিডিও কইর্যা মজাও নিছে।’
চুরির অপবাদে মারধরের শিকার অনিক সরদার দাবি করেছেন, পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জের ধরে তার সঙ্গে এমন অত্যাচার করা হয়েছে। তিনি বলেন, ‘আমার কাছ থেকে চুরির কোনো মালামাল যেমন উদ্ধার হয়নি, তেমনি কোনো প্রমাণও দেখাতে পারেনি। পরিকল্পনাকারীরা সবসময় চায় আমি যেন আমার পৈতৃক ভিটায় না থাকতে পারি।’
অনিক আরো বলেন, ‘কোনো মেয়ে চায় না তার বাবা আমার মতো ওই রাতের অবস্থায় থাক। আমিও তো চাইনি। আমার মেয়ে যখন আমাকে বেঁধে মারতে দেখেছে, তখন আমার তো মরে যেতে মন চাইছে। কারণ ওইরকম মর্মান্তিক দৃশ্য পৃথিবীতে আর আছে কি না, তা কেউ বলতে পারবে না। এখন আমি সবার সহযোগিতায় সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চাই।’
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, ঘটনাটি জানতে পেরে রবিবার তুবার বাসায় যান তিনি। এখন অনেকেই তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। অনিক অনেকটাই অসুস্থ হওয়ায় তার সার্বিক চিকিৎসার জন্য সোমবার দুপুরে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। তিন মাসের মধ্যে অনিক সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন। ওই সময় পর্যন্ত পরিবারের ভরণপোষণসহ সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনসহ সুশীল সমাজ পাশে থাকবে।
অনিককে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর সময় উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন সাহেব নগদ অর্থ দিয়ে পরিবারটিকে সহযোগিতা করেছেন জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ‘অনিকের ঘটনায় মানুষ কোনো কিছুই ভাবেনি, শুধু বাবার প্রতি মেয়ের ভালোবাসার বিষয়টি দেখেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর সীমান্তে পৃথক অভিযানে ৫৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও ৪ হাজার ৬০০ পিস ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, রবিবার রাত ১টার দিকে দামকুড়া থানার সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৫৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।
একই দিন রাত সোয়া ১২টার দিকে গোদাগাড়ী থানার কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৬০০ পিস ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত এস্কাফ সিরাপ দামকুড়া থানায় এবং ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। এসব পণ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুলাউড়ায় ব্যক্তিগত দখলে থাকা ২৯ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজারের পাশে বিলেরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জমি উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই এলাকায় সরকারি ২৯ শতক খাস জমি বিভিন্ন ব্যক্তির দখলে থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে জমিগুলো উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। এ সময় সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে রফু মিয়া নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ