ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

এপস্টেইনের সাথে ইসরাইলি গোয়েন্দা সংস্থার যোগাযোগ ছিল


এপস্টেইনের সাথে ইসরাইলি গোয়েন্দা সংস্থার যোগাযোগ ছিল

যুক্তরাষ্ট্রের প্রয়াত কুখ্যাত শিশু যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে একটি গোপন সম্পর্ক ছিল বলে দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। এই বিষয়টি অবশেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেছেন। তিনি জানান, ইসরাইলি গোয়েন্দা সংস্থাগুলোর একেবারে শীর্ষ মহলের সঙ্গে গভীর যোগাযোগ স্থাপিত হয়েছিল এপস্টেইনের।

বুধবার (১৫ জুলাই) মার্কিন ক্রীড়া ভাষ্যকার, কৌতুক অভিনেতা এবং সাবেক টেলিভিশন উপস্থাপক জো রোগানের একটি সাক্ষাৎকারে অংশ নেন ভ্যান্স। ওই সাক্ষাৎকারে তিনি অনেক বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি বহুল আলোচিত এপস্টেইনকে নিয়েও খোলামেলা কথা বলেন।

জেডি ভ্যান্স উল্লেখ করেছেন, ‘মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সর্বোচ্চ পর্যায়ে তার যে যোগাযোগ ছিল, তাতে কোনো সন্দেহ নেই। ইসরাইলি গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ মহলের সঙ্গেও তার যোগাযোগ ছিল।’

আরও পড়ুন: নেতানিয়াহুর নির্দেশে পশ্চিম তীরে হামলার পর লিকুদ পার্টির সব রাজনৈতিক কর্মসূচি বাতিল

কথা প্রসঙ্গে ভ্যান্স নিজেকে ‘এপস্টাইন ষড়যন্ত্র তত্ত্বের অন্যতম আদি প্রবক্তাদের একজন’ হিসেবে বর্ণনা করেন এবং তিনি এই মামলাকে ঘিরে বিভিন্ন তত্ত্ব পর্যালোচনা করেছেন।

যখন রোগান এপস্টাইনের সঙ্গে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কথিত সম্পর্ক নিয়ে প্রচলিত জল্পনার কথা তোলেন, তখন ভ্যান্স জবাব দেন, ‘হ্যাঁ, মোসাদ বা সিআইএ, কিংবা অন্য কোনো ডিপ স্টেট।’

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আরও জানান, ‘যতটুকু আমি জানি, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে খুব জনপ্রিয় নন, এপস্টেইনের সম্পর্ক ছিল ইসরাইলি ডিপ স্টেটের এমন কিছু অংশের সঙ্গে, যারা রাজনৈতিকভাবে মধ্য-বামপন্থী ছিল।’

তিনি দাবি করেন, ‘ডানপন্থীদের তুলনায় ইসরাইলের মধ্য-বামপন্থী মহলের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক অনেক গভীর ছিল।’ এই মন্তব্যগুলো এমন সময়ে দেওয়া হয়েছে, যখন ট্রাম্প প্রশাসনের এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশের প্রক্রিয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সমালোচনা চলছে।

আরও পড়ুন: এনআইডি নিবন্ধনের আবেদন বাতিলের নতুন কারণ জানাল নির্বাচন কমিশন

ভ্যান্স স্বীকার করেন, এপস্টাইন-সংক্রান্ত নথি নিয়ে প্রশাসনের যোগাযোগ কৌশলে ভুল ছিল। তিনি এর জন্য মূলত যোগাযোগজনিত সমস্যা এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির ‘অতিরঞ্জিত দাবি’কে দায়ী করেন।

তিনি বলেন, ‘আমরা বিষয়টি সঠিকভাবে সামলাতে পারিনি, বিশেষ করে জনসাধারণের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে। আমার মনে হয়, শুরুতেই আমাদের সবকিছু প্রকাশ করে দেওয়া উচিত ছিল। যত দ্রুত সম্ভব কাজটি করা উচিত ছিল।’

তবে তিনি জোর দিয়ে বলেন, এতে কোনো অসৎ উদ্দেশ্য বা তথ্য গোপনের চেষ্টা ছিল না। তিনি নথি প্রকাশের সিদ্ধান্তকে সমর্থন জানান এবং ২০০৮ সালের বিতর্কিত সমঝোতা চুক্তিকে তদন্তের ‘মূল পাপ’ বলে আখ্যায়িত করেন।

সাক্ষাৎকারে ভ্যান্স এপস্টেইনের সাথে বিলিয়নিয়ার লেস ওয়েক্সনারের দীর্ঘদিনের সম্পর্ক নিয়েও কথা বলেন। তার ধারণা, এপস্টেইন প্রভাব খাটানোর উদ্দেশ্যে কিছু সন্দেহজনক কর-সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন।

আরও পড়ুন: ইসরায়েলকে বাঁচাতে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র খোয়াল যুক্তরাষ্ট্র, ইরান বলল ‘পরজীবী সম্পর্ক’

এছাড়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্ল্যাকমেইল করা হয়েছিল বলে যে ধারণা প্রচলিত আছে, তা তিনি নাকচ করে দেন এবং এ ধরনের দাবিকে ‘উদ্ভট’ বলে মন্তব্য করেন।

নিউইয়র্ক শহরে বেড়ে ওঠা জেফরি এপস্টেইন ছিলেন একজন ইহুদি ফাইন্যান্সার বা অর্থলগ্নিকারী ও ব্যবসায়ী। কিন্তু ব্যবসায়ী পরিচয়ের পেছনে তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার ও যৌন নিপীড়নের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন।

অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌনতার জন্য পাচার ও নিপীড়নের নেটওয়ার্ক চালানোর অভিযোগে ২০১৯ সালে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু ওই বছরের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানানো হয়।

তবে অনেকেই একে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করেন। ২০২৪-২০২৫ সালে তার মামলার সাথে সম্পর্কিত হাজার হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়। এরপর চলতি বছরে আরও নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ।

আরও পড়ুন: সাংবাদিকদের সত্যনিষ্ঠ হওয়ার পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

এই নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ব্রিটিশ যুবরাজ প্রিন্স অ্যান্ড্রু এবং ব্যবসায়ী বিল গেটসের মতো প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসে। এর মধ্যে তার দীর্ঘদিনের সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েল বর্তমানে কারাদণ্ড ভোগ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বামপন্থী সন্ত্রাসবাদ মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


বামপন্থী সন্ত্রাসবাদ মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে বুধবার যুক্তরাষ্ট্র একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করেছে বামপন্থী সন্ত্রাসবাদ মোকাবিলায়। ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত ৬০টির বেশি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিতে চলেছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আবারও বৃদ্ধি পাচ্ছে। ‘রিসার্জেন্স অব পলিটিক্যাল টেররিজম’— শীর্ষক বৈঠকটিতে সভাপতিত্ব করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, উদ্বোধনী বক্তব্যে রুবিও এটি নিয়ে বলবেন যে, ‘বামপন্থী রাজনৈতিক সন্ত্রাসবাদ একটি বাস্তব এবং আন্তঃসীমান্ত হুমকি। এটি কয়েক দশক ধরে বিদ্যমান থাকলেও এখন আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।’

রুবিও বামপন্থী সন্ত্রাসবাদকে ‘সভ্যতার প্রতি গভীর ক্ষোভ থেকে উৎসারিত এক ধরণের বিশেষ অশুভ শক্তির’ ফল বলে অভিহিত করতে চলেছেন। তার মতে, এটি ‘বিভিন্ন মতাদর্শিক রূপে ছড়িয়ে পড়ে।’

তিনি আরও উল্লেখ করবেন, ‘এটি সভ্যতা ও যারা সভ্যতা গড়ে তোলে বা টিকিয়ে রাখে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ।’

তবে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) ২০২৫ সালের একটি বিস্তৃত প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে বামপন্থীদের হামলা কিছুটা বেড়েছে, কিন্তু ১৯৯৪ সাল থেকে ডানপন্থী সন্ত্রাসীদের হামলার সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বেশি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বামপন্থী সন্ত্রাসী হামলা ও ষড়যন্ত্রের সংখ্যা বেড়েছে। তবে এই সহিংসতা খুব নিম্নস্তরে রয়েছে এবং ডানপন্থী ও জিহাদি হামলাকারীদের অতীতের সহিংসতার তুলনায় এখনও অনেক কম।’

প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ডানপন্থীদের ৩০টি সন্ত্রাসী হামলা বা হামলার ষড়যন্ত্রের ঘটনা ঘটে। একই সময়ে বামপন্থীদের ঘটনায় ছিল মাত্র আটটি ও জিহাদি গোষ্ঠীগুলোর ঘটনায় তিনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


শরীয়তপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

জেলায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী একটি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন।

এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে বলেন, বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে বৃক্ষরোপণের বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। তারই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ কর্মসূচি বজায় রেখেছেন। বর্তমান প্রধানমন্ত্রী বৃক্ষরোপণকে প্রধান্য দিয়ে তার নির্বাচনী ইশতেহার তৈরি করেছেন। এরই ধারাবাহিকতায় সারা দেশে বৃক্ষরোপণ চলছে। বর্তমান প্রজন্মকে বাঁচাতে হলে বৃক্ষরোপণ চালিয়ে যেতে হবে এমন মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসন ও বনবিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে জেলা সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য শওকত আরা আক্তার ঊর্মী, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দিন কালু, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন পিপিএম, সামাজিক বনায়নের ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

একই সাথে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু অতিথিদের সাথে নিয়ে সদর উপজেলা চত্বরে আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা নিয়ে সরকারি- বেসরকারি পর্যায়ের নার্সারিতে অংশগ্রহণ করেন।

এর আগে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান ডাকবাংলো মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা চত্বরে বৃক্ষমেলা স্থলে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, সাত দালালের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, সাত দালালের কারাদণ্ড

 

ঢাকার কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালালচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০), যা থেকে সাতজনকে আটক করা হয়েছে। পরে তাদের সকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে র‍্যাব-১০-এর অধীনে পরিচালিত অভিযানে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

যারা দণ্ড পেয়েছেন, তারা হলেন হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪), সব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) এবং মো. আরমান (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল ও সব্বিরকে ২০ দিন করে, মোরাদ ও আবুল হাসানকে ১৫ দিন করে এবং মো. আরমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার তিনি জানিয়েছেন, দেশবাসী যাতে দালালচক্রের প্রতারণার শিকার না হন সেই লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র পাসপোর্ট অফিসের সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করছিল। বেশ কিছু ক্ষেত্রে আবার পাওয়া যায় যে তারা টাকা নেওয়ার পরও পাসপোর্ট সরবরাহ করেনি কিংবা জাল কাগজপত্র সরবরাহ করেছে। এইসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দালালচক্রের সদস্যদের আটক করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, এই ধরনের দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,০৮৫ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,০৮৫ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপি’র ট্রাফিক বিভাগ ২ হাজার ৮৫ টি মামলা করেছে। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং এই সব মামলাগুলি দায়ের করা হয়েছে।

আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ৮৮ টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯৪ টি মামলা এসেছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩২৭ টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৯০ টি মামলা রয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৮৬ টি মামলা রয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৮ টি মামলা উঠেছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৬৫টি মামলা রয়েছে এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২০৭ টি মামলা করা হয়েছে।

এছাড়াও, অভিযানের সময় মোট ৫৭৭ টি গাড়ি ডাম্পিং এবং ২৬৪ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%