১২:১৯ এম
কুমিল্লার লালমাই উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৭ জন শিক্ষার্থী ও ৪৩ জন শিক্ষক প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শনে যান। জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এই সফর তাদের জন্য একটি স্মরণীয়, অনুপ্রেরণাদায়ী এবং স্বপ্নপূরণের অভিজ্ঞতা হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সফরের অন্যতম আকর্ষণ ছিল সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়।
এই সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল চর্চার প্রতি সমান গুরুত্ব দেয়ার আহ্বান জানান। স্মরণীয় মুহূর্তটি প্রধানমন্ত্রীর সঙ্গে ধারণ করতে পেরে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
আরও পড়ুন: জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী
প্রতিনিধিদল প্রথমে দক্ষিণ প্লাজা এবং এলডি হল পরিদর্শন করেন। সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সাথে শুভেচ্ছা বিনিময় এবং ফটোসেশনে অংশগ্রহণ করেন।
এরপর বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের নান্দনিক স্থাপত্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা তারা ঘুরে দেখেন। সংসদের উত্তর প্লাজা, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন। তারা চলমান বাজেট অধিবেশনটি সরাসরি উপভোগ করেন।
সংসদ ভবনে আয়োজিত ব্রিফিং সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ইতিহাস, স্থাপত্যশৈলী এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এই সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে গান পরিবেশন করা হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
আরও পড়ুন: দেশের সব ইউনিয়নে খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘আজ আমরা বঙ্গভূমির হৃৎস্পন্দনকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। এই শিক্ষা সফর আমাদের মনে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাষ্ট্র চেতনার বীজ বুনে দিয়েছে। এটি কেবল একটি শিক্ষা সফর বা অভিজ্ঞতা নয়, বরং আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য একটি অনুপ্রেরণা ও গর্বের স্মৃতি হয়ে থাকবে’।
এছাড়াও তারা উচ্ছ্বাসের সঙ্গে স্লোগান দেয়- ‘করবো পড়াশোনা, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ।’ সফরের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের এলডি হলে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
বিশেষ আকর্ষণ হিসেবে সফররত শিক্ষার্থী ও শিক্ষকরা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের সাথে বিভিন্ন সংসদ সদস্যদের সরাসরি দেখার বিরল সুযোগ পান। পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন