ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী


জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য।

আগামীকাল ১ নভেম্বর জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতা অর্জন থেকে শুরু করে বিভিন্ন সংকট মোকাবিলা ও উন্নয়ন অগ্রযাত্রায় দেশের যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আরও পড়ুন: রক্ষীবাহিনীর সময় থেকে এখনো বিচারবহির্ভূত হত্যার একই স্ক্রিপ্ট

তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতি গঠনে যুবসমাজের বিপুল সম্ভাবনা উপলব্ধি করে তাদের সংগঠিত করার উদ্যোগ নেন। তাঁর নির্দেশনায় ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামে পরিচিতি লাভ করে।

তিনি জানান, তৃণমূল পর্যায়ে যুব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়।

প্রধানমন্ত্রী আরও স্মরণ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তাদের কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে দেশের সব জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এ পর্যন্ত ৮০ লাখেরও বেশি তরুণ-তরুণীকে বিভিন্ন মেয়াদে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। তাদের মধ্যে প্রায় ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। তারা মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা, কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি আয় করছেন।

আরও পড়ুন: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের প্রতিক্রিয়া জানালেন শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী জানান, যুব উদ্যোক্তাদের সহায়তায় ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে।

জাতীয় যুব পুরস্কারকে প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, জাতি গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত ৫৪৬ জন আত্মকর্মী নার-নারী ও যুব সংগঠককে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ বছর পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন বর্তমান বিশ্বে যুবসমাজের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অপরিহার্য হয়ে উঠেছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে তরুণদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।

তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করেছে। ফ্রিল্যান্সিং ও এআই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন: যুবলীগ নেতার প্রতিষ্ঠানকে ১৫০ কোটি টাকার প্রকল্প কাজ প্রদান নিয়ে অভিযোগ

প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণে যুবসমাজের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে বলেন, ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় তরুণরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে অবদান রাখছেন।

তিনি স্মার্ট কৃষি, রপ্তানিমুখী প্যাকেজিং ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বিদেশি ভাষা শিক্ষা এবং নতুন সম্ভাবনাময় খাতে আরও প্রশিক্ষণ কর্মসূচি চালুর ওপর গুরুত্বারোপ করেন। এসব উদ্যোগের মাধ্যমে আধুনিক, দক্ষ ও প্রতিযোগিতামূলক জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী যুবসমাজকে নিজেদের প্রতিভা, উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের মাধ্যমে জাতীয় উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। সম্ভাবনাময় উদ্যোগগুলো যাতে অর্থের অভাবে ব্যর্থ না হয়, সে লক্ষ্যে দেশে প্রথমবারের মতো স্টার্টআপ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয় যুব দিবস-২০২৬-এর প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের উন্নয়ন, নেতৃত্ব এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় যুবসমাজ ক্রমবর্ধমানভাবে কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীর কাদির মোল্লা সিটি কলেজে ৫৬১ জনের জিপিএ-৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


নরসিংদীর কাদির মোল্লা সিটি কলেজে ৫৬১ জনের জিপিএ-৫

নরসিংদী, ৩১ অক্টোবর, ২০২৬ : সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশের সেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ।

ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণকারী ১৫৫২ শিক্ষার্থীর মধ্যে ১৫৫১ জন পাশ করেছে। তাদের মধ্যে ৫৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।

কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ২০১২ সাল থেকে টানা তিন বছর ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করে আসছে। ২০১৫ সাল থেকে বোর্ড কর্তৃক সেরাদের তালিকা প্রকাশ বন্ধ হলেও কলেজটি নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ১৫৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

একজন শিক্ষার্থী পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি, যার ফলে একজন অকৃতকার্য হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৫৬১ জন শিক্ষার্থী।

বিজ্ঞান বিভাগে ১০৫৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯৪ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮০ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে, এর মধ্যে ৬৯ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসের পাশাপাশি ৯৮ জন জিপিএ-৫ অর্জন করেছে।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া সোয়াইব হোসেন বলেন, "আমি কলেজের হোস্টেলে ছিলাম। আমাদের শিক্ষক, অভিভাবকরা যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করে সার্বক্ষণিক মনিটরিং এ রেখেছেন, তাতে ভালো ফলাফল না করে উপায় নেই।"

মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া মাইমুনা আক্তার বলেন, "কঠোর পরিশ্রম আর শিক্ষকদের নিয়মিত তদারকির কারণেই পরীক্ষায় ভালো ফলাফল করতে পেরেছি।"

কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান জানান, "আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা, গাইড টিচারের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধানসহ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা কঠোর পরিশ্রম করেছি।"

একজন শিক্ষার্থী পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ার কারণে একজন অকৃতকার্য হয়েছে, যার ফলে শতভাগ পাসের সম্ভাবনা থেকে বঞ্চিত হয়েছে কলেজ।

কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, "ভালো ফলের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এটি নরসিংদীবাসীর অর্জন।"

২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ সালে প্রথম ফলাফলে এই প্রতিষ্ঠানের পাসের হার ছিল ৯৯ শতাংশ। ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং সমগ্র বাংলাদেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে চতুর্থ স্থান, ২০১১ সালে ঢাকা বোর্ডে সপ্তম, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ড তথা সমগ্র বাংলাদেশে শতভাগ পাসসহ দ্বিতীয় স্থান অর্জন করে। পরবর্তীতে শিক্ষাবোর্ড থেকে সেরাদের তালিকা প্রকাশ বন্ধ হলেও সকল ক্যাটাগরিতে ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও দেশ সেরা ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে বাড়িতে ঢুকে দম্পতিকে মারধরের অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাইয়ের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


নাগেশ্বরীতে বাড়িতে ঢুকে দম্পতিকে মারধরের অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাইয়ের দাবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জের ধরে বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই ও এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. বেলাল হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নেওয়াশী ইউনিয়নের পূর্ব সুখাতী গিয়ারপাড় গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা হলেও অভিযুক্তরা ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৯ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ৬টার দিকে মো. হাসান, মো. নূর ওরফে মোকাদ্দেস, মো. মোতালেবসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন দেশীয় অস্ত্র নিয়ে বেলাল হোসেনের বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা বাড়ির টিনের বেড়া ভাঙচুর করেন এবং বেলাল ও তাঁর স্ত্রী লাবনী বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

অভিযোগে আরও বলা হয়, প্রতিবাদ করায় লাবনী বেগমকে টেনেহিঁচড়ে পাশের একটি বাড়ির আঙিনায় নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয়। স্ত্রীকে রক্ষা করতে গেলে বেলাল হোসেনকেও মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে লাবনী বেগমের মাথার বাম পাশে গুরুতর জখম হয়। এ ছাড়া তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

এ সময় লাবনী বেগমের গলা থেকে ৮ আনা ওজনের, আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

পরে স্থানীয় সিরাজুল ইসলাম, দারোগ আলী ও ফরহাদ কমান্ডারসহ কয়েকজন এগিয়ে এসে আহত দম্পতিকে উদ্ধার করেন। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগ অনুযায়ী, লাবনী বেগম বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্যও জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বসতভিটার জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বসতভিটার জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর বিরুদ্ধে বসতভিটার জমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। নিজেদের জমি ও বসতবাড়ি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, দীর্ঘদিনের বসতভিটা দখল করে রাস্তা নির্মাণ করায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। এ ঘটনায় আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার ও হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নম্বর খারুয়া ইউনিয়নের হালিজুড়া গ্রামের বাসিন্দা মো. সন মিয়া। তার অভিযোগ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর বিরুদ্ধে তাদের বসতভিটার জমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ রয়েছে। শুধু জমিই নয়, তাদের বসতবাড়িও দখল করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি ও বসতবাড়ি নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। নিজেদের অধিকার ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

এদিকে ভুক্তভোগী মো. সন মিয়ার দেওয়া লিখিত আবেদনপত্রে দেখা যায়, জমি সংক্রান্ত বিরোধে তিনি আদালতের আশ্রয় নিয়েছেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে ময়মনসিংহের সংশ্লিষ্ট আদালতে মামলাটি দায়ের করা হয়। পরবর্তী সময়ে আদালতের রায় ও ডিক্রির পর কার্যক্রম বাস্তবায়নের জন্য নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনপত্রে আরও উল্লেখ রয়েছে, আদালতের আদেশে বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের কাছে।

এমন পরিস্থিতিতে নিজেদের জমি ও বসতভিটা ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী ও এলাকাবাসী। মানববন্ধন থেকে তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, আদালতের আদেশ বাস্তবায়ন এবং দখল হওয়া জমি ও বসতবাড়ি ফিরে পাওয়ার দাবি জানান।

একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

ভুক্তভোগীদের দাবি, তারা কোনো বিশেষ সুবিধা চান না, চান নিজেদের পৈতৃক সম্পত্তি ও বসতভিটায় শান্তিতে বসবাসের অধিকার। এখন সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন ৩২ পিস ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


রহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন ৩২ পিস ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন ৩২ পিস ইয়াবা উদ্ধার করেছে।

গত ৩০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক রাত ২০:৪০ ঘটিকায় ১৬/সি কোম্পানি রহনপুর বিওপির জেসিও-১০৬৫৪ নায়েব সুবেদার মো. কামাল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নিজস্ব এসআইপি (SIP) সদস্য ও সিভিল সোর্সের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ২০৯ থেকে আনুমানিক ১১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং রহনপুর কোম্পানি সদর থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণ দিকে রহনপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে রেললাইনের ওপর এ অভিযান চালানো হয় (জিআর নম্বর- ৩০৫৪৫৮, ম্যাপসিট নম্বর- ৭৮ডি/৫)।

অভিযানে কোনো আসামি আটক না হলেও তল্লাশি চালিয়ে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার প্রতি পিসের আনুমানিক মূল্য ৩০০ টাকা ধরে মোট সিজার মূল্য ৯,৬০০ (নয় হাজার ছয় শত) টাকা নির্ধারণ করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিওপি সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%