০২:০৭ পি.এম
ইউক্রেনের রাজধানী কিয়েভে চলমান হামলার প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি উল্লেখ করেন, যদি নিরাপত্তা হুমকি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়, তবে মার্কিন কূটনৈতিক মিশনের কার্যক্রম স্থগিত করার সম্ভাবনাও অস্বীকার করেননি।
রাশিয়ার সাম্প্রতিক সতর্কবার্তার প্রেক্ষিতে কিয়েভে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের শহর ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন।
রুবিও বলেন, "কিয়েভে আমাদের দূতাবাসের উপস্থিতি রয়েছে। সেখানে আমাদের কূটনীতিকদের অবস্থান করা কতটা নিরাপদ, তা আমরা নিজ থেকেই নির্ধারণ করব।" তিনি রাশিয়ার সতর্কবার্তাকে নতুন কিছু নয় বলে উল্লেখ করে বলেন, "রাশিয়ান পক্ষ থেকে কয়েক মাস ধরেই কূটনৈতিক মিশনগুলোকে কিয়েভ ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজধানী কিয়েভ নিয়মিত হামলার শিকার হচ্ছে—এ ঘটনা কারোর জন্যই নতুন কোনো বিষয় নয়।"
আরও পড়ুন: বাংলাদেশের মতো ভারতেও সরকার পরিবর্তনের চেষ্টা : প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, বিশ্বের প্রতিটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের নিরাপত্তা পরিস্থিতি প্রতিদিন গুরুত্বের সাথে বিশ্লেষণ করা হয়। যদি পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা কৌশলে পরিবর্তন আনার প্রয়োজন হয়, তবে মার্কিন প্রশাসন অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে, কিয়েভ দূতাবাসের বিষয়ে এখন পর্যন্ত কোনো পরিবর্তন করা হয়নি বলে তিনি জানান।
এর আগে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সতর্ক করে বলেন, কিয়েভে পরিস্থিতি যে কোনো সময়ের জন্য ঝুঁকিপূর্ণ এবং বিদেশি দূতাবাসগুলোকে সব ধরনের মাধ্যম ব্যবহার করে সতর্ক করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই অবস্থায় দূতাবাস খোলা রাখা বা বন্ধ করার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন