ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বিমানবন্দরের থার্ড টার্মিনাল বিষয়ে গুজব এড়ানোর অনুরোধ বেবিচকের


বিমানবন্দরের থার্ড টার্মিনাল বিষয়ে গুজব এড়ানোর অনুরোধ বেবিচকের

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে অসম্পূর্ণ ও প্রেক্ষাপটবিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সংস্থাটির মতে, বস্তুনিষ্ঠতাহীন এসব তথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে।

এদিকে, আগামী বছরের পরিবর্তে চলতি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই থার্ড টার্মিনালটির বাণিজ্যিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১২ জন আটক

আজ রবিবার (২৬ জুলাই) বেবিচকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে থার্ড টার্মিনাল প্রকল্পের মোট ব্যয়, ভেরিয়েশন কার্যক্রম, চুক্তি বাস্তবায়ন এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। তবে বেশ কয়েকটি প্রতিবেদনে প্রকল্পের প্রকৃত বাস্তব অবস্থা, অনুমোদিত নথি, চুক্তির শর্তাবলী এবং বাস্তবায়নের পদ্ধতি না বুঝে আংশিক ও অসম্পূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

বেবিচক জানায়, থার্ড টার্মিনালের মূল অবকাঠামোগত নির্মাণকাজ প্রায় দুই বছর আগেই শেষ হয়েছে। তবে আন্তর্জাতিক মান অনুযায়ী অপারেশনাল রেডিনেস, জটিল কারিগরি ও পরিচালনাগত কাজ সম্পন্ন করা এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয়ের জন্য বাড়তি সময় লেগেছে।

বেবিচক আরো জানায়, বর্তমানে চূড়ান্ত ধাপের কাজগুলো দ্রুতগতিতে এগোচ্ছে এবং নির্ধারিত ডিসেম্বরের মধ্যেই এটি যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য স্থির রয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ, সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজবের বিরুদ্ধে প্রতিবাদ

সংস্থাটির মতে, দেশের অন্যতম বৃহৎ এই মেগা প্রকল্পের বিষয়ে তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা হলে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে।

এমনকি এটি বৈশ্বিক অংশীদারদের আস্থা ক্ষুণ্ন করা ছাড়াও নির্ধারিত সময়ে টার্মিনাল চালু করার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এর চূড়ান্ত নেতিবাচক প্রভাব পড়বে রাষ্ট্রীয় রাজস্ব আহরণ এবং সামগ্রিক এভিয়েশন খাতের ওপর।

বিজ্ঞপ্তিতে বেবিচক স্পষ্ট করে যে, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা জনস্বার্থ রক্ষার অন্যতম প্রধান শর্ত। তাই এ সংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ প্রতিবেদন পরিবেশনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দেশের প্রধান এভিয়েশন হাব কেন্দ্রিক যেকোনো গুজব ও অপপ্রচার রুখতে সংশ্লিষ্ট সকলের সচেতন সহযোগিতা কামনা করেছে বেবিচক।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি: রাশেদ খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে স্থলসেনা মোতায়েনের পরিকল্পনা, নতুন সংঘাতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


ইরানে স্থলসেনা মোতায়েনের পরিকল্পনা, নতুন সংঘাতের আশঙ্কা

ইরানের অভ্যন্তরে সরাসরি স্থলসেনা নামিয়ে তাদের অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়ার এবং গচ্ছিত সমৃদ্ধ ইউরেনিয়াম কবজা করার এক অভূতপূর্ব ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক পরিকল্পনার ছক কষছে যুক্তরাষ্ট্র।

কূটনৈতিক উপায়ে পারমাণবিক সংকট মোকাবিলার পথ পুরোপুরি রুদ্ধ হয়ে পড়ায়, পেন্টাগন এখন সামরিক ইতিহাসের অন্যতম বিপজ্জনক এই কৌশল বাস্তবায়নের চিন্তা করছে।

শনিবার (২৫ জুলাই) বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের উপকমিশনার জোসেফ রজার্স বলেছেন, ‘আমি স্বীকার করতে চাই না, তবে ইরানের পারমাণবিক উপাদান অপসারণের সবচেয়ে সম্ভাব্য উপায় হলো একটি সামরিক অভিযান। কারণ, কূটনৈতিক আলোচনা দ্রুত কোনো ফল দিচ্ছে না।’

সামরিক পরিকল্পনার সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাতে প্রতিবেদনটিতে জানানো হয়েছে যে, অত্যন্ত জটিল এই অভিযানে হাজারো স্থলসেনা ইরানের কঠোর নিরাপত্তাবেষ্টিত পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করবে।

তাদের বিস্ফোরক ফাঁদ (বুবি ট্র্যাপ) এড়িয়ে এগোতে হবে, ধ্বংসস্তূপ সরাতে নির্মাণকর্মীদের কাজে লাগাতে হবে এবং পুরো এলাকা ঘিরে একটি শক্তিশালী প্রতিরক্ষাবলয় গড়ে তুলতে হবে। এরপর বিশেষ অভিযান বাহিনীর একটি ছোট দল সরাসরি সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করবে।

এনিয়ে জোসেফ রজার্স বলেন, আমার মনে হয় এটি সামরিক ইতিহাসের সবচেয়ে, অথবা অন্যতম সবচেয়ে, জটিল অভিযান হবে। তিনি আরও বলেন, এটি হবে একটি বিরাট লজিস্টিক-নির্ভর এবং যুদ্ধপরিস্থিতিতে পরিচালিত কঠিন অভিযান।

ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়েছে, তবে তারা এখনও ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পাহারা দেওয়া কিউবান বাহিনীর চেয়ে অনেক বেশি সক্ষম।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন স্পেশাল অপারেশন্সের সিল টিম সিক্সের সিলভার স্কোয়াড্রন, দ্বিতীয় রেঞ্জার ব্যাটালিয়ন এবং ২১তম অর্ডন্যান্স কোম্পানি এই অভিযানে অংশ নিতে পারে। মূলত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফোরদো ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইসফাহান পারমাণবিক কেন্দ্র থেকে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার কাজ করবে ২১তম অর্ডন্যান্স কোম্পানি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ২০২৫ সালের একটি প্রতিবেদনে জানায়, ইরানের কাছে ২০ হাজার পাউন্ডেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে।

রজার্স বলেছেন, যেসব স্থাপনা থেকে উপাদান সংগ্রহ করা হবে, সেগুলোর চারপাশে নিরাপদ নিরাপত্তাবলয় গড়ে তুলতে হবে। এর জন্য স্থলবাহিনীকে পুরো এলাকা নিয়ন্ত্রণে নিতে হবে এবং বিমানঘাঁটি পর্যন্ত নিরাপদ কনভয় চলাচলের পথ নিশ্চিত করতে হবে।

তিনি জানান, মার্কিন সেনাদের ধ্বংস হয়ে যাওয়া প্রবেশপথ খনন করে খুলতে হবে, একই সঙ্গে ইরানের সামরিক বাহিনীর সম্ভাব্য হামলাও প্রতিহত করতে হবে।

ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদে (এনএসসি) ইরানের গণবিধ্বংসী অস্ত্র মোকাবিলাবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা রিচার্ড গোল্ডবার্গ বলেন, প্রশ্ন হলো, আপনি কতক্ষণ এ ধরনের অভিযান চালিয়ে যেতে পারবেন এবং একই সঙ্গে কীভাবে সব সেনাকে নিরাপদে ফিরিয়ে আনবেন?

তার মতে, এই অভিযানের জন্য এমন একটি আকাশপথ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে মার্কিন সামরিক বিমান নিরাপদ স্থানে যাতায়াত করতে পারে।

তিনি আরও বলেন, এ মুহূর্তে আকস্মিক হামলার কোনো সুযোগ নেই। লক্ষ্যবস্তু কোথায় আছে, আমরা জানি; ইরানও জানে। এর আগে গত মাসে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য অভিযানের আশঙ্কায় ইরান ইসফাহান স্থাপনার টানেলগুলোতে মাইন ও বিস্ফোরক পেতে রেখেছে।

এদিকে, গত এক মাসে ইরানের নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র থেকে শত শত সেন্ট্রিফিউজ সরিয়ে নেওয়ার খবর প্রকাশের পর পিকঅ্যাক্স মাউন্টেন নতুন সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উঠে এসেছে।

গোল্ডবার্গ বলেন, আমরা জানি না সেখানে কতগুলো সেন্ট্রিফিউজ রয়েছে। সেগুলো খুলে নেওয়া হবে, ধ্বংস করা হবে নাকি বাইরে নিয়ে আসা হবে—এটা নিশ্চিত নয়। তবে যদি পিকঅ্যাক্স মাউন্টেনে বিশেষ অভিযান চালানো হয়, তাহলে সম্ভবত তার কারণ হবে আকাশ হামলায় স্থাপনাটি ধ্বংস করা সম্ভব নয় বলে মনে করা।

তিনি বলেন, শুধু বিমান হামলাই যথেষ্ট হবে কিনা, তা নির্ভর করবে ভবনটির নকশা ও দুর্বল অংশ সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ওপর।

তার মতে, ফোরদোতে বাঙ্কার-বাস্টার বোমা হামলার সময় যেমন স্থাপনাটির দুর্বল এয়ার শ্যাফটকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, এখানেও তেমন কৌশল প্রয়োজন হতে পারে।

গোল্ডবার্গ বলেছেন, এটি হবে ধ্বংসের মিশন। যদি স্থাপনার ভেতরে প্রবেশ করতে হয়, তাহলে উদ্দেশ্য হবে পুরো স্থাপনাটিই ধসিয়ে দেয়া।

তবে ইসফাহান ও ফোরদোর তুলনায় পিকঅ্যাক্স মাউন্টেনে দ্রুত সফল হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন তিনি।

তার ভাষায়, পিকঅ্যাক্স মাউন্টেনের অভিযানটি সম্ভাব্যভাবে মাদুরো অভিযানের মতো হতে পারে। কারণ সেখানে গোপনে প্রবেশ করে বিস্ফোরক স্থাপন করা এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে আসাই হবে মূল কৌশল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ইয়ামাহার নতুন শো-রুমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


চট্টগ্রামে ইয়ামাহার নতুন শো-রুমের উদ্বোধন

চট্টগ্রামের সিডিএ আভিনিউয়ের মুরাদপুরে ইয়ামাহা মোটরসাইকেল শো-রুম টুয়েন্টি এইট মোটর্স যাত্রা শুরু করলো।

শনিবার (২৫ জুলাই) আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই শো-রুমটি উদ্বোধন করা হয়। এটি দেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য নতুন এক অভিজ্ঞতার দ্বার উন্মোচন করবে।

বিশাল পরিসরে নির্মিত এই আইকনিক শো-রুমে এক ছাদের নিচে ইয়ামাহার সব জনপ্রিয় মডেলের মোটরসাইকেল পাওয়া যাবে। ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী ইয়ামাহা-র বিভিন্ন মডেলের মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন।

শুধু মোটরসাইকেলই নয়, শো-রুমটিতে ইয়ামাহার বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার জন্য আধুনিক সার্ভিস সুবিধা এবং শতভাগ জেনুইন স্পেয়ার পার্টসের নির্ভরযোগ্য সরবরাহও রয়েছে। এই শো-রুম থেকে গ্রাহকরা ইয়ামাহার অফিসিয়াল জেনুইন অ্যাপারেলস ও রাইডিং গিয়ার সংগ্রহ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠান ইয়ামাহা রাইডারস ক্লাবের আয়োজনে এক বিশাল র‍্যালি দিয়ে শুরু হয়। র‍্যালিটি সিআরবি মোড় থেকে টাইগারপাস হয়ে মুরাদপুরে ইয়ামাহা শো-রুমে পৌঁছায়। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা লক্ষ্য করা যায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস; টুয়েন্টি এইট মোটর্সের স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা এবং তামিম ইকবাল খান। এছাড়া অনুষ্ঠানে ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করল প্রিমিয়ার লিগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করল প্রিমিয়ার লিগ

নতুন মৌসুমকে সামনে রেখে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো প্রাক-মৌসুম সূচী চূড়ান্ত করেছে। আগামী ২১ আগস্ট তারিখ থেকে ২০২৬-২৭ প্রিমিয়ার লিগ মৌসুম শুরু হচ্ছে। মৌসুমের উদ্বোধনী সপ্তাহের আগে দলগুলো তাদের প্রস্তুতি চূড়ান্ত করতে আগামী কয়েক সপ্তাহ ধরে ব্যস্ত সময় পার করবে।

জুলাই এবং আগস্টজুড়ে ঘরের মাঠ ছাড়াও বিদেশে প্রীতি ম্যাচের বেশ কিছু সূচি রয়েছে। কিছু ক্লাব প্রাক-মৌসুম সফরের অংশ হিসেবে বিদেশে যাচ্ছে, আবার অন্যগুলো প্রতিযোগিতামূলক মৌসুম শুরুর আগে ইংল্যান্ডে ইউরোপীয় প্রতিপক্ষকে আতিথ্য দেবে।

এবারের মৌসুমে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে কোভেন্ট্রি সিটি, হাল সিটি ও ইপসউইচ টাউন। তিনটি ক্লাবই ইংল্যান্ডের শীর্ষ লিগে ফিরে নিজেদের প্রমানের প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্সেনালের লক্ষ্য থাকবে ২২ বছর পর জেতা তাদের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখা। তবে তারা জানে, এনজো মারেস্কার অধীনে ম্যানচেস্টার সিটি এবং আন্দোনি ইরাওলার নেতৃত্বে লিভারপুলসহ কয়েকটি দল তাদের জন্য চ্যালেঞ্জ হবে।

গ্রীষ্মকালীন এই বিরতি নতুন কোচদের জন্য নিজেদের পরিকল্পনা অনুযায়ী দল গড়ে তোলার সুযোগ এনে দেবে। পাশাপাশি লিগজুড়ে নতুন যোগ দেওয়া খেলোয়াড়দের মধ্যে অনেকেই মৌসুম শুরুর আগে প্রথমবারের মতো তাদের নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামার সুযোগ পাবেন।

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে আর্সেনাল ১ আগস্ট জিরোনার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে। এর পর ৫ আগস্ট রিয়াল বেটিস, ৯ আগস্ট বরুসিয়া ডর্টমুন্ড, ১২ আগস্ট কোমো ও ১৬ আগস্ট কমিউনিটি শিল্ডে কার্ডিফে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে।

ম্যানচেস্টার সিটি ১ আগস্ট হংকংয়ে ইন্টার মিলানের বিপক্ষে প্রস্তুতি শুরু করবে। এরপর সিউলে কে লিগ অল-স্টার্স ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবে। একই মাঠে ৯ আগস্ট এ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে সিটিজেনরা।

ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য ইতোমধ্যেই প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করেছে। গত ১৮ জুলাই হেলসিঙ্কিতে রেক্সহ্যামের কাছে ১-০ গোলের পরাজয় দিয়ে তারা নিজেদের প্রস্তুতি শুরু করেছে। আগামী ১ আগস্ট স্টোকহোমে এ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে মাঠে নামবে ইউনাইটেড। ৮ আগস্ট পিএসজি, ১২ আগস্ট লিডস ও ১৫ আগস্ট শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ এসি মিলান হবে।

গত ২১ জুলাই ওয়ালসলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রস্তুতি শুরু করেছে এ্যাস্টন ভিলা। পরবর্তী ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ পোর্তো, রিয়াল সোসিয়েদাদ, ইন্দোনেশিয়া অল স্টার্স দল, বিজি পাথুম ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, পিএসজি ও বরুসিয়া মোচেনগ্ল্যাডবাখ।

চেলসি আগামী ২৮ জুলাই ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করবে। এরপর একে একে টটেনহ্যাম, জুভেন্টাস, এসি মিলান ও জহুর দারুল টাজিমের বিপক্ষে ম্যাচ খেলবে তারা।

লিভারপুলের প্রথম প্রতিপক্ষ সান্ডারল্যান্ড হবে। পরবর্তী ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ রেক্সহ্যাম, লিডস, মোনাকো ও কোমো।

২০২৬-২৭ মৌসুমের গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো : ২১ আগস্ট : প্রিমিয়ার লিগ মৌসুম শুরু, ২৭ আগস্ট : চ্যাম্পিয়ন্স লিগ ড্র, ৮-১০ সেপ্টেম্বর : চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব শুরু, ৯ জানুয়ারি : এফএ কাপ তৃতীয় রাউন্ড, ২৭ জানুয়ারি : চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব শেষ, ১৬ ফেব্রুয়ারি : চ্যাম্পিয়ন্স লিগ নক আউট পর্ব শুরু, ২১ মার্চ : ক্যারাবও কাপ ফাইনাল, ২২ মে : এফএ কাপ ফাইনাল, ৩০ মে : প্রিমিয়ার লিগ মৌসুম শেষ, ৫ জুন : চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়াম, মাদ্রিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনাকে দেওয়া ফিফা সভাপতির চিঠি ফাঁস, কী বার্তা দিয়েছিলেন ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


আর্জেন্টিনাকে দেওয়া ফিফা সভাপতির চিঠি ফাঁস, কী বার্তা দিয়েছিলেন ইনফান্তিনো

২০২৬ সালের বিশ্বকাপে রানার্সআপ হিসেবে আর্জেন্টিনাকে দেওয়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চিঠি সম্প্রতি ফাঁস হয়ে গেছে। ওই চিঠিতে রানার্সআপ হওয়ার জন্য লিওনেল মেসিদের অভিনন্দন বার্তা প্রদান করেছেন তিনি। সেইসঙ্গে বিশ্বকাপে আর্জেন্টিনার পেশাদারিত্বের প্রশংসা করাও বাদ রাখেননি ইনফান্তিনো।

বিশ্বকাপে আর্জেন্টিনার পেশাদারিত্ব নিয়ে অনেক সমালোচনার অভিজ্ঞতা রয়েছে। এই বছরের বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউল করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে, অন্যের খেলা নষ্ট করার জন্য। ফাইনালের পরও স্ক্যালোনির শিষ্যরা লঙ্কাকাণ্ড ঘটিয়েছিলেন। ম্যাচ-পরবর্তী এক সংঘর্ষে লিওনার্দো পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও গাভির ওপর আক্রমণ করেন। ওই ঘটনায় নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালাও জড়িত ছিলেন।

বর্তমানে এই ঘটনাটি ফিফার তদন্তাধীন অবস্থায় রয়েছে। এত কিছুর মধ্যে চিঠিতে আর্জেন্টিনার খেলোয়াড়দের পেশাদারিত্বের প্রশংসা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি। ফিফা সভাপতি চিঠি দিয়েছেন চ্যাম্পিয়ন হওয়া স্পেন এবং তৃতীয় হওয়া ফ্রান্সকেও। ডেইলি মেইল চিঠির সত্যতা নিশ্চিত করার দাবি করেছে।

ফিফা সভাপতির চিঠির অনুবাদকৃত অংশে উল্লেখ করা হয়েছে—

‘প্রিয় সভাপতি মহোদয়, বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা রৌপ্য পদক অর্জন করেছে। আর্জেন্টাইন ফুটবলের এই গুরুত্বপূর্ণ নতুন সাফল্যের জন্য আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাই। ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবলের এক অবিস্মরণীয় উৎসব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভাদের উত্থান, তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং দর্শকে পূর্ণ স্টেডিয়ামগুলোর অসাধারণ পরিবেশ এই আসরকে বিশেষ করে তুলেছে।

আলবিসেলেস্তেদের দুর্দান্ত পারফরম্যান্সও এই বিশ্বকাপকে ব্যতিক্রমী এক আসরে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে। অনুগ্রহ করে খেলোয়াড়দের, কোচ লিওনেল স্কালোনিকে, কোচিং ও চিকিৎসা দলের সদস্যদের এবং পুরো টুর্নামেন্টজুড়ে দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাওয়া অসংখ্য সমর্থকের কাছে আমার আন্তরিক অভিনন্দন পৌঁছে দেবেন।

এ ধরনের সাফল্য সবসময়ই নিরবচ্ছিন্ন পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম বিষয়ের প্রতি মনোযোগ, পাশাপাশি আবেগ, অঙ্গীকার এবং এই সুন্দর খেলাটির প্রতি ভালোবাসার ফল। এসবই আর্জেন্টাইন ফুটবলের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিত দেয় এবং নিঃসন্দেহে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। প্রিয় সভাপতি, আগামী প্রতিযোগিতাগুলোর জন্য আপনাকে শুভকামনা জানাই। আমরা খুব শিগগিরই আবার দেখা হবে বলে আশা করি। আন্তরিক শুভেচ্ছাসহ, জিয়ান্নি ইনফান্তিনো।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%