মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:০৩ পি.এম
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে দ্রুত ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি একই সাথে মন্তব্য করেছেন, "এতো দেরি করবেন কেন তিনি, আগে আসলে সমস্যা কি? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন।" মন্ত্রী উল্লেখ করেন, শেখ হাসিনা দেশের নাগরিক এবং তিনি দেশের মধ্যে ছিলেন। তার বিদেশে যাওয়ার কারণ সম্পর্কে প্রশ্ন তুলেছেন, "গেলেন তো সারাদেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।" মন্ত্রী আরও বলেন, "আমরা চাই শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুক।" আইনগতভাবে তার প্রাপ্য বিষয়টিও উল্লেখ করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্প-কারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়ে গেছে। পুনরুজ্জীবনের জন্য তেমন কারখানার একটি তালিকা তৈরি করা হয়েছে। আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে। এছাড়া, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনঃপ্রতিষ্ঠা হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
কৃষি খাতে ঋণ ও উৎপাদন বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, "বাংলাদেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি।" ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ একসময় চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।
পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে তিনি বলেন, "একসময় এ পণ্যে আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে।" কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমদানি ও রপ্তানির ব্যবধান নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, "বাংলাদেশের আমদানি সবসময় রপ্তানির তুলনায় বেশি হলেও শুধু এই ব্যবধান নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।" বরং দেশের সামগ্রিক বাণিজ্যের পরিমাণ এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।
এর আগে ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনের পর কলেজের শিক্ষক-শিক্ষার্থীর সাথে মতাবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহন সমস্যার সমাধানের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য নিয়েও কাজ করছে সরকার।
কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা ছিল। তবে বর্তমান অবকাঠামো ও জায়গার সীমাবদ্ধতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে পুরোপুরি সহায়ক নয়। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কলেজের খেলার মাঠের সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি মসজিদ নির্মাণ ও পরিবহনসংক্রান্ত সমস্যাগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে কলেজটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। আর দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো, প্রতিষ্ঠানটিকে একদিন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদullah আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা। মন্ত্রী হযরত শাহপরাণ (রহঃ) মাজার রোড হতে ভাওয়াল টিলা পর্যন্ত রাস্তা উন্নয়ন, সীমানা দেওয়াল, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণ উদ্বোধনও করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির সুযোগ সৃষ্টি করার জন্য আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় আইন তৈরির কাজ অব্যাহত রয়েছে, এমনটি জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের পর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী উল্লেখ করেন, হরিণ একটি বন্য প্রাণী। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন নয়। বন্য প্রাণী ব্যবস্থাপনার দায়িত্ব অন্য মন্ত্রণালয়ের। তাই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য বন ও বন্য প্রাণী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন।
তবে খামারে পালন করা হরিণের বাণিজ্যিক ব্যবহারের বিষয়ে মন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট শর্তে বন্য প্রাণী খামারে পালনের অনুমতি রয়েছে। বন্য পরিবেশ থেকে প্রাণী ধরে এনে ব্যবসা করা এবং খামারে পালন করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা দুটি ভিন্ন বিষয়। আন্তর্জাতিকভাবে অনেক বন্য প্রাণী প্রকৃতি থেকে ধরে আনা নিষিদ্ধ হলেও খামারে পালন করে সেগুলো বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ রয়েছে।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে এবং এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইন তৈরির কাজ চলছে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভৈরব পাড়ে গড়ে ওঠা নগরীর মানুষের জীবন থেকে যেন হারিয়ে গেছে স্বস্তি। সকাল থেকে গভীর রাত, প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্ক আর উদ্বেগে। চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, সন্ত্রাস, অস্ত্রের মহড়া, কিশোর গ্যাং ও হত্যাসহ নানা অপরাধের অভিযোগে ক্রমেই অস্থির হয়ে উঠছে একসময়ের শান্তির শহর হিসেবে পরিচিত খুলনা। অপরাধের ভয়ে ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসফেরত মানুষ থেকে শুরু করে সাধারণ নাগরিক, কেউই যেন নিরাপদ বোধ করছেন না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোনো ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে দেরি হলে কিংবা নির্মাণকাজ বন্ধ থাকলে এলাকাবাসীর মনে প্রথমেই প্রশ্ন জাগে, চাঁদা দিতে না পারায় কি কাজ বন্ধ?
নতুন করে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না উদ্যোক্তারা। বিদ্যমান ব্যবসার পরিধি বাড়াতেও অনীহা দেখা দিয়েছে অনেকের মধ্যে। অন্যদিকে, চাকরিজীবীদের একাংশও নিরাপত্তাহীনতায় ভুগছেন। পোশাক-পরিচ্ছদ কিংবা চলাফেরায় স্বাভাবিক জীবনযাপন করতেও কারও কারও মধ্যে তৈরি হয়েছে অজানা ভয়। নগরীর পাড়া-মহল্লায় নতুন নতুন সন্ত্রাসী গ্রুপের তৎপরতা এবং তাদের সঙ্গে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এসব গ্রুপের হাতে দেশি-বিদেশি অস্ত্র রয়েছে। যা মাঝে মধ্যে পুলিশের তৎপরতায় উদ্ধার হচ্ছে।
গণঅভ্যুত্থানের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে একাধিকবার পরিবর্তন এসেছে। পরিবর্তন হয়েছে এসপি। থানাগুলোতেও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদল হয়েছে কয়েক দফায়। কিন্তু নগরবাসীর অভিযোগ, নেতৃত্ব ও দায়িত্বে পরিবর্তন এলেও অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান স্বস্তি ফিরছে না। বরং চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার ভয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। ভয়ে অনেকেই মুখ খুলছেন না, অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না।
নগরীর হাজী মোহাম্মদ মহসিন রোডের এক বাসিন্দা জানান, তাঁর বাড়ির দ্বিতীয় তলার নির্মাণকাজ চলছিল। এ সময় একটি সন্ত্রাসী বাহিনী তিন লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি করা টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ রাখতে হবে বলে হুমকি দেওয়া হয়। ফলে চাঁদাবাজির ভয়ে তিনি স্বাভাবিকভাবে বাড়ির কাজ চালিয়ে যেতে পারছেন না।
নগরীর মোল্লাপাড়া এলাকার আরেক ভুক্তভোগীর অভিজ্ঞতা আরও উদ্বেগজনক। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরেছেন তিনি। প্রবাসে জেল খেটে সর্বস্বান্ত হয়ে দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দেশে ফেরার পর তাঁর কাছেও চাঁদা দাবি করেছে একটি সন্ত্রাসী গ্রুপ। বিদেশের দুর্ভোগ পেরিয়ে দেশে ফিরেও নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন তিনি।
এমন পরিস্থিতিতে মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতাকর্মী, পুলিশ প্রশাসন বলছে, কেউ অভিযোগ করছে না। ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, প্রশাসন কাজ করতে পারছে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। চাঁদাবাজির অভিযোগ জানানোর পরও নিরাপত্তা না পাওয়ার অভিযোগ করেছেন নগরীর সোনাডাঙ্গা এলাকার এক বাসিন্দা। তাঁর ভাষ্য, পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ভয়েস মেসেজ ও লিখিত বার্তা পাঠিয়েছিলেন তিনি। কিন্তু পরে দেখতে পান, তাঁর পাঠানো সেই ভয়েস ও মেসেজ পৌঁছে গেছে অভিযুক্ত সন্ত্রাসীর মোবাইল ফোনে। অভিযোগের বিষয়টি দেখিয়ে ওই ব্যক্তি তাঁর কাছে আরও বেশি চাঁদা দাবি করেন। প্রাণভয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন তিনি।
এই অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নাগরিকের তথ্যের গোপনীয়তা ও অভিযোগকারীর নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে। এরফলে মানুষের কাছে পুলিশের উপর বিশ্বাস ও আস্থা নষ্ট হচ্ছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মমিনুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধ করা না গেলে এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। মানুষের মধ্যে আইন ও শাসনের প্রতি শ্রদ্ধা এবং অপরাধের পরিণতি নিয়ে ভয় কমে গেলে অপরাধপ্রবণতা বাড়ে। তিনি আরও বলেন, মাদক ও হত্যা মামলার আসামিরা দ্রুত জামিন পেয়ে গেলে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাছাড়া এসব সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন রাজনৈতিক দল বা নেতাকর্মীর আশ্রয়ে রয়েছে বলে জানাযায়।
তিনি মনে করেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশি অভিযান নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। মাদক ব্যবসার নেটওয়ার্ক ভেঙে দেওয়া, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রুপ শনাক্ত, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ এবং অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করা জরুরি। পাশাপাশি অভিযোগকারীর পরিচয় ও তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষ পুলিশের কাছে যেতে আরও নিরুৎসাহিত হবেন।
খুলনার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এখন বড় প্রশ্ন, এই নগরীতে নিরাপদে ব্যবসা করা, বাড়ি নির্মাণ কিংবা স্বাভাবিক জীবনযাপন করার নিশ্চয়তা কোথায়?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম সিটি করপোরেশন দেশে প্রথমবারের মতো ডাক্ট সিস্টেম সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে, যা জনভোগান্তি কমানোর পাশাপাশি ভবিষ্যতে খোঁড়াখুঁড়ি বন্ধ করবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নগরীর বন্দর এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শনকালে সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, ডাক্ট সিস্টেমের মাধ্যমে রাস্তা না কেটেই মাটির নিচ দিয়ে বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোন, গ্যাস এবং পানির লাইন নেয়া হবে। চট্টগ্রাম বন্দর থেকে দেওয়ান হাট পর্যন্ত নির্মাণ হতে যাওয়া এই সড়কের জন্য ডিপিপি প্রস্তুত করা হয়েছে, যা আর সি সি রাস্তা হবে।
সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার জন্য নগরীর সব সেবা সংস্থাকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রশাসক।
সল্টগোলা থেকে কাস্টমস পর্যন্ত সড়ক পরিদর্শনকালে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, গণপূর্ত অধিদফতর এবং কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি একত্রে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন বন্দর এলাকা থেকে দেওয়ানহাট ব্রিজ পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণের একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করছে। এতে ডাক্ট সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে, যার মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস, ওয়াসা ও কেবল লাইনসহ বিভিন্ন সেবা সংস্থার ইউটিলিটি লাইন স্থাপন করা হবে।
এ ধরনের ডাক্ট সিস্টেম চালু হলে ভবিষ্যতে বিভিন্ন সেবা সংস্থার লাইন মেরামত বা নতুন সংযোগ স্থাপনের জন্য বারবার সড়ক খননের প্রয়োজন হবে না। ডাক্টের ভেতর থেকেই প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা সম্ভব হবে। এতে সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং নগরবাসীর ভোগান্তি কমবে। দেশে প্রথমবারের মতো এ ধরনের ডাক্ট সিস্টেমযুক্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে একটি টেকসই ও আধুনিক সড়ক অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি নগরীর সামগ্রিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ফসল তোলার পর কৃষিপণ্যের অপচয় কমানোর পাশাপাশি ফল ও সবজির গুণগত মান বজায় রাখার লক্ষ্যে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, যদি হিমাগারের সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়, তাহলে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের বড় অংশ বাজারজাত করতে সক্ষম হবেন। এর ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা এবং গ্রামীণ মানুষের জীবিকায় কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ফসল তোলার পর তা সংরক্ষণ করা কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উচ্চ তাপমাত্রা, হিমাগারের অভাব এবং বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে অনেক কৃষিপণ্য বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়।
রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপিত সৌরবিদ্যুৎচালিত হিমাগারের অভিজ্ঞতা শেয়ার করে আবদুল আউয়াল মিন্টু বলেন, এটি বাংলাদেশের আবহাওয়া, চাষাবাদ পদ্ধতি এবং বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি বিবেচনায় তৈরি করা হয়েছে। এই প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রামীণ এলাকায় আরও নির্ভরযোগ্য হিমাগার স্থাপনের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ও তাপ সঞ্চয় প্রযুক্তির ব্যবহার নির্ধারণ করা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, সম্ভাব্যতা সমীক্ষা ও রাজশাহীর পরীক্ষামূলক প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফল ও সবজি দ্রুত শীতলীকরণ, হিমাগারে সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন এবং ডিজিটাল পদ্ধতিতে তাপমাত্রা পর্যবেক্ষণ—এই চারটি বিষয়কে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা যেতে পারে। এতে স্থানীয় পর্যায়ে কারিগরি দক্ষতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে জলবায়ু সহনশীল ও কম কার্বন নিঃসরণকারী কৃষিব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কাইটেক)। এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করেছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং জাতিসংঘের জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্ক (সিটিসিএন)।
প্রকল্পের আওতায় রাজশাহীতে পরীক্ষামূলকভাবে স্থাপিত হিমাগারের তাপমাত্রা স্থিতিশীল রাখতে নিম্ন তাপমাত্রায় সুপ্ত তাপ সঞ্চয়কারী উপাদান (এলএইচএম) ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে কারিগরি প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।
প্রকল্পের সঙ্গে যুক্ত ইউএনইপি, সিটিসিএন, কাইটেক, স্থানীয় অংশীদার, কৃষক ও বিশেষজ্ঞদের প্রতি মন্ত্রী ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, দেশের অন্যান্য কৃষিপ্রধান এলাকাতেও এই প্রযুক্তি ছড়িয়ে দিতে দক্ষিণ কোরিয়া ও সিটিসিএনের সঙ্গে কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে।
সমাপনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার, কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়ল, দক্ষিণ কোরিয়ার ইএসটি কোম্পানি লিমিটেডের পরিচালক ইয়ংজিন শিন এবং বিশেষজ্ঞ ড. ইনহান কিম বক্তব্য রাখেন।
এ সময় মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, গবেষণাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রকল্পের অংশীদার, এনজিও এবং কৃষি ও পরিবহন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ