ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফসলের ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর


ফসলের ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ফসল তোলার পর কৃষিপণ্যের অপচয় কমানোর পাশাপাশি ফল ও সবজির গুণগত মান বজায় রাখার লক্ষ্যে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, যদি হিমাগারের সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়, তাহলে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের বড় অংশ বাজারজাত করতে সক্ষম হবেন। এর ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা এবং গ্রামীণ মানুষের জীবিকায় কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ফসল তোলার পর তা সংরক্ষণ করা কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উচ্চ তাপমাত্রা, হিমাগারের অভাব এবং বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে অনেক কৃষিপণ্য বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়।

আরও পড়ুন: উত্তরের পাঁচ জেলার কৃষকরা সার কার্ড পেয়ে স্বস্তিতে

রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপিত সৌরবিদ্যুৎচালিত হিমাগারের অভিজ্ঞতা শেয়ার করে আবদুল আউয়াল মিন্টু বলেন, এটি বাংলাদেশের আবহাওয়া, চাষাবাদ পদ্ধতি এবং বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি বিবেচনায় তৈরি করা হয়েছে। এই প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রামীণ এলাকায় আরও নির্ভরযোগ্য হিমাগার স্থাপনের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ও তাপ সঞ্চয় প্রযুক্তির ব্যবহার নির্ধারণ করা সম্ভব হবে।

মন্ত্রী বলেন, সম্ভাব্যতা সমীক্ষা ও রাজশাহীর পরীক্ষামূলক প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফল ও সবজি দ্রুত শীতলীকরণ, হিমাগারে সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন এবং ডিজিটাল পদ্ধতিতে তাপমাত্রা পর্যবেক্ষণ—এই চারটি বিষয়কে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা যেতে পারে। এতে স্থানীয় পর্যায়ে কারিগরি দক্ষতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে জলবায়ু সহনশীল ও কম কার্বন নিঃসরণকারী কৃষিব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কাইটেক)। এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করেছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং জাতিসংঘের জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্ক (সিটিসিএন)।

প্রকল্পের আওতায় রাজশাহীতে পরীক্ষামূলকভাবে স্থাপিত হিমাগারের তাপমাত্রা স্থিতিশীল রাখতে নিম্ন তাপমাত্রায় সুপ্ত তাপ সঞ্চয়কারী উপাদান (এলএইচএম) ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে কারিগরি প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে মাঠে কাটা আমন ধান নিমজ্জিত

প্রকল্পের সঙ্গে যুক্ত ইউএনইপি, সিটিসিএন, কাইটেক, স্থানীয় অংশীদার, কৃষক ও বিশেষজ্ঞদের প্রতি মন্ত্রী ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, দেশের অন্যান্য কৃষিপ্রধান এলাকাতেও এই প্রযুক্তি ছড়িয়ে দিতে দক্ষিণ কোরিয়া ও সিটিসিএনের সঙ্গে কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে।

সমাপনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার, কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়ল, দক্ষিণ কোরিয়ার ইএসটি কোম্পানি লিমিটেডের পরিচালক ইয়ংজিন শিন এবং বিশেষজ্ঞ ড. ইনহান কিম বক্তব্য রাখেন।

এ সময় মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, গবেষণাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রকল্পের অংশীদার, এনজিও এবং কৃষি ও পরিবহন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: জয়পুরহাটে ১০ বিঘা শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিয়েতনামের প্রতি বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


ভিয়েতনামের প্রতি বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানি করে এবং বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করে।

নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান আজ বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তাঁর আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ বিষয়ে তথ্য প্রদান করেন।

রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে সকালে প্রেসিডেন্টের গার্ড অব রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে তাঁর দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামকে শুভেচ্ছা পৌঁছাতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মিজ চান থি সুয়ান ওয়ান দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন এবং তাঁর দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি জানান।

রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে ভিয়েতনামকে উদ্যোগ গ্রহণের অনুরোধ করেন।

এছাড়া তিনি বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল এবং কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান। তিনি বলেন, "বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য দামে প্রতিযোগিতামূলক ও উচ্চ মানসম্পন্ন।"

রাষ্ট্রপতি এ বছরের মার্চ মাস থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের আলু রপ্তানির অনুমতি দেওয়ার জন্য ভিয়েতনামকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও বাণিজ্য বৃদ্ধি করতে তাঁর দেশের ইতিবাচক উদ্যোগ গ্রহণের কথা জানান।

রাষ্ট্রপতি ভিয়েতনামের বিনিয়োগকারীদের মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা ও কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণসহ সুবিধাজনক খাতে বিনিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসা ব্যবস্থা সহজ করতে রাষ্ট্রদূতকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনকভাবে মিয়ানমারে প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, "রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি উঠে এসেছে।" তিনি রায়ের পূর্ণ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন কামনা করেন। রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’-এ (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় রাষ্ট্রপতি ভিয়েতনামের সমর্থন চান।

এ সময়ে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের আগমনে নজরুল বিশ্ববিদ্যালয়ে মৌসুমি রোগের প্রকোপ বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


শীতের আগমনে নজরুল বিশ্ববিদ্যালয়ে মৌসুমি রোগের প্রকোপ বৃদ্ধি

আবহাওয়া পরিবর্তন এবং শীতের আগমন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের গত দুই মাসের রোগীসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অক্টোবরের তুলনায় নভেম্বরে এসব রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে চিকিৎসা নিতে আসা রোগীদের একটি বড় অংশ সর্দি-কাশি, জ্বর এবং হাঁচির সমস্যায় ভুগছেন। দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্য, ভোর ও রাতে ঠান্ডা এবং দিনের বেলায় তুলনামূলক গরম আবহাওয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ঋতু পরিবর্তনের এই সময়ে শিক্ষার্থীদের মধ্যে মৌসুমি রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে।

এদিকে সর্দি-জ্বরের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে আবাসিক হল এবং মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এর ফলে নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।

অসুস্থতার কারণে শিক্ষার্থীদের কেউ কেউ কয়েক দিন ধরে ক্লাসে অনুপস্থিত থাকছেন। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যেও সর্দি-কাশি ও জ্বরের উপসর্গ দেখা দিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম অর্পিতা বলেন, "টানা ১০ দিনের বেশি সময় ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছি। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ নিয়েও সুস্থ না হওয়ায় এখন ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এতে সেমিস্টার পরীক্ষায় প্রভাব পড়ছে। হলের অপরিচ্ছন্ন পরিবেশ, পরিচ্ছন্নতাকর্মীদের অবহেলা এবং ক্যাম্পাসের অতিরিক্ত ধুলাবালু অসুস্থতা আরও বাড়িয়ে দিচ্ছে।"

আরেক শিক্ষার্থী মো. শাহীন আলম জানান, "গত পাঁচ দিন ধরে সর্দি-জ্বরে আক্রান্ত। ক্লাস করতে পারিনি দুদিন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছি। মূলত শীতের কারণে মেসের অপরিচ্ছন্ন ও স্যাতস্যাতে পরিবেশ অসুস্থতার অন্যতম কারণ হতে পারে।"

ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, "গত কয়েকদিন ধরেই সর্দিজ্বর, কাশি। যার কারণে নিয়মিত ক্লাস করতে পারতেছি না। হলের বেশিরভাগ শিক্ষার্থীরই এই অবস্থা। হঠাৎ করেই শীত পরায় এই সর্দিজ্বর কাশিটা বেড়ে গেছে। এখন ঔষুধ খাচ্ছি, আগের থেকে একটু ভালো আছি।"

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, "গত মাসের তুলনায় বর্তমানে রোগীর চাপ কিছুটা বেড়েছে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের কারণে মৌসুমি এসব রোগের প্রকোপ দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশই সর্দি-কাশি, জ্বর, হাঁচি ও কাশিজনিত সমস্যায় ভুগছেন।"

তিনি আরও বলেন, "আবহাওয়া পরিবর্তনের এ সময়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বাইরে চলাচলের সময় প্রয়োজনে মাস্ক ব্যবহার, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে গরম পোশাক পরিধান করতে হবে। যারা শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত, শীতকালে ধুলাবালি ও কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় এমন ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে পূর্বনির্ধারিত সফর শেষে অস্ট্রেলিয়া ত্যাগ করেন।

সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। তাঁরা ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে জামায়াত আমিরকে বিদায় জানান।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে ঢাকায় পৌঁছাবেন। যদিও তাঁর অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল, তিনি সফরসংক্ষেপ করে সরাসরি দেশে ফিরছেন। গত ২০ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী, ২৬ নভেম্বর মালয়েশিয়া হয়ে তাঁর দেশে ফেরার কথা ছিল।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, অস্ট্রেলিয়া সফরকালে বিরোধীদলীয় নেতা সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

সফরের সূচি অনুযায়ী, ২০ নভেম্বর সিডনি পৌঁছানোর পর ২১ নভেম্বর ডা. শফিকুর রহমান ‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল’-এর নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। একই দিন বিকেলে তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাসে শিশু-কিশোরদের আনন্দমেলা এবং ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরদিন ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। এরপর ২৩ নভেম্বর রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের উন্নয়নে প্রবাসীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-চীনের প্রতিদ্বন্দ্বিতায় সংঘাতের ঝুঁকি বাড়ছে, সতর্ক করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


যুক্তরাষ্ট্র-চীনের প্রতিদ্বন্দ্বিতায় সংঘাতের ঝুঁকি বাড়ছে, সতর্ক করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রতিদ্বন্দ্বিতা ক্রমাগতভাবে সংঘাতের ঝুঁকি বৃদ্ধি করছে। দুই পরাশক্তি নিজেদের প্রতিযোগিতাকে সংঘাতে রূপ নেওয়া থেকে বিরত রাখতে যে সুরক্ষাব্যবস্থাগুলো একসময় অনুসরণ করত, বর্তমানে সেগুলোর প্রতি তাদের গুরুত্ব ক্রমেই কমে যাচ্ছে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক নীতিনির্ধারণী বক্তব্যে এ বিষয়ে সতর্কবার্তা প্রদান করেছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও চীন প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। তবে এই প্রতিযোগিতা যেন সংঘাতে রূপ না নেয়, সে জন্য পূর্বে কার্যকর সুরক্ষাব্যবস্থাগুলোর প্রতি এখন দুই দেশের গুরুত্ব হ্রাস পাচ্ছে।

পেনি ওং সতর্ক করে বলেন, বাণিজ্য, বিনিয়োগ, নৌপথ, খাদ্যনিরাপত্তা, সমুদ্রের তলদেশের যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ খনিজসম্পদ ক্রমশ রাজনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হয়ে উঠছে। তার মতে, একসময় অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা সংঘাতের পথে বাধা সৃষ্টি করত, কিন্তু এখন সেটি জবরদস্তি ও চাপ প্রয়োগের উপায় হয়ে দাঁড়িয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীনের সমালোচনা করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কোনো দেশ এত বিশাল সামরিক সক্ষমতা বৃদ্ধি করেনি, অথচ চীন এ ক্ষেত্রে যথেষ্ট স্বচ্ছতা বজায় রাখছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রও তার কৌশলগত অগ্রাধিকার পরিবর্তন করছে। দেশটি সম্পদ বণ্টনের পদ্ধতি পরিবর্তন করছে এবং মিত্র ও অংশীদারদের কাছে নতুন প্রত্যাশা নির্ধারণ করছে।

তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি। পেনি ওং দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, কোরীয় উপদ্বীপ এবং তাইওয়ান প্রণালিকে সম্ভাব্য সংঘাতের কেন্দ্র হিসেবে চিহ্নিত করেন। এসব অঞ্চলের বিরোধ ও মতপার্থক্য শক্তি প্রয়োগের পরিবর্তে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাইওয়ান প্রণালিতে একতরফাভাবে বিদ্যমান পরিস্থিতির পরিবর্তনের বিরোধিতা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও কৌশলগত জোট বজায় রেখে ক্যানবেরা তার কূটনৈতিক বিকল্প বৃদ্ধি করছে, আঞ্চলিক অংশীদারত্বকে শক্তিশালী করছে এবং বাণিজ্যিক সম্পর্কের বৈচিত্র্য আনছে। এর মাধ্যমে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে অস্ট্রেলিয়া নিজের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%